কাল বালিকার বিয়ে, কাল এক সর্বনাশের দিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল মেয়েটির বিয়ে। পাত্রের বিশেষ যোগ্যতা হলো, দশম শ্রেণির ছাত্রীটি তাঁর দ্বারা নিয়মিতভাবে উত্ত্যক্তের শিকার হয়ে আসছিলেন। আজ রোববার প্রথম আলোতে ‘বখাটের সঙ্গেই বিয়ে হবে স্কুলছাত্রীর?’ শিরোনামে খবর ছাপা হয়েছে। আগামীকাল সোমবার অপ্রাপ্তবয়স্ক মেয়েটির বিয়ের আয়োজন করা হয়েছে। আরও বেশি নির্যাতন থেকে বাঁচতে, বখাটেকেই জামাই করতে বাধ্য হয়েছেন ওই অসহায় মা-বাবা।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার। মেয়েটি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ছে। মেয়েটির মা প্রথম আলোকে বলেছেন, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তিন মাস ধরে একই এলাকার পোশাককর্মী বখাটে রাজীব হাওলাদার (২৪) উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি ছেলের মা-বাবাকে জানালেও তাঁরা কোনো প্রতিকার করেননি বা করতে পারেননি। বরং বখাটে রাজীব আরও বেপরোয়া হয়ে ওঠেন। মেয়েটি এক মাস বিদ্যালয়ে যাওয়াও বন্ধ রাখে। এরপর ১৪ অক্টোবর আবারও বিদ্যালয়ে যাওয়া শুরু করার প্রথম দিনই বখাটে রাজীব তার পথ আটকে দাঁড়ায়। কুপ্রস্তাব দেয় এবং তাঁর কথা না শুনলে কঠিন ক্ষতির হুমকি দেয়। মেয়ের নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যদের ঘুম হারাম হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের কাছে ১৫ অক্টোবর লিখিত অভিযোগ দেন তাঁরা। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। অতএব অগতির গতি, বখাটে-নির্যাতকের সঙ্গে বিয়ের সমাধান!

এ বিষয়ে কথা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের শিক্ষক শাহদীন মালিকের সঙ্গে। তিনি বলেন, ‘ইদানীং ধর্ষক ও উত্ত্যক্তকারীর সঙ্গে বিয়ে দেওয়া নিঃসন্দেহে মধ্যযুগীয় সমাধান। এটা সব ধরনের সৎ ও ভালো চিন্তার পরিপন্থী। মানুষ সমাজে বাস করে নিরাপত্তার জন্য। চরম নিরাপত্তাহীনতা থেকে এ ধরনের অসভ্য ও বেআইনি সমাধান অনেক পিতা-মাতা বেছে নিতে বাধ্য হন। অনৈতিক ও বেআইনি সমাধান যখন সমাজ খোঁজে, তখন সমাজ ধ্বংসের পথে এগোয়। অভিযোগ সত্য হলে, আমার প্রত্যাশা হবে, বিয়ের আসর থেকে পুলিশ তথাকথিত বরকে গ্রেপ্তার করবে এবং মেয়েটিকে বাঁচাবে।’

শাহদীন মালিকের দৃঢ় অভিমত, ‘এসব বন্ধ না করলে আমরা অবিলম্বে বর্বর সমাজে ফিরে যাব। এ বিষয়ে আইনি সমাধান কিছুটা রয়েছে। তবে এ আইন দুর্বলদের কদাচিৎ রক্ষা করতে পারে। তাই সবাই মিলে এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। উত্ত্যক্তসহ সব ধরনের নারী নির্যাতন বন্ধে ব্যবস্থা নিতে হবে।’

লাভলীর কথা মনে আছে কি? গত বছরের অক্টোবরে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্কুলছাত্রী লাভলীকে ধর্ষণের অভিযোগে লাভলীর মায়ের করা মামলায় জেলে যান ধর্ষক আবদুর নুর। কিন্তু ধর্ষকপক্ষের চাপ, লোকলজ্জা, হারানো ‘সম্ভ্রম’ ফেরত আনার লৌকিক কুসংস্কার এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা তাঁদের বাধ্য করে আপসে যেতে। কারাগারে থাকা ধর্ষকের কাছে বিয়ের প্রস্তাব নিলে সে সাগ্রহে রাজি হয়। পরে জামিনে মুক্তি পেয়ে গত নভেম্বরের শেষ দিকে নিজের ধর্ষকের সঙ্গে বিয়ে দেওয়া হয় লাভলীকে। আর জানুয়ারিতে শ্বশুরবাড়ি থেকে লাভলীর লাশ উদ্ধার করে পুলিশ।

কী ঘটবে বরিশালের উজিরপুরের এই মেয়েটির ভাগ্যে? কখনো উত্ত্যক্তে শিকার মেয়ে আত্মহত্যা করে সমাজের চোখে ‘খারাপ’ হওয়া থেকে বাঁচার চেষ্টা করছেন। কখনো বা তারা বখাটেকে প্রত্যাখ্যান করার ‘অপরাধে’ উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী রিশার মতো হত্যার শিকার হচ্ছেন। মেয়েকে প্রাণে বাঁচাতে শেষ পর্যন্ত বিয়েতেই তাঁরা সমাধান খুঁজছেন। আদৌ তা কি সমাধান হতে পারে? মেয়ের জন্য এই ‘রক্ষাকবচ’ তাকে অসুখী করা থেকে শুরু করে, নির্যাতন এমনকি হত্যা পর্যন্ত গড়াবে না, তার কি কোনো নিশ্চয়তা আছে?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীনের আশঙ্কাও সেটিই। তিনি বলেন, ‘বাধ্য হয়ে অভিভাবকেরা এখন উত্ত্যক্তকারীর সঙ্গে মেয়েটির বিয়ের ব্যবস্থা করেছেন। বলা বাহুল্য, এ ধরনের উদাহরণ উত্ত্যক্ত করাকে আরও বাড়িয়ে তুলবে। সিনেমায় এ ধরনের চিত্রায়ণ প্রায়ই দেখা যায়, কোনো মেয়েকে উত্ত্যক্ত করলে মেয়েটি উত্ত্যক্তকারীর প্রেমে পড়ে যায়। যৌন নিপীড়নকে এভাবে রোমান্টিক চেহারা দেওয়া হয় এবং অনেকে নিপীড়নকে একটি মেয়ের মন জয় করার স্বাভাবিক উপায় হিসেবে ভাবতে শেখে।’

এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে স্থানীয় সরকারের প্রতিনিধি এবং বিদ্যালয়গুলোকে বড় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মত, ‘এই খবর এ ধরনের ঘটে যাওয়া অসংখ্য ঘটনার একটিমাত্র। উত্ত্যক্তকরণের হাত থেকে বাঁচাতে অনেক সময় অভিভাবক ভুক্তভোগীর বিয়ে দিয়ে দেন। বাল্যবিবাহ রোধ করার অন্যতম শর্ত নিরাপদ শিক্ষা পরিবেশ তৈরি করা। উত্ত্যক্তকরণের বিষয়টিকে পাশ কাটিয়ে বাল্যবিবাহ রোধ কিংবা নারীশিক্ষার প্রসার—দুটিই কঠিন। উত্ত্যক্তকরণ বন্ধ করার জন্য অভিভাবকেরা সংশ্লিষ্ট ব্যক্তিদের আগে জানিয়েছেন বলে খবরে পড়লাম। এ বিষয়ে ছেলেটির অভিভাবকেরা তো নয়ই, স্কুল কর্তৃপক্ষও কোনো ব্যবস্থা নেননি। তার মানে যৌন নিপীড়ন বন্ধের জন্য হাইকোর্টের যে নির্দেশ রয়েছে, সেটি বিদ্যায়তনগুলোতে পালন করা হয় না। এটি মেয়ে শিক্ষার্থীদের অবস্থাকে নাজুক করে তোলে।’

আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুসারে, ২০১২ সালে উত্ত্যক্তের ঘটনা ঘটে ৪৫৯টি। উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেন ১৬ জন মেয়ে। ২০১৩ সালে ২৭৩টি ঘটনা ঘটে এবং আত্মহত্যা করেন ১৪ জন। ২০১৪ সালে ২৪১টি উত্ত্যক্তের ঘটনায় আত্মহত্যার ঘটনা ঘটে ১৪টি। ২০১৫ সালে উত্ত্যক্তের ৩২০টি ঘটনায় আত্মহত্যা করেন ১০ জন। ২০১৬ সালে ২৪৪টি ঘটনায় আত্মহত্যা করেন ৬ জন। এ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৩৩টি উত্ত্যক্তে ঘটনা ঘটেছে। এ ঘটনার শিকার হয়ে আত্মহত্যা করেছেন ৪ জন। উত্ত্যক্তের প্রতিবাদ করায় ১০ জন খুন এবং ৮৭ জন আহত হয়েছেন এবং বখাটেদের হাতে লাঞ্ছনার শিকার হয়েছেন ১২৮ জন। স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে ৪ জনের।

১৬ বছর আগে বখাটেদের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের ছাত্রী সিমির আত্মহননের ঘটনাটি দেশব্যাপী আলোড়ন তুলেছিল। প্রায় পাঁচ বছর আগে প্রতিবেদন করার জন্য গিয়েছিলাম সিমিদের বাসায়। ব্রাউন পেপারের বড় খাম খুলে সিমির ক্লাসের নোট, সিমিকে নিয়ে লেখা বিভিন্ন পেপার কাটিং বের করছিলেন তাঁর মা। টেবিলের ওপর থরে থরে গুছিয়ে রাখা খামগুলো। কোথাও ধুলো জমে নেই দেখে বোঝা যায়, খুব যত্নে রাখা হয়। ঘরে ঢোকার দরজা থেকে শুরু করে বৈঠকখানা সাজানো রয়েছে সিমির করা চিত্রকর্ম দিয়ে। পুরো বাড়িতে যেন সিমির অদৃশ্য উপস্থিতি। মেয়ের কথাই বলে যাচ্ছিলেন মা। সিমির স্মৃতি আঁকড়ে বাঁচতে চাওয়া ওই মায়ের সঙ্গে মৃত্যু নিয়ে কথা বলার মতো সাহস আর হলো না। পরদিন পাঠকেরা জানলেন, মেয়ের স্মৃতি নিয়ে কীভাবে মা বেঁচে আছেন। কীভাবে সিমির মৃত্যুর জন্য দায়ী বখাটেরা এখনো বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।

এখনো বখাটের উত্ত্যক্তের শিকার নারীর কথা লিখতে গেলে সিমির নাম চলেই আসে। চলে আসে আরও ‘সিমিদের’ নাম। সময় যত বাড়ছে ‘সিমিদের’ তালিকা তত বড় হচ্ছে। এরই মধ্যে উত্ত্যক্তকে যৌন হয়রানি হিসেবে বিবেচনা করে আইনের অন্তর্ভুক্ত করে সাত দফা নির্দেশনা দিয়ে ২০১১ সালের ২৬ জানুয়ারি রায় দেন হাইকোর্ট। যৌন হয়রানি রোধে এর আগে ২০০৯ সালে হাইকোর্ট একটি নীতিমালা দিয়েছিলেন। এসবের কিছুই যেন ‘সিমি’দের তালিকা লম্বা হওয়া রোধ করতে পারছে না।

এসব পরিসংখ্যান, এসব ‘শেয়ালের কাছে মুরগি জিম্মা’ রাখার ভয়াবহ উদাহরণগুলো, বিশেষজ্ঞদের হুঁশিয়ারি—এসব কি সরকার-প্রশাসনের টনক নড়াবে? কাল কি বখাটে উত্ত্যক্তকারীর সঙ্গে নিপীড়িত মেয়েটির বাল্যবিবাহটি ঠেকাতে কি কেউ এগিয়ে আসবে না?

নাজনীন আখতার : সাংবাদিক।