কাপাসিয়া জাতীয় নির্বাচনের মডেল হতে পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিসম্প্রতি গাজীপুর জেলার কাপাসিয়ায় জাতীয় সংসদের একটি আসনে উপনির্বাচন হয়ে গেল। বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি, যিনি আমাদের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের তনয়া। কিছুটা প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন একই দলের বৈরী প্রার্থী বিজয়ীর পিতৃব্য আফসার উদ্দিন আহমেদ। কমিউনিস্ট পার্টির প্রার্থী নগণ্য সংখ্যক ভোট পেয়েছেন। এ নির্বাচন ছিল নিরুত্তাপ এবং বস্তুত প্রতিদ্বন্দ্বিতাবিহীন। আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টি ব্যতীত আর কোনো দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করেনি। এর ফলাফল ঘোষণার পরই দায়িত্বশীল মহলের একজন মন্তব্য করলেন, পরবর্তী নির্বাচনগুলোতে এ নির্বাচনের অভিজ্ঞতা কাজে আসবে। যেকোনো ঘটনা-দুর্ঘটনা থেকেই আমরা অভিজ্ঞতা লাভ করি। আর সেটাকে ব্যবহার করা যায় ভালো কিংবা মন্দ কাজে। এ নির্বাচন থেকে একটি অভিজ্ঞতা পাওয়া গেল—প্রতিদ্বন্দ্বিতা না কারণ ভোট প্রদানের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। গত জাতীয় সংসদ নির্বাচন বিবেচনায় অর্ধেকের কম ভোট পড়েছে। ভোট প্রদানের হার শতকরা ৪৩ ভাগ। সাংবাদিকদের সতর্ক পর্যবেক্ষণে তা শতকরা ৩০ ভাগের অধিক হবে না বলে কোনো কোনো সংবাদপত্রে দেখা গেল। যা-ই হোক, শতকরা কত ভাগ ভোটার ভোট দিলে নির্বাচন সিদ্ধ হবে, তা আমাদের সংবিধান বা জনপ্রতিনিধিত্ব আদেশে নির্ধারিত নেই। তাই যদি তিন লাখ ভোটার অধ্যুষিত একটি নির্বাচনী এলাকায় দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে একজন দুই হাজার আর অপরজন ৩০০ ভোট পান, তা হলে অধিক ভোট লাভকারী ব্যক্তি নির্বাচিত বলে ঘোষিত হবেন। নির্বাচনের আইনি বৈধতাও থাকবে। অধিক ভোট(!) লাভ করা ব্যক্তি নির্বাচিত সাংসদ হিসেবে সংসদে বসে আইন প্রণয়ন কার্যক্রমে অংশ নেবেন, নিজ নির্বাচনী এলাকার শাসনব্যবস্থাকে প্রভাবিত করবেন এবং নেবেন বিভিন্ন প্রাপ্য-অপ্রাপ্য সুযোগ-সুবিধা। কিন্তু তাঁর রাজনৈতিক ভিত্তি হবে খুবই দুর্বল। তবে আমরা প্রায়ই ভুলে যাই যে নির্বাচন একটি রাজনৈতিক প্রক্রিয়া, শুধু আইনি নয়। রাজনৈতিক প্রক্রিয়া জোরদার হয় জনগণের ব্যাপক অংশগ্রহণে। আর তা ভঙ্গুর হয় তাদের অংশগ্রহণ কমে গেলে। এর অনেক প্রমাণ আমরা স্বাধীন বাংলাদেশে ইতিমধ্যে দেখেছি। জনগণের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত চারটি সংসদ নির্বাচনের (১৯৯১, ১৯৯৬-এর জুন, ২০০১ এবং ২০০৮) তিনটিতে সংসদ ও সরকার তাদের মেয়াদ পুরো করেছে আর চতুর্থটি সে পথেই চলছে। অপরদিকে যেখানে জনগণের অংশগ্রহণ কম ছিল এবং দুটোতে প্রায় ছিলই না, সে সংসদগুলো স্বল্পায়ু হয়েছে। এটা হওয়ারই কথা। অন্যথা হওয়ার সুযোগ নেই। কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের বড় ধরনের সংশ্লিষ্টতা না থাকলে তা টিকে থাকতে পারে না। আর এটা বলাও অত্যুক্তি হবে না যে রাজনৈতিক প্রক্রিয়ায় জনগণের চাহিদানুযায়ী আইন হয়। অর্থাৎ আইন সব ক্ষেত্রেই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে না, বরং রাজনীতিই আইনের নিয়ন্ত্রক।আমাদের মুক্তিযুদ্ধের সূচনায় পাকিস্তানের প্রচলিত আইনি কাঠামোকে অস্বীকার করেই স্বাধীনতা ঘোষিত হয়েছে, রচিত হয়েছে স্বাধীনতার ঘোষণা। আর সে ঘোষণাই পরবর্তী সময়ে অনেক আইনসহ সংবিধান প্রণয়নের ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হয়েছে। সে ঘোষণার পেছনে ছিল রাজনীতি আর তাতে ছিল দেশের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত সমর্থন। স্বাধীন বাংলাদেশেও আমরা দেখেছি, ১৯৯০-এর শেষ দিকে প্রায় সব বিরোধী রাজনৈতিক দল তিনটি জোটভুক্ত হয়ে একটি রূপরেখা নিয়ে আন্দোলন করে তদানীন্তন রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করে। সংবিধানের এ রকম কোনো বিধান না থাকা সত্ত্বেও জোটগুলোরই সম্মিলিত প্রস্তাবে দেশের প্রধান বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বভার নেন। গঠন করেন একটি নির্দলীয় সরকার। আয়োজন করেন জনগণের ব্যাপক অংশগ্রহণে একটি নির্বাচন। সে নির্বাচিত সংসদ সংবিধানের একাদশ সংশোধনী এনে অস্থায়ী রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ ও দায়িত্ব পালনকে বৈধতা দিয়ে আবারও তাঁর প্রধান বিচারপতি পদে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়। এখানেও দেখছি জনগণের স্বার্থে, তাদের ইচ্ছার প্রতিফলনে সাময়িকভাবে সংবিধানের ব্যত্যয় ঘটিয়ে পরে তার বৈধতা দেওয়া হয়েছে।এসবের আলোকেই আবার আসছে কাপাসিয়া আসনের উপনির্বাচনের প্রসঙ্গ। এতে এ শিক্ষাই পাওয়া গেল যে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে জনগণের অংশগ্রহণ কমে যায়। বর্তমান জাতীয় রাজনীতি যে পথে অগ্রসর হচ্ছে, তার গতিকে টেনে না ধরলে দশম জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণের সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে। চলমান রাজনীতির গতিকে টেনে ধরে পরস্পরবিরোধী মনোভাবাপন্ন দলগুলোকে একটি মতৈক্যের ভিত্তিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আবশ্যকতা অস্বীকার করার সুযোগ নেই। কেউ শুধু সংবিধান ও আইনের দোহাই আর অপর কেউ পরিবর্তিত পরিস্থিতিতে ভিন্ন কোনো যুক্তিতে না গিয়ে নিজেদের জেদে অটল থাকার যে মনোভাব আমরা আমাদের জাতীয় রাজনীতিতে দেখতে পাচ্ছি, তা রাজনীতি শুধু নয়, জনগণ ও দেশের জন্য অশনিসংকেত। কাপাসিয়া উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ আর কমিউনিস্ট পার্টি ব্যতীত অন্য কোনো দল অংশ নেয়নি। প্রধান বিরোধী দল ভোট বর্জনের মামুলি একটি আহ্বান জানিয়েই এখানে থেমেছে। কিন্তু জাতীয় নির্বাচনকালে হয়তো বা এভাবে থামবে না। তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে নির্বাচন অনুষ্ঠানকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। যেমনটা হয়েছিল ১৯৮৮ এবং ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে। এ ধরনের অবস্থায় নির্বাচন হলে নিরাপত্তাজনিত কারণে ভোটারের উপস্থিতি আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। হয়তো বা অতীতের রেওয়াজ অনুসরণে কাগজে সংখ্যাটি মানানসই গোছের করে ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু এতে করে কি নির্বাচনটি সফল হবে? স্থিতিশীল হবে সে নির্বাচনে গঠিত সংসদ ও সরকার? এ দেশের নিকট অতীতের অভিজ্ঞতা তো তা বলে না। এখনো জাতীয় নির্বাচনের জন্য হাতে রয়েছে এক বছরের কিছু বেশি সময়। প্রথমে নেপথ্যে ও পরে প্রকাশ্যে ক্রমাগত সংলাপে কি একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারে না বিবদমান দলগুলো? হয়তো বা পারে, এ আশা মাঝেমধ্যে জাগে। আবার আশঙ্কা জাগে এ ধরনের আপসের প্রচেষ্টা সম্পর্কে, যখন দেখি তাঁরা একে অপরকে প্রতিদ্বন্দ্বী না ভেবে শত্রু হিসেবে নেন। প্রতিদ্বন্দ্বীদের জাতীয় শত্রু বলে জনগণের মধ্যে প্রচারণা চালান। কিন্তু জাতীয় সংসদে চমৎকার মতৈক্য বিরাজ করে বিনা শুল্কে গাড়ি আনাসহ নিজেদের বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের বিষয়ে। তাঁদের মধ্যে কোনো দ্বিমত নেই রাষ্ট্রপতিকে ক্ষমতাহীন রাখার সাংবিধানিক ব্যবস্থা বহাল রাখতে। তেমনি দ্বিমত নেই স্থানীয় সরকারগুলোকে বস্তুত অকার্যকর রেখে প্রতিটি নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের সব বিষয়ে আধিপত্য বিরাজের সুযোগ রাখতে। প্রশাসনে দলীয়করণে পরস্পরবিরোধী মন্তব্য দিলেও একই কাজ করেন নিবিষ্ট চিত্তে। দেশের আর্থিক সন্ত্রাসীরাও অনেক ক্ষেত্রেই উভয় পক্ষের কাছে সমানভাবে প্রশ্রয় পায়। কিন্তু দুর্ভাগ্য যে তাঁরা একমত হন না জাতীয় স্বার্থের কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতেই। কাপাসিয়া উপনির্বাচনে যিনি বিজয়ী হয়েছেন, তিনি তাজউদ্দীন তনয়া। কোনো বিশেষণ ছাড়াই বলা চলে তাজউদ্দীন বাঙালির মনের মণিকোঠায় স্থায়ী আসন নিয়ে আছেন। কিন্তু আমরা তাঁর প্রতিও সুবিচার করিনি। ১৯৭৪ সালে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হয়, আমাদের জ্ঞাত কোনো কারণ ছাড়াই। তবুও আদর্শ ও নেতৃত্বের প্রতি অবিচল আস্থা থেকে বিচ্যুত হননি। তাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কয়েক দিন পরই আরও তিন জাতীয় নেতার সঙ্গে সুরক্ষিত কারাগারের অভ্যন্তরে প্রাণ দিয়েছেন ঘাতকের বুলেটে। তাঁর ভাই আফসার উদ্দিন আহমেদও (এবারের নির্বাচনে দলের বৈরী প্রার্থী) ছোটখাটো কারণেই ১৯৯৬-২০০১ মেয়াদের মন্ত্রিসভা থেকে পদত্যাগে বাধ্য হন। নিজের বক্তব্য অনুযায়ী মর্যাদা রক্ষার খাতিরে কয়েক মাস আগে মন্ত্রিসভা ও সংসদ থেকে পদত্যাগ করেন তাজউদ্দীন তনয় সোহেল তাজ। তাঁর পদত্যাগেই কাপাসিয়া আসনটি শূন্য হয়। আশা করব, এ রকম দুর্ভাগ্য ঘটবে না সিমিন হোসেন রিমির ক্ষেত্রে। তাঁর জন্য শুভকামনা রইল। আবার মূল বিষয় কাপাসিয়া উপনির্বাচনের অভিজ্ঞতা। কাপাসিয়ার মতো প্রতিদ্বন্দ্বিতাহীন- প্রাণহীন একটি জাতীয় নির্বাচন যেন আমরা কামনা না করি। বরং এখানে কম ভোটারের উপস্থিতি ও নিষপ্রাণ পরিবেশকে আমরা যেন ওয়েক আপ কল বলে ধরে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সফল ও অর্থবহ করার সব প্রচেষ্টা চালাই। এটাই এ নির্বাচনের প্রকৃত শিক্ষা বলে অনেকেরই ধারণা। আমরা যেমন চাই না হরতাল-অবরোধের মতো আত্মবিনাশী কর্মসূচি, তেমনি চাই না কবরের শান্তি। আমাদের চাওয়া কোলাহলপূর্ণ প্রতিশ্রুতিশীল একটি সমাজব্যবস্থা, যার অন্যতম হাতিয়ার সবার অংশগ্রহণে উৎসবমুখর জাতীয় নির্বাচন।আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।