কাজ চাইলে মেয়রদের ক্ষমতা দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগারপাস এলাকার তুলনামূলক চিত্র l ছবি: ডে​ইলি স্টা​র–এর সৌজন্যে
টাইগারপাস এলাকার তুলনামূলক চিত্র l ছবি: ডে​ইলি স্টা​র–এর সৌজন্যে

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আনিসুল হক, সাঈদ খোকন এবং আ জ ম নাসির উদ্দীন নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বিপুল প্রত্যাশা সৃষ্টি করেছেন। দেশের অন্যান্য শহর ও নগরের নির্বাচিত মেয়রদের জন্যও তাঁরা একটা চ্যালেঞ্জ সৃষ্টি করছেন কীভাবে নিজ নিজ শহর-নগরকে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধায় সজ্জিত করে আকর্ষণীয় আবাসে পরিণত করা যায়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক কায়েমি স্বার্থবাদী চক্রের প্রতিরোধকে অকার্যকর করে যেভাবে তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের অরাজক যানজট সমস্যা নিরসনের প্রয়াস নিয়েছেন, তা রাজধানীবাসীর সাধুবাদ পেয়েছে। কল্যাণপুর থেকে গাবতলী পর্যন্ত এলাকায় এলোপাতাড়ি বাস পার্কিং সমস্যার সমাধানেরও প্রয়াস নিয়েছেন তিনি; গাবতলী বাস টার্মিনালে শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রয়াসও এগিয়ে চলেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনও বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। বর্জ্য অপসারণে পুরান ঢাকায় শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা চলছে, গুলিস্তান এলাকার ফুটপাত ও সড়কের একাংশ অবৈধ দখলদারমুক্ত করার প্রয়াসও নিয়েছেন তিনি। ঢাকাকে পরিচ্ছন্ন রাখার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টির জন্য তাঁর নানা কার্যক্রমও অনেকের নজর কেড়েছে।
চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দীন রাতে আবর্জনা অপসারণের ব্যবস্থা চালু করে নগরীর পরিচ্ছন্নতা অনেকটাই ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। ২০ ফেব্রুয়ারির দ্য ডেইলি স্টার পত্রিকায় নগরীর টাইগারপাস এলাকার বিলবোর্ডমুক্ত যে দুটি দৃষ্টিনন্দন ছবি প্রকাশিত হয়েছে, সেগুলো আমার মতো ১৯৫৮ সাল থেকে চট্টগ্রাম নগরে বসবাসরত বাসিন্দাকে নস্টালজিয়ায় সিক্ত করেছে। ওপরে ঢাকা ও চট্টগ্রামের মেয়রদের যে কয়েকটি ভালো উদ্যোগের বর্ণনা দেওয়া হলো তার মর্মার্থ হলো, বাংলাদেশের দোষ-ত্রুটি, দুর্নীতি, অব্যবস্থা ও অনুন্নয়নের গাথা গাইতে একদা সারা বিশ্ব যেভাবে অভ্যস্ত হয়ে পড়েছিল, সেখান থেকে মোড় পরিবর্তন ও উত্তরণের আশাবাদ তৈরি হয়েছে।
কিন্তু এ দুটি নগর-প্রশাসনের যে মূল সমস্যাটা তুলে ধরার জন্য এ প্রসঙ্গে আলোচনা উত্থাপন করেছি তা হলো, আমাদের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে নির্বাচিত মেয়রের নেতৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা করা হলেও ওগুলোকে প্রকৃত প্রস্তাবে ঠুঁটো জগন্নাথ করে রাখার ব্যবস্থাই চালু রাখা হয়েছে পাকিস্তানি আমল থেকে। এমনকি, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনব্যবস্থায় এ দেশের শহরগুলোর পৌরসভার যতটুকু ÿক্ষমতা ও দায়িত্বের পরিধি ছিল, পাকিস্তান আমলে এবং বিশেষত আইউব খানের শাসনামলে সেগুলো একে একে কেড়ে নিয়ে বর্তমান সিটি করপোরেশনগুলোকে অনেকটাই গুরুত্বহীন করে ফেলা হয়েছে।
আরও দুঃখজনক হলো, বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৫ বছর পরও ওই ক্ষমতাগুলো আবার সিটি করপোরেশন ও মিউনিসিপ্যালিটিগুলোতে ফেরত দেওয়ার কোনো গরজ দেশের কোনো সরকারের আমলেই দেখা যায়নি। উন্নত বিশ্বে সিটি গভর্নমেন্ট বা মেট্রোপলিটন গভর্নমেন্টে যে ব্যবস্থাগুলো চালু রয়েছে, সেগুলো থেকে কিছুই শিখতে চাইছি না আমরা; কিন্তু কেন? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও কানাডার সিটি গভর্নমেন্ট সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে আমার। এর ভিত্তিতে আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের দেশের সিটি করপোরেশনগুলোতে অবিলম্বে সিটি গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা হোক, যেগুলো সত্যিকার অর্থে সিটি গভর্নেন্সের দায়িত্ব পালনে সক্ষম হয়ে উঠবে। যেভাবে এগুলোকে পাকিস্তানি আমলের আমলাতান্ত্রিক পদ্ধতির ধারাবাহিকতায় ÿক্ষমতাহীন ও পঙ্গু করে রাখা হয়েছে, তার কোনো যুক্তি নেই, যুগোপযোগিতাও নেই।
আমাদের অনেকেরও হয়তো জানা নেই, বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ, নগরীর ভৌত অবকাঠামো উন্নয়ন ইত্যাদি দায়িত্ব আইউব খান ÿক্ষমতায় আসার আগে দেশের পৌরসভাগুলোর ওপর ন্যস্ত ছিল। ১৯৫৮ সালে যখন আমি চট্টগ্রাম শহরে বসবাস শুরু করেছিলাম, তখনো শহরের বিদ্যুতের ব্যবস্থা ও পানি সরবরাহ মিউনিসিপ্যালিটির দায়িত্বাধীন ছিল। শহরের রাস্তাঘাট নির্মাণ ও সংরক্ষণ, নালা-নর্দমা নির্মাণ ও পরিচ্ছন্নকরণ, খাল খনন ও সংরক্ষণ, বর্জ্য অপসারণ—ওগুলোও মিউনিসিপ্যালিটির দায়িত্ব ছিল। বরং অনেক দিন আগে থেকেই শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ প্রতিষ্ঠা ও পরিচালনার অতিরিক্ত দায়িত্বও পালন করত চট্টগ্রাম পৌরসভা, যার প্রবর্তক ছিলেন স্বনামধন্য নুর আহমদ চেয়ারম্যান। আইউব খান ক্ষমতায় এসে ওয়াপদা ও ওয়াসার জন্ম দিয়েছিলেন। আবার ঢাকার ডিআইটি, চট্টগ্রামের সিডিএ এবং খুলনার কেডিএর জন্মও হয়েছিল তাঁরই আমলে। ওয়াপদা বিভক্ত হয়ে এখনকার পিডিবি ও পানি উন্নয়ন বোর্ডের জন্ম হয়েছে। ডিআইটি বর্তমানে রাজউকে পরিণত হয়েছে। পিডিবি থেকে ক্রমে ডেসা, ডেসকো, ডিপিডিসি, পাওয়ার গ্রিড কোম্পানি এবং ওজোপাডিকো জন্মলাভ করেছে।
সম্প্রসারণশীল কর্মকাণ্ডের জন্য মূল প্রতিষ্ঠান ভেঙে একাধিক প্রতিষ্ঠান গঠন অনেকের কাছে যৌক্তিক মনে হলেও আইউব খানের এহেন প্রশাসনিক পুনর্গঠনের মূলে ছিল নির্বাচিত পৌরসভাগুলোর ÿক্ষমতার আওতা সংকুচিত করে আমলাতন্ত্রের ক্ষমতার পরিধি বাড়ানোর কুমতলব। আমলাতন্ত্রের জাল বিস্তার সম্পর্কীয় ‘পার্কিনসন্স ল’ এর ক্লাসিক নজির বলা চলে প্রশাসনে এহেন আমলা-দখলদারি প্রতিষ্ঠার ডামাডোলকে। ষাটের দশকে আমাদের চোখের সামনে মিউনিসিপ্যালিটির কাছ থেকে একটার পর একটা ÿক্ষমতা কেড়ে নিয়ে ওই প্রতিষ্ঠানকে ঠুঁটো জগন্নাথে পরিণত করেছিল আইউবশাহী। যুক্তরাষ্ট্রসহ যেসব দেশের কথা আমি উল্লেখ করেছি, সেখানে সিটি গভর্নমেন্টের আওতাধীনেই রয়ে গেছে এসব দায়িত্ব, এবং এটাই যৌক্তিক। নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বাধীন জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থার অধীনে থাকলে এসব নানাবিধ কাজের সমন্বয় বিধানের কঠিন কাজটিও সুচারুরূপে সম্পন্ন করা যেত, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে একাধিক ÿক্ষমতাকেন্দ্রের টানাপোড়েন থেকেও রেহাই মিলত।
১৯৯৬ সালে যখন শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে ÿক্ষমতাসীন হয়েছিলেন, তখন ঢাকার নির্বাচিত মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ, চট্টগ্রামের মেয়র ছিলেন মহিউদ্দিন চৌধুরী। তাঁরা দুজনেই একবুক আশা নিয়ে তাঁর শরণাপন্ন হয়েছিলেন এ রকম মেট্রোপলিটন গভর্নমেন্ট প্রতিষ্ঠার অনুরোধ নিয়ে, কিন্তু শেখ হাসিনা সম্মত হননি। বরং তিনি ঢাকা সিটির উন্নয়ন কার্যক্রম পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের সমন্বয় সাধনের জন্য তদানীন্তন স্থানীয় সরকারমন্ত্রীর সভাপতিত্বে একটি সমন্বয় কমিটি গঠন করে দিয়েছিলেন, যেটা পুরোপুরি অকার্যকর প্রমাণিত হয়েছিল। হয়তো এখনো ওই ধরনের কোনো সমন্বয় কমিটির অস্তিত্ব কাগজে-কলমে থাকতে পারে, কিন্তু খোদ প্রধানমন্ত্রী সমন্বয়ের দায়িত্ব না নিলে এখনো তা কার্যকর হবে না।
আমার মতে, আইনি ব্যবস্থার মাধ্যমে সিটি করপোরেশনগুলোর আওতাভুক্ত এলাকার পানি সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ, গ্যাস সরবরাহ, রাস্তাঘাট নির্মাণ ও মেরামত, নালা-নর্দমা নির্মাণ ও সংরক্ষণ, খাল খনন ও দখলমুক্তকরণ ইত্যাদি দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানসমূহকে সিটি গভর্নমেন্টের কার্যকর সুপারভিশনে আনার ব্যবস্থা না করা হলে সিটি করপোরেশনগুলোর বর্তমান সংকুচিত ক্ষমতা ও পঙ্গুত্বের নিরসন হবে না। এমনকি রাজউক, সিডিএ, কেডিএর মতো উন্নয়ন কর্তৃপক্ষকে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়হীন আমলাতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে রেখে দেওয়া হলে ওগুলোর সঙ্গে সিটি করপোরেশনগুলোর ÿক্ষমতার প্রয়োগ নিয়ে টানাপোড়েনের কোনো সুরাহা হবে না।
চট্টগ্রামের গত ২৩ বছরের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিডিএর রশি–টানাটানি এই নগরীর উন্নয়নকে পদে পদে বাধাগ্রস্ত করেছে। মেয়র মহিউদ্দিনের তিনটি মেয়াদের বেশির ভাগ সময়ে বিএনপি সরকার ÿক্ষমতাসীন থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো প্রকল্পগুলোকে আটকে দেওয়াই রুটিনে পরিণত হয়েছিল। ফলে অনেক সৃজনশীল প্রকল্প-প্রস্তাব ভেস্তে গেছে। আবার সাবেক মেয়র মনজুর আলম আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচিত হওয়ায় তাঁর আমলে চট্টগ্রাম সিটি করপোরেশন বর্তমান সরকারের কাছ থেকে ন্যায্য পাওনা পায়নি, তার বেশির ভাগ ডাইভার্ট হয়ে গেছে সিডিএতে। এ রকম একতরফা অর্থায়ন-সুবিধা পেয়ে সিডিএর বর্তমান চেয়ারম্যান বেশ কয়েকটি ফ্লাইওভার নির্মাণের ব্যবস্থা করেছেন, যেগুলোর উপযোগিতা খোদ প্রকৌশলীদের কাছেই প্রশ্নবিদ্ধ।
সর্বশেষ সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত যে উড়ালসড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর শেখ হাসিনা মাস খানেক আগে স্থাপন করে গেলেন, সেটার প্রয়োজনীয়তা নিয়েও যে প্রকৌশলীদের মধ্যে গুরুতর সন্দেহ রয়েছে, তা সরকারের জানা উচিত। চট্টগ্রামের একজন জ্যেষ্ঠ প্রকৌশলীর মতে, ভবিষ্যতের কথা চিন্তা করে ওই উড়ালসড়কের পরিবর্তে পাতালরেল প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা করাই সঠিক সমাধান হতো। সমস্যার গোড়ার দিকেই ইঙ্গিত করতে চাইছি আমি। জাতিসংঘের ইউএনসিএইচএস চট্টগ্রাম নগরীর জন্য দুই যুগ আগে যে মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছিল, সেখানে এসব তুঘলকি প্রকল্পের কোনোটাই ছিল না। সত্যিকার ফিজিবিলিটি স্টাডি পরিচালনার মাধ্যমে এ ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করাই বাঞ্ছনীয়। উন্নয়ন আমরা সবাই চাই, কিন্তু উন্নয়নের নামে চট্টগ্রামে যে খামখেয়ালি চলছে, তা বন্ধ হোক।
পরিশেষে আবারও ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রদের শুভকামনা জানাচ্ছি। চলুন, আমরা তাঁদের হাত শক্তিশালী করি। তাহলে হয়তো এ দেশের প্রধান দুটি নগরী সমস্যার জটাজাল থেকে কিছুটা রেহাই পাবে।
মইনুল ইসলাম: অধ্যাপক, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।