কালাইয়ের সুখী কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই কৃষকেরা নিজেদের সুখী ভাবেন
এই কৃষকেরা নিজেদের সুখী ভাবেন

প্রবল বন্যায় বিপর্যস্ত বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বেশ কয়েকটি জনপদের দুর্গত মানুষের অবর্ণনীয় দুঃখ-কষ্ট দেখার পর মঙ্গলবার সকালে সিএনজিচালিত অটোরিকশায় জয়পুরহাটের দিকে যেতে যেতে মহাসড়কের দুই পাশে সবুজ ধানে ভরা বিস্তীর্ণ প্রান্তর দেখতে পাই।

‘এদিকে বন্যা হয়নি, না?’ অটোরিকশার চালককে জিজ্ঞাসা করি। হাসিখুশি তরুণটি সানন্দে বলে, ‘না ভাই, হামাগেরে এই দিকে বন্যা নাই। দেখেন, কী ফাইন ধান হোছে!’

ওই মুহূর্তে আমরা অতিক্রম করছিলাম জয়পুরহাট জেলার কালাই এলাকা। আসলে বন্যায় এই জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটিই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট প্রায় ১২ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। অধিকাংশই আমন ধান, এই অঞ্চলের প্রধান ফসল। তবে উল্লেখযোগ্য পরিমাণে সবজিও নষ্ট হয়েছে। সবজিচাষিদের বড় আফসোস এই যে সবজি পরিপুষ্ট হয়েছিল, আর অল্প কিছুদিন পরেই তুলে বাজারে বিক্রি করে নগদ টাকাপয়সা পাওয়া যেত। শুধু ফসলহানি নয়, কিছু ঘরবাড়িরও ক্ষতি হয়েছে। অবশ্য গুরুতর ক্ষতি নয়, কাউকে ঘরবাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে হয়নি। জয়পুরহাট জেলায় বন্যার্ত মানুষের জন্য কোনো আশ্রয়কেন্দ্র খোলার প্রয়োজন পড়েনি।

কিন্তু কৃষকের ফসলহানি মানে তো বিরাট বিপর্যয়, এক মৌসুমের ফসল নষ্ট হলেই তার দুঃখ-কষ্টের সীমা থাকে না।

সেই বিপর্যয় জয়পুরহাটের কালাই উপজেলার কৃষকদের স্পর্শ করেনি, এটাই একমাত্র উপজেলা, যেখানে বন্যার পানি প্রবেশ করেনি। এখানকার মাঠে মাঠে এখন আমনের চারা লকলকিয়ে বাড়ছে। কালাই সদর থেকে মাইলখানেক উত্তরে আমার দাদার গ্রাম দুরঞ্জের কৃষকেরা আমাকে বললেন, তাঁদের জমিতে ধানগাছের এক-একটা গোছা এমন ঐশ্বর্যময় হয়ে উঠেছে যে গোছার অর্ধেক গাছ সরিয়ে নিয়ে অন্য খেতে রোপণ করা যাবে; তাতে ফলন একটুও কম হবে না।

একটু আগে এই একই কথা জয়পুরহাট শহরেও শুনেছি। পরিচিত এক ব্যক্তি আমাকে বলেন, সরকারের কৃষি অধিদপ্তর উদ্যোগ নিলে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য আমন ধানের চারাগাছের ব্যবস্থা করা জেলার মধ্যে থেকেই সম্ভব। যেসব কৃষকের ধান নষ্ট হয়নি, তাঁদের খেতের প্রতি গোছা ধানগাছ থেকে অর্ধেক গাছ তুলে নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের খেতে লাগানো যাবে। আমি জানতে চাইলাম, কৃষকেরা তাঁদের খেত থেকে এভাবে অর্ধেক ধানগাছ তুলে নিয়ে যেতে দেবেন? তিনি বললেন, ‘সরকার ব্যবস্থা নিলে অবশ্যই দেবে। তা ছাড়া যারা দেবে, তাদের তো কোনো ক্ষতি হবে না। তাদের খেতের ফলন একটুও কমবে না।’

