কার গাফিলতিতে এভাবে মানুষ মরে?
পাহাড়ধসে আবার প্রাণহানি ঘটল। ঠিক কতজন, তা এখনো জানি না। তবে দেশি-বিদেশি সংবাদমাধ্যম বলছে, এই সংখ্যা প্রায় ৩০। এই মৃত্যু ঠেকানো যেত। কিন্তু অব্যবস্থাপনার কারণে তা ঠেকানো যায়নি।
আমরা জানি, এ ধরনের দুর্ঘটনা কখন ঘটে। এবার যে আগাম বর্ষা হবে, তা ঘূর্ণিঝড় ‘মোরা’ যাওয়ার সময়ই বলে গিয়েছিল। কিন্তু আমরা তা কানে তুলিনি।
আমরা আবহাওয়ার পূর্বাভাস থেকে আগেই জানতে পারি, কখন অতিবৃষ্টি হবে। এবারও আমরা টানা বৃষ্টির সময়-কাল জানতাম। বলা যায়, অনেকটা বলে-কয়েই এবার ভারী বৃষ্টি এল; যা হওয়ার ছিল, তা-ই হয়েছে। ভারী বৃষ্টিতে নরম পাহাড় ধসে কতগুলো মানুষ মারা গেল।
পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে আমরা আগেই প্রস্তুতি নিতে পারতাম। সেই সক্ষমতা আমাদের আছে। কিন্তু সমস্যাটা হলো, আমরা জানি না, কে এই কাজ কখন কীভাবে করবে, কেন করবে?
পাহাড়ধসে সাধারণত গরিব মানুষেরাই মারা যায়। তাই কর্তাব্যক্তিদের এ নিয়ে তেমন মাথাব্যথা নেই। মারা যাওয়া মানুষগুলো ‘আমাদের’ কেউ হলে এমন অবহেলা হতো না। এবার তো সেনাবাহিনীর সদস্যরাও মর্মান্তিক মৃত্যুবরণ করলেন। তবুও কি টনক নড়বে?
অনেক ক্ষেত্রে পাহাড়ে গরিব মানুষেরা বসতি গড়ছে। এদের ৯৩ ভাগই রুটি-রুজির সন্ধানে আসা অন্য জেলার মানুষ। পাহাড় খাদক দখলদারেরা বাঁচার আশা নিয়ে আসা মানুষদের এখানে বসিয়ে দেয়। উদ্বাস্তুর আশা মাথা গোঁজার ঠাঁই, আর দখলদারের আশা জমি-মাটি-টাকা। সমতলের বাঙালিরা পাহাড়ে বসতি গড়ার কায়দা-কানুন জানে না। তারা মাটি আর পাহাড়ের তফাত বুঝতে পারে না। পাহাড়ে বসবাসের তরিকা রপ্ত করার আগেই দুর্ঘটনা ঘটে যায়।
পাহাড়কে সম্মান করতে হয়। প্রকৃতির সঙ্গে জোর খাটানো চলে না। প্রকৃতিকে সম্মান করেই পাহাড়ে বসতি গড়া সম্ভব। পাহাড়ে পরিকল্পিত বসতি গড়লে এ ধরনের প্রাণহানি এড়ানো যায়।
সমস্যা হলো বিষয়টি নিয়ে সারা বছর কোনো তৎপরতা থাকে না। মানুষ মারা গেলেই প্রশাসন নড়েচড়ে বসে। কিছুদিন পর আবার সব চুপচাপ হয়ে যায়। মূল সমস্যা হলো আমরা টেকসই সমাধানের জন্য কাজ করছি না। এ কারণেই বারবার দুর্ঘটনা ঘটে। মানুষ মারা যায়।
শহর-জনপদ—যেকোনো স্থানে বসতি স্থাপনের ব্যাপারে আইন আছে, পরিকল্পনা আছে। আইনের যথাযথ প্রয়োগ হলে পাহাড়ে প্রাণহানি এড়ানো যেত। পরিকল্পিত উপায়ে বসতি স্থাপন করে পাহাড়ে বাস করা সম্ভব।
পাহাড়ে বসতি স্থাপনের ক্ষেত্রে আইন বা পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। নির্বাচিত দায়িত্বশীল স্থানীয় সরকার গড়তে হবে। সমস্যার সমাধানে তারাই জনগণের সঙ্গে কাজ করবে। বিদ্যমান আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় এ সমস্যার সমাধান হবে না।
অতীতে পাহাড় ধ্বংস করা হয়েছে। এখনো পাহাড় কাটা হচ্ছে। দখল চলছে। বিরুদ্ধাচরণ করলে প্রকৃতি তার প্রতিশোধ নেবেই। প্রকৃতির প্রতি সম্মান দেখিয়ে প্রকৃতির সঙ্গে থাকতে হবে। পাহাড়ে বসতি ব্যবস্থাপনায় নিয়ম-শৃঙ্খলা আনতে হবে। তার ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে আরও বড় সমস্যা দেখা দেবে। অকালে আরও অনেক মানুষের প্রাণ যাবে।
গওহার নঈম ওয়ারা : শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়
[email protected]