
গত মঙ্গলবার নববর্ষ উপলক্ষে দেওয়া উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের ভাষণের পর পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় যে অচলাবস্থা চলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তা ভাঙার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। তবে এ আলোচনায় সাফল্যের জন্য পরমাণু অস্ত্র সমর্পণের বিনিময়ে উত্তর কোরিয়া কী চায়, সে ব্যাপারে ট্রাম্পকে মনোযোগ দিতে হবে।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন, তাঁর আশ্বাসবাণী ও হাসির বিনিময়ে কিম জং–উন তাঁর দেশকে পরমাণু নিরস্ত্রীকরণ করবেন—এমনটা হবে না। তিনি নিশ্চিতভাবেই এর জন্য উচ্চ মূল্য দাবি করবেন। পরমাণু অস্ত্র তৈরি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য তাঁর দেশ কয়েক দশক সময় ব্যয় করেছে এবং প্রচুর সম্পদকে কাজে লাগিয়েছে। পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কিম দেখেন তাঁর রক্ষাকবচ হিসেবে। তাঁর মতে, এই কর্মসূচির কারণেই যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ায় আঘাত হানতে পারে না।
কিম জং–উনের নববর্ষের বক্তব্য উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবির ব্যাপারে তাঁর চিন্তার একটি গুরুত্বপূর্ণ জানালা আমাদের কাছে খুলে দিয়েছে। সুখবর হচ্ছে যে কিম তাঁর বক্তব্যে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তিনি আরও একবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে চান। কিন্তু একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পরমাণু নিরস্ত্রীকরণের টেকসই উপায় নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করতে অনিচ্ছুক। এমনকি উত্তর কোরিয়ার ওপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা কীভাবে প্রত্যাহার করা হবে, তা নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনা করতে ইচ্ছুক নয়।
কিম তাঁর বক্তব্যে বলেন, ‘আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মঙ্গলের জন্য আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে যেকোনো মুহূর্তে আলোচনায় বসতে রাজি আছি। তবে বিশ্ববাসীর সামনে করা প্রতিশ্রুতি না রেখে ট্রাম্প যদি নিষেধাজ্ঞা চালিয়ে যান, তাহলে আমাদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নতুন উপায় খুঁজতে হবে।’ অন্য কথায়, যুক্তরাষ্ট্রের কাছ থেকে গুরুত্বপূর্ণ ছাড় না পেলে পরমাণু নিরস্ত্রীকরণের পরিকল্পনা ভেস্তে দেওয়ার হুমকি দিলেন কিম। কিম বলেন, ‘আমরা পরমাণু অস্ত্র তৈরি করব না এবং পরমাণু অস্ত্রের বিস্তার ঘটাব না। এটা আমরা আগেও বলেছি এবং এখন আবারও বলছি। যদি যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পালন করে, তাহলে তা আমাদের দুই দেশের জন্যই ভালো হবে। কিন্তু যদি তারা আগের মতোই আচরণ করতে থাকে, তাহলে তা কারও জন্য ভালো হবে না। কিন্তু আমি আশা করছি, তারা সেটা বন্ধ করবে।’
এর অর্থ হচ্ছে, কিম এই বার্তা দিচ্ছেন যে যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার ওপর থেকে কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নেবে না। যদি কিম তাঁর বক্তব্যে সত্যনিষ্ঠ হন, তাহলে বলা যায় যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করতে যাচ্ছে, তবে তা হবে কেবল যুক্তরাষ্ট্রের বড় ধরনের ছাড়ের বিনিময়ে। তার মধ্যে হয়তো থাকতে পারে দক্ষিণ কোরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টিও।
কিমের বক্তব্যে এটাই স্পষ্ট হয়েছে যে তিনি একতরফাভাবে পরমাণু নিরস্ত্রীকরণ করবেন না। কেউ এতে অবশ্য বিস্মিত হয়নি এবং কিমের বক্তব্যে আমাদেরও আহত হওয়া উচিত হবে না। কেননা, সিঙ্গাপুরে অনুষ্ঠিত ট্রাম্প ও কিমের ঐতিহাসিক বৈঠকে শান্তি ও সমৃদ্ধির জন্য দুই দেশের জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন মার্কিন-উত্তর কোরিয়া সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি হয়। ওই চুক্তিতে আরও বলা হয় যে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত করার ব্যাপারে উত্তর কোরিয়া কাজ করবে।
এসব কথা খুবই সহজবোধ্য, কিন্তু ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা গণমাধ্যমে সাক্ষাৎকারে এবং পত্রপত্রিকায় পাঠানো বিবৃতিতে চুক্তির বক্তব্যকে বদলে দিয়ে বলা শুরু করেন যে উত্তর কোরিয়া তার পরমাণু অস্ত্র সমর্পণ করবে। আসলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা চাইছেন যে উত্তর কোরিয়া কোনো কিছুর বিনিময় ছাড়াই তার সব পরমাণু অস্ত্র সমর্পণ করবে। এটা একটা শুভ ইচ্ছা বটে। কিন্তু উত্তর কোরিয়ার মতো পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ তা করবে, এমনটা আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়।
উত্তর কোরিয়ার কাছে দূরপাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইড্রোজেন বোমা আছে, যা অন্য কোনো পরমাণু ক্ষমতাধর দেশের কাছে নেই। তবে কিমের ‘নতুন উপায়’–এর অর্থ এই নয় যে তারা ক্ষেপণাস্ত্র বা পরমাণু অস্ত্রের পরীক্ষায় ফিরে যাবে, যা উত্তর কোরিয়ার ওপর আঘাত হানতে যুক্তরাষ্ট্রকে উসকে দেবে।
আমরা চাইলেই ২০১৯ সালকে কোরীয় উপদ্বীপকে ঘিরে আরেকটি উত্তেজনার বছরে পরিণত করাটা এড়াতে পারি। আমি বলতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্পের উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার এটাই সময়। কিন্তু সে জন্য তাঁকে বাস্তবানুগ হতে হবে। উত্তর কোরিয়া কী চায়, তা শুনতে হবে। ট্রাম্পের এটা আশা করা উচিত হবে না যে বড় ধরনের কোনো বিনিময় ছাড়া উত্তর কোরিয়া নিজেকে পরমাণু অস্ত্রমুক্ত করবে।
ফক্স নিউজথেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
হ্যারি জে কাজিয়ানিস, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য ন্যাশনাল ইন্টারেস্টের ডিফেন্স স্টাডি বিভাগের পরিচালক