করোনার পরের প্রস্তুতির কথা ভাবুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, দেশে তখন বোরো ধানের অবস্থান ছিল আমন ও আউশের পর তৃতীয়। বোরো ধান হতো ময়মনসিংহ, সিলেটের হাওর অঞ্চলে, আর হতো দেশের বিভিন্ন জেলার জলাজমিনে। বোরো চাল ছিল প্রধানত মোটা, ‘ভদ্রলোকে’ বড় একটা খেত না। তাদের জন্য ছিল আমন মৌসুমের চিকন চাল। দিন বদলেছে, সেচের সুবাদে বোরো মৌসুমের ধান এখন খাদ্য নিরাপত্তার সবচেয়ে বড় সহায়। প্রায় ৬০ ভাগ ধান নাকি এখন বোরো মৌসুমেই ফলে। আমাদের দেশের ‘আনসাং হিরো’ কৃষিবিজ্ঞানীরা, আর সেই সঙ্গে যেকোনো পরিস্থিতিতে নিজ দায়িত্ব একনিষ্ঠভাবে পালন করে যাওয়া কৃষকেরা এ ক্ষেত্রে অসাধ্যসাধন করেছেন।

বোরো ধান পাকলে দেশের বিভিন্ন এলাকা থেকে কৃষিশ্রমিকেরা হাওরাঞ্চলে যেতেন ধান কাটতে। আমাদের এলাকা থেকেও কিছু দরিদ্র মানুষ এ সময়ে যেতেন ‘উত্তরে’। ভূস্বামীদের বাড়িতে থাকা-খাওয়া শেষে বেশ কিছু মণ ধান নিয়ে ফিরতেন। এ কাজে সাম্প্রতিক কালে হাওরের জমির মালিকেরা মূলত নির্ভর করেন উত্তরবঙ্গ থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ওপর। এখন বোরো ধান কাটার মৌসুম। করোনাঘটিত লকডাউনের কারণে এই শ্রমিকেরা যেতে পারছেন না হাওরাঞ্চলে, ফলে খেতে পড়ে থাকছে পাকা ধান। পাকা ধান অতিরিক্ত সময় মাঠে থাকলে শিষ থেকে ঝরে যাওয়া শুরু করবে। আর শিলাবৃষ্টি হলে তো কথাই নেই। টিভিতে দেখলাম সরকার সেখানে কৃষিযন্ত্র পাঠাবে। কবে পাঠাবে, কয়টা পাঠাবে? হাওরের সব ধান কাটা ও মাড়াইয়ের জন্য যথেষ্ট যন্ত্র আছে আমাদের দেশে? সত্যিই?

আসন্ন বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় আমাদের উত্তরণের সবচেয়ে বড় শক্তি হবে খাদ্যে স্বনির্ভরতা। অন্য যেকোনো সামগ্রী বাদ রেখে জীবনধারণ সম্ভব, খাদ্য বাদ দিয়ে তো নয়। বোরো ফসলের ক্ষতি হলে এই স্বনির্ভরতা ধরে রাখা কঠিন হবে। কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী দয়া করে নজর দিন। প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রীর সাহায্য নিন।

২.
গত ১৮ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ দিয়ে শুরু, এরপর পর্যায়ক্রমে সামাজিক দূরত্ব, সেলফ কোয়ারেন্টিন, বাড়ি লকডাউন, উপজেলা লকডাউন থেকে জেলা লকডাউন ইত্যাদি। সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে দেশ। ভাইরাসের সংক্রমণ রুখতে এ ছাড়া হয়তো কোনো উপায়ও নেই। কয়েক দিন যাবৎ তো বেশ কড়াকড়িও হচ্ছে এ নিয়ে। আমার পরিচিতা এক নারী দুদিন আগে গুলশান থেকে পূর্বাচল গিয়েছিলেন জরুরি প্রয়োজনে। যাওয়ার সময় বালু ব্রিজ পেরিয়ে ঢাকা জেলা থেকে নারায়ণগঞ্জ জেলায় প্রবেশে বাধা দিল পুলিশ। অনেক বলেকয়ে পার পেলেন। দুই ঘণ্টা পর ফেরার সময় দেখেন, ব্রিজের এপারে পুলিশের চৌকি বসেছে, তারা ঢাকায় ঢুকতে দেবে না কিছুতেই। পরিচিত এক পুলিশ কর্মকর্তার সহায়তায় অনেক দেরিতে, অনেক কষ্টে ছাড়া পেলেন শেষ পর্যন্ত। সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে, কাঁচাবাজারে যে প্রতিদিন গাদাগাদি করে লোকজন কেনাকাটা করছে, সেখানে সামাজিক দূরত্ব থাকছে কোথায়? এমনকি সুপারশপেও ভিড়, তিন ফুট দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না।

শুরুতেই গলদটা হয়েছিল ইতালি আর চীনফেরতদের কোনো মনিটরিং ছাড়া ছড়িয়ে পড়তে দিয়ে। তাঁদের মাধ্যমে ভাইরাস ছড়াল সারা দেশে। এরপর অফিস ছুটিতে ঢাকা শহর খালি করে বাসে-ট্রেনে-ফেরিতে গাদাগাদি করে ভাইরাস ছড়াতে ছড়াতে সব লোক চলে গেল গ্রামগঞ্জে। সবচেয়ে ন্যক্কারজনক কাজটা হলো এরপর। বলা হলো গার্মেন্টস কারখানা খুলবে, তড়িঘড়ি গাদাগাদি করে ফিরে এলেন শ্রমিকেরা চাকরি রক্ষা করতে। আর আসামাত্রই জানানো হলো কারখানা খুলবে না। ইতিমধ্যে বাস-ট্রেন বন্ধ। হেঁটে এসেছিলেন, হেঁটেই তাঁরা আবার ফেরত গেলেন গ্রামে। স্পর্শে, নৈকট্যে ছড়ায় যে ভাইরাস, তার সুবিধার ষোলোকলা পূরণ করা হলো এভাবে!

৩.
জীবন আর জীবিকার দ্বন্দেরইবা কী হবে? আমার বাসায় একবেলা কাজ করে যে মেয়েটি, তার স্বামী ফুটপাতে চা বিক্রি করত। দিন শেষে আয় হতো তার ৫০০ টাকা। সে এখন সম্পূর্ণ বেকার। কী খেয়ে থাকবে তার পরিবার? সরকারের সিদ্ধান্ত আছে এরূপ মানুষদের সহায়তা দেওয়ার। কিন্তু ব্যক্তিপর্যায়ে কিছু সাহায্য ছাড়া সরকারি কোনো সহায়তা পায়নি এই পরিবারটি এত দিনেও। তারা একা নয়। এর মধ্যে আবার চাল চুরির কাহিনি তো আছেই। বস্তির এক মেয়ে একটা ফ্লাস্ক আর প্লাস্টিকের গ্লাস নিয়ে বসে ছিল চা বেচে কিছু আয় করার আশায়। পুলিশ এসে তার ফ্লাস্কটা বাজেয়াপ্ত করেছে। গ্রাসাচ্ছাদনের বিকল্প ব্যবস্থা না করে প্রান্তিক মানুষকে এভাবে আটকে রাখা যাবে না।

৪.
একটু একটু করে রোগনির্ণয়ের পরীক্ষা চালু হয়েছে দেশে, আর প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। পশ্চিমের দেশগুলোর তুলনায় তারপরও এ সংখ্যা অনেক কম। এটা বিভিন্ন কারণে হয়ে থাকতে পারে। অপ্রতুল পরীক্ষা আছে, আবহাওয়ার প্রশ্ন আছে, এতদঞ্চলে ভাইরাসের যে স্ট্রেইন এসেছে, সেটা তুলনায় দুর্বল, এমন তত্ত্বও আছে। আমরা আশাবাদী যে এ সংখ্যা ছোটই থাকবে, তা যে কারণেই হোক। এর মধ্যে দেখলাম এক সরকারি কর্তাব্যক্তি আবার বলছেন, পর্যাপ্ত পূর্বপ্রস্তুতি নেওয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে! সিলেটের চিকিৎসক ডা. মইন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাঁর যথাযথ চিকিৎসা কিন্তু বিভাগীয় সদর সিলেটেও হয়নি, ঢাকায় আসতে হয়েছিল। আসার জন্য তিনি একটি আইসিইউ অ্যাম্বুলেন্সও পাননি। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা হচ্ছেন এ সংকটের বীরযোদ্ধা, আমাদের রক্ষার কাজটি তাঁরা করছেন। প্রস্তুতিসংক্রান্ত এসব প্রলাপ বন্ধ করে দয়া করে তাঁদের সুরক্ষার ব্যবস্থা করুন। আর রোগনির্ণয় থেকে চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা গড়ে তুলুন; অন্তত জেলা পর্যায় পর্যন্ত।

৫.
যত আশাবাদীই হই, ভাইরাসের এই আক্রমণ শিগগির চলে যাবে—এমন মনে করার কোনো কারণ নেই। পশ্চিমে এরই মধ্যে পরিকল্পনা হচ্ছে পর্যায়ক্রমে অর্থনৈতিক কার্যক্রম শুরুর। একসময় আমাদেরও তাই করতে হবে এবং তখনো কিন্তু এই ভাইরাস সম্পূর্ণ বিদায় নেবে না। দেশের অর্থনীতি নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের প্রতি অনুরোধ, করোনা–পরবর্তী পরিকল্পনা তৈরির কাজে হাত দিন এখনই। স্বাস্থ্য খাতের অপ্রস্তুত অবস্থার পুনরাবৃত্তি যাতে আর না হয়।

মো. তৌহিদ হোসেন: সাবেক পররাষ্ট্রসচিব