করোনা: মৎস্য, পোলট্রি ও দুগ্ধ খাতে করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেও কৃষি উৎপাদনব্যবস্থা বিঘ্নিত হওয়ায় খাদ্য-পুষ্টি নিরাপত্তার বিষয়টি সামনে চলে এসেছে। এই পরিপ্রেক্ষিতে বাণিজ্যিক কৃষির গুরুত্বপূর্ণ উপখাত, যেমন: মৎস্য, পোলট্রি ও দুগ্ধ উৎপাদন ও বিপণনব্যবস্থার ওপর করোনার কী প্রভাব পড়েছে ও পড়তে পারে এবং তা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, এ বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এই লেখায় আলোচনার সারসংক্ষেপ ও পরামর্শগুলো তুলে ধরা হলো। 

১. দেশের ডেইরি, পোলট্রি ও মৎস্য খাতে করোনাভাইরাসের কারণে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সাপ্লাই চেইন ও বিপণনব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় মাছ, মাংস, ডিম ও দুধের উৎপাদন হুমকির মুখে পড়েছে। তাই সরকারের যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তাতে ডেইরি-পোলট্রি-ফিশারিজ সেক্টরকেও জরুরি সহায়তা প্রদানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সময়োচিত উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রণোদনা-সুবিধাদির সুসমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে, এটা আশা করা যায়।

২. যোগাযোগ ও বিপণনব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে যেহেতু এই মুহূর্তে উৎপাদিত মাছ যথেষ্ট পরিমাণে বিক্রয় করা সম্ভব হচ্ছে না, তাই মৎস্যখামারিরা বেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় আরও কিছুদিন চাষের মাছ পুকুরেই রেখে দেওয়ার পরামর্শ দেওয়া যেতে পারে। এ জন্য মাছ চাষের বিভিন্ন উপকরণ সরবরাহ চালু রাখা ও খামারিদের ক্ষতি পুষিয়ে নিতে মাছের খাবারের দামের ওপর ভর্তুকি ও সহজ শর্তে ঋণসুবিধা দেওয়া দরকার।

৩. সীমিত আকারে হলেও যাতে খামারিরা মাছ বিক্রয় করে যেতে পারেন, সে বিষয়ে মৎস্য অধিদপ্তর পরিবহন, বিপণন সহায়তা ও পরামর্শ প্রদানের উদ্যোগ গ্রহণ করতে পারে। সেই সঙ্গে যেসব উদ্যোক্তা প্রক্রিয়াজাত মাছ রপ্তানি করেন, তাঁরা খামারিদের কাছ থেকে মাছ কিনে তা বেশি করে প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নিতে পারেন। এই প্রক্রিয়াজাত মাছ দেশে ও দেশের বাইরে বাজারজাত করা যায়। বাংলাদেশের মতো পৃথিবীর অন্যান্য দেশেও মৎস্য উৎপাদনে সম্ভাব্য ঘাটতির কারণে বিশ্বব্যাপী মাছের ব্যাপক চাহিদা তৈরি হবে। আমাদের মৎস্য রপ্তানিকারকেরা এ সুবিধা নিতে এগিয়ে আসতে পারেন। তার জন্য সরকারি প্রণোদনার ব্যবস্থা থাকতে পারে।

৪. চলাচলে বিধিনিষেধের কারণে অনেক জেলে নদীতে ও সাগরে মাছ ধরতে পারছেন না। সেই সঙ্গে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে তাঁদের জন্য জীবিকা অর্জনে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তাতে প্রান্তিক এসব জনগোষ্ঠী খুবই বিপদে পড়ে যাচ্ছে। তাই এই জেলেদের সরকারি সহায়তার আওতায় আনা খুবই জরুরি।

৫. এ মুহূর্তে ডেইরি ফার্মগুলোয় উৎপাদিত দুধের বাজারজাতকরণ একটি বড় সমস্যা। তা ছাড়া দুধ একটি পচনশীল দ্রব্য। তাই যথাসম্ভব এর প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা দরকার। দুভাবে খামারিদের উৎপাদিত দুধ প্রক্রিয়াজাত করা যেতে পারে: (ক) খামারিদের দেশে তৈরি ও স্বল্পমূল্যে প্রাপ্য ক্রিম সেপারেটর সরবরাহের ব্যবস্থা নেওয়া যেতে পারে, যাতে তারা নিজেরাই খামারে ঘি, মাখন প্রভৃতি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারে; (খ) ঘোষ/গোয়ালা/ময়রাদের ঘি-মাখন তৈরিতে ব্যবহৃত সনাতন প্রযুক্তিগুলো ব্যবহারে দুগ্ধখামারিদের উদ্বুদ্ধ করার ব্যবস্থা নেওয়া যায়। (গ) দেশের বড় বড় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানিকে সরকারের উদ্যোগে উদ্বুদ্ধ করে খামারিদের উৎপাদিত দুধ থেকে যত বেশি পরিমাণ সম্ভব দুগ্ধ প্রক্রিয়াজাত পণ্য (যেমন: গুঁড়ো দুধ, ঘি, মাখন ইত্যাদি) তৈরি করার প্রযুক্তি ও বিনিয়োগ সহায়তা দেওয়া যেতে পারে।

৬. বিঘ্নিত বাজারব্যবস্থার কারণে যেহেতু উৎপাদিত সব দুধ বিক্রয় সম্ভব হচ্ছে না, তাই বাছুরকে পর্যাপ্ত দুধ (সাধারণত প্রতিদিন ২-৩ লিটার) খাওয়ানোর জন্য খামারিদের পরামর্শ দেওয়া যেতে পারে। এতে বাছুরগুলো, বিশেষ করে বকনা বাছুরগুলো, তাড়াতাড়ি বড় হবে ও প্রজননক্ষম হয়ে উঠবে। এভাবে দ্রুততম সময়ে দুগ্ধবতী গাভি পাওয়ার মাধ্যমে খামারিরা ক্ষতি অনেকটা পুষিয়ে নিতে পারবেন। বিজ্ঞানসম্মত এ তথ্যগুলো দুগ্ধখামারিদের মধ্যে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নেওয়া যেতে পারে।

৭. পোলট্রি খাত আগে থেকেই বার্ডফ্লু রোগের ঝুঁকিতে রয়েছে। করোনা পরিস্থিতিতে তা আরও প্রকট হয়ে দেখা দিতে পারে। সরকার ইতিমধ্যেই এইচ৯-এন২ (H9-N2) ভ্যাকসিন আমদানির অনুমতি দিলেও তা খামার পর্যায়ে ব্যবহারের প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ ব্যাপারে সরকার কর্তৃক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অবিলম্বে ওই এইচ৯-এন২ ভ্যাকসিনটি খামার পর্যায়ে ব্যবহারের ব্যবস্থা করা দরকার। এ ছাড়া এর আগে অনুমোদিত এইচ৫-এন১ (H9-N1) ভ্যাকসিনসহ অন্যান্য পোলট্রি ভ্যাকসিনেরও খামারি পর্যায়ে সরবরাহ নিশ্চিত করা দরকার।

৮. প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে খামারি প্রতিনিধি ও পোলট্রি-ডেইরি খাতের বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে ত্রিপক্ষীয় সমন্বয় সভা করা প্রয়োজন। এর ফলে খামারিদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য এই খাতের শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অবকাঠামোসমূহ কীভাবে খামারিদের কল্যাণে কাজে লাগানো যায়, সে বিষয়ে কার্যকর উপায় বের হয়ে আসবে বলে আশা করা যায়।

৯. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে দুর্যোগের এই সময়ের জন্য ভেটেরিনারি ক্লিনিকের নেতৃত্বে একটি টেলিমেডিসিন সেন্টার গড়ে তোলা যেতে পারে। এই সেন্টারে সংযুক্ত হটলাইন নম্বরে ফোন করে খামারিরা তাঁদের প্রাণিসম্পদ-সম্পর্কিত জরুরি চিকিৎসাসেবা ও খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে উৎপাদন খরচ কমানো যায়, সেসব বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারবেন। এ ছাড়া বাকৃবি চত্বরে অবস্থিত বেতারকেন্দ্রের সঙ্গে সম্ভাব্য সমন্বয়ের মাধ্যমে কৃষকদের বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ প্রদানের ব্যবস্থা নেওয়া যেতে পারে।

১০. তথ্যপ্রযুক্তি (যেমন: ইউটিউব, ফেসবুক) ব্যবহার করে কৃষির বিভিন্ন বিষয়ের ওপর প্রয়োজনীয় বৈজ্ঞানিক পরামর্শ ও নির্দেশিকা (যেমন, কীভাবে দুধ থেকে সহজে ঘি তৈরি করা যায়) বাংলা ভাষায় প্রণয়ন করে প্রচারের ব্যবস্থা নেওয়া যেতে পারে।

১১. সরকারের স্বল্পমূল্যে খাদ্য বিতরণ কর্মসূচির আওতায় চাল-ডালের পাশাপাশি ডিম, দুধ, মাছ, মাংসও অন্তর্ভুক্ত করা যায় কি না, তার সম্ভাব্যতা বিবেচনা করা যেতে পারে।

১২. ডেইরি-পোলট্রি-ফিশারিজ সেক্টরের জরুরি প্রয়োজনে সব ধরনের উপকরণ ও পণ্যের পরিবহন যাতে নির্বিঘ্ন রাখা যায়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী ও কোম্পানিগুলোকে তাদের নিজস্ব পরিবহন ও ডেলিভারি সুবিধাদির সম্ভাব্য সর্বোচ্চ ব্যবহার করার পরামর্শ দেওয়া যেতে পারে। এ ছাড়া সরকারি নিয়ন্ত্রণে বিআরটিসিরি পরিবহন ব্যবস্থাকে কাজে লাগানো যায় কি না, তাও বিবেচনা করা যেতে পারে।

[আলোচনার উদ্যোক্তা ও সমন্বয়কারী: ড. এম এ সাত্তার মণ্ডল, ইমেরিটাস প্রফেসর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।

আলোচকবৃন্দ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক: প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী (পোলট্রিবিজ্ঞান বিভাগ), প্রফেসর ড. এম এ ওহাব (ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ), প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম (প্যাথলজি বিভাগ), প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী (প্যাথলজি বিভাগ), প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক (একোয়াকালচার বিভাগ), প্রফেসর ড. হারুনুর রশীদ (ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগ), প্রফেসর ড. মো. সাইদুর রহমান (কৃষি অর্থনীতি বিভাগ), ড. মোহাম্মদ মহিউদ্দিন (সহযোগী প্রফেসর, পশুপুষ্টি বিভাগ)।