কাদের মোল্লার ‘ভি’ চিহ্নের আড়ালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দণ্ডাদেশ শুনে যুদ্ধাপরাধীরা কেমন আচরণ করেন, সেদিকে লক্ষ রেখেছিলেন জি এম গিলবার্ট। তিনি একজন কারা মনস্তত্ত্ববিদ। নাৎসি যুদ্ধাপরাধী গাইরিংয়ের ফাঁসির আদেশ হয়েছিল। রায় শুনে তাঁর চোখে তিনি আর্দ্রতা দেখেছিলেন। আবেগে দুই হাত ছুড়েছিলেন। গাইরিংয়ের সঙ্গে কাঠগড়ায় দাঁড়ানো হেস কাষ্ঠহাসি হেসেছিলেন। তাঁর মুখের হাসির কারণ সম্পর্কে একজন রক্ষী গিলবার্টকে বলেছিলেন, হেসের যাবজ্জীবন হওয়ায় তাঁর হাসি পেয়েছিল। দণ্ড শুনে রিবেনট্রপ মৃত্যু মৃত্যু বলে ফিসফিস করে আওড়াতে শুরু করেন। ফ্রাঙ্ক তাঁর মৃত্যুদণ্ড শুনে স্মিত হেসেছিলেন। জোথ বলেছিলেন, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা? আমি অন্তত এর প্রাপ্য নই। ২০ বছরের জেল শুনে স্পিয়ার ম্লান হেসে উক্তি করেছিলেন, ‘সত্যি, আমাকে তাদের লঘুদণ্ড দেওয়ার কথা ছিল না। কঠিন শাস্তি আমার প্রাপ্য। আমি আমার কৃতকর্ম স্বীকার করি। এখন যদি আমি শাস্তির বিষয়ে অভিযোগ তুলি, সেটা হবে হাস্যকর।’আবদুল কাদের মোল্লা রীতিমতো বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখিয়েছেন। নাৎসি যুদ্ধাপরাধীরা ফাঁসির আসামি ঝিন্টু ও তাহেরপুত্রদের ভাগ্য দেখেননি। মোল্লারা দেখেছেন। তাঁরা জানেন, বিচারটা বাংলাদেশে হয়েছে। আর বাংলাদেশ প্রায় সব অসম্ভব সম্ভব করার দেশ। এখানে মৃত্যুদণ্ড নিয়ে দুর্বৃত্তরা ছাতি ফুলিয়ে ঘুরে বেড়ায়। রাজনৈতিক দলগুলো তাদের জন্য নিতান্ত বেসুবিধার ঠেকলে রাষ্ট্রপতিদের মার্জনা নিয়ে সমালোচনা করে। সুতরাং, কাদের মোল্লারা নিশ্চিত জানবেন, যতক্ষণ সংবিধানে ৪৯ অনুচ্ছেদ আছে, ততক্ষণ ভেঙে পড়ার কিছু নেই। ফাঁসির হুকুম হলেও না। তাই বাচ্চু রাজাকারের ফাঁসি হওয়া কিংবা কাদের মোল্লার যাবজ্জীবন হওয়ার মধ্যে পার্থক্য সেই অর্থে আকাশ-পাতাল নয়।কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে। সরকার কোনো একটি বেকসুর খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবে। এ রকম দ্ব্যর্থক ও অস্পষ্ট বিধান রাখা হয়েছিল কেন?কেরানীগঞ্জের যে অভিযোগটি থেকে মোল্লাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে, অনুমতি মিললে আপিলে হয়তো শুধু সে বিষয়েই কথা বলতে পারবে প্রসিকিউশন, এমনটাও ইঙ্গিত করছেন কেউ কেউ। রাষ্ট্রপক্ষ যে কেরানীগঞ্জের বিষয়ে দুর্বল সাক্ষ্য-প্রমাণ হাজির করেছিল, সেটা আপাতত অনুমান করা চলে। অবশ্য আপিল বিভাগের ‘কমপ্লিট জাস্টিসের’ ওপর ভরসা করার অবকাশ থাকছেই।সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত হেগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে দাসকো তাদিককে ২০ বছরের জেল দিয়েছিলেন। নয়টি অভিযোগ থেকে তাঁকে বেকসুর খালাস দিয়েছিলেন আদালত। কিন্তু আপিল কোর্ট এর সঙ্গে একমত হননি। তাঁরা লক্ষ করেন যে, এর অনেক অভিযোগই দণ্ডনীয়। ১৯৯৯ সালের ১১ নভেম্বর রিমান্ডে নিয়ে ট্রায়াল চেম্বার তাদিকের ২০ বছরের দণ্ড ২৫ বছরে উন্নীত করেছিলেন। সুতরাং, উপযুক্ত শাস্তির সুযোগ খোলা আছে। কিন্তু শুরু থেকে প্রসিকিউশনের বিরুদ্ধে দুর্বলতার যে অভিযোগ উঠেছিল, তা এখন পর্যন্ত তাদের ললাটে লেপ্টে আছে।