আন্তর্জাতিক পর্যায়ে সংবাদের শিরোনামে এখনো অবস্থান করছে আফগানিস্তান। তবে জাপানের বেলায় এই ধারণা মনে হয় ঘটনার এক সপ্তাহ না যেতেই এখন আর সেভাবে প্রযোজ্য নয়। এর পেছনে অবশ্য একাধিক কারণ আছে। যেমন, প্রতিবন্ধীদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা এগিয়ে আসা অবস্থায় জাপানকে আবারও করোনাভাইরাস সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। এর বাইরে আছে প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা আলোচনা। ফলে সংগত কারণেই আফগানিস্তানকে এখন পেছনের সারিতে সরে যেতে হচ্ছে। তবে তা সত্ত্বেও আফগানিস্তানকেন্দ্রিক অনেকটা ভিন্নমুখী যে সংবাদ অনেককে বিস্মিত করছে, তা হলো কাবুলে জাপানি দূতাবাস এবং জাপানের আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সি জাইকার মতো সরকারি দপ্তরগুলোতে যাঁরা কাজ করেছেন, সেই আফগান কর্মীদের নিয়ে জাপানের দেখানো প্রতিক্রিয়া।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের উল্লেখ করে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, কাবুলে জাপানের সরকারি কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সেই রকম আফগান কর্মীর সংখ্যা দুই শর কিছু বেশি। পশ্চিমের মিত্র দেশগুলোর তুলনায় এই সংখ্যা একেবারেই নগণ্য বলা যায়। অন্যদিকে কাবুলের পতন হওয়ার আগপর্যন্ত জাপানি দূতাবাসে জাপানি কর্মীদের মোট সংখ্যা ছিল ১২ জন। জাইকার জাপানিরা পরিস্থিতির আগাম আঁচ করতে পেরে জুন মাসেই স্থানীয় কর্মীদের ওপর দায়িত্ব বুঝিয়ে দিয়ে ফিরে আসেন। ফলে তালেবানের কাবুলে এগিয়ে আসার পূর্বমুহূর্ত পর্যন্ত আফগানিস্তানে জাপানের সরকারি পর্যায়ের কর্মীর সংখ্যা ছিল দূতাবাসের সেই ১২ জন। কাবুলের পতনের পর পশ্চিমের দেশগুলো দ্রুত এদের নাগরিকদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার মুখে জাপানকে বিষয়টি নিয়ে ভাবতে হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করে মার্কিন সামরিক বিমানে দ্রুত এদের দুবাই নিয়ে যাওয়ার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হয়।
এদিকে যে দুই শতাধিক আফগান জাপানের দূতাবাস এবং জাইকার কার্যালয়ে কাজ করছিলেন, তাঁদের নিয়ে কী করা হবে, সেই সিদ্ধান্ত জাপান সরকার এখনো নেয়নি। এঁদের মধ্যে অনেকে দেশত্যাগে সাহায্য করার অনুরোধ জানালেও বিষয়টি মনে হয় এখনো ফাইল চাপা পড়ে আছে। তালেবান তালিকা দেখে বিদেশের, বিশেষ করে পশ্চিমা সামরিক বাহিনীকে সাহায্য করার কাজে যেসব আফগান জড়িত ছিলেন, বাড়িতে হানা দিয়ে তাঁদের তুলে নিয়ে যাওয়া ইতিমধ্যে শুরু করেছে। আমরা জানি, পশ্চিমা সামরিক বাহিনীর মিত্র হিসেবেই আফগানিস্তানে জাপান দুই দশক ধরে কাজ করে গেছে। ফলে সেই পরোক্ষ সম্পর্কের কারণে জাপানের দূতাবাসে কর্মরত আফগানদেরও যে ঝুঁকিতে পড়তে হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এই বাস্তবতা অনুধাবন করা সত্ত্বেও জাপান হয়তো ভাবছে এঁদের অন্যত্র সরিয়ে নেওয়ার সঙ্গে সম্পর্কিত পরিবহনসংক্রান্ত জটিলতা সহজে সমাধানযোগ্য নয়। ফলে সিদ্ধান্তের দোলাচলে ভুগছে জাপান।
