কিউবার ক্ষেত্রে ওবামার বিশেষ সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্লোমো বেন অ্যামি
শ্লোমো বেন অ্যামি

প্রায়ই এমন হয় যে নেতারা সামাজিক-রাজনৈতিক অবস্থার পরিবর্তনের অনুঘটক না হয়ে তার হাতে জিম্মি হয়ে পড়েন। দুনিয়া খুব কমই ইতিহাস পরিবর্তনকারী পদেক্ষপ প্রত্যক্ষ করেছে। যেমন, ১৯৭২ সালে রিচার্ড নিক্সনের চীন সফর ও ১৯৭৭ সালের মিসরীয় প্রেসিডেন্ট আনোয়ার আল-সাদাতের জেরুজালেম সফর।
সে কারণেই কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বন্দ্ব বহুদিন ধরেই চলছে। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে কোনো মার্কিন প্রেসিডেন্টই তাঁদের ব্যর্থতা স্বীকার ও এই দ্বীপরাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে না পারার রাজনৈতিক মূল্য পরিশোধ করতে রাজি হননি। কিন্তু বারাক ওবামার জামানা শেষের দিকে আসায় মনে হচ্ছে, তিনি এই প্রতিবন্ধকতা থেকে মুক্ত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্টকে রাজনৈতিক প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ করতে হলে শক্তিশালী লবি নিয়োগ দিতে হয়। প্রেসিডেন্ট জিমি কার্টার যে ইসরায়েল-মিসর শান্তি সমঝোতায় সফল হলেন ও প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ‘ফিলিস্তিনিদের বাসভূমির’ মতো সাহসী কথা বললেন, এর সঙ্গে তাঁর ইহুদি সংগঠনগুলোর দাবির প্রতি কর্ণপাত না করার সম্পর্ক রয়েছে। একইভাবে প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশও যদি ‘শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী’ নিয়োগ না দিতেন, তাহলে তাঁর পক্ষেও ইসাক সমিরের মতো অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ১৯৯১ সালে মাদ্রিদ মান্তি সম্মেলনে আনা সম্ভব হতো না। তাঁর ভাষায়, এই ‘শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী’ হচ্ছে ‘পাহাড়ের হাজার খানেক লবিকারী’।
স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলো আগেও ওবামাকে চাপ দিয়েছে। কিন্তু তাঁর জামানার শেষ দিকে এসে তিনি বুঝতে পারছেন, নিজের কিছু উত্তরাধিকার রেখে যেতে হলে তাঁকে শুধু এদের পরাভূতই করতে হবে না, একই সঙ্গে তাঁকে যুক্তরাষ্ট্রের এই স্বার্থ-গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতির কাঠামোও ভাঙতে হবে। তিনি যে চীনের সঙ্গে যুগান্তকারী জলবায়ু পরিবর্তনবিষয়ক ঐকমত্য করেছেন ও অবৈধ অভিবাসীদের ক্ষমা করার মতো বিতর্কিত পরিকল্পনা করেছেন, সে জন্য কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের সঙ্গে তাঁকে এখন ঝগড়া করতে হচ্ছে।
একইভাবে ওবামা যদি ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের সমাধানে দ্বিজাতিভিত্তিক সমাধান দিয়ে উদ্ধারকর্তা হিসেবে স্বীকৃতি পেতে চান, তাহলে তাঁকে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটির দ্বারস্থ হতে হবে। সেটা হলে তাঁকে আগেভাগে প্রেসিডেন্সি ছাড়তে হবে। যখন একটি সমঝোতার মধ্যস্থতা করতে গিয়ে তিনি এআইপিএসিকে মোকাবিলা করতে ব্যর্থ হন। সম্ভবত তিনি যে যুক্তরাষ্ট্রের কিউবাবিষয়ক নীতি পরিবর্তনের চেষ্টা করছেন, সেটাই তাঁকে পথ দেখাবে। যার মানে হচ্ছে, ফিদেল কাস্ত্রো ও তাঁর ভাই রাউলের বিরোধিতাকারী একটি সুশৃঙ্খল লবিকে চ্যালেঞ্জ করা।
ইতিমধ্যে কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হলে তার অনেক সুদূরপ্রসারী সুফল পাওয়া সম্ভব হবে। লাতিন আমেরিকাজুড়ে শীতল যুদ্ধের সময়ের মার্কিনবিষয়ক যে তিক্ততা ছিল, তা হয়তো থিতিয়ে আসবে। আর বলিভিয়া, ইকুয়েডর, নিকারাগুয়া ও বিশেষ করে ভেনেজুয়েলায় তার অবস্থান ভালো হবে। এই দেশগুলো কিউবার আদর্শগত স্যাটেলাইট, কাস্ত্রোর জামানায় এ দেশগুলো কিউবার অর্থনৈতিক আয়ুরেখা হিসেবে কাজ করেছে। তেলের দাম ব্যাপক হারে কমে যাওয়ায় ভেনেজুয়েলা দেউলিয়া হতে বসেছে, ফলে তাদের পক্ষে মার্কিনবিরোধী লাইনে থাকা কঠিন হবে। আর যেখানে কাস্ত্রো ভ্রাতাই ‘গ্রিঙ্গোদের’ সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলেছে, সেখানে তাদের আর ঝামেলা বাড়িয়ে লাভ কী।
উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, কিউবা-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণার কয়েক ঘণ্টা পরই লাতিন আমেরিকার সর্বশেষ মার্ক্সবাদী বিদ্রোহী গ্রুপ দ্য রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (এফএআরসি) একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেয়। গত দুই বছর কিউবা যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ সহযোগিতায় কলম্বিয়া সরকার ও এফএআরসির মধ্যে শান্তি সমঝোতার চেষ্টা করেছে। কলম্বিয়ার অবৈধ মাদক উৎপাদকদের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে।
যুক্তরাষ্ট্রের কিউবা নীতি শীতল যুদ্ধের লেশ বহন করছে। কিন্তু এটা নিশ্চিত যে নতুন বিশ্বব্যবস্থা প্রণয়নে চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতায় ওবামার এ পদক্ষেপে পাশা ঘুরে যাবে না। তবে নিশ্চিতভাবে এতে ওবামার ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আর অধিকতর শত্রু সৃষ্টি হওয়ার আশঙ্কাও হ্রাস পেয়েছে। হঠাৎ করেই ইরান ও রাশিয়ার ক্ষেত্রে তাঁর কঠোরতার ব্যাপারটি আরও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে।
এদিকে কিউবা পশ্চিমা উদার মূল্যবোধের পরিসীমা আরও ব্যাপ্ত করার সুযোগ করে দিয়েছে। সোভিয়েত ইউনিয়ন শীতল যুদ্ধের সময় কিউবাকে প্রচুর ভর্তুকি দিয়েছে। রাশিয়াও সেটা অব্যাহত রেখেছে। তারাও কিউবাকে ভূরাজনৈতিক হট্টগোল পাকানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চায়, সোভিয়েত ইউনিয়নও যেটা করেছে। এটা আর এখন কোনো বিকল্প নয়। আর যুক্তরাষ্ট্র সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা না করলেও রাশিয়ার অর্থনৈতিক সংকটের কারণেই তার পক্ষে কিউবাকে সহায়তা করা আর সম্ভব হতো না। ইতিমধ্যে এই সহায়তার পরিমাণ অনেক কমেও গেছে।

.
.

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারটি কিউবার উদারনৈতিকীকরণের পথে খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। সর্বোপরি এসব পরিবর্তন তো আর নিষেধাজ্ঞা আরোপ বা ইরাকের ক্ষেত্রে যেমন প্রচণ্ড আঘাত করে সম্ভ্রম আদায় করা হয়েছে— সে রকম নীতির মতো নয়। সামাজিক-অর্থনৈতিক অগ্রগতি ও বহিঃশক্তিগুলোর কূটনৈতিক অংশগ্রহণের মধ্য দিয়ে এসব বাস্তবায়িত হবে।
ধারণা করা হচ্ছে, কিউবা হয়তো চীনা ধাঁচে রাজনৈতিক একনায়কত্ব ও অর্থনৈতিক উদারীকরণের পথে হাঁটবে। এটা হয়তো স্বল্প মেয়াদে সঠিক হতে পারে। শেষমেশ কাস্ত্রো জামানার পরিসমাপ্তি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নত সম্পর্কের কারণে কিউবা হয়তো স্পেনের পথে হাঁটবে: ফ্রান্সিসকো ফ্রাংকোর পতনের পর পূর্ণাঙ্গ গণতন্ত্রের অভিমুখে যাত্রা।
কিউবার ক্ষেত্রে ওবামা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, সাংঘর্ষিক ও নিষেধাজ্ঞা আরোপের রাজনীতি অতিক্রম করতে হলে কূটনৈতিক উদ্যোগ দরকার। সময় শেষ হয়ে যায়নি। আরও কিছু দীর্ঘমেয়াদি দ্বন্দ্বের ব্যাপারেও তিনি একই রকম সাহস নিয়ে দাঁড়াতে পারেন, যেমন ইরান ও উত্তর কোরিয়া। আর ইসরায়েল ও ফিলিস্তিনের পূতিময় দ্বন্দ্বের কথা নাহয় মুখে না-ই নিলাম। আর রাশিয়া যে ন্যাটোর সঙ্গে তার সীমান্তে স্থায়ী সামরিক অঞ্চল সৃষ্টির চেষ্টা করছে, সেই ঝুঁকিও তাঁকে মোকাবিলা করতে হবে।
শেষমেশ নেতাদের হাতেই বিশ্বশান্তি নির্ভর করছে। যাঁরা উন্মুক্ত হয়ে জড়তার রাজনীতি চ্যালেঞ্জ করতে চান, উৎসাহী কূটনীতি ও প্রগতির নতুন পথে হাঁটতে চান, ইতিহাস তাঁদের সম্মান করে।
ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
শ্লোমো বেন-অ্যামি: ইসরায়েলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী।