
ক্ষমতার বৈশ্বিক ভারসাম্য দিন দিন জায়গা বদল করছে। বৈশ্বিক নেতৃত্বের জায়গা থেকে যুক্তরাষ্ট্র যখন নিজেকে গুটিয়ে নিতে চাইছে, ঠিক তখনই চীন তাঁর আন্তর্জাতিক প্রভাববলয় বিস্তৃত করায় ব্যস্ত হয়ে পড়েছে। এতে পশ্চিমের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। তাঁদের আশঙ্কা, চীনের ক্রমবর্ধমান এই প্রভাব এত দিন ধরে গড়ে ওঠা বৈশ্বিক ব্যবস্থাকে উল্টেপাল্টে দিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাঁদের এই আশঙ্কা কি যৌক্তিক?
এটা ঠিক যে চীনের বড় শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে। তবে এটিও স্পষ্ট যে বিদ্যমান বিশ্বব্যবস্থা বদলে দেওয়া চীনের নেতাদের লক্ষ্য নয়। ১৯৭০-এর দশকের দারিদ্র্যকবলিত অবস্থা থেকে আজকের এই জায়গায় উঠে আসা পর্যন্ত চীন বিশ্বব্যবস্থার প্রতি কোনো ধরনের হুমকিমূলক আচরণ করেনি। বরাবরই সে বিশ্বব্যবস্থার প্রতি নমনীয় থাকার প্রমাণ দিয়ে এসেছে। চীনের প্রধান লক্ষ্য এটি নিশ্চিত করা যে বিদ্যমান বিশ্বব্যবস্থা চীন এবং যুক্তরাষ্ট্র উভয়েরই স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকবে।
তবে এটি বলাই যায়, চীনের লক্ষ্য উচ্চাভিলাষী। দেং জিয়াওপিংয়ের ‘সংস্কার ও উন্মুক্ত করার নীতি’ চীনকে অর্থনৈতিকভাবে এমন একটি অলৌকিক শক্তি দিয়েছে, যার হাত ধরে কোটি কোটি চীনা নাগরিক দারিদ্র্য থেকে উঠে আসতে পেরেছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাজ শুধু দেং জিয়াওপিংয়ের অসমাপ্ত কাজ শেষ করা এবং দারিদ্র্য হটানো নয়, বরং এমন এক অর্থনীতি গড়ে তোলা, যা চীনকে মানব ইতিহাসের এক মহাপরাক্রমশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করবে।
এটিই চীনের রূপকল্প, যেটিকে প্রেসিডেন্ট সি চিন পিং ‘চীনের স্বপ্ন’ হিসেবে আখ্যায়িত করেছেন। বাইরের দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিজ লক্ষ্যে পৌঁছানোর যে কৌশল চীন নিয়েছে, সেটি পশ্চিমাদের উদ্বেগে ফেলে দিয়েছে। অন্যকে ঠেলে ফেলে লক্ষ্যে পৌঁছানোর সেকেলে রক্ষণশীল কৌশল যে দিন দিন অকার্যকর হয়ে পড়ছে, সেটি তাদের চিন্তায় ফেলে দিয়েছে।
চীন ভালোভাবেই জানে, নিজের প্রভাব বিস্তারের জন্য বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থার সামনে সে যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সে ক্ষেত্রে তাকেও বড় ধরনের বাধার মুখে পড়তে হবে। ফলে নমনীয়ভাবে পশ্চিমাদের সঙ্গে সমন্বয় করেই তাকে এগোতে হবে।
অবশ্যই এটা ঠিক যে এটা বলা যতটা সহজ, করা ততটা নয়। কারণ, চীনের উত্থানের সুযোগ ও অগ্রগতির হার দেখে পশ্চিমারা ইতিমধ্যেই আক্রান্ত বোধ করা শুরু করেছে। সুতরাং চীনকে তারা সহজে এগিয়ে যেতে দিতে চাইবে না।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ফ্রান্সিস ফুকুয়ামা বলেছিলেন, ‘ইতিহাসের অবসানকাল এসে গেছে।’ তখন থেকেই তিনি বলতেন, আধুনিক সমাজ গঠন করতে গেলেই একটি বাজার অর্থনীতি এবং একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার প্রয়োজন হয়।
