কী চমক থাকবে আওয়ামী লীগের সম্মেলনে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের ২০তম সম্মেলনের প্রস্তুতি চলছে
আওয়ামী লীগের ২০তম সম্মেলনের প্রস্তুতি চলছে

মাত্র এক সপ্তাহ পর ২২-২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলন।
১৯৪৯ সালে চীনে মাও সে তুংয়ের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লবের সঙ্গে যেমন একই সালে আওয়ামী লীগের (প্রথমে নাম ছিল আওয়ামী মুসলিম লীগ) প্রতিষ্ঠার কোনো সম্পর্ক নেই, তেমনি বর্তমান আওয়ামী লীগের ২০তম সম্মেলনের সঙ্গেও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরের যোগসূত্র থাকার কথা নয়। দুটো ঘটনা এক সপ্তাহের ব্যবধানে হচ্ছে বলে আওয়ামী লীগ এ থেকে কিছুটা প্রচারগত সুবিধা নিতে চাইবে, নিচ্ছেও। যেমন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, ‘আপনারা জানেন, এ সময় চীনের রাষ্ট্রপতি সি চিন পিং রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। সুতরাং, আওয়ামী লীগের সম্মেলন ও সি চিন পিংয়ের সফর—দুটি বিষয় নিয়ে আমরা সবাই ব্যস্ত।’ সম্মেলন নিয়ে তাঁর মন্তব্য, ‘আওয়ামী লীগের সম্মেলন সব সময় বিশাল হয়। এটা সারা জাতিকে নাড়া দেয়। এবার আমরা আরও উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি।’
আওয়ামী লীগ যে সম্মেলনটা উৎসবমুখর পরিবেশে করছে, সেটি আমাদের নানাভাবেই জানান দেওয়া হচ্ছে। সম্মেলন সামনে রেখে নেতাদের নিয়মিত বক্তৃতা-বিবৃতির পাশাপাশি ব্যানার–ফেস্টুনে স্থানীয় নেতাদের ছবি প্রদর্শনের মহড়া চলছে। যদিও কেন্দ্র থেকে বলা হয়েছে, বঙ্গবন্ধু পরিবারের সদস্য ছাড়া আর কারও ছবি ব্যানার-ফেস্টুনে রাখা যাবে না। দেখা যাক, নেতাদের কথা কর্মীরা মানেন কি না।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে জামায়াতে ইসলামী ছাড়া দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। তাঁর দাবি, ‘২০১৯ সালে অনুষ্ঠেয় নির্বাচনের খুব বেশি সময় নেই। সংবিধান অনুযায়ী এ নির্বাচন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। সেই নির্বাচনের প্রস্তুতির জন্য দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এবারের সম্মেলন অনেক তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে আমাদের আগামী নির্বাচনের বিজয়ের পথ সুগম হবে।’
সে ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি, আগামী জাতীয় সংসদ নির্বাচনই এই সম্মেলনের প্রধান লক্ষ্য। নেতারা ইতিমধ্যে আওয়াজ দিয়েছেন যে এই সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের যে নেতৃত্ব নির্বাচিত হবেন, তাঁরাই ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনের কর্মকৌশল ঠিক করবেন। তা করুন। নাসিম সাহেবের কথা অনুযায়ী, নির্বাচনের সময়ে শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। কিন্তু নির্বাচন পরিচালনার কাজটি তো সরকার করে না। করে নির্বাচন কমিশন। সেই কমিশন কীভাবে গঠিত হবে, সে সম্পর্কে দলীয় ঘোষণাপত্রে আছে, আগেরবার যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন করেছেন, এবারও সেভাবে হবে। অর্থাৎ, সার্চ কমিটির মাধ্যমে। আর এই সার্চ কমিটি হয়েছিল তিন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিনিধি নিয়ে। সুপ্রিম কোর্টের একজন বিচারপতি, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল।
আওয়ামী লীগ সম্মেলন উপলক্ষে যেই ঘোষণাপত্র নবায়ন করেছে, তাতেও পরবর্তী নির্বাচন এবং জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত হয়েছে। ঘোষণাপত্রের দ্বিতীয় অধ্যায়ে লক্ষ্য, উদ্দেশ্য ও মূলনীতি অংশে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত এবং জ্ঞান ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অগ্রগতির ধারা অব্যাহত রাখা এবং ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের সমপর্যায়ে পৌঁছানোই হবে বাংলাদেশ আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য।’
