
মে মাসের ৪ তারিখে পাকিস্তানি মিলিটারি কর্নেল আতিকের নেতৃত্বে পিরোজপুর শহরে ঢোকে। আশা করা গিয়েছিল যে তারা জনশূন্য একটা শহরে ঢুকবে এবং বেশ কষ্ট করে ঢুকবে। কারণ, শহরে মুক্তিবাহিনীর একটি বড় দল ছিল। এই দলটিকে ট্রেনিং দিয়েছেন মেজর জলিল, ক্যাপ্টেন জিয়া এবং পাকিস্তান নৌবাহিনীর একজন অফিসার, যাঁর নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আশ্চর্যের ব্যাপার, পাকিস্তানি মিলিটারি যখন গানবোট নিয়ে হুলারহাটে এসে ভিড়ল এবং তিন দিক থেকে পিরোজপুর শহর আক্রমণ করল, তখন তাদের দিকে মুক্তিবাহিনীর একটি গুলিও ছোড়া হলো না। সম্ভবত তারা ভয় পেয়ে গিয়েছিল। শক্তিশালী একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধ করার মতো প্রস্তুতিও তাদের ছিল না। বিনা বাধায় সৈন্যবাহিনী শহরে প্রবেশ করল, তাদের স্বাগত জানাল কিছুসংখ্যক মানুষ (?), পাকিস্তান জিন্দাবাদ এবং ইয়াহিয়া খান জিন্দাবাদ ধ্বনি দেওয়া হতে লাগল। তারা হয়তো তখনো বুঝতে পারেনি কাদের তারা বরণ করছে।
আমি তখন শহর থেকে সাত-আট মাইল দূরে এক গ্রামে ভাইবোন নিয়ে পালিয়ে আছি। শহর থেকে অদ্ভুত অদ্ভুত সব খবর আসছে, তার কোনটি বিশ্বাস করব কোনটি করব না তা বুঝতে পারছি না। যেমন দুজন পাকিস্তানি সেনা হতভাগ্য বন্দীর দুই পা দুই দিকে টেনে ধরে অন্য একজন কুঠার দিয়ে কুপিয়ে দুই ভাগ করে ফেলে। বন্দীদের খেজুরগাছে উঠতে বলে, তারা যখন ওঠে তখন গুলি করে, গাছ থেকে মানুষ নিচে পড়ে, তারা উল্লাসে চেঁচিয়ে বলে, খেজুর পাড়া হচ্ছে। শুনলাম ভগীরথ কিংবা ভগীরথি নামের একজনকে দড়ি দিয়ে জিপের সঙ্গে বেঁধে শহরের রাস্তায় রাস্তায় টেনে নেওয়া হয়েছে। তাকে মারা হয়েছে এভাবেই। মৃত্যু-মৃত্যু খেলা যাকে বলে। তবে সবই শোনা খবর, কোনোটাই তাই পুরোপুরি বিশ্বাস হয়নি। পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের দলিলে (অষ্টম খণ্ড) এই জাতীয় হত্যার বিবরণ পেয়েছি।
পিরোজপুর শহরে প্রবেশের সাত দিনের মধ্যেই মিলিটারি চারদিকে ভয়াবহ আতঙ্ক জাগিয়ে তুলতে সক্ষম হলো। বলেশ্বর নদের পাড়ে, স্টিমার জেটি হলো বধ্যভূমি। হত্যাকাণ্ডের মূল নায়ক ক্যাপ্টেন এজাজ, যার মুখে একটি কথাই ছিল, ‘জেটি মে ভেজ দো।’ হতভাগ্যদের জেটিতে পাঠিয়ে দেওয়া হতো, তারপরের দৃশ্য বর্ণনার অপেক্ষা রাখে না।
কিছুদিনের মধ্যেই মিলিটারিরা গুলি করে হত্যায় উত্সাহ হারিয়ে ফেলল। হত্যা ব্যাপারটাকে মজাদার করার চেষ্টা চালাল। নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হলো। হাত-পা বেঁধে পানিতে ছেড়ে দেওয়া, গাছে ঝুলিয়ে হত্যা। সত্যি সত্যি চামড়া ছাড়িয়ে নেওয়ার ঘটনাও ঘটল।
আমরা আতঙ্কে অস্থির হয়ে গেলাম। কোথাও যাওয়ার উপায় নেই। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হিন্দুরা আশ্রয় নিয়েছে গভীর জঙ্গলে। কী অবর্ণনীয় কষ্ট! মুষলধারে বৃষ্টি পড়ছে, জঙ্গলে সাপখোপের আড্ডা, বাইরে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকারদের দল। বলেশ্বর নদে ভেসে যাচ্ছে অগুনতি লাশ। এই রকম অবস্থায় খবর পেলাম পাকিস্তানি বাহিনী আমাকে এবং আমার ছোট ভাইকে খুঁজে বেড়াচ্ছে। আমরা দুজনই তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমাদের বাবা পাকিস্তানি বাহিনীর ভাষায় দেশের বড় শত্রুদের একজন। তাঁকে তারা হত্যা করেছে, এখন খুঁজছে আমাদের।
যাঁর বাড়িতে ছিলাম তিনি আমাদের বাঁচানোর জন্য একটা কৌশল বের করলেন। তিনি বলেন, আমাদের দুই ভাইকে শর্ষিনার পীর সাহেবের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেবেন। আমরা মাদ্রাসার হোস্টেলে থাকব, পড়াশোনা করব।
পায়জামা-পাঞ্জাবি পরে এবং টুপি মাথায় দিয়ে আমরা দুই ভাই আশ্রয়দাতা ভদ্রলোকের সঙ্গে স্বরূপকাঠি রওনা হলাম। পৌঁছালাম পীর সাহবের দরবারে। শুনলাম ৬ মে মিলিটারিরা পীর সাহেবকে সালাম জানাতে এসেছিল এবং সালাম জানিয়ে দোয়া নিয়ে গেছে। যাওয়ার পথে চারদিক ছারখার করে দিয়ে গেছে।

জানা গেল শর্ষিনার পীর সাহেবের সঙ্গে মিলিটারির খুব ভালো যোগাযোগ আছে। তারা স্বরূপকাঠি এলেই পীর সাহেবের আতিথ্য গ্রহণ করে। পীর সাহেব আমাদের দুই ভাইকে মাদ্রাসায় রাখতে রাজি হলেন না। আমরাও থাকতে চাইলাম না। আমরা চাচ্ছিলাম অতি দ্রুত পালিয়ে যেতে। কেবলই মনে হচ্ছিল, এ জায়গা থেকে যত দূরে থাকতে পারব ততই মঙ্গল। (শুনেছি শর্ষিনার পীর সাহেবকে নাকি স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। নিশ্চয়ই খবরটা সত্যি না। পত্রপত্রিকা, রেডিও-টেলিভিশনে তো প্রায়ই মিথ্যা খবর ছাপা ও প্রচার হয়, এটাও বোধ হয় সে রকম কোনো খবর।)
শর্ষিনা থেকে নৌকায় ফেরার পথে নিজের দেখা একটি দৃশ্য বর্ণনা করে এই লেখা শেষ করব। খোলা নৌকার পাটাতনে বসে আছি। ভরা জোয়ার, আকাশ মেঘাচ্ছন্ন। টিপটিপ বৃষ্টি পড়ছে, হঠাৎ মাঝি বলল, ‘দেহেন দেহেন’। তাকিয়ে দেখলাম দুটি মৃতদেহ ভাসতে ভাসতে যাচ্ছে। এমন কোনো দৃশ্য নয় যে অবাক বিস্ময়ে দেখতে হবে। খুবই সাধারণ দৃশ্য। রোজই অসংখ্য মৃতদেহ নদীতে ভাসতে ভাসতে যায়। শকুনের পাল দেহগুলোর ওপর বসে বসে ঝিমোয়। নরমাংসে তাদের এখন আর রুচি নেই। কিন্তু আজকের মৃতদেহ দুটির ওপর কোনো শকুন বসে নেই। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি। চোখ ফেরাতে পারছি না। সবুজ শার্ট গায়ে দেওয়া ত্রিশ-পঁয়ত্রিশ বছরের একজন যুবকের মৃতদেহ। তার গলা জড়িয়ে ধরে আছে সাত-আট বছরের একটি বালিকা। বালিকার হাতভর্তি লাল চুড়ি। মৃত্যুর আগ মুহূর্তে এই বালিকাটি তার বাবার গলা জড়িয়ে ধরে রেখেছিল। এই মেয়েটি তখন কী পরিমাণ ভয় পেয়েছিল আমি জানি না। জানতেও চাই না। আমি সবকিছু ভুলে যেতে চাই।
পরবর্তী সময়ে (সম্ভবত আগস্ট মাসে) আমি নিজে মিলিটারিদের হাতে বন্দী হই। স্থান হয় তাদের বন্দিশালায়। সেই অভিজ্ঞতার কথা আমি লিখতে অনেকবার চেষ্টা করেছি, পারিনি। লিখতে বসলেই সব এলোমেলো হয়ে যায়। ছবিগুলো কিছুতেই সাজাতে পারি না। যে অংশটি লিখতে বসি হঠাৎ লক্ষ করি, কিছু মনে পড়ছে না। ওই স্মৃতিটি যেন নেই, অন্য কিছু মনে পড়ে। সেইটি লিখতে গেলেও একই অবস্থা। কেন এ রকম হয় আমি জানি না, মনস্তত্ত্ববিদেরা হয়তো-বা বলতে পারবেন।
শুধু একটা স্মৃতি বেশ পরিষ্কার মনে আছে। ঠান্ডা মেঝেতে হাত-পা এলিয়ে আমি শুয়ে আছি এবং চিত্কার করছি, পানি, পানি। চিত্কারের সঙ্গে সঙ্গে শাস্তি বন্ধ হলো। বদনায় করে আমার জন্য পানি আনা হলো। পুরো এক বদনা পানি আমি খেয়ে ফেললাম, তৃষ্ণা মিটল না। আরও হাজার গুণে বেড়ে গেল। আমার বন্দিশালার স্মৃতি মানে বুক ফেটে যাওয়া তৃষ্ণার স্মৃতি। এই তৃষ্ণার কারণ কী আমি জানি না। আমার কিছু মনে পড়ে না।
সূত্র: ১৯৭১: ভয়াবহ অভিজ্ঞতা, সম্পাদনা: রশীদ হায়দার, সাহিত্য প্রকাশ, ঢাকা, মে ১৯৯৬