মানুষকে আমি সংখ্যা হিসেবে দেখি না। যখন বলা হয় তিনজন নিহত বা আহত ২৩, তখন আসলে কিছুই বোঝায় না। এতগুলো মানুষ মারা গেল এই কদিনে, ৬০ জনের বেশি, এই ৬০ একটা সংখ্যা নয়। প্রত্যেকে এক এক জন মানুষ! তাদের প্রত্যেকের একটা নাম আছে, তাদের প্রত্যেকের একটা করে জীবন ছিল! প্রত্যেকের পিতা-মাতা আছেন বা ছিলেন, প্রত্যেকের জন্মের সময় বাড়িতে আনন্দের ঢেউ বয়ে গেছে, তারা একটু একটু করে বড় হয়েছে, তারা হেসে উঠলে জগৎ হেসে উঠেছে, তারা হাঁটতে শিখেছে টলমলে পায়ে। তাদেরও স্বজন আছে, ভালোবাসাভরা গৃহকোণ আছে। তাদের জন্যও পথ চেয়ে থাকে স্বজনেরা, তাদের কুশল কামনা করে কতজন। হায়, এতগুলো পরিবারে আজ স্বজন-হারানো কান্না। কতগুলো গোর খুঁড়তে হয়েছে, কতজনকে দাহ করতে হলো। মানুষের জীবন কি এতই সস্তা? আমার দিনরাতগুলো এলোমেলো হয়ে গেছে। আমার কিছু ভালো লাগছে না। একটা মানুষের মৃত্যুতে সমস্ত জগতের স্তব্ধ হওয়া উচিত! আমাদের ধর্মের বাণী, একজন মানুষকে যখন হত্যা করা হয়, তখন সমস্ত মানবতাকেই হত্যা করা হয়। আমি জানতে চাই না কোন পক্ষের লোক মারা গেল। আমি বলতে চাই, এই হানাহানি বন্ধ করো। এই মৃত্যুর মিছিল থামাও।হায়! এই কি আমার দেশ? এই কি আমার দেশের মানুষ? কল্পনা করুন, সেই ইউএনও পরিবারের কথা, যখন শত শত মানুষ উন্মাদের মতো ছুটে চলেছে তাদের বাড়ির দিকে, তারা আগুন দিতে চায় তাদের বাড়িতে! ইউএনও কী ক্ষতি করলেন কার? তাঁর পরিবারের কী অপরাধ? পুলিশ ফাঁড়িতে দুজন পুলিশকে একলা পেয়ে পিটিয়ে মারার মানে কী? লোহার রড ঢুকিয়ে দেওয়া হলো মাথার ভেতরে! এই নিষ্ঠুরতা এই নৃশংসতার উৎস কী? আর যেকোনো অজুহাতে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, তাদের উপাসনালয়ে আগুন দেওয়া কেন? ২০১৩ সালে যারা এইসব অপরাধ করছে, ১৯৭১ সালে অবরুদ্ধ বাংলাদেশে তারা ঠিক এই ধরনের অপকর্মই করেছিল। এখন তো তবু পুলিশ বাধা দিচ্ছে, তখন তো পাকিস্তানি মিলিটারি তাদের সঙ্গে ছিল, আর এইসব রাজাকার-আলবদরের হাতে ছিল অস্ত্র আর যেকোনো কিছু করার লাইসেন্স। তখন তাদের অপরাধের মাত্রাটা কত ভয়াবহ ছিল একবার বিবেচনা করে দেখুন।হায়! একুশ শতকের বাংলাদেশের মানুষ এই রকম? যারা চাঁদের গায়ে কোনো মানুষের চেহারা দেখা যাবে বলে বিশ্বাস করে! রাত তিনটায় তাদের ঘুম থেকে তুলে এনে চাঁদের গায়ে মানুষের ছবি দেখিয়ে মিছিলে নিয়ে আসা যায়? তারপর গ্রামের নারী-পুরুষ-শিশু মিলে হামলা চালাবে একটার পর একটা থানায়, পুলিশ ফাঁড়িতে, সরকারি অফিসে, ভাঙচুর করবে বাজার, আগুন দেবে? ওরা কেবল তো জামায়াত-শিবির নয়, গ্রামবাসী সাধারণ মানুষও যোগ দিয়েছিল সেই ধ্বংসযজ্ঞে। এই রকম উন্মত্ত বিশৃঙ্খল জনতাকে আপনি কীভাবে দমন করবেন? কয়টি গুলি আপনি চালাতে পারবেন নিজের দেশের মানুষের ওপরে?আর রেললাইনের ফিশপ্লেট খুলে রাখার মানে কী? ট্রেন এলে যেন নিরীহ যাত্রীসাধারণ মারা যায়? এটাকেই বলে জঙ্গিবাদ। এটাকেই বলে নাশকতা! যে কানসাটের মানুষ বিদ্যুতের জন্য মরণপণ লড়াই করেছিল, তারা কী করে পল্লিবিদ্যুৎ কার্যালয়ে আগুন দিতে পারে। এখন ওখানে বিদ্যুৎ নেই। ধানখেতে সেচ দেওয়া যাচ্ছে না। এই নাশকতার উদ্দেশ্য কী?