কী হবে নৈশভোজের আলোচনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও ঐক্যফ্রন্টের নৈশভোজটি অনুষ্ঠিত হবে আজ রাতে। এই বৈঠকর প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে অপ্রত্যাশিতভাবে। নাটকীয়তা রয়েছে এর আঙ্গিকেও। কারণ, এই নৈশভোজের মূল লক্ষ্য নির্বাচনকেন্দ্রিক বিষয়ে সংলাপ, যা আগে অনুষ্ঠিত হতো বৈঠকি মেজাজে, নৈশভোজের আপ্যায়নে নয়। এর পক্ষ-বিপক্ষের নেতৃত্বেও রয়েছে অভিনবত্ব। এই আলোচনায় ঐক্যফ্রন্টে বিএনপি থাকলেও এর নেতৃত্বে আছেন বর্তমান ক্ষমতাসীন দলেরই একজন সাবেক নেতা, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তবে এসব খুঁটিনাটির চেয়ে মানুষের মূল আগ্রহ থাকবে নৈশভোজের পরিণতির দিকে। নৈশভোজের জন্য দেওয়া চিঠিতে ড. কামাল হোসেন স্পষ্ট করে বলেছেন যে ঐক্যফ্রন্টের উত্থাপিত সাত দফার ভিত্তিতে আলোচনা চান তাঁরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাবে সংবিধানসম্মত যেকোনো বিষয়ে আলোচনার আগ্রহের কথা বলেছেন। আওয়ামী লীগের নেতারা এর মধ্যে বলেছেন, সাত দফা পুরোটা অসাংবিধানিক। ফলে আপাতদৃষ্টিতে মনে হতে পারে, এখানে আলোচনার সুযোগ খুব সীমিত। কিন্তু সামান্য বিশ্লেষণে দেখা যাবে, এই সাত দফার অধিকাংশ বিষয়ে সাংবিধানিক কাঠামোর মধ্যে আলোচনা সম্ভব। সম্ভব অন্যান্য বিষয়ে আলোচনাও। তবে সে জন্য প্রয়োজন সদিচ্ছা এবং আলোচনাকারীদের প্রজ্ঞা।

২.
সাত দফায় ইভিএম ব্যবহার না করা, নির্বাচনী পর্যবেক্ষক ও গণমাধ্যমকে অবাধে কাজ করতে দেওয়া এবং বিভিন্ন আন্দোলনে স্বাধীন মতপ্রকাশের জন্য দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের মতো কিছু মামুলি দাবি রয়েছে। এসব দাবি পূরণের জন্য নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন নেই। শুধু সদিচ্ছা থাকলেই সরকার এগুলোর পূর্ণ নিশ্চয়তা দিতে পারে।

সাত দফায় নির্বাচন কমিশনের হাতে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী নিয়োগ-নিয়ন্ত্রণসহ নির্বাচন অনুষ্ঠানের পূর্ণ ক্ষমতা দেওয়ার দাবি করা হয়েছে। এই ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রয়েছে, তবে তা শুধু সংবিধানের ভাষায়। বিভিন্ন নির্বাচন–সংক্রান্ত বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিয়ে (যেমন আগের নির্বাচনগুলোতে সেনা নিয়োগে রাজি না হয়ে, বর্তমানে ইভিএম ব্যবহারে আইন করে) সরকার দেখিয়েছে যে এই ক্ষমতার অনেকাংশ নিজেরা প্রয়োগেই তারা দৃঢ়প্রতিজ্ঞ। এটিও আমরা দেখেছি যে এসব ক্ষেত্রে কমিশন তার স্বাধীন সত্তা প্রদর্শনের দৃঢ়তা ও মনোবল দেখাতে ব্যর্থ হয়েছে। সরকার সংবিধান মেনে নির্বাচন কমিশনকে নির্বাচন–সংক্রান্ত বিষয়ে প্রাধান্য দিলে ঐক্যফ্রন্টের এসব দাবি পূরণে জটিলতা হবে না।

সাত দফায় সভা–সমাবেশের সমান স্বাধীনতাসহ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি করা হয়েছে। এগুলো সম্পূর্ণ সংবিধানসম্মত হলেও সরকার বহুবার এসবের ব্যত্যয় করেছে; বিশেষ করে সংসদের বাইরের বিরোধী দলগুলোকে সভা করতে দিতে শেষ মুহূর্ত পর্যন্ত গড়িমসি, সভার স্থান পরিবর্তন করে দেওয়া, সময় নির্ধারণসহ কয়েক ডজন শর্ত জুড়ে দেওয়া, সমাবেশে লোক আসতে বাধা দেওয়া, সমাবেশের আগে–পরে নেতা–কর্মীদের ঢালাও মামলায় গ্রেপ্তার করার যে সংস্কৃতি সরকার চালু করেছে, তা নির্বাচনের সমতল ভূমি সৃষ্টির পথে গুরুতর অন্তরায়। এগুলো না করার যে দাবি ঐক্যফ্রন্ট করেছে, তার বিরোধিতার কোনো যুক্তি থাকতে পারে না।

ঐক্যফ্রন্টের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে তফসিল ঘোষণার পর নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত সব রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও নতুন মামলা না দেওয়া। এই দাবি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ হয়তো রয়েছে। তবে গায়েবি মামলা দায়ের, বিপুলসংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা এবং পরে বিরোধী দলের যে কাউকে পেলেই সেই অজ্ঞাতনামার জায়গায় আসামি বানিয়ে দেওয়ার যে প্রবণতা আমরা লক্ষ করছি, তা সংবিধানের মূল স্পিরিট ও ন্যায়বিচারের ধারণাগুলোর পরিপন্থী। এই প্রবণতা বন্ধ না হলে এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো নিপীড়নমূলক আইন নির্বাচনের আগে আগে অপপ্রয়োগ করা শুরু হলে, নির্বাচনের দিন বিরোধী দলের পোলিং এজেন্ট মোতায়েনই দুষ্কর হয়ে পড়বে। পোলিং এজেন্টহীন নির্বাচন ভোটকেন্দ্রে কারচুপিকে বহুগুণ সহজ করে দেবে। এসব বিবেচনায় এ দাবি অযৌক্তিক নয়।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ঐক্যফ্রন্ট সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল এবং আলোচনা করে নিরপেক্ষ সরকার গঠন চেয়েছে, চেয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠনও। বর্তমান সংবিধানের আলোকেই জাতীয় সংসদ এখনই ভেঙে দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি পুরোপুরি মানা সাংবিধানিকভাবে জটিল বিষয়। তবে সরকার চাইলে সংসদের বাইরে থেকে এক-দশমাংশ বিরোধীদলীয় মন্ত্রী নিয়োগ দিয়ে কিছুটা ইনক্লুসিভ সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নিতে পারে, এটি বর্তমান সংবিধান অনুসারেই সম্ভব। একইভাবে সম্ভব বিরোধীপক্ষের প্রস্তাবিত ব্যক্তিদের নির্বাচন কমিশনে সংযোজনের।

ঐক্যফ্রন্টের কিছু দাবি মানতে হলে আইনগত ব্যবস্থা নিতে হবে। যেমন নির্বাচনের ১০ দিন আগে থেকে বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী নিয়োগ ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা। পার্লামেন্ট অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে এগুলো করতে পারেন। সংবিধানই এ ক্ষমতা রাষ্ট্রপতিকে দিয়েছে।

সংবিধানকাঠামোতে সবচেয়ে জটিল হবে খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির বিষয়টি। বিচার বিভাগের এখতিয়ারভুক্ত বলে সরকার হয়তো খালেদা জিয়ার মুক্তির বিষয় নিয়ে বেশি আলোচনা করতে চাইবে না। ঐক্যফ্রন্ট অতীত কিছু নজির তুলে বিচার বিভাগ আসলে কতটা স্বাধীন, এই প্রসঙ্গ তুললেও সরকার তা ধর্তব্যে আনতে চাইবে বলে মনে হয় না; বরং খালেদা জিয়ার মুক্তির দাবি অনিষ্পন্ন রেখে কোনো সমঝোতা হলে সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রচারণা চালানো সহজ হবে। দুই নেত্রী না, বাংলাদেশে আসলে এখন এক নেত্রী আছেন, এটি শক্তভাবে বুঝিয়ে দেওয়ার সুযোগও থাকবে।

আমার বিবেচনায় দু-একটা বিষয় বাদে পুরো সাত দফাই সংবিধানসম্মতভাবে আলোচনা সম্ভব। ড. কামাল হোসেন বাংলাদেশের সংবিধানের অন্যতম রচয়িতা। গণপরিষদ বিতর্কের ছত্রে ছত্রে আমরা এর প্রমাণ দেখি। জাতীয় প্রয়োজনে পিঠটান দেওয়া ব্যক্তিও তিনি নন, এরশাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত তিন মাসে তাঁর সার্বক্ষণিক উপস্থিতির মধ্যে এর প্রমাণ রয়েছে। এমন একজন ব্যক্তির উপস্থিতিতে সংবিধানসম্মত নয় বলে সাত দফাকে উড়িয়ে দেওয়া তাই সহজ হবে না।

৩.
সংবিধান তাই নৈশভোজের সাফল্যের অন্তরায় হতে পারে না। নৈশভোজের আলোচনার সাফল্য বরং নির্ভর করবে সরকারের সদিচ্ছার ওপর। প্রধানমন্ত্রী এই আলোচনায় সরকারপক্ষে নেতৃত্ব দেবেন। তিনি তাঁর দলে অবিসংবাদিত নেতা, তাঁর বাকপটুতাও অসামান্য। তিনি চাইলে এই আলোচনাকে বরং ঐক্যফ্রন্টকে মতবিরোধে ফেলার, একে অনুল্লেখ্য করার, এমনকি একে বিভক্তির দিকে ঠেলে দেওয়ার চেষ্টাও করতে পারেন। কিন্তু তাতে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার পথ আরও দুর্গম ও অসাধ্য হয়ে উঠবে।

অতীতে আমরা কখনো সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক বিরোধের নিষ্পত্তি দেখিনি। এর নিষ্পত্তি হয়েছে গণ–আন্দোলনে। সেই শক্তি বিএনপি বা ঐক্যফ্রন্টের কতটা আছে বা কতটা তারা তা দেখাতে ঐক্যবদ্ধ, তা নিয়ে সংশয় রয়েছে। ফলে এই আলোচনাকে ভারসাম্যহীন শক্তির দুটো পক্ষের আলোচনা হিসেবে দেখতে পারে সরকার। ঐক্যফ্রন্টের প্রস্তাব তেমন একটা আমলে না নেওয়ার মনোভাব দেখাতে পারে তারা। কিছু বিষয়ে নিছক আশ্বাস দিয়ে পরে তা বাস্তবায়নে সম্পূর্ণ অনান্তরিক থাকতে পারে তারা। এই সরকারের আমলে এমন নজির আছে অনেক।

নৈশভোজে অর্থবহ সমঝোতা তাই মিরাকলই হবে অনেকটা। তবে এমন একটি মিরাকলের প্রতীক্ষা নিশ্চয়ই করবেন বাংলাদেশের শান্তিপ্রিয় ও গণতন্ত্রমনা নাগরিকেরা।

আসিফ নজরুল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক