কালাই-রুটির সঙ্গে ৩০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭মাত্রাতিরিক্ত রোদ। রাজশাহী শহরে যারা প্রথম আসে, তারা সহ্য করতে পারে না এই চরম তাপ। মাথার ওপর একটা ছেঁড়া পলিথিনের একটুখানি ছায়া। ফুটপাতের মধ্যে সামান্য জায়গায় বসে আছেন আনোয়ারা বেগম। বয়স জিজ্ঞাসা করামাত্র হেসে বলেন, ‘বয়স বুলতে পাইরব না কত, ৭০ হইসে বুধ হয় (বোধ হয়)।’রাজশাহী বরেন্দ্র জাদুঘরের সামনে বসে কালাই-রুটি নিয়মিত তৈরি করেন তিনি। যদিও অতিরিক্ত গরম ও অতিরিক্ত ঠান্ডা—এ দুটি কাল ছাড়া বাকিগুলো তেমন অনুভব করেন না। কিন্তু বাইরে থেকে কেউ এমন আবহাওয়ার সঙ্গে মানাতে চরম বিপাকে পড়ে। এমন শান্ত শহরে প্রথম যে আসে, সে একবার হলেও ভাবে—এমন শহরে থেকে যাব নাকি! এই শহরে প্রতিটি রাস্তা আমাকে চেনে, আমিও চিনি। আমার ছেলেবেলা, আমার প্রিয়বেলা কেটেছে এই শান্ত শহরে। যদিও এখন ছুটি ছাড়া আর আসা হয় না। আমার শহরে পালিয়ে এলাম কিছুটা ক্লান্তি মেটাতে। আর বিকেলে রুটি মানে কালাই-রুটি কিনতে বের হলাম ছোট বোনকে নিয়ে। আমি আর আমার বোন বসে গেলাম তাঁর কালাই-রুটি বানানো দেখতে। খুব যত্ন নিয়ে বানাচ্ছেন কালাই-রুটি। এটা একবার নয়, বারবার খেতে আসে সবাই। বানানোর নিয়ম জিজ্ঞেস করতেই বললেন আনোয়ারা বেগম, ‘আপনারা পাইরবেন নাহ। আগে হামরা (আমরা) তো ডাল দিতাম বেশি আর আটা দিতাম সামান্য পরিমাণ। কিন্তু সব জিনিসের দাম বাড়াই আমরা এখন কালাই আর আটা মিশাই সমপরিমাণ। দুই কেজি আটার সঙ্গে দুই কেজি কালাইর ডাল দেই। কাঁচা পানি আর একটু লবণ দিয়ে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হয়।’এরপর মোটা করে রুটি তৈরি করেন আনোয়ারা বেগম। ‘পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই’—কাজের ফাঁকে ফাঁকে এভাবে গুনগুনিয়ে গান করেন আপনমনে। বেশ খুশি মানুষ। সদা হাস্যোজ্জ্বল চেহারা। কিছুক্ষণ পর পর পান মুখে দেন। পানে লাল ঠোঁটে কথা বলতে বলতে গান গেয়ে ওঠেন নিজ পছন্দের। রাজশাহীবাসীর কাছে বেশ পরিচিত আনোয়ারা বেগম। আনোয়ারা বেগমের তিন মেয়ে। ছেলেসন্তান নেই বলেই মনে করেন তিনি। কেন মনে করেন তা পরিষ্কার হয় তাঁর কথায়, ‘একখান আছিল।’ ছেলে বিয়ে করার পর আলাদা থাকে, মাকে তিনবেলা ভাত দিতে খুব বেশি কষ্ট হয়ে যায়। তাই মা ছেলের সংসারে অশান্তি না করে একাই থাকেন। আর রুটি বানিয়ে নিজের পেট চালান। যদিও আগে থেকেই পারিবারিকভাবে এই পেশায় জড়িত তিনি।আনোয়ারা বেগম এখনো নিজের কাজ নিজে করেন। কোনো ক্লান্তি নেই। বরং আনন্দ নিয়েই রুটি বানান। তিনি আরও বলেন, ‘এই শরীরে মানুষের বাড়ি কামকাজ করতে পারি না, তাই রুটি বানাই। আর রুটি বানানো আমার পুরান কাজ, ৩০ ধরে রুটি বানাই। হামাগো পরিবারে খাবার মানে রুটি আছিল। আমার মা বানাইত, আমরা সব ভাইবোন মিলে সকালে খাইতাম। আমার নিজের জন্য যে কয় টাকা লাগে, তা হয়ে যায় এই রুটি বিক্রি করে। ডেইলি (প্রতিদিন) ৪০০ টাকার আটা-ডাল কিনি। ডেইলি বেচা-বিক্রি তেমন ঠিক নাই। কোনো দিন ৫০০, কোনো দিন বেশিও হয়। বৃষ্টির দিনে হাজার ট্যাকা হয়।’ সারা দেশের সব খাবারে যখন ভেজালের সমাগম, তখন কোনো রকম সন্দেহ ছাড়াই রাজশাহীবাসী সানন্দে কিনে নিয়ে যায় আনোয়ারা বেগমের কালাই রুটি। সঙ্গে সামান্য মরিচ আর বেগুনপোড়া ভর্তা। সান্ধ্য নাশতা হিসেবে বেশ জনপ্রিয় এ খাবার।সাবিনা ইয়াসমিন