আমরা ঢাকাবাসী যখন অন্য কোনো দেশে বা শহরে যাই, তখন তার সঙ্গে ঢাকার একটি তুলনা সচেতন-অসচেতন কোনো না কোনোভাবে চলেই আসে। আমরা জানি যে বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য কয়েকটি শহরের মধ্যে ঢাকা রয়েছে। এরপরও এই তুলনা আমাদের মধ্যে চলে আসে ঢাকার প্রতি আমাদের ভালোবাসা থেকেই। আকাশপথে ঢাকা থেকে কলকাতার দূরত্ব ৪৫ মিনিটের মতো। ভিনদেশের এত কাছের একটি শহরের সঙ্গে ঢাকার তুলনার বিষয়টি খুবই স্বাভাবিক।
ভিনদেশে বা ভিনশহরে প্রবেশের অভ্যর্থনাকেন্দ্র হচ্ছে সেখানকার বিমানবন্দর। ভারতীয় ভিসার ঝুট-ঝামেলার কারণে দীর্ঘ বিরতির পর কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে নেমে মনে হলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই দূরত্ব শুধু ৪৫ মিনিটের নয়। ঢাকায় যে বিমানবন্দরটি ছেড়ে গেলাম আর কলকাতায় যেখানে নামলাম, এর মধ্যে পার্থক্যের দূরত্বটি অনেক বেশি। মনে হলো একটি ম্যাড়মেড়ে ও বিষণ্ন বিমানবন্দর থেকে যেন হাজির হলাম ঝকঝকে এক আলো-ঝলমল বিমানবন্দরে।
কলকাতার এই বিমানবন্দরের এমন দশা আগে ছিল না। মাত্র বছর তিনেক আগে এটার আকার-আয়তন বাড়ানো ও নতুন রূপ দেওয়ার কাজটি হয়েছে। এর স্থাপত্য সৌন্দর্য ও ভেতরের সাজসজ্জা চোখে পড়ার মতো। আছে আধুনিকতার ছাপ। স্থাপত্য কাঠামোটি এমন, যেখানে বাইরের আলোকে ভালোভাবে কাজে লাগানো হয়েছে। সেদিক থেকে পরিবেশবান্ধবও বলা যায়। ছাদের সজ্জায় রবীন্দ্রনাথ ঠাকুরের হস্তলিপির ব্যবহার টার্মিনালটিকে এক অপূর্ব রূপ দিয়েছে। এখন ভারতের ১০টি সেরা বিমানবন্দরের একটি হচ্ছে এই নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর।
কলকাতার এই বিমানবন্দরে নেমে মনে হলো এর সাজসজ্জা ভিনদেশের কোনো অতিথিকে স্বাগত জানানোর এক নান্দনিক ও জমকালো আয়োজন বটে! আমাদের যে বিমানবন্দরটি ছেড়ে এখানে এলাম তার সঙ্গে তুলনা করতেই মনটা খারাপ হয়ে গেল। কেমন যেন একটা দীনহীন ভাব। রুচি আর পরিকল্পনার অভাব। আমাদের বিমানবন্দরের কি এমন হওয়ার কথা!
ঢাকা শহরজুড়ে চোখ ধাঁধানো নতুন নতুন কত স্থাপনা হচ্ছে, এসব ভবন ও স্থাপনার ভেতরের সাজসজ্জায়ও কত নতুনত্ব ও বৈচিত্র্য দেখা যাচ্ছে, সেখানে আমাদের রাজধানী শহরের প্রবেশপথের এ কী হাল! আমাদের বিমানবন্দরটিরও সম্প্রতি সম্প্রসারণ হয়েছে। নতুন অংশটি আপনি টের পাবেন, কিন্তু এটা যেন শুধুই সম্প্রসারণ। একটি বিমানবন্দরের সাজসজ্জা যে একটি জরুরি বিষয়, এটা কারও বিবেচনায় ছিল বলে মনে হয় না। নতুন বাড়ানো এই অংশের সাজসজ্জা নিয়ে কোনো পরিকল্পনা বা এতে আমাদের দেশ বা সংস্কৃতির কোনো ছোঁয়াও মেলে না। মেঝেতে এক রঙের টাইলসের মাঝখানে কিছু রঙিন টাইলস লাগিয়ে দিলেই কি ছন্দ বা কম্পোজিশন তৈরি হয়! অথবা টয়লেটের সামনে কিছু প্লাস্টিকের গাছ? আমাদের দেশের ইন্টেরিয়র ডিজাইনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠান ও পেশাদারেরা তো যথেষ্ট ভালো করছেন এবং তার প্রমাণ তো আমরা দেখছি। বিমানবন্দরের কাজ কারা করেন কে জানে!
একটি শহরের বিমানবন্দরে নেমে ভিনদেশের একজন আগন্তুক বা পর্যটক সেই শহর বা দেশটি সম্পর্কে প্রথম একটি ধারণা পায়। এরপরের পর্বটি হচ্ছে বিমানবন্দর থেকে গন্তব্যে যাওয়া বা আরও পরে শহরের চলাফেরার সুযোগ-সুবিধা। এ দিক দিয়েও ঢাকার সঙ্গে কলকাতার তুলনা করলে আমাদের হতাশাটাই বাড়ে। এই যে সাত বছর ধরে ঢাকা বিশ্বে সবচেয়ে অনুপযুক্ত শহরগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে, এর মূল একটি কারণ ঢাকার গণপরিবহনব্যবস্থার অভাব।
যুক্তরাজ্যভিত্তিক ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট বছর বছর এই প্রতিবেদনটি তৈরি করে একজন বিদেশি নাগরিক কোনো একটি শহরে বসবাসের ক্ষেত্রে কী কী সুবিধা পায় বা কোন কোন ধরনের সমস্যার মধ্যে পড়ে বিবেচনায় নিয়ে। কোনো নতুন আগন্তুক, পর্যটক বা বিদেশি নাগরিকদের চলাচলের জন্য ঢাকা আসলেই এক শোচনীয় শহর। ঢাকার পরিবহনব্যবস্থার কথা চিন্তা করুন আর ভাবুন ভিনদেশের একজন পর্যটক ঢাকা বিমানবন্দরে এসেছেন এবং এরপর তিনি কারও সাহায্য-সহযোগিতা ছাড়াই কোনো একটি গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করছেন। সেই পর্যটকের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠতে পারে তা আমরা অনুমান করতে পারি। ঢাকায় আসলে গণপরিবহন বলে কিছু নেই। এবং ঢাকা সম্ভবত বিশ্বের সেই বিরলতম শহরগুলোর একটি, যেখানে ট্যাক্সি সার্ভিস বলে কিছু নেই। বাস সার্ভিসের যে দশা তাতে বাসে ওঠারও জো নেই। সিএনজিচালিত অটোরিকশা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। শহরটি, শহরটির রাস্তাগুলোর ৮০ শতাংশ ব্যক্তিগত গাড়ির দখলে, অথচ ব্যক্তিগত গাড়িতে চড়ে মাত্র ৬ শতাংশ মানুষ। বাকি ৯৪ শতাংশ মানুষ এই শহরে চলছে ঠিকই কিন্তু তাদের দিকে নজর দেওয়ার বা তাদের ভালো-মন্দ বিবেচনায় নেওয়ার যেন কেউ নেই!
সেদিক থেকে কলকাতাকে বলতে হয় অনেকটাই কার্যকর গণপরিবহনের এক শহর। শহরটির কর্তৃপক্ষের মাথায় অন্তত জনগণ নিয়ে চিন্তাভাবনা আছে। তাদের ভালো-মন্দ, যাতায়াতের স্বাচ্ছন্দ্য, আর্থিক সামর্থ্য—এসব নিয়েই পরিবহনব্যবস্থাটি সাজানো। বোঝা যায় শহরটির গণপরিবহনব্যবস্থায় সব শ্রেণির নাগরিকের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। সমন্বিত পরিবহনসুবিধা যাকে বলে।
কলকাতার সেই পুরোনো বাস সার্ভিস তো আছেই, এখন যোগ হয়েছে নতুন এসি বাস। হলুদ ট্যাক্সির সঙ্গে এখন যোগ হয়েছে এসি ট্যাক্সি, অ্যাপভিত্তিক ট্যাক্সি। এর সঙ্গে শেয়ারের অটোরিকশা, ট্রাম, মেট্রোরেল, লোকাল ট্রেন থেকে শুরু করে টানা রিকশা। সামর্থ্য ও চাহিদা অনুযায়ী লোকজন যখন যেটা প্রয়োজন তা ব্যবহার করতে পারছেন।
যাঁর বাসে চড়ার সামর্থ্য তিনি সাধারণ বাসে চড়ছেন। কেউ বেশি পয়সা দিয়ে এসি বাসে চড়ছেন। যাঁর গন্তব্য মেট্রো রুটে পড়ছে তিনি মেট্রো ব্যবহার করছেন, ফেরির রুটে হুগলি নদীতে ফেরি। দরকারে কেউ ট্যাক্সি ডেকে নিচ্ছেন। রাস্তায় হলুদ ট্যাক্সি মিলবেই। আপনি আরাম করে এসি ট্যাক্সিতে করে কোথাও যাবেন, আপনার মোবাইলের অ্যাপ দিয়ে খোঁজ করলেই হলো। অল্প সময়ের মধ্যেই হাজির হবে ট্যাক্সি। জিপিএস লাগানো এসব ট্যাক্সি আপনাকে নিয়ে যাবে গন্তব্যে। ভাড়া নিয়ে কোনো ঝুট-ঝামেলা নেই। ট্যাক্সির জিপিএস মোবাইলেই উঠে যাবে ভাড়া। পরিশোধ করে নেমে পড়ুন।
বিভিন্ন রাস্তায় ও রুটে আছে শেয়ারের অটোরিকশা। আমাদের সিএনজিচালিত অটোরিকশার মতো যাওয়া না-যাওয়া বা মর্জিমতো ভাড়া চাওয়ার সুযোগ নেই। নির্দিষ্ট ভাড়া, যাত্রী পুরো হলেই ছেড়ে দিচ্ছে। বোঝা যায়, একটি শহরের সব শ্রেণির মানুষের কথা বিবেচনায় নিয়েই সেখানকার গণপরিবহনব্যবস্থা গড়ে উঠেছে। একজন আগন্তুক বা পর্যটকেরও এই শহরটিতে চলতে খুব সমস্যা হয় না।
মনে পড়ে, আমাদের ঢাকায় উত্তরা-মতিঝিল রুটে এসি বাস সার্ভিস ছিল। এখন আর সেসব নেই। হলুদ বা কালো ট্যাক্সি ক্যাবও একসময় কিছু চোখে পড়ত। এখন অতসী কাচ দিয়েও ঢাকার রাস্তায় ট্যাক্সি ক্যাব খুঁজে পাওয়া কঠিন হবে। সবাই সামনের দিকে যায়, এগোয়। এত ‘উন্নয়ন’-এর মধ্যেও আমরা কেন পেছাই? আমাদের প্রিয় ঢাকা কেন দুনিয়ার আর সব শহর থেকে এত পিছিয়ে থাকে!
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]