কীভাবে আমরা ঢাকার জলাবদ্ধতা দূর করে দিলাম

প্রথম আলোফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ সারা বাংলাদেশে প্রবল বৃষ্টিপাত হয়েছে বেশ কিছুদিন। কিন্তু কোথাও জল জমেনি রাস্তায়। পথচারীকে হাঁটুজল ভেঙে ফিরতে হয়নি বাড়িতে। এমনি এক বৃষ্টিমুখর দিন শেষে এক বিশেষজ্ঞ প্রকৌশলীর আত্মতৃপ্তির স্মৃতিচারণা! আসুন, কিছু সময়ের জন্য এমন এক সুখকর কল্পজগতে বেরিয়ে আসা যাক!

ধরুন, আমি ঢাকা শহরের পানিনিষ্কাশনব্যবস্থার নিয়ন্ত্রক। আমাদের কৃতিত্ব হলো টানা ছয় বছর ছয় মাসের মধ্যে একবারের জন্যও ঢাকা শহরে জলাবদ্ধতা হতে দিইনি। অথচ কৃতিত্বটা সিস্টেমের, আমার একার না। এই সিস্টেম তৈরি এবং নিয়ন্ত্রণ করতে যাঁরা সাহায্য করছেন, কৃতিত্বটা তাঁদেরও। আমি নিয়ন্ত্রক মাত্র।

ধরুন ২৪ ঘণ্টায় ঢাকা শহরজুড়ে টানা ১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। এই পরিমাণ বৃষ্টি হলে একসময় জলাবদ্ধতা নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত। ধানমন্ডি লেক ভরে যেত। বনানী-গুলশান লেক ভরে যেত। বেগুনবাড়ি খাল উপচে পড়ত। খুব দ্রুত জল নিষ্কাশন হতে পারত না। পানি রাস্তাঘাটে উপচে পড়ত। ঘণ্টার পর ঘণ্টা শহরের রাস্তা দেড়-দুই ফুট গভীর জলাবদ্ধতায় ডুবে থাকত। রাস্তায় গাড়ি চালানো যেত না। রিকশা চালানো কঠিন হতো। জলাবদ্ধ রাস্তায় গাড়ি চালানোর জন্য খানাখন্দের সৃষ্টি হতো। জনজীবন বিপর্যস্ত হতো। অথচ সেই বিপর্যয় এখন ইতিহাস।

খাল-লেক-পুকুরে ভরা একসময়ের ঢাকা শহরের পানিনিষ্কাশনের জন্য প্রকৃতির ওপর নির্ভর করা যেত। অনিয়ন্ত্রিত উন্নয়নের কারণে পানিনিষ্কাশনের যে সমস্যার সৃষ্টি হয়েছে, তার সমাধান এখন আর প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া চলে না। তাই প্রকৃতির কাজ আমাদের নিজের হাতে তুলে নিতে হয়েছে। তারপরও প্রকৃতিকে যতটা ব্যবহার করা যায়, তা করছি। বর্তমান সিস্টেমে প্রাকৃতিক লেক, কৃত্রিম ভূউপরিস্থ ও ভূগর্ভস্থ জলাধার, খাল, নালা, ভূগর্ভস্থ অগভীর কৃত্রিম সুড়ঙ্গ, স্লুইসগেট, বহুবিধ ছোট গেট, নানা ধরনের সেন্সর, এবং পাম্পকে একটা সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণব্যবস্থার অধীনে এনেছি।

আইনের মাধ্যমে সবাইকে ছাদে জল সংরক্ষণ করিয়ে সমস্যা ছোট করে নিয়েছি। ভবনের পাশের খালি জায়গায়গুলোয় গাছ লাগিয়ে জল শোষণের ব্যবস্থা করেছি। সামনে ও পেছনের উঠোনে এবং হাঁটাপথে পিচঢালাইয়ের পরিবর্তে ফাঁপা ইট ব্যবহার করা হয়েছে, যাতে মাটির অভ্যন্তরে বেশি পরিমাণ জল প্রবেশ করানো যায়। বৃষ্টির জল ও পরিশোধিত বর্জ-পানি যথাযথ পরিশোধন করে মাটিতে অনুপ্রবেশ করিয়ে সমস্যাটা আরও ছোট করে নিয়েছি। বিজ্ঞান ও প্রযুক্তির নানা শাখা সমন্বয় করে তার বাস্তব প্রয়োগ করেছি। দেশের সমস্যা সমাধানে নতুন নতুন গবেষণা করছি। তথ্য-উপাত্ত দিয়ে প্রকৃতির আপাত–অনিশ্চিত বিরূপতাকে প্রতিনিয়ত জয় করে চলেছি।

প্রথম আলো
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ১২ ইঞ্চি, ৭২ ঘণ্টায় ২৪ ইঞ্চি, আর ৭ দিনে ৩৬ ইঞ্চি বৃষ্টিপাতের পরও ধানমন্ডি লেকের জলের উচ্চতা বিপৎসীমা থেকে ১২ ইঞ্চি নিচে আছে। ধারণক্ষমতার ৮০ শতাংশ পূরণ হয়েছে। এই লেকের বহির্গমনের পাম্প বন্ধ রাখলেও আরও ৬ ইঞ্চি বৃষ্টিপাত সহ্য করতে পারবে। তার চেয়ে বেশি বৃষ্টিপাত হলে জলাবদ্ধতা শুরু হবে।

জলাবদ্ধতা নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো লেকগুলোর পানির স্তরের উচ্চতা আর বিপৎসীমা থেকে তার দূরত্ব। এই তথ্য আমরা পাচ্ছি ওই লেকের মধ্যে অবস্থিত পানির স্তরের উচ্চতা মাপার সেন্সর থেকে। এই সেন্সর সেলফোনের মাধ্যমে (SCADA—Supervisory Control and Data Acquisition) ডেটা ট্রান্সফার করে। কেন্দ্রীয়ভাবে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে এই তথ্য প্রতি পাঁচ মিনিটে একবার করে পেতে পারি। নিয়ন্ত্রক সফটওয়্যার এই তথ্য সক্রিয়ভাবে ধারণ করে এবং তা সঙ্গে সঙ্গেই পুরো সিস্টেমের গাণিতিক মডেলে সমন্বয় করে।

লেকগুলোর পানির স্তরের উচ্চতার সঙ্গে তার ধারণমাত্রার একটা সম্পর্ক রয়েছে। এসব তথ্য জরিপ করে বের করা যায়। পানিপ্রবাহের হিসাব-নিকাশ দিয়ে তা আবার সত্যয়নও করা যায়। এই উচ্চতা এবং ধারণমাত্রার সম্পর্কটা তৈরি করে দিয়েছে আমাদেরই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ বিভাগের মাস্টার্সের ছাত্ররা। এটা তাদের গবেষণার অংশ ছিল। এই গবেষণার জন্য তাদের স্কলারশিপও দেওয়া হয়েছিল। সেই গবেষণার ফল আমরা সিস্টেমের গাণিতিক মডেলের অংশ হিসেবে ব্যবহার করেছি।

আমরা পুরো সিস্টেমকে এমনভাবে নিয়ন্ত্রণ করি, যাতে কোনো লেকেরই পানির স্তর তার ধারণক্ষমতার শতকরা ৯৫ ভাগের ওপরে না ওঠে। এর মাধ্যমে নিশ্চিত করি কোথাও যেন জলাবদ্ধতা না হয়। ফলে সময়মতো পানি পাম্প করতে হয়।

প্রথম আলো
ফাইল ছবি

এখন মজার খেলাটা হলো, কখন আর কতক্ষণ পাম্প করব, তার সময়সূচি নির্ধারণ করা। এই সময়সূচি নির্ধারণ হলো প্রকৃতির সঙ্গে দাবা খেলার মতো। প্রকৃতি আগামী ১০ দিনে তার দাবার চাল হিসাবে কখন কতটুকু বৃষ্টিপাত দেবে তা অনুমান করে আমরাও পাম্পগুলোর সময়সূচি নির্ধারণ করি। প্রকৃতি যত বেশি বৃষ্টি দেবে, আমাদেরও তত বেশি সময় ধরে পাম্প চালাতে হবে।

আগের থেকে এখনকার পার্থক্য হলো, আগে জলাবদ্ধতা শুরু হলে আমাদের দৌড়াদৌড়ি শুরু হতো। কিন্তু এখন ১০ চাল এগিয়ে থাকার মতো আগামী ১০ দিনের প্রকৃতির দাবার চাল দেওয়ার সম্ভাবনা হিসাব করেই আগে থেকে আমরা খেলতে থাকি। তবে দাবা খেলা থেকে আমাদের খেলা অনেক অনেক সহজ। গত কয়েক বছরের ইতিহাস থেকে আমরা আগে থেকেই প্রকৃতির খেয়াল জানি। জানি, আকাশ থেকে কতটুকু বৃষ্টি নেমে আসবে। তারপর আমাদের বন্ধু সংস্থা আবহাওয়া দপ্তরের সঙ্গে আছে সার্বক্ষণিক যোগাযোগ। আবহাওয়ার পূর্বাভাস মোটামুটি ঠিক হলেই চলে। তবে পূর্বাভাস যত সঠিক হয়, আমরা তত সঠিকভাবে চাল দিতে পারি। এর ফলে পাম্পিংয়ের খরচ কমে যায়।

আবহাওয়ার পূর্বাভাস যা–ই হোক না কেন, ঢাকা শহরের বিভিন্ন স্থানের সত্যিকারের বৃষ্টিপাতের তথ্য পাই বৃষ্টি পরিমাপক যন্ত্রের মাধ্যমে। বৃষ্টি পরিমাপক যন্ত্রের স্থান নির্ধারণ করা হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে, যাতে পরিসংখ্যানগত ত্রুটি কমানো যায়। অনুরূপভাবে, ভিন্ন ধরনের সেন্সর ব্যবহার করে আমরা মাটির জল-সম্পৃক্তির তথ্যও পাই।

লেক, খাল, নিচু জায়গা, পরিত্যক্ত মাঠ, ডোবাসহ অভ্যন্তরীণ জলাধারগুলোর ধারণক্ষমতা যত বাড়ে, পাম্পিংয়ের প্রয়োজন তত কমে; খরচও কমে যায়। তাই আমরা প্রাকৃতিক জলাধারগুলোকে সাহায্য করার জন্য কয়েকটা কৃত্রিম জলাধার তৈরি করেছি। জায়গার অভাব। তাই বিভিন্ন খেলার মাঠের জায়গায় ভূগর্ভস্থ জলাধার তৈরি করে ওপরে খেলার মাঠ করে দিয়েছি।

প্রথম আলো
ফাইল ছবি

পাঠক, আমরা আগেই বলেছিলাম যে এতক্ষণ যা পড়ছেন, তা নিশ্চয়ই মনে হচ্ছে কল্পকাহিনি! মনে হচ্ছে সায়েন্স ফিকশন! একটু মাঝারি মাপের বৃষ্টিপাতেই যেখানে ঢাকা শহরের ব্যস্ত রাস্তা তলিয়ে যায় পানির নিচে; কখনো কখনো নৌকাও চলতে দেখা যায়। বর্তমান বাস্তবতায় ঢাকা শহরের জন্য এ ব্যবস্থা অবান্তর এবং অবাস্তব মনে হতেই পারে। মনে হতে পারে কল্পকাহিনি বা ফিকশন। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় শহরে ঠিক এ রকম ব্যবস্থাপনার মাধ্যমেই জলাবদ্ধতা দূর করা হচ্ছে; সেখানে এটাই কার্যকরী বাস্তবতা।

আজকাল ইন্টারনেট-অব-থিংসের (IoT) যুগে দূরে বসে দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বাড়ির লাইট জ্বালানো যায়, এসি চালু করা যায়, আরও নানা কাজ করা যায়। মেকাট্রনিকস বিদ্যা প্রয়োগ করে মেকানিকস, ইলেকট্রনিকস এবং কম্পিউটিংয়ের নীতিগুলোকে একত্র করে একটা সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য নিয়ন্ত্রণব্যবস্থা তৈরি করা সম্ভব। একটা আধুনিক টেসলা গাড়িতে মাত্র এক থেকে চারজন যাত্রীকে আয়াস দেওয়ার জন্য যতগুলো সেন্সর লাগে, আধুনিক জলাবদ্ধতা নিয়ন্ত্রণ সিস্টেমে তার চেয়ে কম সেন্সরের মাধ্যমে ঢাকা শহরের প্রায় ২০ মিলিয়ন বাসিন্দার জনদুর্ভোগ কমানো সম্ভব। এর জন্য প্রয়োজন প্রকৌশল-বিজ্ঞানের নানা শাখার জ্ঞানের সম্মিলন যথা, পানিসম্পদ কৌশল, সাধারণ পুরকৌশল, ফ্লুয়িড মেকানিকস, ভূতত্ত্ববিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, মেকাট্রনিকস, সফটওয়্যার প্রকৌশল।

বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে, বাংলাদেশের জল-হাওয়ায় বেড়ে উঠে, বাংলাদেশেরই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়ে বিদেশে গিয়ে ভিন্ন দেশের ভিন্ন শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশেরই অনেক প্রকৌশলী। তাহলে আমাদের প্রাণের ঢাকা শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ করতে পারব না কেন? অবশ্যই পারব।

ঢাকা শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণ অসম্ভব কোনো কাজ নয়। প্রয়োজন শুধু একযোগে কাজ করা। প্রয়োজন পানিব্যবস্থাকে করায়ত্তে নিয়ে প্রকৃতির সঙ্গে প্রতিদিন প্রতিক্ষণ চ্যালেঞ্জ নিয়ে দাবা খেলা এবং দাবার ঘুঁটির চালে জেতা। মেধা কাজে লাগিয়ে প্রযুক্তির সঙ্গে দেশপ্রেমের মিশেলে আমরাও ঢাকার জলাবদ্ধতাকে ইতিহাস বানিয়ে দিতে পারি।

ঢাকা যদি জলাবদ্ধতা নিরসনে এগিয়ে যায়, বন্দর নগরী চট্টগ্রাম কি পিছিয়ে থাকবে? অন্যান্য শহরও কি পিছিয়ে থাকবে?

ভজন সরকার: বিশেষজ্ঞ প্রকৌশলী। কানাডার ওন্টারিও প্রদেশের রেজিস্টার্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ার। কানাডার বিভিন্ন শহরে প্রায় দেড় দশক ধরে কাজ করছেন পানি ব্যবস্থাপনা নিয়ে। বর্তমানে কানাডার ওন্টারিও প্রদেশের হ্যামিল্টন শহরের পানীয় জল, পয়োনিষ্কাশন ও জলাবদ্ধতা ব্যবস্থাপনার আগামী তিন দশকের মাস্টার-প্ল্যান পরিকল্পনা প্রকল্পের সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক।

সুকমল মোদক: যুক্তরাষ্ট্রপ্রবাসী স্ট্রাকচারাল প্রকৌশলী, ভূমিকম্প বিশেষজ্ঞ এবং বুয়েটের সাবেক শিক্ষক। তিনি জনপ্রিয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সফটওয়ার SAP2000, ETABS, SAFE, আর CSiBridge–এর ডেভেলপার টিমের গুরুত্বপূর্ণ সদস্য।