কী করে এমন হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির বউটি সন্তানসম্ভবা। তা নিয়ে পরিবারের সবার মধ্যে উত্তেজনা। অধীর আগ্রহে তাঁরা অপেক্ষা করছেন নতুন সদস্যটি জন্য। বাবা-মা ভাবেন অনাগত সন্তানটি কী হবে, ছেলে না মেয়ে? বাবা ভাবেন সন্তান ছেলে হলেই ভালো হয়। বংশ রক্ষা করবে। তারপর সবার প্রতীক্ষার অবসান ঘটিয়ে একদিন জন্ম নিল সেই কাঙ্ক্ষিত সন্তান। বাবার আশাই পূরণ হয়েছে। ছেলেসন্তান হয়েছে। তারপর যেমন হয়, ছেলেটি একটু একটু করে বড় হয়। বাবা-মা ছেলেকে ঘিরে নানা স্বপ্ন বুনতে শুরু করেন—ছেলে বড় হবে। মানুষের মতো মানুষ হবে। মা-বাবার মুখ উজ্জ্বল করবে। ছেলে বড় হতে থাকে। স্কুল-কলেজের গণ্ডি ছাড়িয়ে পা রাখেন বিশ্ববিদ্যালয়ে। বাবা-মা ভাবেন, এই তো আর কটা বছর, তারপরই ছেলে তাঁদের স্বপ্ন পূরণ করবেন। কিন্তু হঠাৎ একদিন ছেলে নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজি করা হয়। থানায় জিডি করা হয়। সন্ধান মেলে না মা-বাবার কলিজার টুকরোটির। তারপর বাবা-মা একদিন জানতে পারেন তাঁদের ছেলেটি জঙ্গি হয়ে গেছে। সে এখন একটি জঙ্গিগোষ্ঠীর সদস্য। মানুষ খুন করে বেড়ায়!
ওপরের এই গল্পের সঙ্গে সম্প্রতি গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালানো ও পরে সেনা অভিযানে নিহত জঙ্গিদের কারও না কারও জীবনের সঙ্গে মিল নিশ্চয়ই পাওয়া যাবে। সবটা না মিললেও কিছুটা তো মিলবেই—এ আমি হলফ করে বলতে পারি। কেননা আমরা পত্রপত্রিকা মারফত ওই সব জঙ্গির পরিচয় পেয়েছি। তাঁদের প্রায় সবাই ধনী পরিবারের সন্তান। বিলাসব্যসনে মানুষ হচ্ছিলেন। কোনো অভাব তাঁদের ছিল, এমনটা তো মনে হয় না। তাহলে কেন তাঁরা নিপাট ভালো ছেলে থেকে জঙ্গি হয়ে গেল? কারা তাঁদের এমন ভয়ংকর খুনি বানাল, ভেবে পাচ্ছেন না তাঁদের বাবা-মা। এ কী করে হয়! এও কি সম্ভব? কখন তাঁদের ছেলেটি ভয়ংকর খুনি হয়ে গেল? সন্তান লালন-পালনের ক্ষেত্রে তাঁদের তো কোনো ত্রুটি ছিল না। তাহলে কী করে এমন সর্বনাশ হলো? তাদের জীবনের আর কোনো লক্ষ্য নেই যেন। মানুষকে খুন করা এবং নিজে মরে যাওয়া।
প্রতিটি বাবা-মায়ের চাওয়া তাঁদের সন্তান মানুষের মতো মানুষ হবে। কিন্তু তার বদলে এ কি তাঁরা দেখলেন। তাঁরা কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন, তাঁদের সন্তানের এমন পরিণতি হবে?
গুলশান হামলার ছয় দিন পর গত ৭ জুলাই পবিত্র ঈদুল ফিতরের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদগাহ ময়দানের কাছে বোমা হামলা চালানো হয়। হামলাকারী যুবক আবীর রহমান চার মাস ধরে নিখোঁজ ছিলেন। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ধরে নিচ্ছি তিনিও সচ্ছল পরিবারের সন্তান ছিলেন। তাহলে কোন অভাববোধ বা কোন তাড়না তাঁদের সন্ত্রাসী হতে উদ্বুদ্ধ করেছে? অনেকের একই প্রশ্ন। কিন্তু উত্তর অজানা।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক শনিবার বলেছেন, গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ার হামলা একই সংগঠনের জঙ্গিরা করেছেন। তাঁরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য। ওদিকে গুলশান হামলার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। সরকারের প্রতি আমাদের দাবি, আইএস হোক, জেএমবি হোক, এসব জঙ্গিগোষ্ঠীর মূলোৎপাটন করুন। তা না হলে দেখা যাবে আপনার-আমার, সবার সন্তান একদিন জঙ্গি হয়ে গেছে। তখন আর করার কিছুই থাকবে না।
রোকেয়া রহমান: সাংবাদিক