দুরঞ্জ গ্রামের কৃষকেরা বললেন, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার যেসব কৃষকের কিছু জমির ধান নষ্ট হয়েছে আর কিছু জমি অক্ষত আছে, তাঁরা নিজেদের অক্ষত জমিগুলো থেকে অর্ধেক ধানগাছ তুলে নষ্ট খেতে লাগাচ্ছেন। সুতরাং, আমনের চারার অভাবে যেসব ক্ষতিগ্রস্ত কৃষক এই মৌসুমে আর ধান চাষ করতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে, তাঁদের জন্য এই উপায়টা অন্তত জয়পুরহাট জেলায় এখনো আছে। সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টা ভেবে দেখতে পারে।

দুরঞ্জ গ্রামে পরিচিত কয়েকজন কৃষকের সঙ্গে আলাপের সময় আমি বগুড়া-গাইবান্ধার বন্যাদুর্গত মানুষের দুঃখ-কষ্টের কথা বললাম, বিশেষভাবে শোনালাম তাঁদের খাদ্যাভাবের কথা। তাঁরা আমার মোবাইল ফোনে বন্যার্ত মানুষের দুর্দশার ভিডিওচিত্র দেখলেন। সব দেখেশুনে একজন বললেন, ‘হামরা তো ডিমের কুসুমের মধ্যে আছি!’ অর্থাৎ বন্যার্ত মানুষের তুলনায় তাঁরা খুব ভালো আছেন। বন্যা এখানে কখনোই হয় না, মাঝে মাঝে বরং খরার মতো অবস্থা হয়। তবে সেটা একদম নিরুপায় কোনো অবস্থা নয়, বৃষ্টি না হলে খেতের ফসল মারা পড়বে এমন দিন আর নেই। গভীর-অভীর অনেক নলকূপ আছে, সেচের পানির অভাব হয় না। তবে বৃষ্টির মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হলে সেচের খরচ বেড়ে যায়।

এ বছর বেশ ভালো বৃষ্টি হচ্ছে, আমনের খেতে যথেষ্ট পানি আছে; এ অঞ্চলে আমন আবাদের জন্য সাধারণত সেচের দরকার হয় না। এটা একটা সুখের বিষয়, কারণ সেচের প্রয়োজন হলে পানি কিনতে হয়, ফসলের উৎপাদন খরচ বেড়ে যায়। প্রতি বিঘায় অন্তত এক হাজার টাকা বাড়তি খরচ করতে হয়।

ফসলের উৎপাদন খরচ আর লাভ-লোকসানের কথা যখন উঠল, তখন দেখা গেল কৃষকদের সুখের ভাবটা মিলিয়ে যাচ্ছে, কপালে ভাঁজ দেখা দিচ্ছে। এ ধরনের কথাবার্তা উচ্চারিত হয়: ‘কৃষিকাজে লাভ নাই’, ‘কৃষকের উন্নতি নাই’, ‘চাষাবাদে খরচের শ্যাষ নাই’ ইত্যাদি।

তাঁরা আমাকে বুঝিয়ে দিলেন: এক বিঘা ভালো জমিতে ভালোভাবে চাষ করলে আমন ধানের ফলন হয় ১২ থেকে ১৪ মণ আর ইরির ফলন হয় ১৮ থেকে ২০ মণ। এক বিঘা জমিতে এক মৌসুমের ফসল ফলাতে খরচ হয় আট-নয় হাজার টাকা। জমিতে হাল দেওয়া, বীজ কিংবা বিছন কেনা, চারা রোপণ করা, সার ও কীটনাশক কেনা, সেচ দেওয়া (ইরির ক্ষেত্রে), ধান কাটা ও মাড়াই করা—এই সব বাবদে খরচ হয়। যেসব কৃষক ছেলে-নাতি নিয়ে নিজেই খেতে কাজ করেন, তাঁদের মজুর খরচ কিছুটা বাঁচে। ধান ও মাড়াই করা এক বিরাট সমস্যা। এক বিঘা জমির ধান কাটা-মাড়াই করতে তিন থেকে চার হাজার পর্যন্ত মজুর খরচ লাগে। এটা মোট উৎপাদন খরচের প্রায় অর্ধেক।

এভাবে দেখা যাচ্ছে, এক বিঘায় ২০ মণ ইরি ধান কিংবা ১৪ মণ আমন ধানের মোট উৎপাদন খরচ আট-নয় হাজার টাকা। এ বছর ধানের দাম ভালো, ইরি ৮০০ টাকা, আমন ১ হাজার টাকা পর্যন্ত। এই হিসাবে এক বিঘার ইরি ধান (২০ মণ) বিক্রি করে কৃষক পাচ্ছেন ১৬ হাজার টাকা, আর এক বিঘার আমন ধান বিক্রি করে পাচ্ছেন ১৪ হাজার টাকা। উৎপাদন খরচ বাদ দিলে এক বিঘার ধান থেকে একজন কৃষকের লাভ থাকে পাঁচ থেকে আট হাজার টাকা। একজন কৃষক যদি পাঁচ বিঘা জমিতে ধান চাষ করেন, তাহলে এক মৌসুমে তাঁর আয় হয় ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। এক মৌসুম মানে কমপক্ষে তিন মাস। পাঁচ বিঘা জমির মালিক একজন কৃষকের মাসিক আয় দাঁড়াচ্ছে ৮ হাজার থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত। এই আয় ঢাকার একজন রিকশাচালকের মাসিক আয়ের চেয়ে অনেক কম। এমনকি কালাই অঞ্চলেই একজন খেতমজুর বা দিনমজুর প্রতিদিন কাজ করলে মাসে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন।

জমির পরিমাণ বেশি হলে কৃষকদের আয় আরেকটু বেশি হতে পারে, কিন্তু কালাই অঞ্চলে ১০ বিঘা ও তার বেশি পরিমাণ জমির মালিক অনেক থাকলেও ১০ বিঘা জমিতে চাষ করেন এমন কৃষকের সংখ্যা খুব কম। বেশি জমির মালিকেরা শহরে থাকেন, কিংবা গ্রামে থাকলেও নিজেরা জমি চাষ করেন না, পত্তনি দিয়ে থাকেন। এক শতক জমি এক বছরের জন্য (তিন ফসল) পত্তনি পাওয়া যায় ৪০০ থেকে ৫০০ টাকায়। যেসব ছোট কৃষক অন্যের জমি পত্তনি নিয়ে আবাদ করেন, তাঁদের আয় ওপরে উল্লেখিত হিসাবের চেয়ে একটু কম হয়।

দুরঞ্জ গ্রামের কৃষকেরা পাই পাই হিসাব করে আমাকে বুঝিয়ে দিলেন যে কৃষিকাজ করে তাঁদের বেশি লাভ হয় না। সে কারণে তাঁদের আর্থিক অবস্থার পরিবর্তনও তেমন ঘটে না। যে বছর ধান ও আলুর ফলন খুব বেশি হয়, সে বছর তাঁদের ক্ষতি হয়। কারণ, তখন ধান ও আলুর দাম এত কমে যায় যে তা বিক্রি করে কৃষকদের উৎপাদন খরচই ওঠে না। যাঁদের জমির পরিমাণ তিন বিঘার নিচে, তাঁদের আয় একেবারেই কম। আর যাঁদের নিজেদের জমি নেই, অন্যদের জমি পত্তন নিয়ে চাষাবাদ করেন, তাঁদের অনেককেই ঋণ নিয়ে তা করতে হয়। তাঁরা জমির মালিককে পত্তনির টাকা কিংবা ডিপ টিউবওয়েলের মালিককে সেচের পানির টাকা পরিশোধ করতে পারেন ফসল তুলে বিক্রি করার পর, তার আগে নয়।

তবু এই কৃষকেরা নিজেদের সুখী ভাবেন। কারণ, তাঁরা দেখছেন দেশের অনেক অঞ্চলের মানুষ ব্যাপক বন্যায় সর্বস্ব হারিয়ে সীমাহীন দুঃখ-দুর্দশায় পড়েছেন, মানবেতর জীবন যাপন করছেন। দুর্গত ওই সব মানুষের জন্য তাঁরা আফসোস করছেন, সহানুভূতি প্রকাশ করছেন।

মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।