
ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তে দেশে দেশে কট্টরবাদী লোকরঞ্জনবাদীদের উত্থান, ব্রেক্সিটের বিহিত ও শরণার্থী সমস্যা ইত্যাদি নিয়ে যখন চাপের মুখে রয়েছে, তখন স্পেনের কাতালোনিয়া প্রদেশের স্বাধীনতা ঘোষণা নিয়ে নতুন এক সংকট তৈরি হয়েছে। ব্রাসেলসে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধানদের সর্বশেষ সভায় কাতালোনিয়া নিয়ে বড় উদ্যোগ চোখে পড়েনি, তবে তাঁরা বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের কথাই বলে আসছেন। এ ছাড়া স্পেনের কাতালোনিয়া প্রদেশ স্বাধীন হলে তার ঢেউ ইউরোপের অন্য জাতিসত্তার মধ্যে ছড়িয়ে পড়ে কি না, সেই শঙ্কাও আছে।
ইউরোপের বেশ কিছু অঞ্চলে স্পেনের কাতালোনিয়া প্রদেশের মতো নিজেদের এলাকাকে স্বাধীন করার স্পৃহা থাকলেও আপাতত কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে গণভোট নিয়ে যে সংকট তৈরি হয়েছে, অন্যত্র সেটা ততটা দৃশ্যমান নয়। ইউরোপের জাতিসত্তাগুলোর মধ্য জাতিগত যুদ্ধ ও দেশ ভাগাভাগি নতুন কিছু নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতন্ত্রী ও পুঁজিবাদীদের নেতৃত্বে ইউরোপের পূর্ব-পশ্চিমের বিভক্তি এবং দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধের যবনিকা হয়েছিল ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর পতনের পর। সোভিয়েত ইউনিয়নের পতন এবং তার পরপরই জাতিগত রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে যুগোস্লাভিয়া টুকরো টুকরো হয়ে সার্বিয়া, মন্টেনেগ্রো, বসনিয়া, ক্রোয়েশিয়া ও কসোভো—এই পাঁচ ভাগে বিভক্ত হয়েছিল। শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে চেকোস্লোভাকিয়া চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়া এই দুই ভাগে বিভক্ত হয়। ইতালির উত্তরাঞ্চলে লিগা নর্দ দলটি মাঝেমধ্যেই অধিক স্বায়ত্তশাসনের কথা বলে বা জার্মানির ব্যভারিয়া প্রদেশটি দেড় শ বছরের পুরোনো চুক্তির বলে সার্বভৌমত্বের কথা বলতে পারে। স্পেনের কাতালোনিয়ার মতো বাস্ক অঞ্চলেও স্বাধীনতার পক্ষে জনমত আছে।
স্বাধীন সার্বভৌম স্পেনের অংশ কাতালোনিয়া প্রদেশের স্বাধীনতা নিয়ে স্পেনের কেন্দ্রীয় সরকার এবং স্বায়ত্তশাসিত প্রাদেশিক সরকারের মধ্য দ্বন্দ্ব এখন চরমে। কাতালোনিয়ার প্রাদেশিক সরকারকে বাতিল ঘোষণা ও ইতিপূর্বে কাতালোনিয়ার স্বাধীনতাকামী দুই নেতাকে গ্রেপ্তারের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। স্পেনের অবস্থা আরও ঝুঁকিপূর্ণ ও আয়ত্তের বাইরে চলে যাওয়ার আগেই কাতালোনিয়া ও স্পেনের রাজনীতিকদের ওপর আলোচনায় বসার জন্য ক্রমেই চাপ বাড়ছে।
স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাহয় মাদ্রিদে তাঁর মন্ত্রিসভার সঙ্গে আলোচনার পর কাতালোনিয়ার মুখ্যমন্ত্রী কার্লোস পুজেমনকে ১৯ অক্টোবর পর্যন্ত দুটি শর্ত দিয়েছিলেন। প্রথমত, তাঁরা স্বাধীনতা ঘোষণা করেছেন কি না, আর দ্বিতীয়ত তাঁদের জানাতে হবে,
তাঁরা স্পেনের সংবিধান সমুন্নত রাখতে প্রস্তুত আছেন কি না। সময় ও শর্ত বেঁধে দেওয়ার পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী ম্যারিয়ানো কাতালোনিয়ার প্রশ্নে আরও সাংবিধানিক ছাড় বা পরিবর্তনের কথাও বলেছিলেন।
শর্তের সময় পেরিয়ে যাওয়ার পরও কাতালোনিয়ার মুখ্যমন্ত্রী পুজেমন শর্তগুলো না মেনে আরও সময় নিয়ে আলোচনার কথা বলেছেন। তবে আর সময় না দিয়ে মাদ্রিদের কেন্দ্রীয় সরকার স্পেনের সাংবিধানিক আইন লঙ্ঘন করে স্বাধীনতার প্রশ্নে গণভোট করার দায়ে কাতালোনিয়ার প্রাদেশিক সরকারকে বাতিল করে আগামী ছয় মাসের মধ্য নতুন নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। স্পেনের মূলধারার দলগুলোও এই সিদ্ধান্তের পক্ষে। তবে এই সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে দেশটির সিনেটের অনুমোদনের পর। কাতালোনিয়ার মুখ্যমন্ত্রী কার্লোস পুজেমন এই সিদ্ধান্তকে রাজনৈতিক অভ্যুত্থান ও স্পেনের সাবেক স্বৈরাচার ফ্রাঙ্কো–পরবর্তী সবচেয়ে বড় রাজনৈতিক অনাচার বলে অভিহিত করেছেন।
১৯৩৬ থেকে ১৯৭৫ পর্যন্ত দীর্ঘ সময় স্পেন ছিল গৃহযুদ্ধের হানাহানি আর স্বৈরতন্ত্রের করতলে। ১৯৩৬ সালে সামরিক বাহিনীর ছত্রচ্ছায়ায় দেশটির দক্ষিণপন্থী নির্বাচিত বামপন্থী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। সেই সময় ওই ঘটনার নেতৃত্বদানকারী জেনারেল ফ্রান্সেসকো ফ্রাঙ্কো স্বৈরশাসক নাৎসি জার্মানির হিটলার ও ইতালির মুসোলিনির সহযোগিতা পেয়ে দীর্ঘ সময় ধরে স্পেনে স্বৈরশাসন চালিয়েছিলেন। তাঁর হাত থেকে স্পেনের জনগণকে রক্ষা করতে সেই সময় সারা বিশ্বের বুদ্ধিজীবী, লেখক ও শিল্পীরা তাঁদের লেখনী দিয়ে ও ছবি এঁকে স্পেনের মুক্তিকামী জনগণের পাশে এসে দাঁড়িয়েছিলেন। ১৯৭৫ সালে স্পেনের স্বৈরশাসক জেনারেল ফ্রান্সেসকো ফ্রাঙ্কোর মৃত্যুর তিন বছর পর ১৯৭৮ সালে স্পেনের সংবিধান রচিত হয়েছিল।
দক্ষিণ ইউরোপে পশ্চিমে আটলান্টিক আর দক্ষিণে ভূমধ্যসাগরবেষ্টিত প্রায় সাড়ে চার কোটি জনসংখ্যাসমৃদ্ধ স্পেনে সব মিলিয়ে ১৭টি স্বায়ত্তশাসিত আঞ্চলিক পার্লামেন্ট রয়েছে। স্পেনের এই অঞ্চলগুলোর মধ্য কাতালোনিয়া সবচেয়ে সম্পদশালী অঞ্চল, সেই হিসেবে তারা এযাবৎকাল কিছু বাড়তি সুবিধা পেয়ে আসছে। স্পেনের সংবিধানে অঞ্চলগুলোর স্বায়ত্তশাসন ক্ষমতা থাকলেও স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা স্বাধীনতার প্রশ্নে নির্বাচন করার অধিকার স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোকে প্রদান করা হয়নি।
স্পেনের সংবিধানের ১৫৫ অনুচ্ছেদ ও সাংবিধানিক আদালতের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেই কাতালোনিয়ার আঞ্চলিক সরকার ১ অক্টোবর গণভোটে ৯০ শতাংশ ভোট পেয়ে যায়। তবে ভোটারদের সংখ্যা ছিল মাত্র ৪২ শতাংশ। অর্থাৎ মোট ভোটারের ৫৮ শতাংশ আইন ও সংবিধানের চোখে বেআইনি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন। কাতালোনিয়ার আঞ্চলিক সরকারের প্রধান কার্লোস পুজেমন অনেক আগে থেকেই কাতালোনিয়ার স্বাধীনতার প্রবক্তা। গিরোনা শহরের এই সাবেক মেয়র ও ২০১৬ সালের জানুয়ারিতে আঞ্চলিক পার্লামেন্টের নির্বাচনে স্বাধীনতার প্রশ্নটি সামনে এনে ক্ষমতাসীন হন। এখন কার্লোস পুজেমন আর প্রধানমন্ত্রী ম্যারিয়ানো রাহয়ের রাজনৈতিক প্রজ্ঞা আর কৌশলের ওপর নির্ভর করছে স্পেনের রাজনৈতিক অস্থিরতার অবসান।
সরাফ আহমেদ: প্রথম আলোর জার্মানি প্রতিনিধি।
sharaf.ahmed@gmx,net