করোনাকালে ল্যাবরেটরি শিক্ষার ফি বন্ধ হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশ সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিদ্যমান পরিস্থিতি এবং পরিবর্তিত প্রয়োজনে দক্ষতার সঙ্গে শিক্ষাব্যবস্থা পরিচালনা করছে। একদিকে যেমন প্রতারণা, প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য নেতিবাচক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করছে অন্যদিকে সিলেবাস উন্নয়নের মতো ইতিবাচক পদক্ষেপও গ্রহণ করছেন।

আমাদের শিক্ষাব্যবস্থার তৃতীয় স্তরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা মহামারির মতো পরিস্থিতির মধ্যেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনার মন্ত্রণালয়ের যথাযথ পর্যবেক্ষণ এবং তদারকিতে তারা শিক্ষার গুণগত মান বজায় রেখে চলেছে। এ জন্য আমরা তাদের প্রশংসা করি। তবে কোভিড–১৯ মহামারি চলাকালীন সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজসমূহের ইঞ্জিনিয়ারিং এবং ল্যাবরেটরিভিত্তিক অন্যান্য প্রোগ্রামগুলোর গুণগত মান এবং এর সুদূরপ্রসারী নেতিবাচক ফলাফল নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন।

উল্লেখ্য যে, সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো যেখানে ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখেছে, মেধাবী ছাত্রছাত্রীরা অপেক্ষার প্রহর গুনছে, সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের পরিচালনা খরচ নির্বাহের অজুহাতে ইঞ্জিনিয়ারিং এবং ল্যাবরেটরিভিত্তিক অন্যান্য প্রোগ্রামগুলো চালু রেখে গর্হিতভাবে খরচের বোঝা বাড়িয়ে দিয়েছে। তা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। পরিচালনা খরচ নির্বাহের জন্য বড়জোর তারা অন্যান্য প্রোগ্রাম চালু রাখতে পারে, যেখানে প্রযুক্তিগত বা ল্যাবরেটরিভিত্তিক শিক্ষার প্রয়োজন নেই।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, ওই প্রোগ্রামগুলো পর্যালোচনা করে অতিসত্বর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। মহামারিতে জীবন–জীবিক নিয়ে শঙ্কিত অনেক পরিবারের পাশে দাঁড়ান।

আবদুল আজিজ খান
গোয়ালটেক, উত্তরা, ঢাক।