
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ ফেব্রুয়ারি একুশের বইমেলার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা এখন বিপথে চলে যাচ্ছে। তাদের সেই ভুল পথ থেকে বিরত রাখা যায় কেবল সাহিত্যচর্চার মাধ্যমে। লেখাপড়া, সংস্কৃতি চর্চা যত বেশি হবে, ততই তারা ভালো পথে চলে আসবে।’ নিজের বইমেলায় আসার স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, ‘আমার খালি একটাই দুঃখ, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে এখন আর আগের মতন এই বইমেলায় আসতে পারি না। এটাই সবচেয়ে দুঃখের, হাত-পা বাঁধা, কী করব? সবাই যখন আসেন দেখি, তখন এখানেই মনটা পড়ে থাকে।’
শেখ হাসিনার একটা প্রবন্ধ আছে—সবুজ মাঠ পেরিয়ে। সাবজেলে বসে ২০০৮ সালের জুনে লিখেছিলেন।
‘সামনে সবুজ মাঠ। সংসদ ভবন এলাকার গাছে-গাছে সবুজের সমারোহ। এই সবুজের কত বাহার। সামনে একটা শ্বেত করবী গাছ, যার পাতা গাঢ় সবুজ। বৃষ্টিতে ভিজে যায় পাতা। কখনো-বা হাওয়ায় পাতাদের ঝিরিঝিরি শব্দ শুনি।...
রাস্তা পার হলেই গণভবন। চোখের দৃষ্টি প্রসারিত করলেই রাস্তার ওপারে ঘন গাছের সারি। অনেক উঁচু লম্বা গাছ। গাছের ফাঁকে ফাঁকে নারকেল গাছ। আর নারকেল গাছের ফাঁক দিয়ে গণভবন যেন উঁকি মারছে। রাতের বেলা গাছের পাতায় আলোর ঝিলিমিলি। একটা বানর ছিল হৃষ্টপুষ্ট। সে রোজ আসত আমার কাছে। কখনো সকাল দশটা-এগারোটা, কখনো দুপুর আড়াইটায়। কলা ও অন্যান্য ফল দিতাম। একবার জ্বর হওয়ায় আমি কলা দিতে পারিনি, বানরটি কারারক্ষী মেয়েদের হাতে খেতে চাইল না। তখন একটা পেঁপে গাছে উঠে পেঁপে খেয়ে কারারক্ষী মেয়েদের ভেংচি কেটে চলে গেল।’
হোর্হে লুইস বোর্হেসের একটা প্রবন্ধ আছে। প্রাচীর ও পুস্তক। দেয়াল ও বই। তাতে তিনি আলোচনা করেছেন চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং সম্পর্কে। তিনি চীনের প্রাচীর নির্মাণ করেছিলেন। আর নির্দেশ দিয়েছিলেন সব বই পুড়িয়ে ফেলতে। যারা বই পোড়াতে ব্যর্থ হতো, তাদের বাধ্যতামূলকভাবে প্রাচীর তৈরির কাজে নিযুক্ত করা হতো।
বোর্হেস বলছেন, এই সম্রাট বই পুড়িয়েছিলেন। কারণ, তিনি চেয়েছিলেন ইতিহাস শুরু হোক তাঁর থেকেই, তাঁর আগে আর কোনো ইতিহাস ছিল না, থাকবে না, এটা নিশ্চিত করা যায় কেবল বই পুড়িয়েই।
কিন্তু আমরা লক্ষ করব, ওই সম্রাট কেবল বই পোড়াননি, তিনি প্রাচীরও বানিয়েছিলেন।
এখানে আমরা একটা ছোট্ট সিদ্ধান্তের প্রস্তাব করতে পারি, যারা বই পোড়ায়, তারাই দেয়াল বানায়, আর যারা দেয়াল বানায়, তারাই বই পোড়ায়।
বই আসলে মনের চারদিকের দেয়াল ভেঙে ফেলে। মনের দিগন্ত বড় করে। রবীন্দ্রনাথ যথার্থই লিখেছিলেন, চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। জ্ঞান মুক্ত থাকলে দুনিয়াটাকে নানা রকমের প্রাচীর দিয়ে খণ্ড ক্ষুদ্র করতে হয় না। আমেরিকায় যে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর টাকায় মেক্সিকোর সীমান্তে প্রাচীর বানাতে চায়, ওই লোকটা বই পোড়াতে পারে। ওর থেকে সাবধান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম খাঁটি কথা বলেছেন, আমাদের কিশোর তরুণদের যদি সুপথে রাখতে হয়, তাদের বই আর সংস্কৃতির নেশা ধরিয়ে দিতে হবে। আমার আব্বা বলতেন, চুপচাপ বসে থেকো না। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তিনি বলতেন, বই পড়ো। যেকোনো বই। পৃথিবীতে বাজে বই বলতে কিছু নাই। আমার আব্বা পরহেজগার মানুষ ছিলেন। শিশু মনোবিজ্ঞান পড়াতেন পিটিআইতে।
আসলেই কি বাজে বই বলতে কিছু আছে? পবিত্র সরকারের একটা বই পড়েছি, কথা আর কাহিনি। তাতে তিনি লিখেছেন, ‘পাড়ার দাদা আর মাস্টারমশাইরা তাঁদের কর্তব্য ছাড়বেন কেন? তাঁরাই প্রথম আমাকে সচেতন করে দেন যে, পৃথিবীতে শুধু বই নামে একটা আশ্চর্য জিনিস নেই, “বাজে বই” নামে একটা শ্রেণি আছে।’
এ বিষয়ে আমরা রবীন্দ্রনাথের কথাটাকে শিরোধার্য করব, মান্য করব। তিনি বলেছিলেন, পুস্তক দুই প্রকার। পাঠ্য পুস্তক আর অপাঠ্য পুস্তক। কর্তৃপক্ষ, বা টেক্সট বুক বোর্ড যেসব বই আমাদের সাব্যস্ত করে দেয় পড়তে হবে বলে, সেসব হলো অপাঠ্য পুস্তক। আর বাকি সব বই-ই পাঠ্য পুস্তক।
বিল গেটস এখন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। সবচেয়ে বড় কম্পিউটারবিদেরও অন্যতম। এবং তিনি তাঁর অর্জিত ধনসম্পদের বেশির ভাগটাই দান করে দিয়েছেন মানুষের কল্যাণে। তাঁর সম্পর্কে দুটো উক্তি প্রচলিত আছে। এক. আমি হার্ভার্ডে তিনটা পরীক্ষায় ফেল করেছিলাম। আমার এক বন্ধু সব পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছিল। আমার সেই বন্ধুটি এখন আমার প্রতিষ্ঠান মাইক্রোসফটে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে।
বিল গেটসের দ্বিতীয় উক্তিটা হলো, ছোটবেলা থেকেই আমার ছিল অনেক স্বপ্ন। আর আমি এই স্বপ্ন পেয়েছিলাম বই থেকে। আপনারা যদি আমার ঘরে যান, দেখবেন বই, অফিসে যান দেখবেন বই, যখন আমি গাড়িতে থাকি, আমার সঙ্গে থাকে বই আর আমি যখন প্লেনে থাকি, আমার সঙ্গে থাকে বই। আজকালকার ছেলেমেয়েরা, যারা সফল হতে চায়, বড়লোক হতে চায়, নাম করতে চায়, মানুষের উপকার করতে চায় এবং আইটিতেও ভালো করতে চায়, বিল গেটসের এই উপদেশটা তাদের কাজে লাগতে পারে।
গল্প প্রাণ বাঁচায়। আলিফ লায়লা গল্পে শেহেরজাদের প্রাণ বাঁচিয়েছিল গল্প। আর গায়ক কবীর সুমন বলেছেন কবি শহীদ কাদরীর উক্তি। একাত্তর সালে পাকিস্তানি সৈন্যদের ভয়ে বইপুস্তক মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। ওপর দিয়ে ট্যাংক চলে যাচ্ছে, শহীদ কাদরী অপেক্ষা করছেন কবিতা প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে, বিস্ফোরিত হবে। কই হলো না তো?
হয়নি? হয়েছে। আমাদের এই দেশটা আমরা পেয়েছি কবিতা দিয়ে। এই দেশ স্বপ্ন দিয়ে তৈরি, স্মৃতি দিয়ে ঘেরা। মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের স্বপ্ন নিয়ে আমরা দেশ গড়েছি, পোয়েট অব পলিটিকস বা রাজনীতির কবি রচনা করেছেন এই কবিতা-সুন্দর দেশখানি।
জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুধার লাগি, দুটি যদি জোটে তবে একটিতে ফুল কিনিও হে অনুরাগী। আমরা যদি মাসে ৩০০ টাকার মোবাইল বিল দিতে পারি, বছরে কেন দুই হাজার টাকার বই কিনব না! আমাদের যদি সোয়া কোটি ফেসবুক গ্রাহক থাকে, তাহলে বছরে কেন অন্তত সোয়া কোটি বই বিক্রি হবে না? নাকি আমরা বলব, আমিও বুক পড়ি, ফেসবুক। এই সমস্যার একটা ছোট্ট কিন্তু খুবই কার্যকর সমাধান আছে। তাহলো, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে যেকোনো প্রতিযোগিতার পুরস্কার হিসেবে
বই দেওয়া বাধ্যতামূলক করা। আজকাল দেখি, বিতর্কেও মেডেল দেওয়া হয়। কোনো দরকার নেই। প্রধান অতিথিকে ক্রেস্ট দেওয়া হয়। অপচয়ের চূড়ান্ত হয়। এর বদলে বই দিন। এমনকি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও বই দিন। জগ গেলাস ফ্লাস্ক পরিবারগুলো প্রয়োজনেই কিনবে। বই কিনবে না। বই তাদের ঘরে ঢুকুক। ওই ছেলেমেয়ের জীবন পাল্টে যাবে।
আর আমরাও নববর্ষে, পয়লা ফাল্পুনে, বিয়েতে আবার বই উপহার দেওয়ার প্রথা ফিরিয়ে আনি। এটা তো আমরা আগে করতাম। আসুন, আওয়াজ তুলি, বইয়ের চেয়ে ভালো উপহার আর কিছু হয় না। প্রিয়জনকে সেরাটাই দিন, বই দিন।
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।