কান্নাই কাল হলো শিশু হাফিজুলের!
শিশুটির অপরাধ ছিল সে কাঁদছিল। তাই তাকে আছড়ে মেরে ফেলা হয়। হতভাগ্য এই শিশুর নাম হাফিজুল। সিলেটের রাজন, খুলনার রাকিব, বরগুনার রবিউল, হবিগঞ্জের ইসমাইল, চাঁদপুরের মো. রিয়াদের নামের পাশে যুক্ত হলো হাফিজুলের নামও। আজ শনিবার প্রথম আলোসহ দেশের প্রায় সব কটি জাতীয় দৈনিকে হাফিজুলের নির্মম হত্যাকাণ্ডের খবরটি ছাপা হয়।
দৈনিকগুলোর খবর অনুযায়ী, হাফিজুলের বাবা রিপন শেখ পেশায় একজন রিকশাচালক। তিনি বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাবুল মৃধার বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে। পয়লা বৈশাখের দিনে গত বৃহস্পতিবার বিকেলে হাফিজুলকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে তার মা লাভলী বেগম বাইরে যান। কিছুক্ষণ পর ঘুম থেকে জেগে উঠে কাঁদতে শুরু করে শিশু হাফিজুল। কান্নার শব্দে ঘুমাতে না পারায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বাড়িওয়ালার স্ত্রী নূপুর বেগম। তিনি রিপনের ঘরে ঢুকে হাফিজুলকে খাটের ওপর জোরে আছাড় মারেন। এতে তার বুকে ও মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। তাকে দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হাফিজুল।
হাফিজুলের বয়স ছিল মাত্র তিন বছর চার মাস। এই বয়সেই পৃথিবীর নির্মমতার শিকারে পরিণত হয়ে প্রাণটি দিতে হলো তাকে। কেন কাঁদতে গেলি বাপ! একটু চুপ করে থাকতে পারলি না? তাহলে তো প্রাণটা হারাতে হতো না তোকে।
শুধু কান্নাকাটি করার জন্য একটি শিশুকে হত্যা করা হয়েছে, ভাবতেই যেন কেমন লাগে। ইদানীং বলা হচ্ছে, দেশে শিশুহত্যা বাড়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সামাজিক অস্থিরতা। কিন্তু নূপুর বেগম কোন অস্থিরতায় ভুগছিলেন? একটি শিশুর কান্না কি এতটাই অসহ্যকর? তিনি নিজেই তো তিন সন্তানের মা। শিশুদের কান্না শুনে তো তিনি অভ্যস্ত। তাহলে কেন তিনি এই হত্যাকাণ্ড ঘটালেন?
আমরা দেখতে পাচ্ছি, শিশুহত্যার জন্য জোরালো কোনো কারণের দরকার হয় না। গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বনশ্রীতে নিজ বাসায় খুন হয় দুই শিশু। সন্তানদের পড়ালেখা ঠিকমতো হচ্ছে না, এ অজুহাতে মা মাহফুজা মালেক নিজ হাতে তাঁর দুই সন্তান নুসরাত ও আলভিকে হত্যা করেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন। সিলেটের রাজনকে খুন করা হয়েছে চুরির অভিযোগ এনে। ভাবিকে গালি দেওয়ার অপরাধে হবিগঞ্জের পাঁচ বছরের শিশু ইসমাইলকে হত্যা করা হয়েছে। মোটর গ্যারেজে শ্রমিকের কাজ ছেড়ে দেওয়ার অপরাধে খুলনায় শিশু রাকিবকে হত্যা করা হয়।
গত বছরের ৮ নভেম্বর শিশু রাজন ও রাকিব হত্যার মামলার রায় ঘোষণা করা হয়। এই দুই মামলায় মোট ছয়জনকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়। শিশু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে দেখেও মানুষের মধ্যে যে খুব একটা হেলদোল নেই, তা বোঝা যায় এ বছরের প্রথম তিন মাসে ৭৫টি শিশু খুন হতে দেখে। ২৬৭টি বেসরকারি সংগঠনের জোট বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে মোট ৭৫টি শিশু বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছে। বছর শেষে এই সংখ্যা কত হবে কে জানে? দু-একটি শাস্তির ঘটনায় মানুষ যে ভয় পাচ্ছে না, তা তো বোঝাই যাচ্ছে।
রাজন ও রাকিবের মতো প্রতিটি শিশুহত্যার ঘটনায় যদি এভাবে হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়া যেত, তাহলে হয়তো শিশুহত্যা অনেক কমে যেত। ১৩ এপ্রিল প্রথম আলোর প্রধান শিরোনাম ছিল ‘ঢাকায় ৪৪ শিশু খুনের বিচার আটকে আছে’। সরকারের প্রতি অনুরোধ, অবিলম্বে এসব শিশুখুনের বিচার ত্বরান্বিত করতে উদ্যোগ নেওয়া হোক। তা না হলে শিশুহত্যা থামানো যাবে না কোনোভাবেই।
রোকেয়া রহমান: সাংবাদিক
আরও পড়ুন: