কী ভাবছেন তরুণ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা ক্ষমতাসীন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের সব মানুষ এদিকেই তাকিয়ে। অনেকের মনে প্রশ্ন, নির্বাচনে সব দলের অংশগ্রহণের সুষ্ঠু পরিবেশ কি তৈরি হবে? সব দলের অংশগ্রহণে সব ভোটারের উপস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন হবে?

এর মধ্যেই ধর্মভিত্তিক দল হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এটা কি দলটির নতুন কোনো কৌশল? দলের প্রত্যাশা ও সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে। প্রশ্ন উঠছে হতাশা আর সংকট নিয়েও। এর মধ্যে কী ভাবছেন দলের তরুণ নেতারা?

আজ ২৩ জুন। আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলটির ছয়জন তরুণ নেতা জানিয়েছেন নিজ নিজ মতামত। 

তুষার কান্তি মণ্ডল
তুষার কান্তি মণ্ডল

তুষার কান্তি মণ্ডল, সাধারণ সম্পাদক, রংপুর মহানগর
তুষার কান্তি মণ্ডলের কাছে প্রশ্ন ছিল, এই মুহূর্তে দলের কোথায় আশা দেখেন? তাঁর উত্তর, ‘জননেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে জ্যেষ্ঠদের পাশাপাশি তরুণদেরও মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এটা একটা বড় আশা।’
তাঁর চোখে আওয়ামী লীগের কোনো ব্যর্থতা নেই। ছাত্রলীগ-যুবলীগের কেউ কখনো প্রশাসনকে হুমকি দেয়নি, যা এর আগে অন্য দল ক্ষমতায় থাকাকালে দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিরোধীদের সঙ্গে আলোচনার বিষয়ে তাঁর মত, ‘প্রধানমন্ত্রী তো বলেছেন বিএনপিকে নির্বাচনে আসার কথা। বিএনপি কর্মসূচি দিক।’
বিএনপির অভিযোগ তারা রাস্তায় নামলে পুলিশ বাধা দেয়, এ বিষয়ে তুষার কান্তি বলছেন, ‘তারা জামায়াত-শিবির বাদ দিয়ে কর্মসূচি করুক।’

ইশতিয়াক আহমেদ চৌধুরী
ইশতিয়াক আহমেদ চৌধুরী

ইশতিয়াক আহমেদ চৌধুরী, শিল্পবিষয়ক সম্পাদক, সিলেট মহানগর
এই মুহূর্তে দেশে সুশাসনের সংকট রয়েছে বলে মনে করেন না ইশতিয়াক আহমেদ চৌধুরী। তাঁর কথা, সুশাসনের জন্য আমলাতন্ত্রকে আরও বিকশিত হতে হবে। আরও জবাবদিহিমূলক হতে হবে।
ধর্মভিত্তিক দল হেফাজতে ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ প্রসঙ্গে তাঁর মত, ‘রাষ্ট্রের স্বার্থে, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে এ রকম বৈঠক চলতে পারে। একই সঙ্গে সংলাপ হতে পারে কমিউনিস্ট পার্টির সঙ্গে, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গেও।
এই মুহূর্তে বিএনপিসহ সংসদের বাইরের বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার অপরিহার্যতা দেখেন না সিলেটের এই আইনজীবী, ‘আলোচনা যেকোনো সময় করা যেতে পারে। এ ক্ষেত্রে বিএনপিরও এগিয়ে আসতে হবে।’
আগামী নির্বাচন সম্পর্কে এই নেতার মত, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ পিছিয়ে পড়বে। জেঁকে বসবে চাঁদাবাজি লুটপাট-বিশৃঙ্খলা। উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থেই এটা দরকার।’

লায়েব উদ্দিন লাভলু
লায়েব উদ্দিন লাভলু

লায়েব উদ্দিন লাভলু, যুগ্ম সম্পাদক, রাজশাহী জেলা 

রাজশাহীর এই নেতার পর্যবেক্ষণ, ২০০৮ সালের পর যাঁরা দলে যোগ দিয়ে এমপি হয়েছেন, তাঁদের অনেকেই তৃণমূল নেতৃত্বকে অবহেলা করেছেন। নিজেরা দলের মধ্যে তাঁদের পছন্দের লোক নিয়ে গ্রুপিং করেছেন। এ ক্ষেত্রে তিনি আস্থা রাখতে চান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি, ‘নেতা (কাদের) সারা দেশ চষে বেড়াচ্ছেন। দলে এই ব্যবধান ঘোচাতে তিনি তৎপর আছেন।’
হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগ সম্পর্কে এই নেতার ভাষ্য, ‘এটা কেন্দ্রীয় নেতৃত্বের কলাকৌশলের অংশ। তবে তাঁর বিশ্বাস, এতে আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চরিত্রে কালিমা লেপন করবে না।’

সুফি ফারুক ইবনে আবুবকর
সুফি ফারুক ইবনে আবুবকর

সুফি ফারুক ইবনে আবুবকর, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, কুষ্টিয়া

সুফি ফারুক ইবনে আবু বকর মনে করেন, ডিজিটাল বাংলাদেশ যতটা এগিয়েছে, এখন আমাদের চ্যালেঞ্জ দক্ষ জনশক্তি তৈরি করা। একই সঙ্গে জ্ঞানভিত্তিক অর্থনীতি বাস্তবায়নে মানুষকে প্রস্তত করাও জরুরি।
কুষ্টিয়ার এই তরুণ নেতা মনে করেন, আওয়ামী লীগে নানা ধরনের মানুষ আছেন। তাই দলকে ডিজিটাল করাও একটা বড় চ্যালেঞ্জ।
আওয়ামী লীগ যেভাবে উন্নয়নের পথে আছে, আর সাধারণ মানুষ যেভাবে তথ্য পাচ্ছে, এই দুইয়ের মধ্যে একধরনের গ্যাপ রয়েছে বলে সুফি ফারুকের পর্যবেক্ষণ। দলের নেতাদেরই দায়িত্ব, উন্নয়নের বার্তাটি সাধারণ মানুষের ভাষায় তাঁদের কাছে পৌঁছানো। কিন্তু সেটা তেমনভাবে করা হচ্ছে না।

এস এম জাকির হোসেন
এস এম জাকির হোসেন

এস এম জাকির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক, বরিশাল মহানগর
এই মুহূর্তে আওয়ামী লীগে কী কী সংকট দেখেন—এ প্রশ্নে জাকির হোসেনের উত্তর, নব্য আওয়ামী লীগারদের প্রতিহত করা জরুরি। নইলে দল বিপদে পড়বে। তা ছাড়া দলের উন্নয়নকাজ সাধারণ মানুষের কাছে পৌঁছানো দরকার, এটা নেতাদের দায়িত্ব।
কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দিয়ে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন জাকির হোসেন। তাঁর কথা, এটা কেবল হেফাজতের দাবি নয়, এটা আওয়ামী লীগেরও দাবি, সাধারণ মানুষেরও দাবি।
পদ্মা সেতুর কাজ যখন শেষ হবে, পুরোপুরি চালু হবে পায়রা বন্দর। তখন বাংলাদেশ সত্যিই সিঙ্গাপুর হবে, আশাবাদী দক্ষিণ বাংলার এই তরুণ নেতা।

শেখ ওবায়দুর রহমান
শেখ ওবায়দুর রহমান

শেখ ওবায়দুর রহমান, সাবেক সহসম্পাদক, কেন্দ্রীয় উপকমিটি
আওয়ামী লীগে কোথায় হতাশা ও কোথায় আশা দেখেন—এ প্রশ্নের জবাবে শেখ ওবায়দুর রহমান বলেন, আওয়ামী লীগের সংগঠন এই মুহূর্তে খুব শক্তিশালী। ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত, প্রায় সব ইউনিটে কমিটি আছে। এটা আশার দিক। তবে দলে চিহ্নিত বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না—এটা হতাশার দিক।
হেফাজতে ইসলামের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগকে দলের অসাম্প্রদায়িক আদর্শকে হুমকির মুখে ফেলছে কি না, এমন প্রশ্নের জবাবে বাগেরহাটের এই নেতা মনে করেন, বাংলাদেশ ৮০ ভাগ মুসলমানের দেশ। ধর্মীয় সেন্টিমেন্ট রাজনীতির অংশ। তবে ধর্মীয় মৌলবাদ আওয়ামী লীগকে ছুঁতে পারেনি। পারবে না।
তরুণ এই আইনজীবীর কথা, ‘আমরা ৮০ ভাগ মানুষের সেন্টিমেন্ট ধারণ করি।’