এই লক্ষ্য নিয়ে কারও আপত্তি আছে বলে মনে হয় না। মানুষ চায় আরও দ্রুত দেশের উন্নতি ঘটুক। কিন্তু আওয়ামী লীগ ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে যেই প্রজ্ঞা, বিচক্ষণতা, দক্ষতা ও সততা প্রয়োজন, তা কি আমাদের প্রশাসনের অছে? অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে যে জাতীয় মতৈক্য থাকা প্রয়োজন, আওয়ামী নেতৃত্ব কি সেটি কখনো চিন্তা করছে?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশির দশকে স্বৈরাচারবিরোধী এবং নব্বই-পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন করেছিলেন, তার মূল কথা ছিল ‘ভাত ও ভোটের অধিকার। আমরা যদি যুক্তির খাতিরে ধরেও নিই, আওয়ামী লীগ সরকার গত সাত বছরে জনগণের ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাহলে প্রশ্ন আসে, ভোটের অধিকারের কী হলো? আওয়ামী লীগকে মনে রাখতে হবে, বিএনপি এক মাগুরা করে নিজের সর্বনাশ করেছিল। বাংলাদেশে নির্বাচনের ইতিহাসটি খুবই ভঙ্গুর, জটিল ও কুয়াশাচ্ছন্ন। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনই গ্রহণযোগ্যতা পায়নি। ২০১৪ সালের নির্বাচনে বিএনপি না আসায় আওয়ামী লীগ বেনিফিট অব ডাউট নেওয়ার চেষ্টা করছে। বিএনপি নির্বাচনে এলে তারা সর্বসুন্দর একটি নির্বাচন দিত। কিন্তু তাদের মনে রাখতে হবে, বিএনপি সেই ভুল আর করবে না। আওয়ামী লীগ ওয়াকওভার পাবে না। ২০১৯ সালে কাজের মধ্য দিয়েই আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশে দলীয় সরকারের অধীনেও নির্বাচন অবাধ ও সুষ্ঠু করা সম্ভব। কিন্তু নিকট অতীতের স্থানীয় সরকার নির্বাচনের চালচিত্র দেখে মানুষ কোনো ভরসা পাচ্ছে না। যখন মানুষের পেটে ভাত ছিল না, তখন যদি তারা ভোটের জন্য আন্দোলন করতে পারে, পেটে ভাত থাকলে সেটি ভুলে যাবে, সে কথা মনে করার কারণ নেই।
আওয়ামী লীগ দেশের অন্যতম বড় দল। সারা দেশে এ দলের অগণিত নেতা-কর্মী ও সমর্থক আছেন। সে ক্ষেত্রে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে দলটির সম্মেলন হবে, সেটাই প্রত্যাশিত। প্রশ্ন হলো, সম্মেলন নিয়ে দলের বাইরে সাধারণ ও সচেতন মানুষের মধ্যে যে প্রত্যাশা থাকে, সেটি নেতৃত্ব কতটা পূরণ করতে পারবে? সাধারণ মানুষের প্রত্যাশা জনজীবনের নিরাপত্তা এবং মেয়াদ শেষে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট। সাধারণ মানুষের চাওয়া হলো, দলের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না। দলের কোনো নেতা-কর্মী চাঁদাবাজি-দখলবাজিতে যুক্ত থাকবেন না। তারা আরও চায়, কোনো দল প্রধান-ইমদু-অভি-বদরুল সৃষ্টি করবে না। আওয়ামী লীগ তার ঘোষণাপত্রে বলেছে, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সব ধরনের উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোরতম অবস্থান (জিরো টলারেন্স) গ্রহণ করবে এবং আধুনিক পরমতসহিষ্ণু বহুদলীয় উদার গণতান্ত্রিক সমাজব্যবস্থা গঠনে বদ্ধপরিকর থাকবে।’
কিন্তু বাস্তবে সেটি কতটা হচ্ছে? ধর্মীয় জঙ্গিবাদের বিরুদ্ধে দলের ও সরকারের কঠোর অবস্থান মেনে নিলেও অন্যান্য উগ্রবাদ ও সন্ত্রাস মোকাবিলায় সরকারকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। আওয়ামী লীগের নেতারা খাদিজার ওপর হামলা ও বিশ্বজিৎ হত্যার উদাহরণ দিয়ে বলেন, ‘অপরাধী যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ কিন্তু সবক্ষেত্রে সেটি হচ্ছে না বলেই দুই বছরের ব্যবধানে মতিঝিলের যু্বলীগের দুই নেতাকে মরতে হয়েছে প্রতিপক্ষের হাতে। তাঁদের ঘাতকেরা বিএনপি বা জামায়াত-শিবিরের কেউ নয়। যুবলীগেরই।
জঙ্গিবাদের বিষয়ে ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘জনগণকে সঙ্গে নিয়ে আইনি পন্থায় যেকোনো ধরনের জঙ্গিবাদী সন্ত্রাস ও জঙ্গিবাদী কর্মকাণ্ডকে প্রতিহত করতে আওয়ামী লীগ প্রতিজ্ঞাবদ্ধ।’ কিন্তু বাস্তবে তারা জঙ্গিবাদকে আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবেই দেখছে এবং দু–চারটি অভিযান চালিয়ে জঙ্গিবাদকে নির্মূল করতে চাইছে। কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইটা প্রধানত রাজনৈতিক। এই অপশক্তিকে পরাস্ত করতে হলে যে রাজনৈতিক ঐক্য ও সামাজিক-সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন, তার জন্য সরকার প্রস্তুত বলে মনে হয় না।
ঘোষণাপত্রের আরেক জায়গায় আছে, ‘সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার করা যাবে না এবং কোনো উপাসনালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও আলোচনা করা যাবে না। কোনো ধর্ম, সম্প্রদায়, ক্ষুদ্র জাতিসত্তার বিরুদ্ধে কখনো কোনো অবস্থান নেওয়া যাবে না। ধর্মের রাজনৈতিক অপব্যবহারও নিষিদ্ধ করা হবে। কিন্তু সংবিধানে রাষ্ট্রধর্ম বহাল রেখে কিংবা আওয়ামী ওলামা লীগ নামে সাম্প্রদায়িক সংগঠনকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে সেটি সম্ভব নয়।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ঘোষণাপত্রে আছে, ‘সব ধরনের গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যপ্রবাহের অবাধ চলাচল সুনিশ্চিত ও সংরক্ষণ করা হবে। সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, সাংবাদিক নির্যাতন, তাঁদের প্রতি ভয়ভীতি, হুমকি প্রদর্শন এবং সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে। সংবাদপত্রে বিজ্ঞাপন বিতরণে বৈষম্যমূলক নীতির দলীয়করণ বন্ধ এবং সংবাদপত্রকে শিল্প হিসেবে বিবেচনা করে তার বিকাশে সহায়তা প্রদান করা হবে।’ বাস্তবে কি তার উল্টোটাই ঘটছে না?
আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামী ছাড়া প্রায় সব দলকে সম্মেলনে আহ্বান জানিয়েছে, তখন আমরা ধরে নিতে পারি আওয়ামী লীগের চোখে এরা গণতান্ত্রিক। আওয়ামী লীগ কোনো জঙ্গি দল বা তাদের দোসরদের সম্মেলনে আমন্ত্রণ জানিয়ে বিপদ ডেকে আনবে না। গণতান্ত্রিক সমাজে একটি দল তার সম্মেলনে আরেকটি দলের নেতাদের আমন্ত্রণ জানাবে এবং আমন্ত্রিত নেতারা আসবেন, শুভেচ্ছা জানাবেন, সেটাই স্বাভাবিক। আর এই আমন্ত্রণটা কেবল প্রতীকী নয়। সামগ্রিক। সম্মেলনের বাইরেও তাদের মধ্যে দেখা-কথা হতে হবে। সেটাই গণতন্ত্র। সেটাই রাজনৈতিক সহনশীলতা। এর অর্থ এই নয় যে কোনো দলের কোনো নেতা অপরাধ করলে তাঁকে মার্জনা করে দিতে হবে। আইনের শাসন রাজনৈতিক সমঝোতার পরিপন্থী নয়, পরিপূরক।
যেকোনো দলের সম্মেলনে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। সাংগঠনিক এবং নীতি ও আদর্শগত। বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে, তা কেউ মনে করেন না। যদিও সম্প্রতি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৫ বছর ধরে সভানেত্রীর দায়িত্ব পালন করার পর সেই পদ থেকে অবসর নিতে পারলে খুশি হবেন বলে জানিয়েছিলেন। কিন্তু দলের নেতা-কর্মীরা তাঁকে অবসর নিতে দেবেন না। আওয়ামী লীগ যত পুরোনো ও পোড় খাওয়া দলই হোক না কেন, শেখ হাসিনা ছাড়া এই দল কেউ এক রাখতে পারবেন, তৃণমূলের কর্মীরা অন্তত তা মনে করেন না। একই কথা খাটে বিএনপির বেলায়। সেখানেও খালেদা জিয়া তিন দশকের বেশি সময় ধরে দলের প্রধান। এটি নেতৃত্ব বিকাশের সহায়ক না হলেও দল রক্ষার জন্য অপরিহার্য।
আমরা মনে করি, এই সম্মেলন আওয়ামী লীগকে আত্মতৃপ্তি না দিয়ে আত্মজিজ্ঞাসার মুখোমুখি করবে। সেটি হলো ৬৭ বছরের পুরোনো এই দলটি আকারে বড় হলেও নতুন নেতা তৈরি করতে পারেনি। যে কারণে কেবল দলীয় প্রধান নয়, আরও অনেক নেতা দশকের পর দশক একই পদে আসীন আছেন। নতুন নেতৃত্ব আসছে না। এবার কোনো চমক থাকবে কি না, সেটি জানতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]