কাইয়ুমের চলে যাওয়া

কাইয়ুম চৌধুরী যেভাবে চলে গেলেন, তা কিছুতেই ভোলা যাচ্ছে না। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের চতুর্থ রজনীতে তিনি নিজেই আমাকে ডেকে নিয়ে গেলেন মঞ্চে। উদ্বোধনী অনুষ্ঠানে আমরা দুজনেই কিছু বলব, আরও বলবেন তপন চৌধুরী ও আবুল খায়ের। তাঁরা বললেন, কাইয়ুমও তাঁর কথা শেষ করলেন। আমার নাম ঘোষণা করা হলো। আমি মাইক্রোফোনের সামনে এসে দাঁড়িয়েছি। পেছন থেকে আবুল খায়ের বলল, কাইয়ুম চৌধুরী আরও কিছু বলবেন। তাকিয়ে দেখি, কাইয়ুম উঠে আসছেন। তিনি কাছে আসতেই আমি জায়গা করে দিলাম তাঁর জন্যে। একটি বাক্য বলতে না বলতেই তিনি পড়ে গেলেন। আমরা কেউ তাঁকে ধরবার সুযোগটাও পেলাম না। মাথার পেছন দিকটা মঞ্চে পড়ে জোর একটা শব্দ করল। তাঁর চোখ বন্ধ হয়ে গেছে। আমার মনে হলো, মাথা ঘুরে পড়ে গেছেন। ওটাই যে শেষ, তা বুঝিনি। যখন শুনলাম, তখনো বিশ্বাস করতে পারিনি।
কাইয়ুম চৌধুরীর সঙ্গে আমার পরিচয় বোধ হয় ১৯৫০ সাল থেকে। ছবি ছাড়াও তাঁর উৎসাহ ছিল সাহিত্য, সংগীত, চলচ্চিত্রে। চলচ্চিত্রবিষয়ক একটা সংকলনগ্রন্থের পরিকল্পনা একসময়ে ঘুরত তাঁর মাথায়। তিনি প্রথম সবার দৃষ্টি আকর্ষণ করেন প্রচ্ছদ অঙ্কন করে। যেমন সুন্দর নকশা, তেমনি সুন্দর ছিল হরফের গঠন আর বিন্যাস। প্রচ্ছদের জন্যে তিনি অনেকগুলো জাতীয় পুরস্কার পেয়েছিলেন। আমার মুনীর চৌধুরী বইয়ের প্রচ্ছদের জন্যেও তিনি পুরস্কৃত হয়েছিলেন। তার আগে আমার আরও দুটি বইয়ের প্রচ্ছদ তিনি করে দিয়েছিলেন, পরে আরও দুটির। মুনীর চৌধুরী বইটির ইংরেজি অনুবাদের প্রচ্ছদ করার কথা ছিল তাঁর। শনিবারে আমাকে কথা দিয়েছিলেন, সোমবারে সেটা দিয়ে দেবেন। তা ছাড়া আমার একটি প্রতিকৃতি শেষ করেছিলেন। সেদিনই বলেছিলেন, সংগীত-উৎসব শেষ হলে সস্ত্রীক তাঁর বাড়িতে গিয়ে ছবিটা যেন নিয়ে আসি, খানাপিনাও করে আসি সেই সঙ্গে। আমার সঙ্গে আবুল হাসনাতও যাবে, এমন কথা রইল।
সচিত্র সন্ধানীতে গাজী সাহাবুদ্দীনের প্রধানতম সহায় ছিলেন তিনি। কত রকম উদ্ভাবন করেছেন—শুধু ছবি দিয়ে নয়; বিষয়-পরিকল্পনায়, লেখার ভাবনায়, কার্টুন অঙ্কনে, সামগ্রিক বিন্যাসে। আমাদের কালি ও কলম -এর অলংকরণ ও বিন্যাসে তিনি ছিলেন আবুল হাসনাতের তেমনি সহায়।
কাইয়ুম নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এক প্রধান চিত্রশিল্পীরূপে। তিনি প্রেরণা পেয়েছিলেন তাঁর শিক্ষাগুরু জয়নুল আবেদিনের কাছ থেকে।
জয়নুল আবেদিনের মতোই লোকজীবন ও লোকশিল্প ছিল কাইয়ুমের চিত্রভাবনার মূল। একজন আধুনিক শিল্পী হিসেবে এবং মৌলিক চিন্তক হিসেবে তিনি একধরনের রীতিবদ্ধতার পরিচয় দিয়েছিলেন। তাঁর আঁকা নরনারী, প্রাণী, বস্তু, প্রাকৃতিক দৃশ্য দেখলেই চেনা যেত কাইয়ুমের সৃষ্টি বলে। মাথায় গামছা-বাঁধা মুক্তিযোদ্ধার যে-ছবি তিনি এঁকেছিলেন, তা আমাদের সবার চেনা হয়ে গেছে—দূর থেকে দেখলেই তাকে আমরা চিনতে পারি।
কাইয়ুম নানা মাধ্যমে কাজ করেছেন—জলরং, তেলরং, কালি ও কলমে। সবটাতেই তাঁর সিদ্ধিলাভ ঘটেছে, কারণ সব ক্ষেত্রেই তিনি মনোযোগী ও পরিশ্রমী। তেমনি সমাজ সম্পর্কে তাঁর ভাবনাও ছিল আন্তরিক। একটা গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও ন্যায়পরায়ণ বাংলাদেশের স্বপ্ন তিনি দেখতেন, তার জন্যে কাজও করেছেন।
কাইয়ুম চৌধুরীকে আমরা ভুলতে পারব না। আমার বিশ্বাস, পরবর্তী প্রজন্মও তাঁকে মনে রাখবে, তাঁর কাজ নিয়ে গর্ব করবে। তবে তিনি যে কত ভালো মানুষ ছিলেন, তা তারা জানবে না। কেননা, সে কথা কেবল তাঁরাই জানতেন যাঁরা তাঁর সান্নিধ্যে এসেছিলেন।
ড. আনিসুজ্জামান, ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।