
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ভাঙচুর ও হিন্দু পাড়ায় আক্রমণের ঘটনায় কেউ দায়ী নয়। ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে এলাকার হাওয়া গরম হয়েছিল। এর মধ্যে দুটি ইসলামি সংগঠন প্রতিবাদ সমাবেশের অনুমতি চায়। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একজন হাবা হাশমত কি না, সেটাই এখন বড় প্রশ্ন। তিনি ‘শান্তিপূর্ণ সমাবেশ’ করার অনুমতি দিয়ে ভেবেছিলেন ‘সমাবেশ করলে আর সমস্যা হবে না’। দুটি প্রতিবাদ সভাতেই তিনি বক্তৃতা দিয়েছেন। একদল মানুষ জ্বালো জ্বালো আগুন জ্বালো বলল, তিনিও তাদের কাতারে নেমে জ্বলে উঠলেন। কী দারুণ একজন সরকারি কর্মকর্তা।
প্রথম আলোর মঙ্গলবারের সংবাদ বলছে, সমাবেশ থেকেই মন্দির ও বাড়িঘরে হামলার লোক ছুটেছিল। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলছেন, থানার পুলিশের ৩২ জন সদস্যের মধ্যে ১২ জন ছিলেন ইউপি নির্বাচনের কাজে। রইলেন বাকি ২০। পুলিশের ২০ জন হাজার হাজার মানুষের তোড়ের সামনে কিছুই না। ওসি ভেবেছিলেন, শান্তি ভঙ্গ হবে না। তাই বাড়তি পুলিশের ব্যবস্থা করার দরকার বোধ করেননি। মনটা তাঁর খুবই সরল।
এবার আসি রাজনৈতিক জনপ্রতিনিধির দরবারে। নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এ টি এম মনিরুজ্জামান সরকার বলেন, ‘শনিবার থেকেই উত্তেজনা। রোববার সকাল নয়টায় আমি নিজে ওসির সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তিনি সাড়া দেননি। পুলিশ চাইলে আমরা জনপ্রতিনিধিরা মিলে এ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে পারতাম। কিন্তু পুলিশ প্রশাসন সেটা করেনি।’ (প্রথম আলো, ১ নভেম্বর)। জনপ্রতিনিধি অভিযোগ করছেন পুলিশকে। তাণ্ডবের ঘটনা রোববারের। কিন্তু উত্তেজনা তো শনিবার থেকেই! পুলিশ ও প্রশাসনের খবর নেওয়ার অনেক ধরনের লোক থাকে—গোয়েন্দা ও সোর্স থাকে। বড় আকারের মোবিলাইজেশন হচ্ছে; অথচ তারা কিছুই জানল না! রবীন্দ্রনাথের মতো বলতে হয়, এই অজ্ঞানতা ক্ষমা করো প্রভু।
উপজেলা চেয়ারম্যান বোঝালেন, প্রশাসনের সাহায্য তিনি পাননি। কিন্তু বৃহত্তম দলের বিপুল কর্মিবাহিনী কোথায় ছিল? বিরোধীদের বিতাড়নের বেলায় যে জোশ দেখা যায়, যাদের নজরের বাইরে পাখিও উড়ে যেতে পারে না, তারা কিছুই করতে পারল না? রামু থেকে সাঁথিয়াসহ সাম্প্রদায়িক সব ঘটনার সময় অসাম্প্রদায়িকতার দাবিদার দলটি কেন কলাগাছের মতো অনড় হয়ে থাকে? অবশ্য একেবারে নিষ্ক্রিয় ছিল, তা বলা যাবে না। বুধবারের কালের কণ্ঠ জানাচ্ছে, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সুরুজ আলী মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। তিনি বলেন, ‘আমি শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়ে প্রতিবাদ জানিয়ে রসরাজের ফাঁসি দাবি করেছি। বক্তব্যে কোনো ধরনের উসকানিমূলক কথা ছিল না।’ রসরাজ আটক ছিলেন, তারপরও তাঁর ফাঁসি দাবি উসকানি নয়?
উচ্চপর্যায়ের নেতারা তখন কী করেছেন? প্রথম আলো জানাচ্ছে, ‘ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও স্থানীয় সাংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এক দিনের জন্যও এলাকায় আসেননি। আসেননি ব্রাহ্মণবাড়িয়ার আরেক সাংসদ আইনমন্ত্রী আনিসুল হক কিংবা জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ উবায়দুল মোকতাদির চৌধুরীও। ছায়েদুল হক প্রথম আলোকে বলেন, ‘সেখানে তো পরিস্থিতি এখন স্বাভাবিক। আমিই পুলিশ-বিজিবি পাঠিয়ে সব স্বাভাবিক করেছি।’ হিন্দুদের বাড়িঘরে লুটপাট সম্পর্কে তিনি বলেন, ‘কোথায় পেয়েছেন এসব তথ্য? কয়েকটি মন্দিরে হামলা ছাড়া কিছুই হয়নি।’
বাড়িঘরে হামলার সত্যতা অস্বীকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাটা ঘায়ে নুন দেওয়ার শামিল। নাসিরনগরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে আওয়ামী লীগ রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। ক্ষতি পুষিয়ে দেওয়ার আশাও দিয়েছেন। দেশজুড়েই ক্ষতি তো হতেই থাকছে, কতটা পুষিয়েছেন তাঁরা? একটি ঘটনারও কি বিচার হয়েছে? যে অপমান, আতঙ্ক ও অসহায়ত্ব হিন্দু সমাজ অনুভব করছে, সেই ভাঙা মনের ক্ষতি কী দিয়ে পোষাবেন? বিচারহীনতার রেকর্ড ভুক্তভোগীদের সঙ্গে পরিহাসেরও রেকর্ড।
ব্রাহ্মণবাড়িয়ায় এ ধরনের ঘটনা নতুন নয়। এ বছরেই এক মাদ্রাসাছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে শহরময় নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল। জায়গাটি অসহিষ্ণুতা ও সহিংসতার জ্বালামুখ হয়ে আছে বহুদিন হলো। এহেন জ্বালামুখ অসন্তোষে ফুঁসে উঠতে দেখেও ঝুঁকিতে থাকা সম্প্রদায়কে অরক্ষিত রাখার ব্যাখ্যা কী? রামুতেও আমরা এমনটা দেখেছি। একসঙ্গে হাজার হাজার লোককে সহিংসতায় নামাতে গেলে পরিকল্পনা ও সংগঠনের দরকার হয়। রামুর ঘটনার মতো নাসিরনগরেও প্রশাসনের নিষ্ক্রিয়তার ব্যাখ্যা নেই। কোনো গভীর হাতের ইশারাতেই কি তাঁরা নিষ্ক্রিয় ছিলেন? এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। সাঁথিয়া ঘটনার মূল নায়ক মিঠুকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মিছিলে দেখা গেছে। ক্ষমতার আশ্রয় ছাড়া দলবদ্ধ সন্ত্রাস করে পার পাওয়ার গল্প শুনলে পুরান ঢাকার ঘোড়াগুলোও হেসে উঠবে।
আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় আমলে সংখ্যালঘুদের ওপর হামলা-নিপীড়ন ও জমি দখলের প্রবণতা বেড়ে যেতে দেখা গেছে। ‘শুধু সন্ত্রাসী নয়, মন্ত্রী-এমপি ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মী এবং প্রশাসনের বিরুদ্ধেও সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের অভিযোগ’ করে আসছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট রানা দাশগুপ্ত (যুগান্তর, ৮ আগস্ট, ২০১৫)
সাম্প্রদায়িক হাঙ্গামায় গুন্ডা-বদমাশদের নাম যতটা আসে, ততটা আসে না তাদের রিংমাস্টারদের নাম। যারা হামলে পড়েছিল, নিঃসন্দেহে তারা নিকৃষ্ট জীব। ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, হামলাকারীরাও নয় বিচ্ছিন্ন কোনো গোষ্ঠী। তাদের পায়ের ছাপ ধরে এগোলে যে ‘উৎকৃষ্টদের’ ঠিকানা পাওয়া যায় তাতে কোনো সন্দেহ নেই। তবে প্রশাসন ও ক্ষমতাধরদের পৃষ্ঠপোষকতা ছাড়া ওই নিকৃষ্ট ব্যক্তিরা বড়জোর লুণ্ঠন-চাঁদাবাজি করে দিন কাটাত, হিন্দু পাড়া তছনছ করার ‘হিরো’ হতে পারত না।
নাসিরনগরের পর হবিগঞ্জ, গোপালগঞ্জেও মন্দিরে হামলা হয়েছে। মনে হচ্ছে, সাম্প্রদায়িক শান্তিভঙ্গে উঠেপড়ে লেগেছে কোনো শক্তি। আর এসব ‘সাম্প্রদায়িক’ তাণ্ডবের কাহিনিতে কাঠগড়ায় ‘মুসলমান’। কিন্তু কোন মুসলমান? যশোরের অভয়নগর, রামু, সাঁথিয়া ও নাসিরনগর—সব কটি ঘটনায় হামলাকারীদের আনা হয়েছে বাইরে থেকে। স্থানীয় মুসলিম প্রতিবেশীরা কেউ কেউ বরং আক্রান্তের পাশে দাঁড়িয়েছে। নাসিরনগরের স্থানীয় কিছু মুসলিম যুবক লুটপাট ঠেকাতে গিয়ে আহত হয়েছেন। তাঁদের একজন জামাল উদ্দিন বিবিসি বাংলাকে বলেন, ‘আমি তখন আমার জীবনের কথা চিন্তা করিনি। আমার ভাই, আমার গ্রাম, আমার সমাজ—ওদের তো কোনো দোষ ছিল না। ওরা তো একেবারে নিরপরাধ লোক, এ রকম বর্বরোচিত হামলা কেন ওদের ওপর হবে? এরা তো কোনো অন্যায় করেনি।’ দত্তবাড়ির বাসিন্দা নীলিমা দত্ত বলেন, ‘এক মুসলমান হামলা করেছে, আরেক মুসলমান বাঁচাইছে।’ প্রশ্ন এটাই, বাঁচানোর শক্তি হব না হামলার অপশক্তি হব আমরা?
সংঘবদ্ধ সাম্প্রদািয়ক গোষ্ঠী, রাজনৈতিক দুর্বৃত্ত, ব্যর্থ প্রশাসন এবং জমিলোভী ক্ষমতাধরদের দায় সমগ্র মুসলমান সমাজকে দেওয়া যাবে না। ওই সংঘবদ্ধ শক্তির হাতে সাধারণ মানুষও নিপীড়িত হন। তাহলেও যেকোনো ষড়যন্ত্রকারী ধর্মবিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামার ফাঁদ পাতে, তাতে আমরা পা দেব কেন? ফেসবুক কেন জীবনকে নিয়ন্ত্রণ করবে? হিন্দুকে বিবাগি করা আর মুসলমানদের সাম্প্রদায়িকতার কাঠগড়ায় দাঁড় করানোর খেলারামেরা হিন্দু ও মুসলমান উভয়েরই শত্রু। এই শত্রুদের ব্যর্থ করার প্রথম ধাপ হলো সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধা রাখা এবং বিচ্ছিন্ন কারও উসকানির মোকাবিলা আইনের মাধ্যমেই করা। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের এই কথাটা এখন মনে রাখা জরুরি, ‘শত্রুবাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু-মুসলমান, বাঙালি-নন-বেঙ্গলি যারা আছে, তারা আমাদের ভাই। তাদের রক্ষার দায়িত্ব আপনাদের ওপরে, আমাদের ওপরে, আমাদের যেন বদনাম না হয়।’
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।