করোনা পরিস্থিতি মোকাবিলা: আর্থিক বনাম নীতি-সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ : মাসুক হেলাল
অলংকরণ : মাসুক হেলাল

প্রথমেই স্বীকার করতে হবে যে সাম্প্রতিক লকডাউনের ফলে আমাদের ব্যবসায়ী ও শিল্পপতিরা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জন্য ইতিমধ্যে তিন দফায় তৈরি পোশাক, শিল্পমালিক, কৃষিসহ বিভিন্ন খাতের জন্য ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সহায়তা পেতে আগ্রহীদের তালিকা দিন দিন বাড়ছে। সবার আর্থিক সহায়তার দাবি যোগ করলে তা কয়েক লাখ কোটি টাকায় দাঁড়াবে। আমরা বিদেশি সহায়তার পরও প্রতিবছর ঘাটতি বাজেট প্রণয়ন করে থাকি। এমনিতেই এ বছর আমাদের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে ছিল এবং বর্তমান সংকটে তা আরও পিছিয়ে যাবে। তার ওপর যোগ হয়েছে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বিপুল পরিমাণ অপ্রত্যাশিত ব্যয়, যা আমাদের অবশ্যই করতে হবে।

তাহলে কী করতে হবে

প্রথমে দেখা যাক অন্য সরকারগুলোই বা কী করছে। বুলগেরিয়ান প্রধানমন্ত্রী বয়কো বরিসসভের কথাই ধরা যাক। তিনি সম্প্রতি বলেছেন, ‘বড় ব্যবসায়ীরা যাঁরা বাজেট থেকে কোভিড-১৯ সহায়তা চান, তাঁরা প্রথমে তাঁদের ৮৪টি রোলস রয়েস, ২৪১টি বেন্টলি, ১২৩টি ফেরারি, ৫৪টি মেব্যাক, ২২টি লাম্বোরঘিনি, ৩১১টি ম্যাসেরাটি, ২২টি ম্যাকলারেন এবং ২০০টি হ্যামার গাড়ি বিক্রি করে আসুক।’ অর্থাৎ সাম্প্রতিক ক্ষতি প্রাথমিকভাবে ব্যবসায়ীদের নিজেদেরই সামলাতে হবে।

নীতি সহায়তার উদাহরণ

তাহলে সরকার কি কিছুই করতে পারে না? এ মুহূর্তে সরকার যা করতে পারে, তা হলো ভালো নীতি প্রণয়ন করে সহায়তা প্রদান। বছরখানেক আগে এশীয় উন্নয়ন ব্যাংকের ঢাকা অফিসের উপপ্রধান চাই লি আমাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন আমি তঁাদের জন্য ‘বিদ্যুৎ ও জ্বালানি খাত পর্যালোচনা’–এর কাজ করছিলাম। নৈশভোজের উদ্দেশ্য ছিল তা নিয়ে আলোচনা করা। আমি সে সুযোগে চীনের নাগরিক, মেধাবী ও পরিশ্রমী এই কর্মকর্তার কাছে চীনের অভূতপূর্ব উন্নয়নের মূল রহস্য জানতে চেয়েছিলাম। চাই লি আমাকে জানান, প্রথম দিকে আর্থিক সহায়তা নয়, শুধু ভালো নীতি প্রণয়ন করেই চীনের অগ্রযাত্রা শুরু হয়। কেননা তখন চীনের খুব একটা অর্থসম্পদ ছিল না। উদাহরণ হিসেবে তিনি বড় শহর নয়, উপকূলীয় অঞ্চল থেকে উন্নয়ন যাত্রা শুরুর কথা বলেন।

গত শুক্রবার সকালেই চাই লির কথার সারবত্তার প্রমাণ পেলাম। বেশ কদিন ধরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক আমির হোসেনের আহাজারির একটা ভিডিও প্রচারিত হচ্ছে। সেখানে তিনি বলছেন, এখন আমাদের কৃষকদের ৩–৪ টাকা দরে তাঁদের সবজি বিক্রি করতে হচ্ছে। এমনকি তা পশুকে খাওয়াতে ও ফেলে দিতে বাধ্য হচ্ছেন। অথচ ঢাকায় এসব পণ্য ১৫-২০ গুণ দামে বিক্রি হচ্ছে। কৃষকদের দাবি, সরকার পরিবহনের ব্যবস্থা করুক, যাতে করে ব্যাপারীরা তঁাদের কাছ থেকে উচিত মূল্যে তাঁদের উৎপাদিত পণ্য ক্রয় করতে পারেন।

সংবাদপত্র থেকে আরও জেনেছি যে সামাজিক দূরত্ব মেনে চলার সরকারি নীতি অগ্রাহ্য করে বাজারে ভিড় করছে। তাই এক বন্ধুকে ফোনে বলেছিলাম, গুলশান, বনানী ও বারিধারা সোসাইটিগুলো সীমিত সংখ্যক ফেরিওয়ালাকে ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে সবজি, মাছ, ও ফল বিক্রির অনুমতি দিতে পারে। পরে দেখলাম আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটি ভ্যানে সবজি বিক্রি করছে। আমরা বাজারে না গিয়ে তার কাছ থেকে সবজি কিনলাম। এ ধরনের মামুলি একটা নীতি সহায়তা কোনো অর্থ ব্যয় ছাড়াই একসঙ্গে সবজি উৎপাদক, ভ্যানচালক ও বাজারে ভিড়ের সমস্যার সমাধান হতে পারে।

নীতি সহায়তার গুরুত্ব

নীতি সহায়তা আমাদের দেশে একটি উপেক্ষিত বিষয়। অথচ আমাদের পোশাকশিল্পের উত্থান হয়েছিল আর্থিক নয়, নীতি সহায়তার কারণে, ব্যাক টু ব্যাক এলসি ও বন্ডেড ওয়্যারহাউস সুবিধার কারণে। আমাদের ব্যক্তি খাতের অন্যতম প্রথম ব্যাংক আইএফআইসির যাত্রাও শুরু হয়েছিল আমাদের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদের দেওয়া উদ্ভাবনী নীতি সহায়তার কারণে। আমাদের স্বল্প ও অশিক্ষিত কৃষকেরাও এর গুরুত্ব বোঝেন এবং তা চান। অথচ আমাদের ব্যবসায়ী, রাজনীতিবিদ ও আমলারা এর গুরুত্ব অনুধাবন করেন না। এর কারণ হলো ভালো নীতি সহায়তা প্রণয়নের জন্য ভাবতে হয়, অন্যদের সঙ্গে একযোগে কাজ করতে হয়। আমাদের সবজান্তা রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীরা এই কষ্ট করতে চান না। তঁারা সহজ পথটি বেছে নেন।

আজ দেখলাম বিজিএমইএ তাদের শ্রমিকদের কাজে আনার জন্য বিআরটিসির কাছে বাস চেয়েছে। আমার ধারণা ছিল, তৈরি পোশাক একটি ব্যক্তিমালিকানাধীন শিল্প। অথচ তারা তাদের কর্মচারীদের বেতন দেওয়ার জন্য, শ্রমিক পরিবহনের জন্য সরকারের সহায়তা চায়। এরপর তারা আর কী সহায়তা চাইবে!

আমরা কোনো অর্থেই ধনী দেশ নই। তাই আমাদের সরকারকে নীতি সহায়তা প্রদানের ওপর জোর দিতে হবে। এ জন্য স্থানীয় প্রতিষ্ঠানসমূহের সঙ্গে কার্যক্রমের সমন্বয় করতে হবে। একটা উদাহরণ দিই। করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় জড়িত চিকিৎসকদের থাকার জন্য সরকার কতগুলো হোটেল নির্ধারণ করেছে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। কিন্তু হোটেলমালিকেরা বলছেন, তঁারা প্রস্তুত নন। সরকার ঘোষণা দেওয়ার আগে তাঁদের সঙ্গে পরামর্শ করেনি। বলা হয়ে থাকে, বিস্তারিতের মধ্যেই শয়তান লুকিয়ে থাকে (ডেভিলস লাই ইন দ্য ডিটেইলস)। অথচ যা একদম সরকারের হাতেই, করোনা চিকিৎসায় নিয়োজিতদের পরিবহনের ব্যবস্থা এখনো হয়নি। অথচ সরকারের যানবাহন পুলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে গাড়ির সংখ্যা বেশুমার। যার এক ক্ষুদ্রাংশ ব্যবহার করলেই এদের যাতায়াত সমস্যার সমাধান হতে পারে।

কাদের আর্থিক সহায়তা দিতে হবে

আর্থিক সহায়তা দিতে হবে দুস্থদের, যেমন দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রান্তিক কৃষকদের জন্য এবং তা দিতে হবে মধ্যস্বত্বভোগীদের মাধ্যম ছাড়াই। তাই তৃণমূল পর্যায়ে ত্রাণ বিতরণ কমিটি গঠনের ঘোষণা হতাশাব্যঞ্জক। সরকার এ ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাসমূহের সহায়তা নিতে পারে।

শিল্পকেও প্রণোদনা দিতে হবে। তবে তা হবে বিকাশমান শিল্পের জন্য। বর্তমানে অনেক নতুন পণ্যের বিশাল চাহিদা সৃষ্টি হয়েছে, যার মধ্যে রয়েছে পিপিই, মাস্ক, গ্লাভস, নানাবিধ চিকিৎসা সরঞ্জাম, মহামারি চিকিৎসার ওষুধ, ভেন্টিলেটর, ভ্যাকসিন ইত্যাদি। যাঁরা দেশে বাজারজাত ও বিদেশে রপ্তানির জন্য এসব পণ্য উৎপাদন করতে এগিয়ে আসবেন, তঁাদের প্রণোদনা দিতে হবে। প্রণোদনার মূল লক্ষ্য হবে ভবিষ্যৎমুখী শিল্প।

নীতি সহায়তার উদাহরণ

আমাদের তৈরি পোশাকশিল্প নানাবিধ সমস্যার সম্মুখীন। কাঁচামাল ও রপ্তানি পণ্য পরিবহনে চাঁদাবাজি, বন্দরে পণ্য খালাস ও রপ্তানিতে বিলম্ব, শুল্ক কর্মকর্তাদের দুর্নীতি ও হয়রানি—এগুলো থেকে পরিত্রাণ পেলেই পোশাকশিল্প এগিয়ে যাবে। এসব কারণে এ শিল্পের ক্ষতির অর্থমূল্যও কয়েক হাজার কোটি টাকার কম নয়। ব্যাংক খাতে নীতি সহায়তা হতে পারে সুদের হার নির্ধারণ থেকে সরকারের সরে আসা। ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে দুর্বৃত্তদের হটানো ও তাদের শাস্তি প্রদান ইত্যাদি।

কোভিড-১৯ সৃষ্ট আর্থিক সংকট থেকে আরেকটা বিষয় স্পষ্ট যে আমাদের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সঞ্চয় অনেক কম। তাই মাত্র কয়েক সপ্তাহের সংকটের পরই আমাদের সরকারের দ্বারস্থ হতে হয়েছে। তাই ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সঞ্চয় বাড়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে এবং এ জন্য সরকারকে প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করতে হবে।

একটা গল্প বলে শেষ করি। গল্পটি আমাদের মনজু ভাই (আমার প্রয়াত বন্ধু ও সহকর্মী ড. আজিজুর রহমান সেতুর খালাতো ভাই) কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের কাছ থেকে শুনেছিলেন। তখন তিনি জগন্নাথ কলেজে পড়াতেন এবং টিকাটুলী এলাকায় থাকতেন। মাঝেমধ্যে মুহসীন হলে তিনি আমাদের দেখতে আসতেন। সেদিন উনি এসেছেন, আর আমরা বাইরে খেলার মাঠে ব্যায়াম করছিলাম। আমরা আসতেই মনজু ভাই জিজ্ঞেস করলেন কোথায় ছিলে তোমরা? সেতু বলল, আমরা খেলার মাঠে ব্যায়াম করছিলাম। আমরা দুজনেই, তবে তার মধ্যে আমি অপেক্ষাকৃত বেশি নাদুসনুদুস ছিলাম। উনি হেসে বললেন, খুব ভালো। তা না হলে তোমাদের অবস্থা কেদার বাবুর মতো হবে। গল্পের আশায় আমরা জিজ্ঞেস করি কেদার বাবুটা কে? উনি বললেন, কেদার বাবু ছিলেন ভোজনবিলাসী ও ভীষণ অলস। ফুলেফেঁপে তার অবস্থা এমন দাঁড়াল যে তিনি নিজের বাতকর্মও করতে পারতেন না। তাই প্রয়োজন দেখা দিলে তিনি হাঁক দিতেন ‘এই গেদা, এদিকে আয়।’ গেদা এসে কেদার বাবুকে সহায়তা করত। আমাদের ভয়, কেবল আর্থিক সহায়তার মুখাপেক্ষী হয়ে আমাদের কোনো কোনো খাত না আবার কেদার বাবুর মতো হয়ে যায়! তা ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ‘গেদা’ হওয়া সরকারের কাজ নয়।

তাই ভালো ও কার্যকর নীতি প্রণয়ন, কায়েমি স্বার্থের দুর্গে আঘাত ও সার্বিক সংস্কার করে অর্থনীতির পুনর্জীবন ঘটাতে হবে এবং তা করার সময় এখনই।

মুহাম্মদ ফাওজুল কবির খান সাবেক সচিব ও অর্থনীতিবিদ