এই কয়েক দশক ধরে চীন যখন বেড়ে উঠছে এবং আধুনিক হয়ে উঠছে, সে সময়ও পশ্চিমা চিন্তকেরা এই আত্মপ্রশস্তিমূলক বিভ্রমকে প্রায়োগিক সত্য বলে ধরে নিয়ে বসেছিলেন। এসব পশ্চিমা চিন্তক তাঁদের নিজস্ব ভ্রান্ত ভাবনাকেই স্বতঃসিদ্ধ বলে ধরে নিয়েছিলেন এবং বাস্তবতাকে আড়ালে ঠেলে দিয়েছিলেন। তাঁদের সেই সেকেলে তত্ত্ব চীনের সাফল্য ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে।
তবে এখন মানুষ দ্রুতই বাস্তবতা উপলব্ধি করতে পারছে। সম্প্রতি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বেইজিংয়ে ‘চীন এবং পশ্চিমা বিশ্ব: অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন করেছে। সেখানে এই বাস্তবতাকে স্বীকার করে নেওয়া হয়েছে।
সেখানে অংশগ্রহণকারী অনেকেই এই বিষয়ে একমত হয়েছেন যে চীনে ঊর্ধ্বতন নীতিনির্ধারকেরা অনেক নির্মম অথচ প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে যে বিনিয়োগ করতে বলেন, তা দিন শেষে জোরালো উন্নয়ন ও অগ্রগতি বয়ে আনে। ওই সম্মেলনে অনেকেই যুক্তরাষ্ট্রের বিদ্যমান অর্থনৈতিক মডেল নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন। তাঁরা বলেন, মার্কিন অর্থনীতি একচেটিয়া আধিপত্য বিস্তারের ওপর দাঁড়িয়ে আছে এবং সেখানে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় নির্দিষ্ট গোষ্ঠীর কায়েমি স্বার্থ হাসিলের জন্য।
যদিও চীন লাগাতারভাবে পশ্চিমাদের আশ্বস্ত করে যাচ্ছে, তারা সাম্রাজ্যবাদী বা সম্প্রসারণভিত্তিক উচ্চাকাঙ্ক্ষাকে পরিচর্যা করছে না, কিন্তু পশ্চিমারা চীনকে সন্দেহের নজরেই রাখছে। তারা ভয় পাচ্ছে, তাদের এত দিনের গড়ে তোলা বিশ্বব্যবস্থার ওপর তাদের নিয়ন্ত্রণ যদি হারিয়ে ফেলতে হয়!
তবে পশ্চিমারা চীনের এই উত্থান মেনে নিতে প্রস্তুত থাকুক আর না থাকুক, চীন থামবে না। চীনের এই অগ্রযাত্রা পশ্চিমা চিন্তকদের নতুন এমন ধরনের বিশ্লেষণধর্মী নীতিকাঠামো তৈরিতে সহায়তা করতে পারে, যা তাদের রাজনৈতিক নেতাদের আরও ভালো উন্নয়নবিষয়ক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। তারা চীনের এই উন্নয়ন মডেলকে স্বীকৃতি দিয়ে পশ্চিমা দেশগুলোকে বিকল্প মডেল তৈরিতে সাহায্য করতে পারে।
আর যদি বাস্তবতা প্রত্যাখ্যান করে বিশ্বব্যবস্থা থেকে চীনকে সরিয়ে রাখার চেষ্টা করা হয়, তাহলে সেটি শুধু উত্তেজনারই সৃষ্টি করবে। বৈশ্বিক আইনকানুন ঝুঁকির মুখে পড়বে।
পশ্চিমাদের উচিত সেকেলে ধ্যানধারণায় আঁকড়ে থাকা বাদ দিয়ে চীনকে সঙ্গে নিয়ে বৈশ্বিক ব্যবস্থায় গঠনমূলক সংস্কার আনা। এতে সব পক্ষই লাভবান হবে। অন্যথায় পশ্চিমাদের আরও বড় ধরনের আশঙ্কার মধ্যে পড়তে হবে।
ইংরেজি থেকে অনূদিত। স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
পি এইচ ইয়ু পিকিং ইউনিভার্সিটির কাউন্সিল অব দ্য ইনস্টিটিউট অব নিউ স্ট্রাকচারাল ইকোনমিকসের চেয়ারম্যান