
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাংসদ মনজুরুল ইসলাম লিটনের খুনের ঘটনার কোনো কূলকিনারা হয়নি। যারা খুন করেছে তারা হয় যথেষ্ট সংগঠিত, কৌশলী ও দক্ষ; অথবা এর সঙ্গে এমন লোকজন জড়িত, যাদের ধরার ঝুঁকি এখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিতে পারছে না। আবার সরকারের শীর্ষ পর্যায় থেকে এই খুনের সঙ্গে জামায়াত-শিবিরের জড়িত থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে। ফলে সরকার কী চায় বা চায় না, সেটাও নিশ্চয়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিবেচনায় রাখতে হয়। লিটনের খুনিরা এখনো চিহ্নিত বা ধরা না পড়ার পেছনে এ বিষয়গুলোর কোনো না কোনোটির সম্পর্ক নিশ্চিতভাবেই রয়েছে। তা না হলে এই খুনের রহস্য ভেদে এত দিন লাগার কথা নয়। সুন্দরগঞ্জের এই হত্যাকাণ্ডের এক সপ্তাহের মাথায় পাশের উপজেলা সাদুল্যাপুর থেকে ‘নিখোঁজ’ হন চার ব্যক্তি। দিন দশেক পর তাঁরা যে কায়দায় ফেরত এসেছেন, তাতে ঘটনাগুলো ‘অপহরণ’ বলেই ধরে নিতে হচ্ছে। এরই মধ্যে নিখোঁজের তালিকায় যুক্ত হওয়ার পর গ্রেপ্তার হয়েছেন এক ডিশ ব্যবসায়ী। সুন্দরগঞ্জ থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সাংসদ খুন, এরপর পাঁচটি ‘অপহরণ’—এলাকার ‘আইনশৃঙ্খলা’ পরিস্থিতি তো মনে হয় একটু বেশিই গুরুতর।
তবে এ ধরনের নিখোঁজ বা অপহরণের মতো ঘটনাগুলো নিয়ে জনমনে যে ধারণা তৈরি হয়েছে বা ঘটনার শিকার লোকজনের পরিবারের কাছ থেকে যে ভাষ্য পাওয়া যায়, তাতে সমস্যাটি ‘আইনশৃঙ্খলা’জনিত না ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী’র, সেই বিভ্রম কাটানো কঠিন। সাংসদ খুনের সঙ্গে এই অপহরণগুলোর সম্পর্ক আছে বলেই এলাকার লোকজন মনে করে। গাইবান্ধায় যে চারজন অপহরণের শিকার হয়েছেন, তাঁদের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁদের তুলে নেওয়া হয়েছে। এ ধরনের ক্ষেত্রে যা হয় গাইবান্ধার এই চার নিখোঁজের ব্যাপারেও তা-ই হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এসব ঘটনা তবে ঘটায় কারা? এই যে দেশজুড়ে নিখোঁজ, অপহরণ বা গুমের ঘটনা ঘটে চলেছে, এর ‘রহস্য’ ভেদ করার দায় মনে হয় কারও নেই! নাকি এই ঘটনাগুলোকে কেউ আর এখন রহস্যই মনে করছে না? তাই এই রহস্য ‘ভেদ’ করার দায় যাদের, তারা হয়তো এর দরকারও মনে করছে না। এই যখন অবস্থা, তখন এসব অপহরণ ও নিখোঁজের ঘটনাগুলো মেনে নেওয়া ছাড়া তো আর কোনো পথ দেখা যাচ্ছে না! যে পরিবারগুলো বছরের পর বছর ধরে নিখোঁজ ব্যক্তিদের ফিরে আসার অপেক্ষায় আছে, তাদের যে ‘অপেক্ষা’ করে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই, তা তো আমরা দেখতেই পাচ্ছি। গাইবান্ধার সাদুল্যাপুরের চার পরিবারকে ভাগ্যবানই মানতে হচ্ছে। নিখোঁজ হলেও শেষ পর্যন্ত তো তাঁরা ফিরে এসেছেন!
গাইবান্ধার সাদুল্যাপুরের যে চারজন নিখোঁজ হয়ে ফিরে এসেছেন, তাঁদের খুবই কাছাকাছি সময়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ৯ জানুয়ারি রাতে দুজনকে ও ১০ জানুয়ারি সকালে দুজনকে। এই চারজনই রাজনীতিতে জড়িত এবং তাঁদের দলীয় ও সাংগঠনিক পদ-পদবি রয়েছে। একজন ছাত্রলীগ, একজন যুবলীগ ও একজন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে এবং বাকি জন যুবদলের সঙ্গে যুক্ত। তাঁরা নিখোঁজ হওয়ার পর স্থানীয় পর্যায়ে হরতাল, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি হয়েছে। এই চারজনকে যে কায়দায় তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেই একই কায়দায় দুজনকে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে গত বুধবার রাতে আর দুজনকে শনিবার ভোরে। কারা তাঁদের তুলে নিয়ে গেল, আর কেনই বা ফেলে দিয়ে গেল? এই স্বাভাবিক প্রশ্নগুলো দিনে দিনে কেন জানি অবান্তর প্রশ্নে পরিণত হচ্ছে। এই চারজনের কী হয়েছিল, তার যথাযথ তদন্ত বা এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ভাষ্য যে আমরা কখনো পাব না, তা নিশ্চিত। সন্দেহ আর অনুমানের ওপর ভর করেই এখন আমরা নিজেদের মতো সব বুঝে নিচ্ছি।
সাদুল্যাপুরের এই অপহরণের ঘটনা থেকে বিচার-বিবেচনা ও যুক্তি-বুদ্ধি দিয়ে আমরা কিছু ধারণা সহজেই করতে পারি। নিখোঁজ ব্যক্তিরা ফিরে এসে ঘটনার যে বিবরণ দিয়েছেন, তাতে ধরে নেওয়া যায় যে এই চারজনকে একটি গোষ্ঠীই অপহরণ করেছিল এবং পেছনের উদ্দেশ্যটিও ছিল এক। এবং একই কারণে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। মানববন্ধন বা হরতালের কারণে ‘অপহরণকারীরা’ ভয় পেয়ে তাদের ছেড়ে দিয়ে গেল কি না, কে জানে! আর যুবদলের নেতা সম্ভবত কপাল গুণে বেঁচে গেছেন। সরকারি দলের লোকজনের সঙ্গে অপহৃত হওয়ায় হয়তো তাঁর ভাগ্য খুলে গেছে!
