কাভানার নিয়োগ কি বিচারিক অভ্যুত্থান?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও ব্রেট কাভানা
ডোনাল্ড ট্রাম্প ও ব্রেট কাভানা

যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি হিসেবে ব্রেট কাভানার শপথ গ্রহণকে আমাদের অসুস্থতার কারণ নয়; বরং রোগের লক্ষণ বলা যেতে পারে। কয়েক দশক ধরে আমাদের দেহে প্লেগ বাসা বেঁধেছিল। হাঁচির সঙ্গে ব্রেট কাভানারূপী সর্দি ছিটকে বেরিয়ে পড়ায় আজ সেই প্লেগ দৃশ্যমান হয়েছে। এখন আমাদের সুস্থতা ফিরিয়ে আনতে হলে সঠিকভাবে রোগ নির্ণয়ের জন্য নিবিড় পরীক্ষা করা দরকার।

কাভানার বিরুদ্ধে যৌন হামলার অভিযোগে যখন সবাই সোচ্চার হয়ে উঠেছে, ঠিক সেই সময় এসব অভিযোগের তদন্ত ছাড়াই সিনেটে তিনি প্রধান বিচারপতি হিসেবে মনোনীত হয়ে গেলেন। এর মাধ্যমে এত বড় একটা অভিযোগ এড়িয়ে গিয়ে সুপ্রিম কোর্টকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায়ের দিকে ঠেলে দেওয়া হলো।

সিনেট অধিবেশনে কাভানার পক্ষে তাঁর সমর্থকেরা শুধু সমর্থনই দেননি; তাঁরা সেখানে কাভানাকে সচ্চরিত্রবান হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাঁরা বিচার বিভাগীয় পক্ষপাতহীনতা নিয়ে দীর্ঘ ভাষণও শুনিয়ে দিয়েছেন।

কাভানাকে সমর্থন দিয়ে নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর ডেব ফিশার বলেছেন, ‘বিচারকেরা আইনের ভিত্তিতে রায় দেন; নিজস্ব নীতি, রাজনৈতিক চাপ বা কারও রাজনৈতিক পরিচয়ের ওপর ভিত্তি করে তাঁরা সিদ্ধান্ত নেন না।’

কয়েক দশক ধরে মার্কিন আদালতকে রক্ষণশীল মূল্যবোধের আস্তরণে ঢেকে ফেলার প্রবণতার দিকে যাঁরা খেয়াল রাখছেন, তাঁরা বুঝতে পারছেন ডেব ফিশারের এই বক্তব্যের সঙ্গে বাস্তবতার যথেষ্ট অসংগতি আছে। প্রধান বিচারপতি শতভাগ পক্ষপাতহীন আচরণ করবেন, এমন আশায় ট্রাম্প কাভানাকে নিয়োগ করেছেন—এ কথা বিশ্বাস করা শক্ত।

প্রেসিডেন্টরা কেমন বিচারপতি পছন্দ করেন তা খুব ভালো বোঝা যাবে কাভানার একসময়ের ‘বস’ এবং রক্ষাকর্তা জর্জ ডব্লিউ বুশের একটি বক্তব্য থেকে। ২০০০ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় বুশকে জিজ্ঞাসা করা হয়েছিল, সুপ্রিম কোর্টে তিনি কোন ধরনের মানুষকে বিচারপতি হিসেবে চান। তিনি বলেছিলেন, ‘আমি সোচ্চার উদারপন্থী বিচারপতি নিয়োগে বিশ্বাসী নই। আমি চাই এমন বিচারক, যিনি গঠনমূলক সিদ্ধান্তের বিষয়ে কট্টর অবস্থানে থাকবেন।’

বুশ এই বক্তব্য দেওয়ার মাত্র দুই মাস পরে সুপ্রিম কোর্টের রক্ষণশীল অ্যাকটিভিস্ট বিচারকেরা বুশ আর আল গোরের বিতর্কিত ভোট পুনর্গণনা না করার রায় দিয়ে দিলেন এবং সেই রায়ের মধ্য দিয়ে বুশ প্রেসিডেন্টের গদিতে বসে গেলেন। পক্ষপাতহীন বিচারের সম্পূর্ণ ভিন্ন একটি ছবি তাঁরা দেখিয়ে দিলেন। এই বিচার বিভাগীয় অভ্যুত্থান ঘটল গণতন্ত্রের নামে। একইভাবে বিচার বিভাগীয় অভ্যুত্থানের মধ্য দিয়ে কাভানা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিলেন।

ডেমোক্র্যাটরাও সুপ্রিম কোর্টের সঙ্গে রাজনৈতিক খেলা খেলেছে। তারা কাভানার মনোনয়ন নির্বাচন পর্যন্ত বিলম্বিত করার চেষ্টা করেছে। ড. ক্রিস্টিন ব্লেজি ফোর্ড কাভানার বিরুদ্ধে যে যৌন হামলার অভিযোগ এনেছেন, তা সত্য হোক মিথ্যা হোক, অভিযোগ তোলার পেছনে যে রাজনৈতিক উদ্দেশ্যও আছে, সেটি ভুলে গেলে চলবে না।

গত সপ্তাহে সিনেট কমিটির সামনে কাভানা বলেছেন, ২০১৬ সালে ট্রাম্পের কাছে হেরে যাওয়ার শোধ তুলতেই হিলারি–দম্পতি লাখ লাখ ডলার খরচ করে বিরোধীদের খেপিয়ে তুলেছেন। ট্রাম্প যেহেতু তাঁর নাম প্রস্তাব করেছেন, সেহেতু হিলারিদের উসকানিতেই বিরোধীরা তাঁর মনোনয়ন বাতিল চেয়েছেন। তবে কাভানার মনোনয়নের বিরোধিতায় বিক্ষোভ করার পেছনে হিলারির হাত থাকুক না থাকুক, এই নিয়োগের মধ্যে যে যথেষ্ট ছলচাতুরী ছিল তা পরিষ্কার।

কাভানা সম্পর্কে এফবিআইয়ের দেওয়া তদন্ত প্রতিবেদনের তথ্য হোয়াইট হাউস প্রথম থেকেই চেপে রাখার চেষ্টা করেছে। কিন্তু কাভানার কীর্তিকলাপের খবর এতটাই প্রকাশিত হয়ে পড়েছে যে হোয়াইট হাউসের রাখঢাক করাটা ছিল অনেকটা ডুমুরের পাতা দিয়ে সিনেটরদের বিব্রতকর অবস্থা থেকে বাঁচানোর চেষ্টার মতো।

ফেডারেলিস্ট সোসাইটির মতো ডানপন্থী সংগঠনগুলো মনোনয়ন পেতে পারেন এমন বিচারপতিদের নামের যে তালিকা প্রকাশ করেছিল, তার ওপরের দিকেই কাভানার নাম ছিল। এটি থেকেই বোঝা যায় তিনি রক্ষণশীলদের কতটা কাছের মানুষ। কাভানা একটি লেখায় লিখেছিলেন, ‘সুপ্রিম কোর্টকে কখনোই দলীয় দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না।’ তবে তাঁর এই কথায় তিনি কতটুকু বিশ্বাসী তা নিয়ে জনমনে ভয়ানক সংশয় রয়ে গেছে। সেই সংশয় তিনি কাটাতে পারবেন বলেও মনে হয় না।

দ্য গার্ডিয়ান পত্রিকা থেকে নেওয়া। ইংরেজি থেকে অনূদিত
রিচার্ড উল্ফ, গার্ডিয়ান পত্রিকার কলাম লেখক