সংবিধানের ৪৯ অনুচ্ছেদের অধীনে দণ্ডিত রাজাকাররা ভবিষ্যতে তাঁদের কোনো বন্ধু-সরকারের রাষ্ট্রপতির দ্বারা মুক্ত হতে পারেন? আইন নয়, রাজনীতিটাই বড়, তদুপরি নির্বাহী বিভাগ দ্বারা বিচার-হত্যার অস্ত্রগুলো পরখ করা দরকার। রাষ্ট্রপতির ক্ষমা ও মামলা প্রত্যাহার-সংক্রান্ত সংবিধানের ৪৯ অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির ৪৯৩ ধারার অপব্যবহারের আশঙ্কা অমূলক নয়। ১৯৭৩ সালের আইন ফৌজদারি কার্যবিধি বুড়িগঙ্গায় ফেলে দিয়েছে। সুতরাং ভবিষ্যতে ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো প্রত্যাহার করার আরজি জানানোর সুযোগ অনুপস্থিত। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের অধীনে এই মামলার দণ্ডিতরা ক্ষমার আবেদন করতে পারবেন কি না।লেখকের উত্তর হলো, পারবেন। কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি তা মঞ্জুর করতে পারবেন কি না, তা স্পষ্ট নয়। কারণ, ৪৭ অনুচ্ছেদের বিশেষ ট্রাইব্যুনাল আর ৪৯ অনুচ্ছেদের সাধারণ ট্রাইব্যুনাল এক হওয়ার নয়। সংবিধানের অনেক অনুচ্ছেদ ১৯৭৩ সালের আইনের সঙ্গে বিরোধাত্মক হয়েও টিকে আছে কিংবা টিকে থাকতে বাধা নেই। কাদের মোল্লাদের দণ্ডদানের অন্যতম উৎস হচ্ছে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ। এটি বলেছে, ‘এই সংবিধানে যা বলা হয়েছে, তা সত্ত্বেও গণহত্যাজনিত অপরাধ, মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য কোনো সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্য বা অন্য কোনো ব্যক্তি, ব্যক্তি সমষ্টি বা সংগঠন কিংবা যুদ্ধবন্দীকে আটক, ফৌজদারিতে সোপর্দ কিংবা দণ্ডদান করার বিধানসংবলিত কোনো আইন বা আইনের বিধান এই বিধানের কোনো বিধানের সঙ্গে অসামঞ্জস্য বা তার পরিপন্থী, এ কারণে বাতিল বা বেআইনি বলে গণ্য হবে না। কিংবা কখনো বাতিল বা বেআইনি হয়েছে বলে গণ্য হবে না।’সুতরাং, ১৯৭৩ সালের আইনে মামলা প্রত্যাহার কিংবা ক্ষমা করার বিধান না থাকার কারণে যদি ৪৯ অনুচ্ছেদের ব্যত্যয় বা লঙ্ঘনও ঘটে, তাহলেও তা অসাংবিধানিক বলে গণ্য হবে না। লক্ষণীয় যে, সংবিধানপ্রণেতারা সুচিন্তিতভাবে ৪৭ অনুচ্ছেদ, মানে সিআরপিসি ফেলে দেওয়ার বিধানসংবলিত ১৯৭৩ সালের আইনকে ৪৯ অনুচ্ছেদের ওপরে প্রাধান্য দিয়েছেন। ১৯৭৩ সালে ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর মধ্যে জেনারেল নিয়াজিও ছিলেন। সেদিন ট্রাইব্যুনাল যদি তাঁকে দণ্ড দিতেন, তখন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নিয়াজিকে ক্ষমা করে দিতে পারতেন কি না। এর রাজনৈতিক উত্তর প্রত্যেকেরই বোধগম্য। কিন্তু সংবিধানগতভাবে সেটা সম্ভব ছিল কি না, তা বিবেচনায় নিতে হবে। এটা বাংলাদেশ। হাওয়া বদলে গেলে অনেক কিছুই বদলে যায়। আইনবিদেরা ও রাজনীতিকেরা এখনই এই প্রশ্নের ফয়সালা করুন যে, ৪৯ অনুচ্ছেদের একটা সংশোধনী জরুরি কি না। প্রতিবাদী উত্তাল জনগোষ্ঠীকে বলি, আওয়ামী লীগকে ৪৯ অনুচ্ছেদের বিষয়ে উপযুক্ত বর্ম সৃষ্টিতে চাপ দিন। আপিলে মোল্লার ফাঁসি হলেও ৪৯ অনুচ্ছেদের কৃষ্ণগহ্বর থেকেই যাবে। এর ছিদ্র বন্ধ না হওয়া অবস্থায় ক্ষমতার পালাবদল ঝুঁকিপূর্ণ। পলাতক বাচ্চু রাজাকারের ফাঁসি, কাদের মোল্লার যাবজ্জীবন এবং আরও বৃহৎ রুই-কাতলাদের একই রকমের দণ্ডলাভের ঘটনাই কিন্তু একটি সম্পূর্ণ উপাখ্যান নয়।যুদ্ধাপরাধীদের বিচার করতে বর্তমান সরকারের সদিচ্ছা নিয়ে অহেতুক বেশি প্রশ্ন তুলতে চাই না। তবে অনেক সংগত প্রশ্ন করার সুযোগ ছিল, আছে এবং থাকবে। তবে এই মুহূর্তে সারা দেশে লঘুদণ্ড নিয়ে যতটা জনমত প্রবল হয়ে উঠছে বলে প্রতীয়মান হচ্ছে, তার প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকার কতিপয় সতর্ক পদক্ষেপ নিতে পারে। আগামী সাধারণ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে বিচার-প্রক্রিয়া ও দণ্ডিতদের কী হতে পারে? তার একটা সম্ভাব্য উত্তর পেতে হবে। সবচেয়ে বড় যুক্তি: দায়মুক্তির সংস্কৃতি নস্যাৎ করতে ক্ষমতাসীন দলই বৃহত্তম হুমকি। রাষ্ট্রপতির ক্ষমার বিধানে বাধানিষেধ আরোপ করলে তাতে বিচার বিভাগের মনোবল বাড়তে পারে। অন্য কথায়, তাতে সরকারও দায়মুক্ত হতে পারে। বিচারপতি ইনায়েতুর রহিম ইতিমধ্যে ৪৯ অনুচ্ছেদ নিয়ে যে রায় দিয়েছেন, তা-ও সরকার বিবেচনায় নিতে পারে।নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী গঠিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইনে মৃত্যুদণ্ডকে নিরুৎসাহিত করেছে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে দণ্ডিত যুদ্ধাপরাধীদের আগাম মুক্তিলাভের যে রেওয়াজ চালু হয়েছে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দণ্ডিত যুদ্ধাপরাধীরা দুই-তৃতীয়াংশ সাজাভোগের পরে ছাড়া পেয়ে যাচ্ছে। সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রথমবারের মতো দুই-তৃতীয়াংশ সাজা ভোগের পর যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়ার আদেশ দেওয়া শুরু করেন। এরপর ক্রোয়েশীয় অভ্যন্তরীণ আদালতগুলোও তা অনুসরণ করেন। আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যায়, দণ্ডিতরা যাতে ন্যূনতম একটি নির্দিষ্ট সময় পর্যন্ত দণ্ড ভোগ না করে ছাড়া না পায়, সেটা নিশ্চিত করার উদ্বেগ আছে।সার্বীয় যুদ্ধাপরাধী ড্রাগন নিকোলি ২০০৫ সালে আপিল করে ২৩ বছরের দণ্ড তিন বছর কমাতে পেরেছিলেন। জেনিফার ট্রাহানের যুদ্ধাপরাধ-সংক্রান্ত আইনবিষয়ক বইয়ের ৬৯৬ পৃষ্ঠায় লেখা, ‘যদিও সংবিধি বা কোনো বিধিতেই ন্যূনতম দণ্ডভোগের বিষয়ে নির্দেশদানে ট্রায়াল চেম্বারের কোনো ডিসক্রিশন নেই, তবে আপিল চেম্বার এর আগে বলেছেন যে, যদি আদালত তা নির্দিষ্ট করেন, তাহলে তা সহজাত বিচারিক এখতিয়ার থেকেই উৎসারিত বলে গণ্য হবে।’ আমাদের ট্রায়াল ও আপিল চেম্বার নিশ্চিতভাবেই সরকারের মার্জনা-সংক্রান্ত ক্ষমতার রাশ টানতে এ ধরনের সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখেন বলে মনে করি।ক্রোয়েশীয় প্রেসিডেন্ট ইভো জোসিপভিক একজন যুদ্ধাপরাধ-বিষয়ক আইন বিশেষজ্ঞ। ১৪ মার্চ ২০১২ এক গোলটেবিল আলোচনায় তিনি আন্তর্জাতিক ও ক্রোয়েশীয় আদালতগুলোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা পুনর্বাসন-সংক্রান্ত সব তত্ত্ব এবং শাস্তিদানের উদ্দেশ্য সম্পর্কে অবহিত রয়েছি। কিন্তু আমি মনে করি, যুদ্ধাপরাধীদের বিষয়ে তা খুবই ব্যতিক্রম হিসেবে গণ্য হওয়া উচিত।’ আওয়ামী লীগের রাষ্ট্রপতি কি ক্রোয়েশীয় প্রেসিডেন্টের মতো বলবেন, ‘ধর্ষণ, হত্যা ও যুদ্ধাপরাধের মতো কতিপয় অপরাধের দণ্ড আমি কখনো মার্জনা করব না।’ মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]