কিশোর ভয়ংকর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকায় তাদের নাম ছাপা হয়নি। তাই নাম উল্লেখ করতে পারছি না। কিন্তু ওই তিন কিশোরের জন্য আমার করুণাই হচ্ছে। তাদের নির্বুদ্ধিতায় যেমন আরেক কিশোরের প্রাণ গেল, তেমনি তাদের জীবনটাও ধ্বংস হওয়ার উপক্রম হয়েছে। বলছি কুমিল্লার হোমনা উপজেলায় টাকার জন্য বন্ধুকে হত্যা করে মুক্তিপণ দাবি করা তিন কিশোরের কথা।

গত শুক্র ও শনিবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার করেছিল ওই তিন কিশোর। কিন্তু সময়মতো ধার শোধ না করায় ওই ব্যক্তি ক্ষুব্ধ হন এবং এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। ধার শোধ করার জন্য তারা এক বুদ্ধি (!) আঁটে। বুদ্ধিটা হচ্ছে, বন্ধু জাহিদ হাসানকে খুন করে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা আদায় করা। পরিকল্পনা অনুযায়ী তারা কাজটা করেও ফেলে। জাহিদের পরিবারের কাছে মুক্তিপণ চাওয়ার জন্য যে মুঠোফোন ব্যবহার করা হয়েছিল, সেই মুঠোফোনের সূত্র ধরে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

ভাবছি, বোকা বোকা চিন্তাগুলো কী ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে। সাধারণত দেখা যায়, কাউকে জিম্মি করে মুক্তিপণ চাওয়ার জন্য তাকে বাঁচিয়ে রাখা হয়। মুক্তিপণ না পেলে পরে তাকে হত্যা করা হয়। অথচ এই কিশোরেরা কিনা আগেই হত্যা করে পরে মুক্তিপণ চাইতে গেছে! আর এত ভয়ংকর কাণ্ড করার কথা কীভাবেই-বা তাদের মাথায় এল। ভেবে কোনো কূলকিনারা পাই না। প্রযুক্তির এই প্রসারের যুগে কাউকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা যে এত সহজ না, তা কি এই কিশোরেরা জানত না?

খবর নিয়ে জানতে পারি, এই তিন কিশোরের দুজন মোটামুটি অবস্থাপন্ন ঘরের সন্তান। এই পাঁচ হাজার টাকা কি তারা অভিভাবকের কাছে চাইতে পারত না? সমস্যাটা খুলে বললে কি তাঁরা টাকাটা দিতেন না?

আসলে এই কিশোরেরা বাস করছে ফ্যান্টাসির জগতে। কঠিন বাস্তব সম্পর্কে তাদের কোনোই ধারণা নেই। থাকার কথাও নয়। কারণ, এই কিশোরেরা পড়ে মাত্র নবম শ্রেণিতে। বয়স বড়জোর ১৪-১৫ বছর। হয়তো পত্রপত্রিকা পড়ে বা কোনো সিনেমা দেখে এভাবে হত্যা করে মুক্তিপণ চাওয়ার চিন্তা তাদের মাথায় এসেছিল।

আমাদের দেশে কিশোর অপরাধ নতুন কোনো বিষয় নয়। তবে ইদানীং যেন কিশোরদের মধ্যে অপরাধপ্রবণতা বেড়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর উত্তরায় ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনান কবীর খুন হয় সমবয়সী কিশোরদের হাতে। একই মাসে তেজগাঁওয়ে আবদুল আজিজ নামের এক কিশোর খুন হয়। এর আগে ২০১৬ সালের ডিসেম্বরে লালবাগের আবু সালেহ রাব্বী, তার আগে নভেম্বর মাসে কামরাঙ্গীরচরে খুন হয় আলিফ নামের আরেক কিশোর। মে মাসে ভাষানটেক এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া এক শিশু ধর্ষণের শিকার হয়। এই সব হত্যাকাণ্ড ও ধর্ষণের সঙ্গে জড়িত ছিল কিশোরেরা।

বলা হয়, আজকের শিশু-কিশোররাই আগামী দিনের কান্ডারি। তারাই ভবিষ্যতে দেশটা চালাবে। কিন্তু তাদের যদি এই হাল হয়, তাহলে তারা দেশ চালাবে কী করে। সমাজবিজ্ঞানীদের মতে, পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়া, পরিবারে বিশৃঙ্খলা, হতাশা, অর্থনৈতিক দৈন্য, কর্মসংস্থানে অনিশ্চয়তা, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি কারণে কিশোর-তরুণেরা বিপথগামী হয়ে পড়ছে। এ ছাড়া আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, আকাশ সংস্কৃতির প্রসার ও ইন্টারনেটের সহজলভ্যতা কিশোরদের অপরাধপ্রবণতা বাড়ার অন্যতম কারণ বলে মনে করেন অপরাধ ও সমাজ বিশ্লেষকেরা।

এখন যেসব কারণে কিশোরেরা বিপথগামী হচ্ছে, সেসবের দিকে মনোযোগ দিতে হবে। পারিবারিক বন্ধন জোরদার করতে হবে, সংসারে বিশৃঙ্খলা থাকলে তা ঠিক করতে হবে, সন্তানকে পড়ালেখা করানোর পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাও দিতে হবে। কিশোর বয়সের সন্তানটি কোথায় যাচ্ছে, কী করছে, কাদের সঙ্গে মিশছে, তা বাবা-মাকে খেয়াল রাখতে হবে। দেখা যায়, সন্তানকে প্রচুর সময় দিতে হবে, তাদের বন্ধু হয়ে উঠতে হবে।

আপনার কিশোর বয়সের সন্তানের দিকে এখনই মনোযোগ দিন। সর্বনাশ হয়ে যাওয়ার আগে ফ্যান্টাসির জগৎ থেকে তাদের বের করে আনুন। তাদের গুণগত সময় দিন। আপনার, আমার, আমাদের সবার চেষ্টায় আমাদের কিশোর বয়সের সন্তানেরা সঠিকভাবে বেড়ে উঠবে। হয়ে উঠবে ভবিষ্যতের যোগ্য কান্ডারি।

রোকেয়া রহমান: সাংবাদিক