করোনার কালে মন প্রফুল্ল রাখতে হয়। তাতে শরীরের রোগ প্রতিরোধক শক্তি বাড়ে। এটা বিশেষজ্ঞরাই বলে আসছেন। তবে বিজ্ঞানীরা এ–ও বলছিলেন যে করোনা শিগগির চলে যাবে বলে আসেনি। সে মোটামুটি বিছানা-বালিশ, গাঁটরি-বোঁচকা নিয়ে এসেছে। কটা দিন থাকবে। সেই সব অতিথির মতো, যারা কটা দিন থাকব বলে আসে, আর যায় না।
সুকুমার বড়ুয়ার ছড়ার মতো:
অসময়ে মেহমান
ঘরে ঢুকে বসে যান
বোঝালাম ঝামেলার
যতগুলো দিক আছে
তিনি হেসে বললেন
ঠিক আছে ঠিক আছে।
আর আছে শিবরামের গল্প। মেহমান এক বাড়িতে এসেছেন। তাঁকে থাকতে দেওয়া হলো ছারপোকাওয়ালা বিছানায়। মেহমান করলেন কী, বিছানার ওপরে কম্বল বিছিয়ে কম্বলের চারপাশটা কেরোসিনে ভিজিয়ে নিয়ে মধ্যখানে শুয়ে পড়লেন। ছারপোকা আর সুবিধা করতে পারল না। মেহমান দিব্যি নাক ডেকে ঘুম দিতে লাগলেন।
করোনা এই পৃথিবীতে থাকবে বলেই এসেছে। করোনাকে সম্পূর্ণ নির্মূল করা যাবে না। করোনার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান আমাদের শিখে নিতে হবে।
আমরা তাই করছি।
এক লোকের গরুর একটা বাছুর হলো। লোকটা রোজ বাছুরটাকে কোলে নেয়। এভাবে ছয় মাস, এক বছর, দুই বছর। বাছুর যে আস্ত গরু হয়ে গেছে, সে খেয়াল নেই। লোকটা রীতিমতো একটা গরুকে কোলে তুলতে পারে।
আমাদের হয়েছে সেই অবস্থা। প্রথম যেদিন করোনার রোগী বাংলাদেশে পাওয়া গেল, সেটাই পত্রপত্রিকার প্রধান শিরোনাম হয়েছিল। তারপর কোভিডে প্রথম মৃত্যু। সেটাও বড় বড় অক্ষরে ছাপা হলো প্রথম পাতায়। রোজ মৃত্যু ১০ ছাড়াল। চারদিকে আতঙ্ক। রোজ মৃত্যু ৪০ ছাড়াল। সর্বনাশের শঙ্কায় চারদিক স্তব্ধ। তারপর মৃত্যু ছাড়াল ১০০। কী ভয়াবহ কথা। একটা সময় দৈনিক মৃত্যু আড়াই শর ঘরে গেল, তখন আর আমাদের মধ্যে সেই ভয়টা নেই। এখন মৃত্যু দুশর নিচে। আমরা কঠোর বিধিনিষেধ তুলে নিয়েছি। পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হচ্ছে।
সেই বাছুর এখন গরু হয়ে গেছে। কিন্তু আমরা তার ভার বহন করা শিখে গেছি। রাস্তায় যানজট। বাজারে গাদাগাদি ভিড়। পতেঙ্গায় সৌন্দর্যপিপাসু মানুষেরা কাঁধে কাঁধ মিলিয়ে সমুদ্রতরঙ্গে অস্তরাগের মিশে যাওয়া উপভোগ করছেন।
এর মধ্যে আশাও আছে। চীনের সঙ্গে বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টার চুক্তি হয়ে গেছে। বাংলাদেশেই করোনা প্রতিরোধক টিকা উৎপাদিত হবে। খবরে প্রকাশ, মাস তিনেক পরে মাসে তিন থেকে চার কোটি টিকা বাংলাদেশেই উৎপাদন করা যাবে। তা যদি হয়, আগামী ৯ মাসের মধ্যে আমরা ২৪ কোটি টিকা পেয়ে যাব।
