গণপরিবহনে নৈরাজ্য ও রাজধানী ঢাকার যানজট নিয়ে নাগরিক জীবনে যে হয়রানি প্রতিনিয়ত বাড়ছে, তা আর বলার অবকাশ রাখে না। এই হয়রানির কাছে মানুষ ক্রমেই অসহায় হয়ে পড়ছে। হয়রানি থেকে রক্ষা পাওয়ার অর্থবহ ও কার্যকর কোনো উপায় জনসাধারণের নাগালেও নেই। সরকার তথা নীতিনির্ধারকেরা নানা রকম আশার বাণী শোনালেও বাস্তবতা হলো, জনজীবনে স্বস্তি মিলছে না।যানজট নিরসন বা গণপরিবহনে নৈরাজ্য থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিশেষজ্ঞরা অনেক পরামর্শই দিয়ে আসছেন। এসব পরামর্শ নিয়েও তর্ক-বিতর্ক আছে। আর তাই অনেক ক্ষেত্রে তা আর হালে পানি পাচ্ছে না। আবার এমন কিছু পরামর্শও আসছে, যা বাংলাদেশের বাস্তবতায় প্রয়োগ করা বেশ কঠিন। সরকারের দিক থেকেও সমস্যা সমাধানের চেয়ে উচ্চাভিলাষী কাজ প্রদর্শনের দিকেই বেশি আগ্রহ পরিলক্ষিত হয়। রাজধানীতে একাধিক উড়ালসেতু বা ফ্লাইওভার নির্মাণের যে কর্মযজ্ঞ চলছে, তাতেই বিষয়টি ফুটে ওঠে।বস্তুত, যানজট নিয়ে বিভিন্নমুখী আলোচনা আর তর্ক-বিতর্কের মধ্যে কিছু অপ্রথাগত বিকল্প উপেক্ষিতই থেকে যাচ্ছে। যানজট ও গণপরিবহনকে উন্নয়ন পরিকল্পনার বৃহত্তর পরিপ্রেক্ষিতে বিবেচনা করা হচ্ছে কি না, সে প্রশ্নটি চলে আসে। একই সঙ্গে অর্থনীতির অন্যতম মৌলিক সূত্র চাহিদা-জোগানের বিষয়টিকেও এ ক্ষেত্রে ঠিকভাবে ভাবা হচ্ছে বলে মনে হয় না।একটা দৃষ্টান্ত সহযোগে বিষয়টি একটু আলোচনা করা যেতে পারে। রাজধানী ঢাকার রাস্তায় প্রতিদিন গড়ে কয়েক শ প্রাইভেট কার নামছে। এই মোটরগাড়িও যানজটের অন্যতম কারণ। কিন্তু এত মোটরগাড়ি কেন নামছে, এই প্রশ্নের উত্তর কি যথাযথভাবে খোঁজা হয়েছে? কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতি গড়ে ৬ শতাংশ হারে বাড়ছে। এই প্রবৃদ্ধির হার সমাজে বিভিন্নভাবে প্রতিফলিত হয়। ব্যক্তি বা পরিবারের গাড়ির সংখ্যা তার অন্যতম। মোটদাগে বললে, উচ্চ প্রবৃদ্ধি মানে মানুষের আয়-উপার্জন বেড়ে যাওয়া। আর উপার্জন বাড়া মানেই ভোগব্যয় বাড়া। আয়ের স্তর যত উঠবে, ভোগব্যয় তত বাড়বে, স্বাচ্ছন্দ্যের জন্য ব্যয় বাড়বে। এরই অংশ হিসেবে চলে আসে নিজের একটি ফ্ল্যাট বা নিজের একটি গাড়ি।এখন আমরা উচ্চহারে প্রবৃদ্ধি প্রত্যাশা করব, অথচ প্রবৃদ্ধির ঝক্কি বহন করতে সম্মত হব না, তা তো বাস্তবসম্মত নয়। আবার বাংলাদেশের অর্থনীতি মুক্তবাজার দর্শনের আলোকে পরিচালিত হচ্ছে, যেখানে নয়া-উদারতাবাদী নীতি ও কার্যক্রম জোরদার হচ্ছে। অর্থাৎ, বাজারনির্ভর ও ব্যক্তিকেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সবচেয়ে ক্ষমতাবান। এই অবস্থায় ব্যক্তির মোটরগাড়ি তো বাড়বেই। এটা বিচ্ছিন্নভাবে রোধ করা যাবে না।কিন্তু এই মহানগরেই যাতায়াতের জন্য লাখ লাখ মানুষকে নির্ভর করতে হয় বাস-মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ নানা ধরনের ছোট-বড় যানবাহনের ওপর। যেহেতু মানুষের দিক থেকে বিরাট চাহিদা আছে এবং যেহেতু চাহিদা মেটানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই, সেহেতু গণপরিবহনের নৈরাজ্যকর অবস্থা দেখা দিয়েছে, যার বিষময় ফল হলো যানজট। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে গেলে হয় চাহিদার ব্যবস্থাপনা করতে হবে, না হয় জোগান পরিস্থিতির উন্নতি করতে হবে, অথবা দুইয়ের মধ্যে সুসমন্বয় করতে হবে। অর্থাৎ, যত বড় বড় কর্মযজ্ঞই হাতে নেওয়া হোক না কেন, চাহিদা-জোগানের এই কাঠামোগত বিষয়টি যদি সম্যকভাবে উপলব্ধি করা না যায়, যদি অর্থনীতির গতি-প্রকৃতির সঙ্গে মিলিয়ে দেখা না যায়, তাহলে কোনোটিই কাজে আসবে না।আবার চটজলদি সমাধানেরও পথ নেই। দীর্ঘমেয়াদি ও সর্বাত্মক নীতি-পরিকল্পনার অভাবে ও নানা ধরনের অদূরদর্শী ও সাময়িক পদক্ষেপের ফলে পরিস্থিতি এতটাই জটিল হয়েছে যে সময় নিয়ে কাজ করা ছাড়া সুফল পাওয়া যাবে না। এ জন্যই প্রয়োজন সুদূরপ্রসারী পরিকল্পনা ও কিছু বিকল্প পথ, যা আপাতত নজরে আসছে না। সে রকম একটি বিকল্প হতে পারে রেলপথের ওপর নির্ভরতা বাড়ানো। রেলকেন্দ্রিক কিছু পদক্ষেপ ঢাকাবাসীকে অসহনীয় যানজটের অত্যাচার থেকে মুক্তি দিতে পারে। এ জন্য বিদ্যমান রেল অবকাঠামোতে কিছু সংস্কার করা জরুরি।উত্তরা ও টঙ্গী এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার লোক ঢাকার মূলকেন্দ্রে আসে। আবার ঢাকার মূলকেন্দ্রসহ বিভিন্ন এলাকা থেকেও প্রতিদিন হাজার লোক উত্তরা, টঙ্গী, আশুলিয়া ও গাজীপুরে যায়। এই যাতায়াতের ৯৫ শতাংশই সম্পন্ন হয় সড়ক পরিবহনের ওপর নির্ভর করে। অথচ কমলাপুর থেকে জয়দেবপুর পর্যন্ত পরিকল্পনা করে অনায়াসেই কিছু কমিউটার বা শাটল ট্রেন চালানো যায়। বর্তমানে জয়দেবপুর-কমলাপুর তুরাগ এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয় ও প্রয়োজনীয় একটি ট্রেন। সকালে এটি নারায়ণগঞ্জেও যায়। আবার উত্তরা, টঙ্গী ও জয়দেবপুর থেকে কিছু মানুষ আন্তনগর ট্রেনে চেপে ঢাকার কেন্দ্রে আসে। বেশির ভাগই দাঁড়িয়ে আসে। যদি সকালে অফিস সময়ের সঙ্গে মিলিয়ে ২০ থেকে ৩০ মিনিট অন্তর কয়েকটি ট্রেন জয়দেবপুর-কমলাপুর পর্যন্ত যাতায়াত করে, তাহলে সড়কপথের ওপর চাপ কমতে বাধ্য। একইভাবে বিকেল-সন্ধ্যায় ট্রেন চালানো যায়।আবার এসব ট্রেনের সবগুলোর কমলাপুর পর্যন্ত যাওয়ারও দরকার নেই। কিছু ট্রেন তেজগাঁও রেলস্টেশনে এসে গন্তব্য শেষ করে আবার তেজগাঁও থেকে ফিরে যেতে পারে। আর তেজগাঁও স্টেশন থেকে কিছু বাস চালানো যেতে পারে ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজারে যাতায়াতের জন্য। তেজগাঁও স্টেশনের বিশাল জায়গা ক্রমেই বেদখল হচ্ছে। অবকাঠামো পরিত্যক্ত হচ্ছে। অথচ সরকার একটু মনোযোগ দিলে এগুলো রোধ করা যায়। তেজগাঁও থেকে জয়দেবপুরে যেতে বনানীতে একটি ছোট অথচ পরিপূর্ণ স্টেশন হতে পারে। বর্তমানে বনানী স্টেশনে প্ল্যাটফর্ম নেই। তুরাগ বা ঈশা খাঁ এক্সপ্রেস এখানে যাত্রাবিরতি করলেও যাত্রীদের পক্ষে ট্রেনে ওঠানামা করা খুবই কষ্টকর, বিপজ্জনকও বটে। বনানীতে প্ল্যাটফর্ম করে ও প্রতিটি কমিউটার ট্রেন এখানে যাত্রাবিরতি দিলে বহু মানুষ উপকৃত হবে। একইভাবে ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর স্টেশন আরও সক্রিয় হয়ে উঠবে। এভাবে ট্রেন চললে এ পথে অনেক মানুষ নিজস্ব গাড়ি ব্যবহারও কমিয়ে দেবে। বাসের ওপরও চাপ কমে যাবে। তাতে সড়কপথে বাস-গাড়ি চলাচলের সংখ্যাও নেমে আসবে। ফলে যানজট যেমন কমবে, তেমনি সড়ক যানগুলোর স্থায়িত্বও বাড়বে। সার্বিকভাবে মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে।বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে যে ১৩ জোড়া ট্রেন চলাচল করে, তা আরও বাড়ানো দরকার। বাড়ানো দরকার বগির সংখ্যা, যা বর্তমানে মাত্র সাতটি। বিশেষ করে, সকালবেলা নারায়ণগঞ্জ থেকে ট্রেন অপর্যাপ্ত। সকাল সাতটা থেকে সাড়ে ১০টা পর্যন্ত তুরাগসহ মাত্র চারটি ট্রেন ঢাকায় আসে। অর্থাৎ, গড়ে প্রতি ৫০ মিনিটে একটি ট্রেন। প্রয়োজন প্রতি ২৫-৩০ মিনিট অন্তর ট্রেন। তাহলে বাসের ওপর নির্ভরতা কমবে, সড়কে চাপ কমবে। দিনে-রাতে অধিক ব্যস্ততার সময় তিন-চারটি বগিও বাড়িয়ে দেওয়া যেতে পারে। ট্রেনের ভাড়াও পুনর্বিন্যাস করা দরকার। ছয় টাকা ভাড়া অতি সস্তা। এটি অন্তত ১০ টাকা করা উচিত।আবার ট্রেন দিলেই হবে না। মানুষ যেন ট্রেনে চড়তে পারে, সময়মতো স্টেশনে আসতে পারে, সে সুবিধাটুকুও নিশ্চিত করতে হবে। এ জন্য স্টেশনের কাঠামো সংস্কার করতে হবে, প্রবেশগম্যতা অবাধ করতে হবে। বাস-ট্রাক বা রিকশা-সিএনজিচালিত অটোরিকশার দৌরাত্ম্যে রেলস্টেশনগুলোতে প্রবেশ করা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে। আর স্টেশনের ভেতরে অপরাধমূলক কর্মকাণ্ডের যে আখড়া গড়ে উঠেছে, তাতে দিনের বেলাতেই অনেকে সাহস করে না, রাতে হলে তো কথাই নেই।সুতরাং, এখানেও সেই সামগ্রিকতার আলোকেই চিন্তা করতে হবে। রেলস্টেশনকেন্দ্রিক বাস চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে। মতিঝিল, গুলিস্তান, পল্টন থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত নির্দিষ্ট বাস দেওয়া যেতে পারে। আর তা ট্রেনের সময়ের সঙ্গে মিলিয়ে। গুলশান-বারিধারার যারা ধানমন্ডি-মিরপুর যাতায়াত করবে, তারা যদি বাসে চেপে বনানী স্টেশনে এসে ট্রেনে চড়ে, তাহলে ১০ মিনিটের মধ্যেই তেজগাঁও পৌঁছে যাবে। সেখান থেকে বাসে চেপে ফার্মগেট হয়ে গন্তব্যে। একটা প্রশ্ন হতে পারে, তিনবার যানবাহন বদলের ঝক্কি মানুষ কেন নেবে? যদি সময় ও খরচ সাশ্রয় হয়, তাহলে অবশ্যই মানুষ তা গ্রহণ করবে। বাসের ক্ষেত্রেও কিছু বিষয় ভেবে দেখার সময় এসেছে। রাজধানীতে আমরা নিকটতম গন্তব্যে ও চক্রাকারে বাসের চলাচল দেখি না। অথচ এ ধরনের বাস সার্ভিস খুব প্রয়োজন। যেমন: ফার্মগেট থেকে কারওয়ান বাজার ও বাংলামোটর হয়ে মগবাজার ঘুরে আবার কারওয়ান বাজার হয়ে ফার্মগেট। এভাবে যদি কিছু বাস চালানো যায়, তাহলে বহু মানুষের ভোগান্তি কমে যায়। কিংবা ফার্মগেট থেকে মহাখালী হয়ে তেজগাঁও সাতরাস্তা ঘুরে আবার ফার্মগেট। এতে করে মহাখালীর একজন মানুষকে ফার্মগেট যেতে সেই গুলশান থেকে গুলিস্তান পর্যন্ত চলাচলকারী বাসের ওপর নির্ভর করতে হবে না। আর ওই বাসগুলোও স্বল্প যাত্রাবিরতি দিয়ে সময়মতো গন্তব্যে পৌঁছাবে।বাসের ক্ষেত্রে বিরাট সমস্যা অবশ্য হলো এই খাতের দুর্বৃত্তায়ন। রাজনৈতিক মদদপুষ্ট পরিবহন মালিক-শ্রমিকদের দৌরাত্ম্যের কাছে প্রশাসন ও পুলিশ একরকম অসহায়। আর তাই লক্কড়-ঝক্কড় পুরোনো বাস চলছে রাজপথে, যাত্রী হয়রানি নিত্যদিনের ঘটনা। এই দুর্বৃত্তচক্র কোনোভাবেই এসব বিকল্প ব্যবস্থাকে কার্যকর করতে দিতে চাইবে না, নানাভাবে বাধার সৃষ্টি করবে। এটা সরকারকেই কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে, যেন নির্বিঘ্নে বাস চলাচল করতে পারে। বাসের ধরন-মানও সুনির্দিষ্ট করে দেওয়া দরকার। বর্তমানে ঢাকার বিভিন্ন রুটে বিআরটিসির যে বাসগুলো চলছে, সেগুলোর একটি বড় সুবিধা হলো বাসে উঠতে তেমন বেগ পেতে হয় না। রাস্তা থেকে বেশি উঁচু নয়। এ রকম বাস দরকার। আর ভেতরে আসন একটু কমিয়ে দাঁড়ানোর জায়গাও করে দেওয়া প্রয়োজন।উড়ালসড়ক নির্মাণের মহাযজ্ঞে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তার অর্ধেকটা বিনিয়োগ করলে বিদ্যমান রেল অবকাঠামোতে বড় সংস্কার করা সম্ভব হতো। আর রেলগাড়িতে গতিময়তা এলে গণপরিবহনের নৈরাজ্য অনেকটাই কমে আসত।আসজাদুল কিবরিয়া: সাংবাদিক ও লেখক[email protected]