কার প্রতিহিংসার শিকার সাংবাদিক কাজল?

বাবার মুক্তির দাবিতে পুত্রছবি: আবদুস সালাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার মুক্তির দাবিতে পুত্রের মানববন্ধন। গতকাল সোমবার প্রথম আলো, ডেইলি স্টারসহ অনেকগুলো পত্রিকায় ছবিটি ছাপা হয়েছে। সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের মুক্তির দাবিতে গত রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে মানবাধিকার ও সংস্কৃতিকর্মীদের যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়, তাতে অন্যদের সঙ্গে তাঁর পুত্র মনোরম পলকও ছিলেন।

পলক ছয় মাস ধরে বাবার মুক্তির দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকের কাছে ধরনা দিয়েছেন। জানতে চেয়েছেন, তাঁর বাবার অপরাধ কী। স্বাভাবিক সময়ে কেউ কারাগারে থাকলে স্বজনেরা মাসে অন্তত একবার দেখা করার সুযোগ পান। করোনার কারণে সেই পথও বন্ধ। দু-একবার স্বল্প সময়ের জন্য টেলিফোনে পুত্র ও স্ত্রীর সঙ্গে কাজলের কথা হয়েছে।

পলক জানিয়েছেন, তাঁর বাবার বাঁ হাত অচল হয়ে গেছে। দিনে দিনে তাঁর শরীর অবশ হয়ে যাচ্ছে। একনাগাড়ে ৫৩ দিন চোখ বাঁধা অবস্থায় থাকায় চোখেও ভালো দেখতে পান না। কারাগারে তাঁর চিকিৎসা সম্ভব নয়। তারপরও তাঁর জামিন হচ্ছে না। এমনকি কারাগারের বাইরে নিয়ে চিকিৎসার ব্যবস্থাও করছে না কর্তৃপক্ষ। একজন সাংবাদিকের প্রতি এ কেমন নিষ্ঠুরতা?

১০ আগস্ট আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ঢাকার চিফ ম্যাজিস্ট্রেটের আদালতে আরজি জানিয়েছিলেন, কাজলের শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে চিকিৎসা করানো হোক। আদালত কাজলের সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন। কিন্তু নির্দিষ্টভাবে বঙ্গবন্ধু মেডিকেল বা অন্য কোথাও নিয়ে চিকিৎসা করানোর কথা বলেননি। এ সুযোগই নিয়েছে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্মকর্তারা বলেছেন, করোনার কারণে কাজলকে বাইরের কোথাও নিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। কারা হাসপাতালেই চিকিৎসার ব্যবস্থা আছে। কেরানীগঞ্জে অবস্থিত কারা হাসপাতালে প্রকৃত অর্থে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। সেখানে হাজার হাজার বন্দীর জন্য আছেন মাত্র দুজন চিকিৎসক। আবার এই দুজন চিকিৎসকের একজন করোনায় আক্রান্ত।

কারা কর্তৃপক্ষ বলেছে, করোনার কারণে কারাবন্দী কাজলকে অন্য কোথাও নিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়। কথাটি অসত্য। এই করোনাকালেও দুর্নীতি ও খুনের মামলার অনেক আসামিকে বঙ্গবন্ধু মেডিকেল ও ঢাকা মেডিকেলে নিয়ে তারা চিকিৎসা করাচ্ছে। এদের মধ্যে দণ্ডিত আসামিও আছেন। প্রথম আলোয় এ নিয়ে একাধিকবার প্রতিবেদন ছাপা হয়েছে। কাজল দণ্ডিত আসামি নন। তাঁর বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতিহিংসাপ্রসূত। যশোরের আদালত তাঁকে একটি মামলায় জামিন দিয়েছেন। আরেকটি মামলায় পুলিশ গ্রেপ্তার দেখিয়ে কাজলকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দিয়েছে। এর আগে পিছমোড়া করে হাতে কড়া পরিয়ে আদালতে তুলেছিল তারা। আইজিপি পুলিশকে মানুষের সেবক হতে বলেছেন। এটাই মানবসেবার নমুনা!

এ অবস্থায় কাজলের জীবন নিয়ে শঙ্কায় আছে পুরো পরিবার। তাদের প্রশ্ন: শফিকুল ইসলাম কাজল কোনো দুর্ধর্ষ অপরাধী নন। একজন পেশাদার সাংবাদিক। নামকরা আলোকচিত্রী। তিনি রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রও করেননি। তাঁর বিরুদ্ধে সরকারদলীয় একজন সাংসদ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। গত মার্চ মাসে তিনি বাসার সামনে থেকে অপহৃত হন। সেই অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছিল। করিৎকর্মা পুলিশ অপহরণকারীদের খুঁজে বের করতে পারেনি।

অপহরণের দীর্ঘদিন পর ২ মে হঠাৎ কাজলকে আবিষ্কার করা হয় বেনাপোল সীমান্তে। বেনাপোল থানা–পুলিশ তাঁর নামে একটি মামলা করে বৈধ কাগজপত্র ছাড়া সীমান্তের এ পারে আসার দায়ে। কিন্তু বিজিবি ও বিএসএফের সতর্ক ও সশস্ত্র পাহারা এড়িয়ে তিনি কীভাবে ও পারে গেলেন, সেই প্রশ্নের জবাব নেই। কারা তাঁকে সীমান্তের ও পারে নিয়ে গিয়েছিলেন? কেন নিয়ে গিয়েছিলেন? ও পার থেকেই–বা কারা তাঁকে এ পারে ঠেলে পাঠালেন? কাজল বলেছেন, ৫৩ দিন তাঁর চোখ বাঁধা ছিল। একজন চোখ বাঁধা মানুষের পক্ষে সীমান্ত পার হওয়া সম্ভব নয়।

তাহলে কি পুরো বিষয়টি সাজানো ছিল? কারা সাজিয়েছিলেন সেই ঘটনা? কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার রহস্য উদ্‌ঘাটন করছে র‍্যাব। তদন্ত কর্মকর্তারা বলছেন, ওসি প্রদীপ ও এসআই লিয়াকত গুলি করার পক্ষে যেসব যুক্তি দেখিয়েছেন, তা ছিল সাজানো, মনগড়া। কাজলের সীমান্ত পার হওয়া ও আসার রহস্য বের করতে আরেকটি তদন্ত কমিটি হোক।

কেবল সাংস্কৃতিক ও মানবাধিকারকর্মীরা নন, দেশি-বিদেশি বহু সংগঠন সাংবাদিক কাজলের মুক্তি দাবি করেছে। তাঁর মুক্তির দাবিতে এই করোনাকালেও বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হচ্ছে। তাঁর নামে যে মামলা করা হয়েছে, সেটি অসত্য মামলা। তারপরও তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে না। এমনকি তাঁর কী অপরাধ, তা–ও বলা হচ্ছে না। কবে তদন্ত শেষ হবে, কেউ জানে না।

মালয়েশিয়াপ্রবাসী তরুণ রায়হান কবির আল–জাজিরায় সাক্ষাৎকার দিয়ে সেখানে বসবাসকারী বাংলাদেশিদের ওপর সরকারের নির্যাতনের কথা বলেছিলেন। এ কারণে মালয়েশীয় সরকার তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে রিমান্ডে নেয়। ঘটনাটি দেশে ও বাইরে চাঞ্চল্য সৃষ্টি করে। মালয়েশীয় সরকার ধারণা করেছিল, অন্য কোনো রাষ্ট্র রায়হানকে দিয়ে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অপপ্রচার চালাচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদের জবাবে রায়হান জানান, তাঁকে কেউ প্ররোচিত করেনি। তিনি মালয়েশিয়ায় পড়াশোনা করেছেন। প্রবাসী ছাত্রদের নেতা ছিলেন। তাঁদের সমস্যা নিয়ে কথা বলেছেন। প্রবাসী শ্রমিকদের দাবিদাওয়া নিয়েও জনমত তৈরি করেছেন। তিনি দেখেছেন, যেভাবে বাংলাদেশি প্রবাসীদের হাতকড়া পরিয়ে রাস্তায় ফেলে রাখা হয়, অন্য কোনো দেশের শ্রমিকদের সেটি করা হয় না। এটি মালয়েশীয় আইনেরও বরখেলাপ। আইনে আছে, কেউ বৈধ কাগজপত্র ছাড়া সেখানে থাকলে, সাত দিনের মধ্যে দেশে ফেরত পাঠাবে। গ্রেপ্তার করার কোনো বিধান নেই।

মালয়েশীয় পুলিশ তাঁর কথা বিশ্বাস করেছে। তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভূমিকা নিয়েছিলেন। রায়হান বলেছেন, তিনি ও তাঁর পরিবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

মনোরম পলক ও তাঁর পরিবারও কাজলের মুক্তির জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। মালয়েশীয় কারাগারে আটক রায়হান কবির ঘরে ফিরে এসেছেন। দেশের কারাগারে আটক কাজল কবে ঘরে ফিরবেন—এই প্রশ্ন তাঁর পুত্র পলক ও পুরো পরিবারের।

সোহরাব হাসান: প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি
[email protected]