আর ভারতের করোনার গ্রাফ বলছে, ডেলটা ভেরিয়েন্টও কয়েক মাস পরে সংক্রমণের হার কমিয়ে আনে। আমাদেরও তাই হওয়ার কথা। সে ক্ষেত্রে সেপ্টেম্বর নাগাদ এই দেশে করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি করোনাভাইরাসের নিজস্ব নিয়মে হয়ে যাওয়া উচিত।
এইটা কিন্তু যেকোনো গণিতবিদই বলবেন।
একজন পদার্থবিজ্ঞানী, একজন প্রকৌশলী আর একজন গণিতবিদ।
প্রকৌশলী একটা ময়লা ফেলার ঝুড়িতে সিগারেটের জ্বলন্ত টুকরা ফেললেন। ধোঁয়া দেখে সঙ্গে সঙ্গে তিনি হাতের কাছের পানির বোতল নিয়ে গিয়ে ময়লার ঝুড়িতে ফেললেন। আগুন নিভে গেল।
পদার্থবিজ্ঞানী তাঁর অফিসের ময়লা কাগজের ঝুড়িতে জ্বলন্ত সিগারেটের টুকরা ফেললেন। আগুন জ্বলে উঠল।
পদার্থবিজ্ঞানী ভাবতে লাগলেন। আগুন। অক্সিজেন লাগবে। কাগজ লাগবে। তাপ লাগবে। জ্বলবে। অগ্নিনির্বাপণ যন্ত্র আছে। তাতে কার্বন ডাই-অক্সাইড আছে। সেটা আগুনে নিক্ষেপ করতে হবে। আগুন নিভে যাবে। তিনি উঠলেন। অগ্নিনির্বাপণ যন্ত্রের ট্রিগার টিপলেন। আগুন নিভে গেল।
এবার গণিতবিদ। তাঁরও ময়লার ঝুড়িতে আগুন জ্বলছে। তিনি ভাবতে লাগলেন। সমস্যাটা হলো, ময়লার ঝুড়িতে আগুন। সমাধান কী? পানি দেওয়া। অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করা। তিনি পানির বোতলের দিকে তাকালেন। তিনি অগ্নিনির্বাপণ যন্ত্রের দিকে তাকালেন। তারপর বললেন, সমাধান আছে। আ সলিউশন ইজ দেয়ার। তিনি ঘুমিয়ে পড়লেন।
আমাদের ঘুমিয়ে পড়লে চলবে না। নিশ্চয়ই করোনা সমস্যার সমাধান আছে। তা প্রয়োগ করতে হবে। বিধিনিষে সমস্যার সমাধান নয়। এটা শুধু করোনা গ্রাফকে অনুভূমিক করে দেয়। একসঙ্গে যাতে হাসপাতালের ওপরে চাপ না পড়ে, সেই ব্যবস্থা করে। কিন্তু বিধিনিষেধ তুলতেই হবে। আবারও ভাইরাসের মহাসংক্রমণ ঘটবে।
সমাধান হলো সবাইকে টিকা দিয়ে দেওয়া। দ্রুত এবং একযোগে।
দেশে টিকাদান চলছে। টিকা আনার প্রয়াস অব্যাহত আছে। এবার টিকা উৎপাদিতও হচ্ছে। আমাদের আশা আছে।
আশা খুব দরকারি জিনিস। সংসারসমুদ্রে সুখ-দুঃখ তরঙ্গের খেলা। আশা তার একমাত্র ভেলা।
একটা রেলগাড়ি যে চলে, তার কারণ তার সামনে ইঞ্জিন আছে। একটা জাতি যে এগোয়, তার কারণ তার সামনে আশা আছে।
কাজেই আশা ছাড়বেন না।
একজন প্রকৌশলী, একজন পদার্থবিজ্ঞানী আর একজন গণিতবিদ ট্রেনে যাচ্ছেন ময়মনসিংহের ভেতর দিয়ে। জানালা দিয়ে একটা কালো ভেড়া দেখা গেল।
প্রকৌশলী বললেন, ময়মনসিংহে কালো ভেড়া আছে।
পদার্থবিজ্ঞানী বললেন, ময়মনসিংহে অন্তত একটা কালো ভেড়া আছে।
গণিতবিদ বললেন, ময়মনসিংহে ট্রেনের এক পাশে অন্তত একটা ভেড়া আছে, যার অন্তত একটা পাশ কালো।
আমি তো পুরো আশাই দেখি। আপনারা কি অন্তত একটা পাশে একটা জিনিসের একটা সাইডে আশা দেখেন না?
● আনিসুল হক প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক