কী দোষ করেছিলাম আমরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে যাচ্ছে
কুড়িগ্রাম যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে যাচ্ছে

বাংলাদেশ যখন নাকি মধ্যম আয়ের দেশের তালিকায় চড়ে তরতর করে এগিয়ে যাচ্ছে, তখন খবর ছাপা হয়, কুড়িগ্রামে দারিদ্র্য সবচেয়ে বেশি এবং সেই হার বাড়ছে। শুধু এবার না, অনেক দিন ধরেই আমাদের কুড়িগ্রামের মানুষের কপালে এই দারিদ্র্যতিলক শোভা পাচ্ছে। আমাদের কি খারাপ লাগে না? আমাদের নাম হয় ‘মফিজ’। রোহিঙ্গা শরণার্থীরা আসার আগে ‘মফিজ’ই ছিল নাগরিক গালি। ৭৪-এর দুর্ভিক্ষে আমরাই মরেছি বেশি। আমাদের চিলমারীর শিশুরা অপুষ্টিতে বেঁটে হয়ে যাচ্ছে বলে গবেষণা প্রতিবেদন আমাদেরই আবার তা জানায়। আমাদের ‘মঙ্গা’র নামে কোটি কোটি টাকা ঢালা হয়। অথচ আমরা কুড়িগ্রামবাসী যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই রয়ে যাচ্ছি। যদি জানতে চাই কেন? আমাদের কী অপরাধ? এর দায় আসলে কার?

নারায়ণগঞ্জ একটি অভ্যন্তরীণ নৌবন্দর হয়েও দেশের শীর্ষ ধনী জেলা আর একটি আন্তর্জাতিক নৌবন্দর ও দুটি স্থলবন্দর নিয়েও কুড়িগ্রাম মঙ্গা-মফিজ-খাটো মানুষের এলাকা? সত্যিই এ যেন দারুণ ধাঁধা। দারুণ এবং করুণ।

ঐতিহাসিকভাবেই এ অঞ্চল একটি অর্থনীতি সমৃদ্ধ অঞ্চল। ‘মঙ্গা’ বিশ শতকের ঘটনা মাত্র। যখন থেকে এই অঞ্চলকে উন্নত নৌ ও রেল যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, মঙ্গার আগমন তখন থেকেই।

আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিওলজির গবেষণায় পৃথিবীর অন্যতম প্রাচীন আন্তর্জাতিক নৌ বাণিজ্যের রুট এই অঞ্চলের ব্রহ্মপুত্র-তিস্তা অববাহিকা। এ অববাহিকার ‘চিলমারী নদীবন্দর’ হয়েই চীন, ভুটান ও আসাম থেকে আরব ও রোমানরা পণ্য আনা-নেওয়া করত। সংগত কারণেই চিলমারী ছিল আসাম-পূর্ব বাংলার দরজা। খ্রিষ্টপূর্ব ৩০০ অব্দ থেকে ৭০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত আরব বণিকদের সঙ্গে পূর্ব বাংলার বাণিজ্যিক সম্পর্কের মূলেও ছিল আড়াই হাজার বছর পুরোনো এই চিলমারী নদীবন্দর। সম্রাট আকবরের আমলে এ বন্দরে ছিল জাহাজ তৈরির কারখানা, তা চালু ছিল ইংরেজ আমল পর্যন্ত।

১৯৪৭ পূর্বে এই কুড়িগ্রাম মহকুমায় (লালমনিরহাট যুক্ত) বিমানবন্দর (সামরিক) ছিল একটি, রেলওয়ে সদর দপ্তর একটি, স্থলবন্দর ছিল দুটি। ১৯৬৫ সালের আগে লালমনিরহাট-ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর পর্যন্ত রেলপথ ছিল। ১৯৯০-এর আগে রমনারুটে (চিলমারী) ট্রেন চলাচল করত চারটি। আজ ২০১৮-এ এসে এসবের একটিও নেই বরং রমনারুটে ট্রেনের সংখ্যা কমিয়ে চারটি থেকে করা হয়েছে একটি। অথচ প্রতিষ্ঠাকাল থেকেই এটি একটি লাভজনক রুট। এসকাপ ও ইউএনডিপির যৌথ গবেষণামতে, প্রতি এক টন পণ্য প্রতি কিলোমিটারে সড়কপথে খরচ হয় ২১৭ টাকা, রেলপথে ৮৫ টাকা, নৌপথে মাত্র ২৫ টাকা। ব্যয়-সাশ্রয়ী হওয়ার পরও এখানকার রেল-নৌপথ যুগ যুগ ধরে অবহেলিত। দীর্ঘদিন ধরে রেল-নৌ গণকমিটি রমনা-ঢাকা রুটে একটি আন্তনগর ট্রেনের দাবি করে পেয়েছে একটি ডেমু ট্রেন, যাতে খরচ আন্তনগর ট্রেনের চেয়ে বেশি। নৌমন্ত্রী উদ্বোধন করে গেলেও জেলা পরিষদের মামলার কারণে পুনরায় চালু হয়নি চিলমারী নদীবন্দরটিও।

সিঙ্গাপুর কুড়িগ্রামের তুলনায় তিন গুণ ছোট একটি দ্বীপ। কুড়িগ্রামের মোট আয়তন ২২৯৬.১০ বর্গকিলোমিটার এবং প্রায় পুরোটাই আবাদি সমতলভূমি, সেখানে সিঙ্গাপুরের মোট আয়তন ৭১৯.৯ বর্গকিলোমিটার, যার মধ্যে স্থলভাগ মাত্র ৬৯৯ বর্গকিলোমিটার। জনসংখ্যার ঘনত্ব যেখানে কুড়িগ্রামে প্রতি বর্গকিলোমিটারে ৯২০, সেখানে সিঙ্গাপুরে প্রতি বর্গকিলোমিটারে ৭,৭৯৭ জন। ১৯৫৯ সালের দিকেও সিঙ্গাপুরকে বলা হতো অপরাধ ও দারিদ্র্যে জর্জরিত একটি রাষ্ট্র। মাত্র আশির দশকে সিঙ্গাপুর উন্নত রাষ্ট্রের মর্যাদা পায়। আর সম্পদ ও সম্ভাবনাময় কুড়িগ্রাম দিনের পর দিন রসাতলে যায়!

বাংলাদেশের ২২৫টি নদ-নদীর ২০টির বেশি কুড়িগ্রামের ভেতর দিয়েই প্রবাহিত। তার মধ্যে প্রধানতম হচ্ছে ব্রহ্মপুত্র মহানদ। গবেষকদের মতে, এক গঙ্গা ও ব্রহ্মপুত্র প্রতিবছর যে ১৬৭ কোটি টন পলি বহন করে, ইউরোপ-আমেরিকার সব নদী মিলে তা করে না। এই ব্রহ্মপুত্রের পানিতেই পাওয়া যায় পৃথিবীর সর্ববৃহৎ মিঠাপানির বাগাড় মাছ। ২০টির বেশি নদ-নদী নিয়ে এই অঞ্চলের মানুষ মাথাপিছু মাছ খায় ৭.৫ কেজি, যেখানে সারা দেশের গড় ১২.৫ কেজি। ফলাফল ‘অপুষ্টিতে বেঁটে হয়ে যাচ্ছে চিলমারীর মানুষ’-জাতীয় খবর।

জাতিসংঘ বলছে, কাজের অভাবে বাংলাদেশের মানুষ সাগর পাড়ি দেয়। অথচ ১৮ মে ২০১৮ বিবিসি বাংলার এক প্রতিবেদনে এসেছে, ‘শুধু দক্ষ জনশক্তির অভাবে বাংলাদেশের শ্রমবাজারে ভারত, চীন, কোরিয়া, ফিলিপাইন, পাকিস্তান ও শ্রীলঙ্কার কর্মীদের দাপট বেশি। শুধু ভারতের কর্মীরাই নিয়ে যাচ্ছে বছরে প্রায় ৫০০ কোটি ডলার।’ এদিকে আমাদের জনসংখ্যা শক্তি না হয়ে হচ্ছে বোঝা, পর্যাপ্ত সুবিধা ও লাভজনক ঐতিহাসিক উদাহরণ থাকা সত্ত্বেও বন্ধ হয়ে গেছে হাজার বছর প্রাচীন চিলমারী নদীবন্দর, জাহাজ বানানোর কারখানা, সোনাহাট ও রৌমারী স্থলবন্দর।

প্রাচীনকাল থেকেই অর্থনীতিসমৃদ্ধ এই জনপদ। অথচ এত লাভজনক উদাহরণ থাকা সত্ত্বেও জেলাভিত্তিক পরিসংখ্যানে এই জেলার মানুষই সবচেয়ে বেশি বাইরের জেলায় যায় শ্রম বিক্রি করতে; মফিজ নাম নিয়ে।

২.
প্রতিবছর হিমালয় থেকে যে ৭৫০ মিলিয়ন টন বালু বাংলাদেশে প্রবাহিত হয় ব্রহ্মপুত্র নদ দিয়ে। তার মধ্যে কুড়িগ্রাম অঞ্চলে রয়ে যায় অন্তত ২৫০ মিলিয়ন টন। ভূতত্ত্ব জরিপ অধিদপ্তর ও বাংলাদেশ বিজ্ঞান-শিল্প গবেষণা পরিষদের তথ্যমতে, এই বালুর প্রতি টনে আছে কাচ তৈরির সর্বোচ্চ পরিমাণে কোয়ার্টজ সিলিকা ৫০ কেজি, ইলমিটাইট ৬০০ গ্রাম, জিরকন ৪০০ গ্রাম, রুটাইল ৪০০ গ্রাম, গার্নেট ২ কেজি ৫০০ গ্রাম ও মোনাজাইট ১০০ গ্রাম। অর্থাৎ কুড়িগ্রাম অঞ্চলের এক টন বালুতে ৫৪ কেজি খনিজ থাকে, যার বর্তমান বাজারমূল্য ৩ লাখ ২০ হাজার ৮৯২ টাকা। সেই হিসেবে ২৫০ মিলিয়ন টন বালুর খনিজের মোট মূল্য দাঁড়ায় আট হাজার কোটি টাকা। পিএইচপি গ্রুপের হিসাবমতে, বাংলাদেশের কাচশিল্পে প্রতিবছর কোয়ার্টজ সিলিকা বাবদ আমদানি ব্যয় পাঁচ হাজার কোটি টাকা।

হিসেব সহজ! শুধু কুড়িগ্রামে প্রাপ্ত কোয়ার্টজ সিলিকা দিয়েই সারা দেশের চাহিদা মিটিয়েও রপ্তানি করা সম্ভব। ১৯৭৮ সাল থেকে চীন ও অস্ট্রেলিয়া এই বালু আমদানির ব্যাপারে আগ্রহ দেখালেও আমাদের সরকার এ বিষয়ে নীরব। উপরন্তু এখানেও হয়নি কোনো শিল্পপ্রতিষ্ঠান। আক্ষেপ করেই বলতে হয়, বছরের পর বছর ধরে জনগণের ভাগ্যনির্ধারক সংসদ ও এখানকার সাংসদদের উপেক্ষার ফল, ‘প্রতি ১০০ জনে ৭১ জন দারিদ্র্যসীমার নিচে’। ফলে আমাদের যা আছে, তারও যথাযথ ব্যবহার যেমন হয়নি, যা নেই, তা-ও পাওয়ার আশা কম। যা পেয়েছি তা হলো, ‘গরিবি তকমা’।

ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, ১৯৪৭ সালে পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তান শিক্ষা ও শিল্পে এগিয়ে থাকলেও পরে দ্রুতই পিছিয়ে পড়ে। এই বৈষম্যের পুনরাবৃত্তির উৎকৃষ্ট উদাহরণ যেন ‘কুড়িগ্রাম-উত্তরবঙ্গ’।

সংগত কারণেই প্রশ্ন জাগে, আজকের অবস্থায় কুড়িগ্রামবাসী তাদের ‘গরিবি তকমা’ ঘোচাতে চলতি অর্থবছরের (২০১৮-২০১৯) বাজেটে কি একটি বিশেষ বরাদ্দের অপেক্ষায় থাকবে? কুড়িগ্রাম কি পরিণত হবে একটি অর্থনৈতিক অঞ্চলে, ঘুচবে ‘মফিজ’ অভিশাপ? কী দোষ করেছিলাম আমরা?

দিল্লুর রহমান: শিক্ষার্থী ও সদস্য, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম।