করোনায় টিভি ক্লাস: শিক্ষকদের অন্য রকম এক যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাকালে ঘরবন্দির সময় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে শুরু হয়েছিল ‘আমার ঘরে আমার স্কুল’ নামে টিভি ক্লাস
ছবি: ইউনিসেফের ওয়েবসাইট

করোনাকালে ২০২০ সালের আজকের এই দিনে বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের স্কুলের জন্য প্রথম টিভি ক্লাস শুরু হয়। এরপর এর প্রভাব যে কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, হচ্ছে এবং হবে, তা পরিমাপ করা কঠিন। এর পরপরই টিভি ক্লাস চালু হয় মাদ্রাসা ও প্রাথমিক পর্যায়েও। এরই ধারাবাহিকতায় সারা দেশের প্রায় সব প্রতিষ্ঠানে শুরু হয় অনলাইন ক্লাস। লেখাপড়া করার জন্য যে শিক্ষার্থীদের স্কুলে গিয়ে শিক্ষকের সামনে বসতেই হবে, এ ধারণা পাল্টে যায়। সবচেয়ে বড় কথা, শিক্ষার্থীরাও বুঝতে শুরু করে যে নিজে নিজেও শেখা যায়। শিক্ষার্থীদের এই বোধোদয় আমাদের শিক্ষককেন্দ্রিক শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষার দিকে নিয়ে যাওয়ার একটা অমিত সম্ভাবনা তৈরি করেছে, যা গুণগত, অন্তর্ভুক্তিমূলক ও জীবনব্যাপী শিক্ষা বাস্তবায়নের অন্যতম প্রধান পূর্বশর্ত।

টিভি ক্লাস যখন শুরু হয়, সে সময়ের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। করোনাভাইরাস নিয়ে অজানা-অচেনা আশঙ্কায় মানুষ দিশেহারা। রাস্তাঘাট প্রায় জনশূন্য। যে কয়জন ঘরের বাইরে পা ফেলছিলেন, তাঁদের অনেককে দেখে মনে হচ্ছিল যেন কোনো সুদূর গ্রহ থেকে মহাকাশযানে চেপে মাত্র পৃথিবীতে এসে নেমেছেন। চোখে বিশেষ চশমা, মুখে মাস্ক, গায়ে পিপিই পোশাক, হাতে গ্লাভস, জুতা জোড়াও বিশেষভাবে বানানো সংক্রামকরোধী কাপড় দিয়ে ঢাকা। অভ্যাস না থাকায় মাস্ক আর চশমা একসঙ্গে পরতে গিয়ে আরেক বিপত্তি। শরীরে কখন, কীভাবে ভাইরাস ঢুকে যায়, এ নিয়ে নানা ভয় ও আতঙ্কের শেষ ছিল না। কেউ আক্রান্ত হলে জীবনের ঝুঁকি নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া, সিট বা আইসিইউ মেলা কতই–না ঝক্কির কাজ ছিল; বাঁচামরা পুরোটাই তখন ভাগ্যের ওপর নির্ভর হয়ে পড়েছিল।

সে রকম একটা ভয়ংকর পরিস্থিতিতে সবাই ঘরবন্দী জীবন যাপন করছিল। শিক্ষার্থীরা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে, তাদের শিক্ষাজীবন যেন অব্যাহত থাকে, সে জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) উদ্যোগ নিয়ে টিভি ক্লাস তৈরি করা শুরু করল। শিক্ষামন্ত্রী এ প্রোগ্রামের নাম দিলেন ‘আমার ঘরে আমার স্কুল’। এই নামকরণের ঘটনাটাও বেশ নাটকীয়। আমি একদিন সারা দিন ঘুরে ঘুরে এই ক্লাসের আয়োজন করে খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরে ভাইরাসমুক্ত থাকতে সারা গা-হাত-পা-চোখ-চুল সাবান দিয়ে পরিষ্কার করে খেয়েদেয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে কাদা। এমন সময় মন্ত্রীর ফোন, ‘ফারুক সাহেব, কী খবর? ক্লাসের কদ্দূর কী হলো?’ আমি সারা দিন যা যা হয়েছে, তাঁকে রিপোর্ট করলাম। দুদিন পরই প্রোগ্রাম অন এয়ারে যাবে। আমি এই সুযোগে মন্ত্রীকে বললাম, এখন তো প্রোগ্রামের একটা নাম দিতে হয়। আমার মনে আছে, তিনি দু-তিনটা নাম বলার পর ‘আমার ঘরে আমার স্কুল’ নামটা উচ্চারণ করতেই আমি তাঁকে জানালাম, এ পরিস্থিতিতে এই প্রোগ্রামের এর চেয়ে ভালো নাম আর হতে পারে না।

টিভি ক্লাস যখন শুরু হয়, সে সময়ের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। করোনাভাইরাস নিয়ে অজানা-অচেনা আশঙ্কায় মানুষ দিশেহারা। রাস্তাঘাট প্রায় জনশূন্য। যে কয়জন ঘরের বাইরে পা ফেলছিলেন, তাঁদের চোখে বিশেষ চশমা, মুখে মাস্ক, গায়ে পিপিই পোশাক, হাতে গ্লাভস, জুতা জোড়াও বিশেষভাবে বানানো সংক্রামকরোধী কাপড় দিয়ে ঢাকা। অভ্যাস না থাকায় মাস্ক আর চশমা একসঙ্গে পরতে গিয়ে আরেক বিপত্তি। শরীরে কখন, কীভাবে ভাইরাস ঢুকে যায়, এ নিয়ে নানা ভয় ও আতঙ্কের শেষ ছিল না।

টিভি ক্লাস শুরু করার ধারণাটা এল ১৬ মার্চ সকালে। অল্প সময়ের মধ্যেই আমাদের অনুরোধে বিভিন্ন সংস্থা থেকে কর্মকর্তা-বিশেষজ্ঞরা চলে এলেন। সলাপরামর্শ শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই বুঝলাম যে আমরা পারব। মন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করে বলেও ফেললাম যে আমরা টিভি ক্লাসের জন্য তৈরি। শুধু চার থেকে পাঁচ দিন সময় দিলেই হবে। আর চাই মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি এবং সংসদ টেলিভিশনে সম্প্রচার। মন্ত্রী কি এক সেকেন্ডের ভগ্নাংশ সময় নিলেন? হবেও–বা। তারপরই বরাবরের মতো স্পষ্ট উচ্চারণে বললেন, ‘গো অ্যাহেড।’

ব্যস, ধুন্ধুমার কাণ্ড শুরু হয়ে গেল মাউশি অফিসে। বিভিন্ন দলে ভাগ হয়ে মাউশি এবং অন্যান্য সংস্থার কর্মকর্তারা নির্ধারণ করলেন কী ক্লাস হবে, কতক্ষণের ক্লাস হবে, কোন শিক্ষকেরা ক্লাস নেবেন, একটা ক্লাস রেকর্ড হওয়ার পর তা আবার কীভাবে অন্য বিশেষজ্ঞদের দ্বারা নিরীক্ষা করা হবে, ক্লাসের রুটিন কী হবে ইত্যাদি। কারিগরি বিষয়গুলো, মানে শুটিং, রেকর্ডিং, এডিটিং—এসব কোথায় কীভাবে হবে, কারা করবেন এবং কীভাবে তা আবার সংসদ টেলিভিশনে পৌঁছে দেওয়া হবে, তার পরিকল্পনার কাজ শুরু হয়ে গেল।

যখন রেকর্ডিং শুরু হবে, তখন যে বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল, তা হচ্ছে কারা ক্লাস নেবেন? তখন তো এমন একটা সময়, কেউ খুব দরকার না হলে ঘর থেকে বের হচ্ছেন না। হলেও খুব সাবধানে কোনোরকমে প্রয়োজনীয় কাজটা সেরেই আবার টুক করে ঘরে ঢুকে যাচ্ছেন। শিক্ষকদের কী এমন দায় পড়েছে যে জীবনের ঝুঁকি নিয়ে, নামমাত্র সম্মানীর বিনিময়ে (ইউনিসেফের সহায়তায়), যে কাজ জীবনে করেননি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে, মাস্ক খুলে, ঘণ্টার পর ঘণ্টা সময় দিয়ে, মার্চ-এপ্রিল মাসের প্রচণ্ড গরমে গলদঘর্ম হয়ে ক্লাস নেবেন? শিক্ষকেরা যদিওবা রাজি হন, তাঁদের স্বামী, স্ত্রী, পুত্র-কন্যারা তো দরজা আগলে দাঁড়িয়ে থাকেন। কোনো কোনো বাসায় করুণ মিনতিতে কাজ না হলে পা ধরে ছেলেমেয়েরা মা–বাবাকে আটকে রেখেছে, আবার কোথাও কোথাও বাসা থেকে বেরোলে ফেরার দরজা চিরতরে বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। তারপরও কিসের টানে, কোন মন্ত্রবলে এই শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী-কলাকুশলীরা জীবনের ঝুঁকি নিয়ে, না খেয়ে (তখন বাইরে খাবার পাওয়া যেত না), রাতদিন পরিশ্রম করে অসম্ভবকে সম্ভব করে তুললেন, কে জানে।
প্রায় আক্ষরিক অর্থেই রাতদিন পরিশ্রম করতে হয়েছে সবাইকে।

বিভিন্ন স্কুলে সারা দিন ক্লাস ধারণ করা হতো, তারপর সেগুলো নিয়ে যাওয়া হতো এডিটরদের কাছে। তাঁরা প্রথমবার এডিট করার পর সেটা ভ্যালিডেশন টিমের কাছে যেত, সেখান থেকে আবার এডিটরদের কাছে। এসব করতে করতে রাত পার। সকালবেলা সেই ক্লাস নিয়ে একজন চলে যান সংসদ টেলিভিশনে যেন সকাল নয়টা থেকে তা চালানো যায়।

স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও কলাকুশলীদের এ কর্মকাণ্ড ছিল রীতিমতো এক ‘শিক্ষাযুদ্ধ’। তাঁদের আন্তরিকতা, ঐকান্তিকতা, সাহস, দেশপ্রেম, কর্মকুশলতা—কোনো কিছুই রণাঙ্গনের দেশপ্রেমিক যোদ্ধার চেয়ে কম ছিল না। অনেকে হয়তো টিভি ক্লাসের গুণাগুণ নিয়ে প্রশ্ন তুলবেন। কিন্তু কোনো অভিজ্ঞতা ছাড়া, কেবল প্রচণ্ড পরিশ্রম ও নিখাদ আন্তরিকতার ওপর নির্ভর করে ও রকম একটা পরিস্থিতিতে ওর চেয়ে ভালো ক্লাস আর কেউ করতে পারতেন বলে অন্তত আমি বিশ্বাস করি না। যদি জিজ্ঞাসা করেন, আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে কী প্রভাব ফেলল এই ক্লাসগুলো? তার যথাযথ উত্তর দেওয়ার জন্য অবশ্যই একটা গবেষণার প্রয়োজন হবে। কিন্তু আমার সাদাচোখে টিভির সামনে বসে শিক্ষার্থীদের ক্লাস করতে দেখে মুক্তিযুদ্ধ সময়ের আমার ছোটবেলার কথা মনে হয়েছে। সে সময় দমবন্ধ অবস্থায় আমরা রেডিওতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে অনুপ্রেরণা পেতাম। ঠিক তেমনই টিভির মাধ্যমে শিক্ষার্থীরা একই অনুপ্রেরণা পাচ্ছে। ওদেরকে শুধু আমাদের মতো সংগোপনে লুকিয়ে কান–চোখ পেতে দেখতে–শুনতে হয়নি, এ–ই যা।

সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই শিক্ষাযোদ্ধারা তাঁদের অসামান্য অবদানের বিনিময়ে কিছু চাননি, চাইবেনও না। এই যে দুবছর পর এই লেখায় তাঁদের কথা বললাম, এ রকম স্বীকৃতিও তাঁরা আশা করেননি। তাঁরা হচ্ছেন সৈয়দ শামসুল হকের ‘পরানের গহীন ভিতর’ কবিতার সেই জাদুকরের মতো। যে জাদুকর নিজের তাগিদেই খেলা দেখান। সৈয়দ হকের ভাষায়, ‘খেলা যে দেখায় সে তার দেখানের ইচ্ছায় দেখায়/ ডাহুক উড়ায়া দিয়া তারপর আবার ধরে না/ সোনার মোহর তার পড়া থাকে পথের ধুলায়/ এ বড় দারুণ বাজী, তারে কই বড় বাজীকর/ যে তার রুমাল নাড়ে পরানের গহীন ভিতর।’ আমাদের গহিন মনে তাদের রুমাল নড়ুক বা না নড়ুক, আমরা যেন অকৃতজ্ঞের মতো এই অবদানের কথা কখনো না ভুলি।

  • সৈয়দ মো. গোলাম ফারুক মাউশির সাবেক মহাপরিচালক, অধ্যাপক ও ফলিত ভাষাতত্ত্ববিদ