এই চারজনকে তুলে নিয়ে যাওয়ার পর ৯ থেকে ১১ দিন আটক রাখা হয়েছিল। এতে বোঝা যায়, যারা অপহরণ করেছে, তাদের বেশ ভালো অবকাঠামোগত ও আর্থিক সামর্থ্য রয়েছে। অপহৃত ব্যক্তিদের চোখ বেঁধে আলাদা আলাদা রুমে রাখার মতো বাড়ি বা ভবন তাদের রয়েছে। বেলায় বেলায় অপহৃত ব্যক্তিদের খাবারের জোগান দেওয়াটাও তাদের জন্য কঠিন কিছু নয়। তাদের যথেষ্ট ভালো যানবাহন-সুবিধা রয়েছে এবং একজন সাংসদ খুন হওয়ার পর বাড়তি নিরাপত্তার মধ্যে অবাধে চলাচল করার মতো শক্তি ও দাপট তাদের রয়েছে। এই গোষ্ঠী এতটাই সংগঠিত যে চিকিৎসক এনে অপহৃতকে চিকিৎসা দেওয়ার ক্ষমতাও তারা রাখে।
আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা তৎপরতার প্রতি আস্থা ও শ্রদ্ধার যথেষ্ট কারণ রয়েছে। নানা ক্ষেত্রেই বিভিন্ন বাহিনীর গোয়েন্দারা তাঁদের সামর্থ্যের পরিচয় রেখে যাচ্ছেন। কিন্তু এ ধরনের অপহরণের ঘটনাগুলোই খালি ব্যতিক্রম। এ ক্ষেত্রে তারা কেন জানি ধারাবাহিকভাবে ব্যর্থই হয়ে যাচ্ছে! এটা কি আমাদের বিশ্বাস করতে হবে যে সাদুল্যাপুরের অপহরণ বা দেশজুড়ে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এ ধরনের আরও অনেক ঘটনায় আমরা যে শক্তিশালী ও সংগঠিত ‘অপহরণকারী গোষ্ঠীকে’ সক্রিয় দেখছি, এদের ব্যাপারে পুরো অন্ধকারে আছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ও তাদের সামর্থ্যবান গোয়েন্দা ইউনিট? নাকি ভূত তাড়ানো সরষের মধ্যেই ভূত ঢুকে গেছে? আমরা জানি, পরিস্থিতি এখন এমনই যে আমাদের বিশ্বাস-অবিশ্বাসে কারও কিছুই আসে যায় না। আর এসব প্রশ্নের জবাব দেওয়ার দায়ও কারও নেই। সাদুল্যাপুর থানার ওসি অপহৃত চারজনের ফিরে আসার বিষয়টি জানেন, তবে কীভাবে কী হয়েছে, তা তিনি জানেন না। বলেছেন, তাঁদের কাউকেই পুলিশ তুলে নেয়নি। ব্যস, পুলিশ তাদের দায়িত্ব শেষ করে ফেলেছে। কারা তাঁদের তুলে নিয়ে গেল বা কারা তাঁদের ফেলে রেখে গেল—এসব আর জানার দরকার কী!
বাঘের গলা থেকে হাড় বের করার পুরস্কার চেয়ে বক কী জবাব পেয়েছিল, তা স্মরণে রাখাই মনে হয় এখন আমাদের জন্য উত্তম। বাঘের মুখ থেকে বকের মাথা আস্ত বের করে আনতে পারাকেই ‘বড় পুরস্কার’ হিসেবে বিবেচনা করতে হবে। নিখোঁজ হয়ে চারজন ফিরে এসেছেন, এটাই তো এক বড় পাওয়া! কতজনই তো নিখোঁজ হয়ে আর ফেরেন না। কারা তুলে নেয় বা কারা ফেলে দিয়ে যায়—এসব বেয়াড়া প্রশ্ন বা জানার আগ্রহের দিন সম্ভবত এখন আর নেই। নিখোঁজ ব্যক্তিদের ফিরে পাওয়াটাই এখন আমাদের জন্য বড় পুরস্কার। ভাবি, সাদুল্যাপুরের মতো যদি দেশের এ ধরনের সব নিখোঁজ ব্যক্তিকে ‘অপহরণকারীরা’ রাস্তাঘাটে ফেলে রেখে যেত, অন্তত কয়েক শ পরিবারের কান্না আর অপেক্ষার শেষ হতো!
এ কে এম জাকারিয়া: সাংবাদিক।
[email protected]