কিশোরীরাই জেতাল বহুমাত্রিক বাংলাদেশকে

বাংলাদেশের সবাই এক বিস্ময়কর বিজয় প্রত্যক্ষ করেছে বিজয়ের মাস ডিসেম্বরে। সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশের কিশোরীরা হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। আনন্দে মাতোয়ারা আমাদের অনেকে। উল্লসিত নানা লেখায়-বচনে বোকা বাক্সের বকবকানি ও আবেগের মন্তব্যে সয়লাব করে অনেকে বলেছেন, ‘বাঙালির বিজয়’। বলেছেন, বিজয়ের মাসে বাঙালি আবার প্রমাণ করল, বিজয় তারা ছিনিয়ে আনতে জানে। কেউ বলেছেন, ছেলেরা পারেনি, মেয়েরা পেরেছে। অনেকেই বলেছেন, এ বিজয় ধরে রাখতে হবে। আমাদের মেয়েরা শিগগিরই খেলবে বিশ্বকাপ। বিশ্বকাপ মানুষই খেলে, নিশ্চয়ই আমরাও মানুষ এবং আমরাও খেলব একদিন। কিন্তু এ বিজয়ের একটা গোপন রহস্য আছে; একটা নিগূঢ় কারণ আছে—আছে কতিপয় অনিবার্য পূর্বশর্ত পূরণের বাস্তবতা। সেসব শর্ত হয়তো আমরা জেনে-বুঝে পূরণ করিনি। হয়তোবা আমাদের অজান্তেই নেহাতই বাস্তব কারণে সেসব শর্ত পূরণ হয়ে গেছে। কিন্তু কারণগুলো আমাদের জানা প্রয়োজন, এবং আবেগের চোটে একে বাঙালির বিজয় বলে নাড়া লাগালে কোন সত্যের বরখেলাপ হয়, তাও জানা দরকার।
মেয়েরা আগেও ফুটবল খেলেছে। একটা সময় ছিল, যখন মেয়েদের খেলার ঘটনা খবরের বিষয় হতো। প্রাচীরঘেরা স্কুলের ছোট মাঠে নাতিদীর্ঘ সময়ের সেসব ছিল নিয়ম রক্ষার খেলা—ক্রীড়া ও সংস্কৃতি সপ্তাহকে সামনে রেখে সেসব দুধভাত গোছের সামান্য খেলারও অনেক হেপা ছিল; মেয়েরা হাফপ্যান্ট না পায়জামা পরে খেলবে, সেটা নিয়েও অভিভাবক-মা-শিক্ষকদের বিস্তর তর্ক-বিতর্ক হতো। খেলার ছবি তোলা ছিল একেবারেই নিষিদ্ধ। আমাদের ছোট শহরে একটাই স্টুডিও ছিল। সৎ আর নির্ভরযোগ্য আলোকচিত্রী হিসেবে মালিকের সুনামও ছিল খুব। তবু মেয়েদের স্কুলে ম্যাট্রিক পরীক্ষার বিদায়ের গ্রুপ ছবিটিও প্রচণ্ড নিরাপত্তার মধ্যে তোলা হতো। নেগেটিভ জমা দিয়ে দিতে হতো স্কুল কর্তৃপক্ষের কাছে। খেলাধুলার ছবির তো প্রশ্নই ওঠে না। জেলা ক্রীড়া প্রতিযোগিতাতেও মেয়েদের দিকে ক্যামেরা তাক করা ছিল অকল্পনীয়। বড়জোর জেলা প্রশাসকের পত্নীর হাত থেকে পুরস্কার নেওয়ার ছবি তোলা যেত। আর তোলা যেত ডিসি-এসপিপত্নীর চেয়ার খেলায় (মিউজিক্যাল চেয়ার) প্রথম-দ্বিতীয় হওয়ার পাতানো ফলাফলের ছবি। সেসব এখন দূরবর্তী ইতিহাস; তবে পাতানো খেলার ধারাবাহিকতা এখনো আছে; সে অন্য কাহিনি, অন্য বিষয়।
বলা বাহুল্য, আমাদের কিশোরীরা কোনো মিথ্যা পাতানো খেলা খেলেনি, তাদের এই জয় আচমকা কোনো অপ্রত্যাশিত প্রাপ্তি ছিল না। তারা এগিয়েছে ধাপে ধাপে, এগিয়েছে প্রমাণ দিতে দিতে। সে প্রমাণ যোগ্যতার, মেধার। কারও দয়া-করুণা বা কোটায় কেনা ছিল না এই বিজয়। কিশোরীদের অপরাজিত আর নিরঙ্কুশ চ্যাম্পিয়নদের কথা লিখতে গিয়ে পরাজিত পক্ষ ভারতের বহুল প্রচলিত বাংলা কাগজ আনন্দবাজার লিখেছে: সুযোগ হাতছাড়া না হলে জয়টা বড় ব্যবধানই হতে পারত বাংলাদেশের। পারত নিশ্চয়। গ্রুপ খেলায় পেরেছিল; হারিয়েওছিল ৩-০-তে।
সবকিছুর ওপরে কিশোরীদের এই বিজয় একটা বিষয় আবার প্রমাণ করেছে; আমাদের মনে করিয়ে দিয়েছে, দেশটা শুধু একটা জাতির নয়, বহু জাতির, বহু ধর্ম, বহু ভাষার দেশ বাংলাদেশ। এই দেশটা তখনই উঠে দাঁড়াতে পারবে, যখন আমরা সেটা মন থেকে মেনে নিয়ে হাতে হাত ধরে এগোতে চাইব। বিজয়ী দলের সদস্যদের নামগুলো আমাদের তা জানায়। মারিয়া মান্ডা, মণিকা চাকমা, আনাই মগিনির হাত ধরেই মাহমুদা, নীলা, সাজেদা, নাজমাদের এগিয়ে যাওয়ার নামতা আমাদের শিখতে হবে, শেখাতে হবে প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মকে।
যদি বলি অনূর্ধ্ব-১৫ দলটি জিতেছে জাতিগত বৈচিত্র্যের কারণে, সেটাই তাদের বিজয়ের সবচেয়ে বড় উপাদান, বিজয়ের গোপন রহস্য, তাহলে কি খুব ভুল হবে? তাদের অনুপম ক্রীড়াশৈলী, জেতার আগ্রহ আর নিপুণ শৃঙ্খলা প্রমাণ করেছে, বৈচিত্র্যের মধ্যেই ঐক্যের শক্ত বুনন সম্ভব। বহুজাতির বাংলাদেশ কেবল কল্পনায় নয়, বাস্তবেও সম্ভব; এখন বলা যায়, শুধু সম্ভবই নয়, বরং সেই বহু জাতির মিলিত শক্তি অনেক অসম্ভবকে সম্ভব আর নিয়মিত ঘটনায় পরিণত করতে পারে। নানা ক্ষেত্রে বাংলাদেশকে সাফল্যের বিভিন্ন শিখরে পৌঁছে দেওয়ার জন্য সেটা অপরিহার্যও বটে।
গওহার নঈম ওয়ারা: দুর্যোগ ব্যবস্থাপনাকর্মী ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।