কানাকানি-টানাটানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমেই বলি, যে কান নিয়ে কানাকানি হয়েছে, সেই কান কিন্তু এ কান নয়। অর্থাৎ এটা মানব শরীরের অঙ্গ ‘কান’ নয়। এটা ফরাসি দেশের একটি শহর যার নাম ‘কান’ (Cannes), যেখানে প্রতিবছর মে মাসে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। পৃথিবীর চলচ্চিত্র নির্মাতা দেশগুলো এতে প্রতিনিধিত্ব করে। চলচ্চিত্র নিয়ে আলাপ-আলোচনা-সমালোচনা শেষে দেওয়া হয় পুরস্কার। বর্তমানে এই কান হয়ে উঠেছে চলচ্চিত্র বাণিজ্যের প্রধান লেনদেনের ক্ষেত্র। তাই প্রায় সবাই চায় এখানে তার চিত্রটি প্রদর্শনের ব্যবস্থা করতে, সে মনোনীত হয়েই হোক বা অমনোনীতভাবেই হোক।

১৯৩৯ সালে এই উৎসবের প্রথম উদ্যোগ নিয়েছিলেন ফ্রান্সের তৎকালীন শিক্ষা ও সংস্কৃতিমন্ত্রী জঁ জে (Jean Zay)। বিশেষ করে ডেনিস চলচ্চিত্র উৎসবকে টেক্কা দেওয়ার জন্য। শুরু করা হয়েছিল তখনই, কিন্তু রাশিয়া ও কিছু দেশের বয়কটের কারণে সেবার প্রদর্শিত হয় মাত্র একটি চলচ্চিত্র। তারপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে উৎসব স্থগিত থাকে ১৯৪৬ পর্যন্ত। অবশেষে ১৯৪৬-এর ২০ সেপ্টেম্বর নতুন উদ্যোগে শুরু করে এ পর্যন্ত এসেছে এ সম্মানজনক উৎসবটি। অবশ্য ১৯৪৮ ও ১৯৫০ সালে এ উৎসব হয়নি। তবে এরপর থেকে প্রতিবছর মে মাসে অনুষ্ঠিত হয় কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

আমাদের দেশে ‘কানাকানি’ কেন হলো ‘কান’ নিয়ে? দুটো ছবি এ বছর গেছে এ উৎসবে। কোনোটাই প্রতিযোগিতায় নয়, বাণিজ্যিক কারণেই পাঠানো হয়েছে। একেবারে বাণিজ্যিকই-বা কীভাবে বলি। এখানে নিশ্চয়ই ভাবনা ছিল যে, দেখো, আর্থিক সংকটের মধ্য দিয়েও আমরা চিন্তা-চেতনার জগতে দীনহীন নই।

দুটির একটি ছবি নিয়েই এখানকার কিছু নির্মাতার মধ্যে বেশ কানাকানি লক্ষ করা গেছে। তাতে অবশ্য চলচ্চিত্রটির প্রযোজক-নির্মাতাই লাভবান হলেন। কারণ, কানাকানির ফলে এ দেশের দর্শকের মধ্যে একধরনের ঔৎসুক্য জেগেছে, তাঁরা দেখতে চান, ছবিটিতে কী আছে। প্রকৃতপক্ষে তাঁরা দুটো ছবিরই সাফল্য কামনা করেন।

এবার যে কান নিয়ে বলব, সেটা আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ক্ষতির কাজটি আমরা এটির দ্বারাই করে থাকি। শোনা ছাড়াও দুই কান কিন্তু মানুষের মাথার ভারসাম্যও রক্ষা করে। কানে সমস্যা হলে ভার্টিগো রোগে আক্রান্ত হতে পারেন যে কেউ।

কান তিন অংশে বিভক্ত—বহিরাংশ, মধ্যম অংশ ও অন্তরাংশ। একটা শব্দ বহিরাংশ দিয়ে প্রবেশ করে সুড়ঙ্গে। সুড়ঙ্গের শেষে মধ্যমাংশ রয়েছে ইয়ার-ড্রাম, সেখানে গিয়ে ধাক্কা মেরে তরঙ্গ সৃষ্টি করে। সেখান থেকে ভেতরের অঙ্গনে নানান কার্যকরণের পর খবর যায় মগজে। আমরা শুনতে পাই তখন।

যাঁরা কান খোঁচাখুঁচি করেন, তাঁদের কানের ড্রাম ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কা থাকে। ক্রমেই ভার্টিগোর অবস্থা হতে পারে (ভুল হলে ডাক্তার সাহেবদের কাছে অগ্রিম ক্ষমাপ্রার্থী)।

তো এই কান সামাজিক দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কান থেকে কানকথা, কানাকানি, কানকাটা, কানমলা, কানে ধরা, কানের পোকা খসানো ইত্যাদি। কান সম্পর্কে এ দেশে নির্লজ্জ মানুষের জন্য খুবই সুন্দর একটি প্রবচন রয়েছে। সবাই জানেন নিশ্চয়, ‘এক কান কাটা যায় রাস্তার এক পাশ দিয়ে। আর দুই কান কাটা হাঁটে রাস্তার মাঝ বরাবর।’ তবে জাতীয় জীবনে এখন গুরুত্ব পেয়েছে একটি শব্দ, কানধরা। গোটা জাতির কান আজ লজ্জায় লাল। তারা কান ধরে ক্ষমা চাইছে একজন শিক্ষকের কাছে। কারণ কী?

কারণ এত দিন জানা ছিল শিক্ষক ছাত্রকে কান ধরাবেন, দীক্ষা দেবেন, জ্ঞানের আলো বিতরণ করবেন। আজ কিনা তাঁকেই ধরানো হলো কান! ধিক!

আচ্ছা, এই কানধরা সংস্কৃতির উৎপত্তি কোথায় জানেন কি? আমি যতদূর জেনেছি, এটা এসেছে প্রাচীন গ্রিক সাম্রাজ্য থেকে। সেই যুগে কেউ যদি কারও নামে বিচারকের কাছে নালিশ জানাত, তৎক্ষণাৎ তার কাছে পাঠানো হতো শমন। শমনে সেই ব্যক্তি উপস্থিত না হলে নির্দেশ দেওয়া হতো, ‘কান ধরে টেনে নিয়ে এসো।’ তারপর বিচারে শাস্তি হলে অভিযোগকারীকে দিয়ে অপরাধীর কান মলে দেওয়া হতো।

তো এই শাস্তি ছড়িয়েছে গোটা পৃথিবীতেই। কেন জানি না প্রধানত শিক্ষকেরাই এর এস্তেমাল করেন ছাত্রদের ওপর। এটাই রেওয়াজ, অন্তত এ দেশে।

আমাদের মোখলেস স্যারও এর ব্যতিক্রম ছিলেন না। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ড্রইং টিচার মোখলেস মিঞা। অত্যন্ত প্রাণোচ্ছল একজন শিক্ষক। হাসি ছাড়া তাঁকে কেউ কখনো দেখেছে কি না সন্দেহ। তিনি ‘কাব’ টিচারও ছিলেন আমাদের। কখনো হঠাৎ আমরা দুষ্টুমি করলে তিনি পড়ানো থামিয়ে বলতেন, ‘রেডি ফর শাস্তি।’ অর্থাৎ শাস্তি পেতে হবে গোটা ক্লাসকে। আমরা সবাই খাতা-পেনসিল সরিয়ে হাত দুটো রাখতাম টেবিলের ওপর।

স্যার বলতেন, ‘ওয়ান।’

আমরা দলবদ্ধভাবে বলতাম, ‘লজ্জা পেয়েছি।’ সঙ্গে সঙ্গে ধরতে হতো দুকানও। আবার স্যার বলতেন, ‘টু।’

আমরা দিতাম চিৎকার‍, ‘ক্ষমা চাই’। হাত দুটো নেমে আসত টেবিলে। আমাদের অপরাধের মাত্রা হিসাব করেই স্যার নির্ধারণ করতেন এ প্রক্রিয়া চলবে কতক্ষণ।

ওই শিক্ষককে হেনস্তাকারী এমপি মহোদয়কে আজ গোটা জাতি দলবদ্ধভাবে বলছে, ‘ও-য়া-ন।’

সাড়া দেবেন কি তিনি?

মনে হয়, না। কারণ সরকার বলছে, তারা আর কান খোঁচাবে না। ভার্টিগোর আশঙ্কায়!

আবুল হায়াত: নাট্যব্যক্তিত্ব।