আফগানিস্তানে মার্কিন সৈন্য পাঠানোর আগে ওয়াশিংটন যদি একবার মিখাইল গর্বাচেভের সঙ্গে পরামর্শ করে নিত, তাহলে আখেরে তাদের এমন পস্তাতে হতো না। সোভিয়েতরা আফগানিস্তানে এক দশক কাটানোর পর ‘সব চেষ্টাই পণ্ডশ্রম’—এ সিদ্ধান্তে পৌঁছায় ১৯৮৭-৮৮ সালের দিকে। কমিউনিস্ট পার্টির নেতাদের আপত্তি সত্ত্বেও গর্বাচেভ যত দ্রুত সম্ভব সে দেশ থেকে পাততাড়ি গুটিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসার পরামর্শ দিয়েছিলেন। তাঁকে সমর্থন দিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড শেভারনাদজে। সম্প্রতি মস্কোর গর্বাচেভ ইনস্টিটিউট থেকে সোভিয়েত আমলের বিস্তর গোপন নথিপত্র প্রকাশিত হয়েছে। এই নথি অনুসারে, তাঁদের উভয়ের বক্তব্য ছিল, আফগানিস্তানের বাস্তব অবস্থা সম্যক না বুঝে, তার গোত্রীয় সংস্কৃতি বা ট্রাইবাল কালচার না জেনে সেখানে সামরিক বাহিনী পাঠানো ভুল হয়েছিল। ১৯৭৯ থেকে ১৯৮৯ সাল—এই ১০ বছর কাটানোর পর আফগানিস্তান ছেড়ে চলে আসে সোভিয়েত ইউনিয়ন।
৯০ বছর বয়স্ক গর্বাচেভ গত সপ্তাহে মস্কো থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছেন, ৩০ বছর আগে যে ভুল সোভিয়েত ইউনিয়ন করেছিল, ঠিক সেই ভুলের কারণেই ২০ বছর কাটানোর পর আমেরিকাকে লাঞ্ছিত হয়ে আফগানিস্তান ছাড়তে হচ্ছে। এ প্রকল্প গোড়া থেকেই ভুল ছিল। ‘অন্য অনেক অনুরূপ প্রকল্পের মতো এখানেও (তালেবানের হাত থেকে) বিপদ বাড়িয়ে দেখানো হয়েছিল, ভূরাজনৈতিক বিষয়গুলোর ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছিল। তা ছাড়া বহু গোত্রে বিভক্ত আফগানিস্তানকে গণতান্ত্রিক বানানো যাবে—এমন অবাস্তব লক্ষ্য ধরা হয়েছিল।’
২০১০ সালে নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক নিবন্ধে গর্বাচেভ আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন যে শিক্ষা পেয়েছে, তার বিবরণ দিয়ে লিখেছিলেন, ‘আমরা সৎ উদ্দেশ্যেই সেখানে গিয়েছিলাম। আমরা চেয়েছিলাম বন্ধুপ্রতিম এ দেশ যেন স্থিতিশীল হয়। কিন্তু আফগান সমাজের জটিলতা—ন্যূনতম প্রশাসনিক নিয়ন্ত্রণে অনভ্যস্ত দেশটির বিভিন্ন জাতির মধ্যে সম্পর্ক, তার গোষ্ঠী ও গোত্রের আন্তসম্পর্ক—বুঝতে না পারা ছিল আমাদের সবচেয়ে বড় ভুল।’
কার্যত, একই সিদ্ধান্তে পৌঁছেছে আফগানিস্তান প্রশ্নে মার্কিন ইন্সপেক্টর জেনারেল তাঁর সর্বশেষ প্রতিবেদনে। মার্কিন কংগ্রেস কর্তৃক প্রতিষ্ঠিত এ বিশেষ দপ্তর কর্তৃক প্রকাশিত প্রতিবেদনের এটি ১১তম সংস্করণ। মাত্র গত সপ্তাহে, কাবুলের পতনের পর, প্রকাশিত এ প্রতিবেদনে মোট সাতটি শিক্ষণীয় বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। এর মোদ্দাকথা হলো আমেরিকা আসলে কী চায়, তার লক্ষ্য কী, সেটাই সে ঠিক করে উঠতে পারেনি। সন্ত্রাসবাদ নির্মূল, দেশটির পুনর্গঠন, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতা, একেকবার একেক রকম লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। গত ২০ বছরে এ লক্ষ্য অর্জনে যেসব প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, দীর্ঘমেয়াদি অর্থে তাদের টিকিয়ে রাখা অসম্ভব ছিল। সারা দেশে, বিশেষত গ্রামাঞ্চলে, কোথায় কী হচ্ছে, তার ওপর পর্যাপ্ত নজরদারি করা হয়নি। সবচেয়ে বড় কথা, মার্কিন সরকার আফগান বাস্তবতা সঠিক বুঝতে পারেনি, ফলে তাদের অর্থ ও শ্রম ব্যয় ফলপ্রসূ হয়নি।
গর্বাচেভের কথার প্রতিধ্বনি করে ইন্সপেক্টর জেনারেল লিখেছেন, ‘আফগানিস্তানকে কার্যকরভাবে পুনর্গঠিত করার জন্য প্রয়োজন ছিল দেশটির সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতা পুঙ্খানুপুঙ্খ অনুধাবন। কিন্তু মার্কিন কর্তৃপক্ষের প্রয়োজনীয় তথ্য-উপাত্তের অভাবে সেখানে কার্যত অন্ধকারে দায়িত্ব পালন করে। অগোছালো ও পরিকল্পনাবিহীন উপায়ে দেশটির অর্থনৈতিক ব্যবস্থাপনায় পশ্চিমা আমলাতান্ত্রিক মডেল চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আফগান সৈন্যদের এমন সব অস্ত্রে প্রশিক্ষণ দেওয়া হয়, যার ব্যবহার তাদের সাধ্যের বাইরে ছিল। যে দেশটিতে আইনশৃঙ্খলা ও বিবাদ নিরসনে ৯০ শতাংশ ক্ষেত্রে অনানুষ্ঠানিক পথ অনুসরণ করা হয়, সেখানে (পশ্চিমা ধাঁচে) আইন প্রশাসন প্রতিষ্ঠার চেষ্টা বাতুলতা মাত্র। মেয়েদের ক্ষমতায়নের ক্ষেত্রে যে সাংস্কৃতিক ও সামাজিক বাধা রয়েছে, তাও আমরা বুঝে উঠিনি। দুর্নীতি ছিল ব্যাপক। অনভিজ্ঞ মার্কিন কর্তৃপক্ষ এমন সব মধ্যস্বত্বভোগীর মাধ্যমে দায়িত্ব পালনের চেষ্টা করে, যারা দেশের মানুষের পাশে না দাঁড়িয়ে নিজেদের পকেট ভরেছে।’
যে কথা খোলামেলাভাবে এখানে বলা হয়নি, তা হলো আমেরিকার ব্যর্থতার আসল কারণ, আফগানিস্তানের মানুষ, তা তারা যত ‘আদিম ও গোত্রভিত্তিক’ হোক না কেন, কখনোই বিদেশি আধিপত্য মেনে নেয়নি। পর্যায়ক্রমে যে তথাকথিত গণতান্ত্রিক সরকার আমেরিকা সেখানে গঠন করে, সাধারণ আফগানদের কাছে তার কোনোটাই বৈধতা পায়নি। হামিদ কারজাই থেকে আশরাফ গনি পর্যন্ত প্রত্যেক আফগান রাষ্ট্রপ্রধানের বেলায় এ কথা প্রযোজ্য। বিদেশে শিক্ষাপ্রাপ্ত ও দীর্ঘদিন বিদেশে অবস্থানের পর মার্কিন ছাতা মাথায় দিয়ে তাঁরা ‘গণতান্ত্রিক’ভাবে দেশ শাসনের দায়িত্ব পান, কিন্তু দেশের মানুষের নাড়ির খোঁজ তাঁদের অজ্ঞাত ছিল।
আফগান বিপর্যয়ের কারণ হিসেবে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সে দেশের সৈন্যদের লড়াই করার কোনো ইচ্ছাই ছিল না। কথাটা ঠিক। যে সরকার তাদের চোখে বৈধ নয়, আফগানরা কেন তার জন্য লড়াই করবে? খ্যাতনামা মার্কিন ঐতিহাসিক অ্যান্ড্রু বিসেভিচ দ্য নেশন পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, আফগান সৈন্যরা, যাদের পেছনে এন্তার অর্থ ঢালা হচ্ছিল, তারা কখনোই বিশ্বাস করেনি যে মার্কিন মদদপুষ্ট এই সরকারের জন্য লড়াই করা বা তার জন্য জান দেওয়ার কোনো মানে হয়। বিসেভিচ মনে করেন, যে লক্ষ্যে আমেরিকা আফগানিস্তানে আসে—গণতন্ত্র, বহুপাক্ষিকতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা—সেটাই ভুল ছিল। নব্বই দশকের গোড়ার দিকে সোভিয়েত ইউনিয়নের পতন ও শীতল যুদ্ধে পশ্চিমের বিজয়ের ফলে মার্কিনদের মনে এ ধারণা জন্মে যে তাদের অর্থনৈতিক ও সামরিক ক্ষমতার জোরে তারা যেকোনো স্থানে—তা যত নিকটে বা দূরে হোক না কেন—নিজেদের পছন্দমতো শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সক্ষম। এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্য, অধ্যাপক বিসেভিচের কথায় ‘হিউব্রিস’।
মুখে সরাসরি না বলা হলেও আফগানিস্তানে আমেরিকার অন্যতম লক্ষ্য ছিল এক নতুন রাষ্ট্রব্যবস্থা গঠন, অন্য কথায় ‘নেশন বিল্ডিং’। সোভিয়েত ইউনিয়নও ঠিক সেই রকম পরিকল্পনা নিয়ে আফগানিস্তানে এসেছিল। মস্কোর মতো ওয়াশিংটনও এখন বহু মূল্য দিয়ে বুঝতে পেরেছে, কেউ চাইলেই ওপর থেকে তার পছন্দমতো শাসনব্যবস্থা আরোপ করতে পারে না, সে উদ্দেশ্য যত সাধু অথবা প্রশংসনীয় হোক না কেন। আফগানিস্তান-বিষয়ক ইন্সপেক্টর জেনারেলের সর্বশেষ প্রতিবেদনেও সে কথাটি উঠে এসেছে।
জর্জ বুশের নিরাপত্তাবিষয়ক সাবেক উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, শুরুতে ঠিক হয়েছিল আফগানিস্তানে নতুন রাষ্ট্রব্যবস্থা গঠন (নেশন বিল্ডিং) আমেরিকার লক্ষ্য হবে না, কিন্তু আল-কায়েদাকে ঠেকাতে এ ছাড়া অন্য পথ ছিল না। কিন্তু নেশন বিল্ডিং বলতে কী বোঝায়, আফগান বাস্তবতায় কীভাবে তা অর্জন সম্ভব, এ বিষয়ে কারও কোনো স্পষ্ট ধারণা ছিল না। যখন যে প্রশাসন ক্ষমতায় এসেছে, তারা নিজের ইচ্ছেমতো লক্ষ্য ও কৌশল পরিবর্তন করেছে। ২০১০ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান ফিরে এসে প্রেসিডেন্ট ওবামাকে বলেছিলেন, ‘আফগানিস্তানে আমরা কী করছি, এ কথা যদি দশজনকে জিজ্ঞাসা করো, তাহলে দশ রকম জবাব পাবে।’ তাঁর সে কথার প্রতিধ্বনি করে ওবামার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ডগলাস লিউট মন্তব্য করেছিলেন, ‘পুরো ব্যাপারই পাগলামি। এখানে আমরা কী করছি, সে সম্বন্ধে আমাদের বিন্দু-বিসর্গ ধারণা নেই।’ প্রতিবেদনটি অনুসারে, ২০০৫ সাল নাগাদ মার্কিন সরকার আফগানিস্তানে নতুন রাষ্ট্রব্যবস্থা নির্মাণে সে দেশের মোট জাতীয় উৎপাদনের (জিডিপির) ৪৫ শতাংশ খরচ করছিল।
মুখে ‘নেশন বিল্ডিং’-এর বিরোধিতা করলেও দ্বিতীয় মহাযুদ্ধের পর যুক্তরাষ্ট্র সারা বিশ্বের বিভিন্ন দেশে ঠিক সে লক্ষ্যেই সামরিকভাবে হস্তক্ষেপ করেছে, অথবা পেছন থেকে কলকাঠি নেড়ে তাদের পছন্দ নয়, এমন সরকারের পতন ঘটিয়েছে। হার্ভার্ডের অধ্যাপক ফ্রান্সিস ফুকুইয়ামা ‘আটলান্টিক’ মাসিকে এক নিবন্ধে হিসাব করে দেখিয়েছেন, শীতল যুদ্ধের অবসান ও ২০০৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্র এক বছর অন্তর কোথাও না কোথাও ‘নেশন বিল্ডিং’-এর কাজে হাত দিয়েছে। ‘ইতিহাসের সমাপ্তি’ তত্ত্বের জন্য বিখ্যাত এই পণ্ডিত সে লেখায় রাষ্ট্র গঠনের পক্ষে যুক্তি দেখিয়ে লিখেছিলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি হলো দুর্বল ও ব্যর্থ রাষ্ট্রসমূহ। এসব রাষ্ট্রকে কীভাবে ঠিক করতে হয়—ফুকুইয়ামার কথায় ‘ফিক্স’ করতে হয়—আসন্ন সময়ের জন্য সেটাই হবে আমেরিকার প্রধান চ্যালেঞ্জ। ফুকুইয়ামার এ যুক্তিকে অখণ্ডনীয় বলে মেনে নিয়েছিলেন জর্জ বুশ।
যুক্তরাষ্ট্র প্রথমে আফগানিস্তান ও পরে ইরাকে হামলা চালায় ও তাদের ওপর দখল গ্রহণ করে শুধু সন্ত্রাসবাদ দমন করতে নয়, দেশ দুটিকে তার নিজের আদলে গড়ে তুলতে। জর্জ বুশ দাবি করেছিলেন, এই দুই দেশ আক্রমণ করার নির্দেশ তিনি সরাসরি ঈশ্বরের কাছ থেকে পেয়েছিলেন। প্রথমে দেশ গঠনের বিরোধিতা করলেও আফগানিস্তানে জেঁকে বসার পর তিনি মত পাল্টান। ২০০৩ সালে বুশ বলেছিলেন, ‘আমরা এখন সভ্য পৃথিবী ও আমেরিকার ইতিহাসের এক জটিল সন্ধিক্ষণের মুখোমুখি। এত দিন এই ইতিহাস অংশত লিখিত হয়েছে অন্যের হতে, কিন্তু এখন থেকে তা লিখব আমরা।’ নতুন এক ইরাক গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেছিলেন, ‘দেশটি পুনর্গঠনের জন্য বিস্তর সময় প্রয়োজন। সে জন্য যত দিন লাগে আমরা ইরাকে থাকব, কিন্তু তার চেয়ে এক দিনও বেশি নয়।’
আফগানিস্তানে ২০ বছর কাটানোর পর এখন নাকে খত দিয়ে আমেরিকা এই দেশ থেকে পালানোর পথ খুঁজছে। এই ২০ বছরে যুক্তরাষ্ট্রে চারজন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করেছেন, তাঁরা প্রত্যেকেই সেখানে ভুল কৌশল ও নীতি অনুসরণ করেছেন। আফগানিস্তানের চলতি বিশৃঙ্খলা ও সংকটের জন্য প্রেসিডেন্ট বাইডেনকে দায়ী করা হলেও তিনি আমেরিকার অনুসৃত নীতির ব্যর্থতা স্বীকার করে সততার পরিচয় দিয়েছেন। গত সোমবার হোয়াইট হাউস থেকে প্রদত্ত তাঁর ভাষণে তিনি স্বীকার করেন, দেশটিকে পদানত করা সম্ভব নয়। ব্রিটিশ ও সোভিয়েতরা সে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। ভিন্ন ফলাফলের আশায় তিনি আর কোনো আমেরিকানকে সে দেশে পাঠাবেন না।
বাইডেন এবং তাঁর পরবর্তী মার্কিন শাসকেরা যদি এই কষ্টার্জিত শিক্ষা মাথায় রাখেন, তাহলে শুধু আমেরিকা নয়, সারা বিশ্বই উপকৃত হবে।
হাসান ফেরদৌস প্রাবন্ধিক ও কলাম লেখক