অথচ আমাদের এখন দরকার শান্তি। আমাদের দরকার শৃঙ্খলা। আমি আবারও চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আগামী ২০ বছরের মধ্যে, ২০৩৩ সালের আগেই, বাংলাদেশ অর্থনৈতিকভাবে একটা উন্নত দেশ হবে। হবেই। পৃথিবীর বৃহৎ একটা অর্থনৈতিক শক্তি হবে এই দেশ। ২০৫০ সালে আমরা ইউরোপকে ছাড়িয়ে যাব। কিন্তু অর্থনৈতিক কার্যক্রমের জন্য দরকার শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা। রোজ হরতাল দিলে আমাদের তৈরি পোশাক কারখানা থেকে বন্দরে যাবে কী করে? টেলিভিশনে দেখলাম, ব্যবসায়ী নেতা বলছেন, ক্ষুদ্র তৈরি পোশাক কারখানাগুলো বন্ধ হয়ে যাবে এই রকম চললে। বইমেলায় এবার বই বিক্রি হয়েছে কম। শেষ দিনে বই বিক্রি হওয়ার কথা রেকর্ড পরিমাণ, হরতাল থাকায় সেই লক্ষ পূরণ হয়নি। এই কদিনে আমি একটা লেখাও লিখিনি, একটা বইও মন দিয়ে পড়তে পারিনি। দেশে শান্তি না থাকলে কিছু যে করা যায় না, সেটা আমি আমার উদাহরণ থেকেই বললাম। আপনাদের প্রত্যেকের নিশ্চয়ই আছে নিজের নিজের অভিজ্ঞতা।অথচ আমরা সবাই শান্তি চাই। নিজের হাতে জমি চাষ করেন এমন একজন সাধারণ কৃষককে জিজ্ঞাসা করুন, আপনি কি চান শান্তি?তাঁর উত্তর হবে: ‘এই তো আমার সবচেয়ে প্রিয় চাওয়া।চাই, প্রাণপণে চাই, শতমুখে চাই।’জিজ্ঞাসা করুন কারখানার এক সাধারণ শ্রমিককে:‘আপনি কী চান?’ তারও উত্তর হবে: ‘শান্তি।একটু শান্তির জন্যই তো এই অহোরাত্র পরিশ্রম।’ (শান্তির ডিক্রি, নির্মলেন্দু গুণ)বাংলাদেশের সব মানুষ শান্তি চায়। কিন্তু এই শান্তিকামী মানুষগুলোকে অশান্ত করে তোলার জন্য একটার পর একটা মিথ্যা প্রচারণা চালানো হলো। আমি তরুণ প্রজন্মের জাগরণের মঞ্চের প্রশংসা করে আসছি এ জন্য যে তারা একটা ঢিলও মারেনি, একটা গাড়িও ভাঙেনি। অহিংসার শক্তি অপরিসীম। মানুষের শান্তিপূর্ণ সমাবেশ যেকোনো চাওয়া আদায় করতে পারে। আমি ওদের আগাম প্রশংসা একটু বেশিই করেছিলাম, যেন এই তরুণেরা ভাঙচুর শুরু করে না দেয়। যদি ভাঙচুর শুরু হয়, তাহলে সারা দেশে নৈরাজ্য শুরু হয়ে যাবে, যেটা বাংলাদেশের সাফল্যের ব্যাপারে একজন নাছোড় আশাবাদী মানুষ হিসেবে আমি উসকে দিতে পারি না। আমি বলেছি, কী সুন্দর, কী শান্তিপূর্ণ। এটা আমি এখনো বলব। কিন্তু প্রথম দিন থেকেই ওদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। প্রথম দুদিন বলা হলো, ওরা সবাই গাঁজাখোর। লাখ লাখ মানুষ সমবেত হয়েছে শাহবাগে, ওরা সবাই গাঁজাখোর? মানুষের ওপরে কতখানি অশ্রদ্ধা থাকলে এটা বলা যায়! তারপর বলা হলো, গলায় ফাঁসির দড়ি দিয়ে অভিনয় করতে গিয়ে মারা গেছে একজন। ওখানে পরিবারের সবাই, দাদা-দাদি, বাবা-মা, ছেলে-মেয়ে শিশু বহু রাত পর্যন্ত ছিল, কেউ কাউকে একটা বাজে মন্তব্য কোনো দিনও করেনি। তারপর বলা হলো, ব্লগার মানে নাস্তিক। কাকে কী বোঝাবেন? ব্লগে অনেকেই লেখেন, এঁদের মধ্যে ধার্মিক মানুষ আছেন প্রচুর, যাঁরা ধর্মের কথা বলেন, ইসলামের নানা বিষয় নিয়ে আলোচনাও করেন। কেউ বা শুধু নির্দোষ কবিতা লেখেন। ব্লগার মানেই নাস্তিক নয়। যে দেশের লোকে বিশ্বাস করে চাঁদে কোনো মানুষের ছবি দেখা যেতে পারে, সেই দেশে এই ধরনের কথা কী রকম আগুন জ্বালাতে পারে, সহজেই অনুমেয়। আর দেখুন, বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী কী কারণ দেখাচ্ছেন, কেন খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যেতে পারলেন না। প্রজন্ম চত্বর নামের একটা ফেসবুক পেজে নাকি বলা হয়েছে ‘আমার মন চাইতাছে, খালেদারে মাইরা গণহত্যা শুরু করি।’ এ ধরনের উক্তি করা ফেসবুকে হোক, ব্লগে হোক, দণ্ডনীয় অপরাধ, যে করেছে তাকে খুঁজে বের করা হোক, কিন্তু এটা যে প্রজন্ম চত্বরের পক্ষ থেকে করা হয়েছে, ফেসবুক জিনিসটা যিনি বোঝেন তিনি সেটা কোনো দিনও বলবেন না। ফেসবুকে যে কেউ যেকোনো নাম দিয়ে ‘পেজ’ খুলতে পারে, আপনি রবীন্দ্রনাথের নাম দিয়ে একটা পাতা খুলে তাঁকে দিয়ে বলাতে পারবেন, শান্তিনিকেতন হলো অশান্তির কারখানা। ফেসবুকে অন্যের নামে অ্যাকাউন্ট খোলা অন্যায়, কাউকে হুমকি দেওয়া ঘোরতর অপরাধ, কিন্তু সেটা কোনো বিশেষ মহলের সত্যিকারের অ্যাকাউন্ট না-ও হতে পারে।আর পাড়ায় কারও ঘরে যখন আগুন লাগে, পাড়াপ্রতিবেশী শত্রুতা-মিত্রতা ভুলে ছুটে যায় আগুন নেভাতে। কিন্তু বিএনপি তো মনে হচ্ছে ‘পড়শির বাড়িতে আগুন লেগেছে, চল, হাত-পা সেঁকে আসি’ মনোভাব নিয়েছে। বেগম জিয়া হানাহানি, খুন বন্ধ করতে বলেছেন, এ জন্য তিনি সাধুবাদ পাবেন। তিনি যুদ্ধাপরাধের বিচার নিয়ে, সাঈদীর রায় নিয়ে, জামায়াতের হরতাল সমর্থন করে একটা শব্দও বলেননি, সেটাও খুব কৌশলী কাজ হয়েছে। কিন্তু দেশের জনগণকে রাজপথে নেমে এসে সরকারের পতন ঘটানোর যে ডাক তিনি দিয়েছেন, তা থেকে বোঝা গেছে, আসলে বিএনপি কী চায়। তারা চায় ক্ষমতা। অন্যদিকে আওয়ামী লীগ সরকারও চলমান ইস্যুটাকে তার দ্বিতীয়বার ক্ষমতায় আসার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাইছে। এ দুই রাজনৈতিক দল, যারা আমাদের ১৬ কোটি মানুষের ভাগ্যনিয়ন্তা, নিজেদের ক্ষমতার স্বার্থে ১৬ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে। দেশের মানুষ যখন মারা যাচ্ছে, তখন তাদের এই নিষ্ঠুর রাজনৈতিক চালবাজি অসহ্য!এই সংকটের সমাধান কী? ড. আকবর আলি খানের পরামর্শ আমার পছন্দ হয়েছে। টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সমস্যাটা রাজনৈতিক। এর সমাধানও হতে হবে রাজনৈতিক।’ পরার্থপরতার অর্থনীতি বইয়ে তিনি লিখেছিলেন, অর্থনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান নেই। দুধে ভেজাল দেওয়া বন্ধ করতে ভেজালকারীকে পাইকারি জরিমানা করা হলে ভেজাল বাড়ে, সমাধান হলো দুধের উৎপাদন বাড়ানো। তেমনি করে বলা যায়, গুলি করে আন্দোলন বন্ধ করা যায় না। এ জন্য রাজনৈতিক পদক্ষেপ দরকার। দেশ এখন যে সংকটে পড়েছে, তার অবশ্যই রাজনৈতিক সমাধান আছে। তা খুঁজে পেতে হবে সরকার ও রাজনৈতিক দলগুলোকেই। তবে একটা কাজ আমরা করতে পারি। আমরা যারা চাই আর একটা মায়ের বুকও যেন খালি না হয়, আমরা যারা চাই বাংলাদেশ বিজয়ী হোক—আমরা শান্তির পক্ষে, অহিংসার পক্ষে, সম্প্রীতির পক্ষে, ভালোবাসার পক্ষে আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে বড় করে তুলতে পারি। দেশের ৯৯.৯৯৯ ভাগ মানুষই যে শান্তি চায়, এটা রাজনীতিবিদদের বুঝিয়ে দিতে হবে।আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।