মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী সবাইকে মনে করিয়ে দিলেন যে দেশটি স্বাধীন হওয়ার সুবাদে আমরা মন্ত্রী হয়েছি, পতাকা তুলে যানজটে পিষ্ট রাজধানীতে আমরা ভেঁপু বাজিয়ে সাধারণ মানুষ, রোগী, মৃত্যুপথযাত্রী—সবাইকে দাঁড় করিয়ে গন্তব্যে যাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাধারণ মানুষের ত্যাগ অপরিসীম। তাদের ভাগ্যের পরিবর্তন হলো না। দেশের কর্ণধার হিসেবে, নেতা হিসেবে আমরা এই দায় এড়াতে পারি না। সুতরাং আজ থেকে জনপ্রতিনিধি হিসেবে আমরা নিজেদের ভোগের কাতারে দাঁড় করাব না।
জনপ্রতিনিধি নন, এমন ব্যক্তি বিত্তশালী হতে পারেন এবং সেই বিত্তের শ্রাদ্ধও ঘটাতে পারেন, কিন্তু দুর্বল অর্থনীতির দেশের জনপ্রতিনিধিরা তা পারেন না। সীমিত সম্পদের দেশে নেতারা কৃচ্ছ্রসাধন করে সাধারণ মানুষকে মিতব্যয়ী হতে উৎসাহিত করবেন। রাজধানীর যানজট সামনে রেখে গাড়ি আমদানি থেকে নিজেদের বিরত রেখে সাধারণ জনগণকেও অনুরূপ কর্মকাণ্ডে উৎসাহিত করব। প্রধানমন্ত্রীর নির্দেশ আর ভোগ নয়, ত্যাগের মহিমায় গোটা দেশকে আলোকিত করতে হবে, এতে নেতৃত্ব দেবেন আমাদের জনপ্রতিনিধিরা। যেমন কথা তেমন কাজ।
১। সর্বোচ্চ জনঘনত্বের দেশ হিসেবে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত হলো, উল্লম্ব উন্নয়নের মাধ্যমে নিজেদের জন্য বহুতল ভবন নির্মাণ করে পরিমিত আকারের স্থানে তাদের বাসস্থান এবং অফিস হবে, যাতে সারা দেশের মানুষ ভূমির ব্যবহারে সাশ্রয়ী হয়। সিঙ্গাপুরের আদলে সেই বহুতল ভবনের নিচতলায় কিংবা বেসমেন্টে সাধারণ ব্যবহারের জন্য ওয়াশিং মেশিনসহ অন্যান্য যন্ত্রও থাকতে পারে। দেশের জনপ্রতিনিধিদের এই সাশ্রয়ী আচরণ বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলোতেও এই সংস্কৃতির সম্প্রসারণ কেবল সময়ের ব্যাপার।
২। সকালবেলা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে স্বয়ং প্রধানমন্ত্রী চিকিৎসাসেবা নিতে এসেছেন। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের মধ্যে একদিকে ভয়, সবকিছু ঠিকঠাক আছে তো! আবার অন্যদিকে এক অব্যক্ত আনন্দ আর গর্ব: স্বয়ং প্রধানমন্ত্রী চিকিৎসাসেবা নেওয়ার জন্য এসেছেন। এ কথা জানাজানি হওয়ার পর আউটডোরে দালালদের যে ভিড় হতো, তা মুহূর্তের মধ্যে কমে গেল, সাধারণ রোগীরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল, রোগীরা খুব দ্রুত চিকিৎসকদের পরামর্শ পেতে শুরু করল।
৩। শাহবাগের মোড়ে যোগাযোগমন্ত্রীর গাড়ি যানজটে দাঁড়িয়ে আছে। অন্য যাত্রীদের যানজটে দাঁড়িয়ে থাকতে আর কষ্ট হচ্ছে না। যোগাযোগমন্ত্রী যদি যানজট সহ্য করতে পারেন, তাহলে সাধারণ মানুষ হিসেবে আমরা পারব না কেন? যাত্রীদের মধ্যে, চালকদের মধ্যে প্রবল উত্তেজনা, উদ্দীপনা এবং কিছুক্ষণের মধ্যেই গাড়িগুলো শৃঙ্খলাবদ্ধ হয়ে যানজটের উপশম হলো।
৪। শিক্ষামন্ত্রী তাঁর ভাগনিকে নিয়ে এসেছেন উদয়ন স্কুলে ভর্তি করাতে। অপেক্ষমাণ অভিভাবকেরা উদ্বিগ্ন, বিষয় কী! এমন তো কখনো ঘটেনি! মন্ত্রী নিজেই তঁাদের জানালেন যে তিনি ভাগনির ভর্তির জন্য এসেছেন। এটা জেনে অভিভাবকেরা আনন্দে আত্মহারা। স্বয়ং মন্ত্রী এসেছেন তাঁর আত্মীয়ের ভর্তির জন্য! মন্ত্রী অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে স্কুল-কলেজে ভর্তির সমস্যা সম্পর্কেও সাধারণ মানুষের প্রতিক্রিয়া এবং সমস্যাগুলো জানতে পারলেন। প্রশ্নপত্র ফাঁস ও বিদ্যালয়ে কোচিংয়ের বিষয়গুলোও অভিভাবকদের কাছ থেকে জানতে পারলেন। তাঁর এই উপস্থিতিকে কেন্দ্র করে ভর্তি-প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও অভিভাবকদের উদ্বেগ কমে গেল।
৫। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী এসেছেন। লোকে ভাবল, কোনো অনিয়মের বিষয়ে খবরদারি করতে মন্ত্রী এলেন কি না। পরে জানা গেল, তিনি এসেছেন গলার তীব্র ব্যথা নিয়ে জরুরি বিভাগে। জরুরি বিভাগে সাধারণত চিকিৎসকদের সেবা না পেয়ে সাধারণ রোগীদের মধ্যে যে অসন্তোষ, তা মুহূর্তেই কমে গেল চিকিৎসকদের দ্রুত ব্যবস্থাপনার জন্য নয়, বরং মন্ত্রীর সাধারণ চিকিৎসা গ্রহণের সিদ্ধান্তে। মন্ত্রীর আগমনে কর্তৃপক্ষও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি দ্রুত নিশ্চিত করল।
৬। এদিকে অনির্ধারিত সফরে নৌপরিবহনমন্ত্রী পটুয়াখালী যাওয়ার জন্য একটি লঞ্চে উঠে পড়েছেন। ভাগ্যিস, অতিরিক্ত যাত্রী ওঠার আগেই মন্ত্রী এসেছেন। ফলে অনিচ্ছা সত্ত্বেও লঞ্চটিকে সময়মতো যোগ্যসংখ্যক যাত্রী নিয়েই ছাড়তে হলো। যদিও লঞ্চমালিকের অতিরিক্ত লাভের আশায় গুড়ে বালি, তবে নিয়ম মোতাবেক যাত্রী নিয়ে লঞ্চডুবি এবং পরবর্তী হেনস্তা থেকে মুক্ত থাকা যায় মনে করে মালিকও স্বস্তি পেলেন।
৭। ভূমিমন্ত্রী গিয়েছেন জমির দলিল করতে। মুহূর্তের মধ্যে দালাল প্রকৃতির প্রাণীরা কেটে পড়ল। লাইনে দাঁড়ানো সব সেবাগ্রহীতাই নৈমিত্তিক ভোগান্তি, উৎকোচ ছাড়াই তাদের রেজিস্ট্রেশনের কাজ করে ফেলল। সবার মধ্যেই একটি স্বস্তি আর আশা, আহা! মন্ত্রী মহোদয়েরা যদি এভাবে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে সেবা গ্রহণ করতেন, তাহলে তাদের ভোগান্তি কমে যেত।
৮। রেলমন্ত্রী এসেছেন কমলাপুর স্টেশনে জরুরি ভিত্তিতে তাঁর ময়মনসিংহে যাওয়া প্রয়োজন। ট্রেনে কোনো আসন খালি নেই। ছাদেও প্রচুর যাত্রী। রেলমন্ত্রী ভাবলেন, এত যাত্রী, তার পরও কীভাবে এটা লোকসানি খাত হয়! তাঁর ধারণা, ঢাকা-ময়মনসিংহ রুটে দিনে ৫০টি ট্রেন চললেও যাত্রীর অভাব হবে না। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন, সারা দেশে নানা রুটে ট্রেনের সংখ্যা বাড়াতে হবে, রেলপথের সংখ্যা বাড়াতে হবে।
৯। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসিএম প্রতিযোগিতায় আইসিটি মন্ত্রী এসেছেন কীভাবে আমাদের ছেলেমেয়েরা প্রোগ্রাম লিখে জটিল জটিল সমস্যা সমাধান করে, তা দেখতে৷ কারণ, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার যে প্রত্যয় বর্তমান সরকার ব্যক্ত করেছে, তার সঠিক নেতৃত্ব দেবেন এই মেধাবী ও দক্ষ তরুণেরা। সারা দিন তিনি ছাত্রদের ব্রেইন স্টর্মিং উপভোগ করেছেন। তিনি জেনেছেন, এই ছেলেমেয়েরা পাস করে অনেকেই গুগল, মাইক্রোসফট, ফেসবুক, টুইটার ইত্যাদি নামী-দামি কোম্পানিতে বড় বেতনের চাকরি নিয়ে যান। সুতরাং দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশি বিশেষজ্ঞদের নামে পাচার হয়, তার প্রয়োজন নেই৷ এই মেধাবী তরুণদের দায়িত্ব দিলে তাঁরা সেই কাজগুলো করতে পারবেন, একই সঙ্গে বেকার সমস্যারও সমাধান হবে।
১০। এদিকে বঙ্গবন্ধুর জন্মদিনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস পালন করার জন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানকে চাঁদাবাজি, অন্যান্য উন্নয়ন প্রতিকূল কর্মসূচি পরিহার করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধের রাস্তাটি মাটি তুলে প্রশস্ত করতে নির্দেশ দিয়েছেন। ছাত্র ও রাজনৈতিক দলের এমন উন্নয়ন অনুকূল কর্মসূচি দেখে বিরোধী দলও চিন্তায় পড়ে গেছে, কীভাবে আরও অধিকতর আকর্ষণীয় কাজ করে জনমত তাদের দিকে ফিরিয়ে আনা যায়।
৪০ বছর আগেও যে ভারত ভালো মানের ব্লেড তৈরি করতে পারত না, তাদের রকেট এখন মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে। একসময়ের জেলেপাড়া যদি হংকংয়ের মতো সমৃদ্ধ নগরে পরিণত হতে পারে, তাহলে এই স্বপ্ন কেন বাস্তব হবে না?
মোহাম্মদ কায়কোবাদ: অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ফেলো, বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস।