
দক্ষিণ এশিয়ায় যেকোনো ফোরামে বা আলোচনায় ভারত-পাকিস্তান সম্পর্ক বা বিরোধের বিষয়টিই সামনে চলে আসে। এই দুই দেশের বাগ্বিতণ্ডা ও সংশয়-সন্দেহের নিচে প্রায়ই চাপা পড়ে যায় অন্যান্য বিষয়। কাঠমান্ডুতে অনুষ্ঠিত সার্কের অষ্টাদশ সম্মেলনেও এর ব্যতিক্রম হয়নি।
সীমান্ত সংঘর্ষ ও জঙ্গি তৎপরতাকে মদদ দেওয়া নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে চাপান-উতোর চলছে, তারই কালো ছায়া দেখা গেল সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে। সার্কের অন্য নেতারা পরস্পর কুশল বিনিময় করলেও মোদি ও শরিফের মধ্যে কোনো বাৎচিত হয়নি। কেউ কারও সঙ্গে হাত মেলাননি। সম্মেলনে উপস্থিত শক্তিধর দেশগুলোর পর্যবেক্ষক থেকে শুরু করে টিভিতে সরাসরি যাঁরা অধিবেশনটি উপভোগ করছিলেন, তাঁদের কাছেও বিষয়টি দৃষ্টিকটু মনে হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বরাবরই চাপা স্বভাবের মানুষ। বোঝা কঠিন, কখন তিনি খোশমেজাজে আছেন, কখন বেজার। কিন্তু সদা আসর মাত করা নরেন্দ্র মোদির মাপা হাসি মোটেই স্বস্তিদায়ক ছিল না। ভাগ্যিস, সম্মেলনে যোগদানকারী দক্ষিণ এশিয়ার একমাত্র নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৯ সালের মতো এবার দুই দেশের মধ্যে দূতিয়ালি করতে যাননি। করলেও সফল হতেন না।
এসব আনুষ্ঠানিক বৈঠকে যা হয়, নেতাদের বক্তৃতা আগেই লেখা থাকে, সাংবাদিকদের কাছে কিংবা নিজ নিজ দেশের ওয়েবসাইটে বক্তৃতার কপিও চলে যায়। নিজ দেশের অনুগত প্রতিনিধি ছাড়া কেউ এসব বক্তৃতা মনোযোগ দিয়ে শোনেন না।
সার্ক নেতারা ২৯ বছর ধরে দক্ষিণ এশিয়ার মানুষের শান্তি ও সমৃদ্ধির কথা আউড়ে গেছেন। কিন্তু শান্তি আসেনি। সমৃদ্ধি এলেও তার হিস্যা জনগণ খুব একটা পায়নি। নেতারা যে পেয়েছেন, তা তাঁদের জৌলুশ দেখেই ধারণা করা যায়।
দক্ষিণ এশিয়ার নেতারা যখন কাঠমান্ডুতে এ অঞ্চলের মানুষের শান্তি ও সমৃদ্ধির পক্ষে জোরালো আওয়াজ তুলেছেন, তখন ভারত ও পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলেছে। তাঁরা যখন সন্ত্রাস দমনে একযোগে কাজ করার কথা বলছেন, তখনো সন্ত্রাসীদের হাতে কোনো না কোনো দেশে নিরীহ মানুষ মারা যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বেশি দরিদ্র ও নিরক্ষর মানুষের বাস এই দক্ষিণ এশিয়ায়। আবার অন্য যেকোনো অঞ্চলের চেয়ে এখানে অস্ত্রের প্রতিযোগিতাও বেশি। আগে যুদ্ধটা পাকিস্তান ও ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন আফগানিস্তান যুক্ত হয়েছে। এর দায় এড়াতে পারে না বাইরের ‘বন্ধুবেশী’ শক্তিধর দেশগুলো। তারা একদিকে বিবদমান পক্ষকে নিরস্ত্র হতে বলে, অন্যদিকে তাদের অস্ত্রের জোগান দেয় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। এমনকি যে জঙ্গিদের বিরুদ্ধে তারা প্রকাশ্যে জিহাদ ঘোষণা করে, সেই জঙ্গিদের কাছেও অস্ত্র বিক্রি করতে দ্বিধা করে না।
এবারের সার্ক শীর্ষ সম্মেলনটি নানা কারণে গুরুত্বপূর্ণ। ভারত ও পাকিস্তানে নতুন সরকার এসেছে। তারা একে অপরের সঙ্গে কীভাবে বোঝাপড়া করবে, তার একটা মহড়া এখানে হয়ে গেল। কয়েক বছর পর অনুষ্ঠিত এই আয়োজনটি এ অঞ্চলের জনগণের জন্য শুভবার্তা পৌঁছে দিতে পারত, যদি নেতারা সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারতেন, যদি তাঁরা এ অঞ্চলের ১৭০ কোটি মানুষের দুঃখ-কষ্টের কথা ভাবতেন। আটটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এ অঞ্চলে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর উদাত্ত আহ্বান জানালেও কেন সেই যোগাযোগ ও সহযোগিতা রুদ্ধ হয়ে আছে, কারা রুদ্ধ করে রেখেছেন, সেই প্রশ্নের জবাব দেননি। দিতে পারবেন না।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে আঞ্চলিক ও উপ-আঞ্চলিক জোট যখন জনগণের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে, সহযোগিতার নব নব ক্ষেত্র তৈরি করছে, তখন সার্ক চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ইউরোপীয় ইউনিয়ন যখন অভিন্ন মুদ্রা ও ভিসা চালু করেছে, তখন আমাদের নেতারা বছরের পর বছর এক দেশের ট্রেন আরেক দেশে চলবে কি না, এক দেশের মোটরযান আরেক দেশে গেলে সার্বভৌমত্ব খোয়া যাবে কি না, সেসব নিয়ে বাহাস করে চলেছেন। কোনো দেশ একটি প্রস্তাব দিলে অপর দেশ সন্দেহ করে। এর সম্ভাবনা খতিয়ে না দেখে ষড়যন্ত্র খোঁজে।
এভাবে অাঞ্চলিক জোট বা বন্ধুত্ব হয় না। এর আগে নেতারা আমাদের সার্ক খাদ্য ব্যাংকসহ নানা তহবিলের গল্প শুনিয়েছেন। নানা কমিটি করেছেন। বৈঠক করেছেন। কিন্তু বৃহত্তর জনগণের উপকার আসে, তেমন কিছু করতে পারেননি। সার্কের নেতারা মানুষে–মানুষে যোগাযোগ বাড়ানোর কথা মুখে বললেও কাজ করেন ঠিক উল্টো। নেপাল ছাড়া কোনো দেশে তাৎক্ষণিক বা অন অ্যারাইভাল ভিসা দেওয়া হয় না। দেশগুলোর আইন এমনই মানবতাবিরোধী যে এক দেশের নাগরিক অন্য দেশে চিকিৎসা, পড়াশোনা, ভ্রমণ বা সেমিনার উপলক্ষে গেলে স্থানীয় থানায় রিপোর্ট করতে হয়। এসব রাষ্ট্রের কর্ণধারেরা জঙ্গি ও সন্ত্রাসীদের ধরতে না পারলেও সাধারণ মানুষকে হয়রানি ও অপমান করতে পারেন। এটাই নাকি রাষ্ট্রের সার্বভৌমত্ব!
অতীতের মতো এবারের সম্মেলনেও নেতারা সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। কিন্তু সেই সমমর্যাদা রাষ্ট্রের নেতা-নেত্রীদের, না সাধারণ মানুষের—সে ব্যাখ্যা দেননি। নেতাদের বক্তৃতা-বিবৃতি বিশ্লেষণ করলে এই উপসংহারেই আসতে হয় যে তাঁরা যা বলেন, তা বিশ্বাস করেন না। যা বিশ্বাস করেন, তা বলেন না।
ভারতের প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়াকে আশাদীপ্ত তরুণদের অঞ্চল হিসেবে অভিহিত করেছেন। কিন্তু কাঁটাতারের বেড়া দিয়ে সেই তরুণদের আশাকে কেন আটকে রাখা হচ্ছে? পাকিস্তানের প্রধানমন্ত্রী মতপার্থক্য ভুলে জনগণের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। সন্ত্রাসবাদকে মদদ দিয়ে কি জনগণের সেই কল্যাণ নিশ্চিত করা যাবে? শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষে সম্মিলিতভাবে বাইরের হস্তক্ষেপ মোকাবিলার ওপর জোর দিয়েছেন। নিজেদের মধ্যে অনৈক্য ও অবিশ্বাস থাকলেই বাইরের শক্তি নাক গলানোর সুযোগ পায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী মতপার্থক্য ভুলে শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। তাঁর এই আহ্বান কি নিজ দেশের জন্যও প্রযোজ্য নয়?
প্রথম দিনের গুমোট বৈঠকের পর এবারের সার্ক শীর্ষ সম্মেলনের ফলাফল নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। রেল ও যান চলাচল এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে আঞ্চলিক সহযোগিতার তিনটি বিষয় চিহ্নিত করা হলেও পাকিস্তান শেষ মুহূর্তে বেঁকে বসায় চুক্তি হতে পারেনি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে। প্রকৃতপক্ষে তাদের ভয় ভারতীয় যান ও রেল আফগানিস্তান যাওয়া-আসা নিয়ে। মোটরযানের ব্যাপারে অকারণ আপত্তি জানায় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাও। যাই হোক অনেক কাঠখড় পোড়ানোর পর ধূলিখেলে নেতাদের অবকাশ যাপনের সময় বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতার বিষয়ে একটা ঐকমত্য হয়। কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া নিশ্চয়ই ভালো। অপর দুটি বিষয়ে বলা হয়, তিন মাসের মেধ্যে মন্ত্রীরা বসে ঠিক করবেন।
পরদিন সমাপনী অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী কিছুটা এগিয়ে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেছেন। মাত্র ৩০ সেকেন্ডের করমর্দন সম্মেলনের পরিবেশ পুরোপুরি পাল্টে দেয়। এই করমর্দন ২০০২ সালে এই কাঠমান্ডুতেই পারভেজ মোশাররফ ও অটল বিহারি বাজপেয়ির করমর্দনের কথা মনে করিয়ে দেয়। সেবার মোশাররফ নিজের আসন থেকে উঠে বাজপেয়ির দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবার মোদি দিলেন। এটিকে করমর্দন বিনিময়ও বলা যায়।
প্রশ্ন হলো, এই করমর্দন দুই দেশের সন্দেহ-অবিশ্বাস দূর করবে কি না? দক্ষিণ এশিয়ায় সহযোগিতার নতুন দুয়ার খুলে দেবে কি না? কেননা, দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি অনেকটাই ভারত-পাকিস্তান সম্পর্কের ওপর নির্ভর করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আকবরউদ্দিন ওই দিন রাতেই নিজের টুইটে লিখেছেন, ‘এই ছবির জন্যই আমরা সবাই অপেক্ষা করেছিলাম’। তবে এর ফলে সার্ক শীর্ষ সম্মেলনের দমবন্ধ আবহাওয়া কিছুটা হলেও হালকা হলেও দুই দেশের মধ্যে বরফ আদৌ গলেছে বলে মনে হয় না।
নওয়াজের পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, ‘এটা ছিল স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এবং করমর্দন। গোটা অঞ্চলের মতো তিনিও এই করমর্দনের জন্য অপেক্ষা করছিলেন।’ সারতাজ এটাকে আনন্দদায়ক ঘটনা বলে উল্লেখ করে বলেছেন, ‘আমরা সন্তুষ্টি নিয়েই ঘরে ফিরছি।’
কিন্তু এ অঞ্চলের মানুষ সন্তুষ্ট হতে পারেনি। কেননা, কাঠমান্ডুতে হাত মিলল, মন মিলল না।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]