এঁদের জাপানে আসার অনুমতি দেওয়া হবে কি না, সেই প্রসঙ্গটি জাপান দেশের অভিবাসনসংক্রান্ত জটিলতার কারণেই এড়িয়ে যেতে চাইছে বলেই হয়তো-বা পরিবহন সমস্যার বিষয়টি আলোচনায় আসছে। কেননা, শদুয়েক আফগান নাগরিক ও এঁদের পরিবারের সদস্যরা মানবিক দিক থেকে বৈধ হিসেবে বিবেচিত কারণে সহসা জাপানে এসে উপস্থিত হলে দেশে এঁদের রাজনৈতিক আশ্রয় দেওয়ার প্রসঙ্গটিও স্বাভাবিকভাবেই আলোচনায় চলে আসবে। সে রকম অবস্থায় রাজনৈতিক আশ্রয়ের জন্য করা কয়েক হাজার আবেদনপত্র বছরের পর বছর ধরে ঝুলে থাকা অবস্থায় বিষয়টির সঙ্গে নতুন মাত্রা জাপান হয়তো যুক্ত করতে চাইবে না। আর এ কারণেই মৃত্যুঝুঁকির এই মুখে পড়া ভিনদেশের হলেও নিজেদের কর্মীদের নিয়ে জাপানের এই সিদ্ধান্তহীনতা।
তবে অন্যদিকে আবার অভিবাসনসংক্রান্ত নতুন এক চমক জাপান দেখিয়েছে মিয়ানমারের দলত্যাগী এক ফুটবল গোলরক্ষকের করা শরণার্থী আবেদন দুই মাসের কম সময়ের ভেতর অনুমোদনের মধ্যে দিয়ে। মিয়ানমারের জাতীয় দলের সেই রিজার্ভ গোলরক্ষক এ বছর এপ্রিল মাসে খেলা চলাকালে বেঞ্চে বসে থাকা অবস্থায় সরকারবিরোধী প্রতীক চিহ্ন প্রকাশ্যে তুলে ধরার মধ্যে দিয়ে সংবাদ শিরোনামে আসেন এবং পরে দেশে ফিরে যেতে অস্বীকার করে জাপানে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। সেই আবেদন তিনি জমা দিয়েছিলেন জুন মাসের ২২ তারিখে এবং সেটা অনুমোদন করা হয় চলতি মাসের ২০ তারিখে।
চমক দেখানো দ্রুততা এটাকে এ কারণে বলতে হয় যে হাজার হাজার এ রকম আবেদনপত্র এখন পর্যন্ত জাপানের বিচার মন্ত্রণালয়ে জমা হয়ে আছে, কবে সেগুলো নিয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। এদের মধ্যে যেমন আছে তুরস্ক ও ইরানের কিছু কুর্দি পরিবার, তেমনি আছে আফ্রিকার সংঘাতময় কয়েকটি দেশের মানুষ। জীবন এদের বিপন্ন কি না, খুবই জটিল সেই সিদ্ধান্তে এখনো আসতে পারছেন না জাপানের নীতিনির্ধারকেরা। সরকারের স্বৈরাচারী অবস্থানের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করে তাঁরা হয়তো নজর কাড়তে পারেনি বা সে রকম কিছু করার সুযোগ এদের হয়নি। ফলে বছরের পর বছর ধরে চলছে এদের অপেক্ষার পালা। শেষ পর্যন্ত কাবুলের জাপানি কার্যালয়ের আফগান কর্মীদেরও একই ভাগ্য বরণ করতে হতে পারে।
ভিন্ন যে একটি প্রসঙ্গ একই সঙ্গে এখানে উল্লেখ করা দরকার তা হলো, জাপানের অভিবাসন নীতি বাস্তবায়নের বেলায় অত্যন্ত অমানবিক একটি দিক। শ্রীলঙ্কা থেকে উন্নত জীবনের সন্ধানে জাপানে আসা ৩৩ বছর বয়সী উইসমা সান্দামানি চলতি বছর মার্চ মাসে জাপানের অভিবাসন দপ্তরের একটি আটক রাখার কেন্দ্রে মারা যান। মৃত্যুর আগে অসুস্থ উইসমা তাঁর চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার জন্য কেন্দ্রের ব্যবস্থাপকদের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও তাঁর সেই আবেদনে কোনো রকম সাড়া তাঁরা দেননি, বরং এমনও অভিযোগ এখন করা হচ্ছে যে সেই আবদার তোলায় মহিলার প্রতি দুর্ব্যবহারও তাঁরা করেছেন।
উইসমার মৃত্যুর পর তাঁর দুই বোন জাপানের কিছু মানবাধিকারকর্মীর সহায়তায় আইনি সাহায্য নিতে শুরু করলে পক্ষের আইনজীবীরা বন্দী অবস্থায় কাটানো উইসমার শেষ তিন মাসের যেসব প্রামাণ্য দলিল তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন, সেগুলোর মধ্যে সেই সময়ে ধারণ করে রাখা প্রায় ৯০ ঘণ্টার ভিডিও ফুটেজ অন্তর্ভুক্ত ছিল।
বিচার মন্ত্রণালয় অনেক টালবাহানার শেষে কাটছাঁট করে নেওয়া যেসব দলিল আইনজীবীদের হাতে তুলে দেয়, সেখানে ৯০ ঘণ্টার জায়গায় ২ ঘণ্টার ভিডিও ফুটেজ অন্তর্ভুক্ত ছিল। সেন্সর করা সেসব দলিল ও ভিডিও পরীক্ষা করে দেখার পর কোনো অমানবিক পরিস্থিতিতে উইসমাকে জীবনের শেষ কয়েকটি দিন কাটাতে হয়েছে, তা অনুধাবন করতে পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন তাঁর বোনেরা। তাঁরা এখন বলছেন, প্রকৃত অবস্থা নিশ্চিতভাবেই ছিল এর চেয়ে অনেক বেশি ভয়াবহ।
ফলে আইনজীবীরা এখন চাইছেন ৯০ ঘণ্টার সম্পূর্ণ ভিডিও যেন তাঁদের হাতে তুলে দেওয়া হয়। জাপানের অভিবাসন দপ্তর উল্টোভাবে বলছে, এর প্রয়োজন এ কারণে নেই যে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে। সেই সব ব্যবস্থার মধ্যে আছে আটক রাখার জায়গাগুলোতে সার্বক্ষণিক সময়ের জন্য চিকিৎসক নিয়োগ রাখা এবং উইসমার মৃত্যু যেখানে হয়েছে, সুনির্দিষ্ট সেই আটককেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তাকে তিরস্কার করা।
মৃত্যুর দায় যাঁর ওপর পরোক্ষে বর্তায়, তাঁকে তিরস্কার করার মধ্য দিয়ে নিজেদের করণীয় শেষ করার ঘোষণা দিয়েছে জাপানের বিচার মন্ত্রণালয়। উইসমার পরিবারের সদস্যরা বলছেন, এটা অবশ্যই হচ্ছে নিহত ব্যক্তির স্মৃতির প্রতি অবমাননাকর। ফলে সমালোচনার মুখে পড়তে হচ্ছে জাপানের অভিবাসন নীতিকে।
মিয়ানমারের রিজার্ভ গোলরক্ষককে নিয়ে জাপানের বিচার মন্ত্রণালয়ের ত্বরিত সিদ্ধান্ত গ্রহণকে তাই সে রকম সমালোচনার জবাব দিতে পারার উদ্দেশ্যে নেওয়া একটি পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে, অন্য কিছু নয়। তবে আফগানিস্তানের কর্মীদের নিয়ে গ্রহণ করতে যাওয়া পদক্ষেপ মনে হয় অভিবাসন সমস্যা নিয়ে দেশের মানবিক অবস্থান তুলে ধরতে জাপান সত্যিকার অর্থে আন্তরিক কি না, তার আরও বড় প্রমাণ আমাদের সামনে তুলে ধরতে সক্ষম হবে।
মনজুরুল হক জাপান প্রবাসী শিক্ষক ও সাংবাদিক