এ মাসের শেষ দিকে ইরাকি কুর্দিস্তানে ঐতিহাসিক স্বাধীনতা ভোট হতে যাচ্ছে। এতে তাদের সার্বভৌমত্বপ্রাপ্তির গতি বাড়তে পারে এবং তারা শেষমেশ এক শতাব্দীর দ্বন্দ্ব-সংঘাত, গণহত্যা ও নৃশংসতার পর একটি
রাষ্ট্র উপহার পেতে পারে। তবে গণভোটে কুর্দিদের স্বাধীনতার বোধ তৈরি হলেও
এর কোনো তাৎক্ষণিক প্রশাসনিক ও সাংগঠনিক ভিত্তি নেই। কারণ, এর আইনি বাধ্যবাধকতা নেই। এমনকি এতে প্রক্রিয়াটি আনুষ্ঠানিকতা পেলেও। কিন্তু কুর্দিদের
এই স্বাধীনতার দাবি আন্দোলন বিনা চ্যালেঞ্জে পার পাবে না। এর মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হচ্ছে আঞ্চলিক শক্তির প্রতিরোধ। তুরস্ক ও ইরান ঐতিহাসিকভাবে কুর্দিদের আত্মনিয়ন্ত্রণের বিরোধিতা করেছে, কখনো কখনো সশস্ত্রভাবে।
পশ্চিমা শক্তিগুলো উত্তর ইরাকে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করার পর ইরাকি কুর্দিস্তানের প্রতিবেশীরা পাথুরে জায়গায় আটকা পড়ে গেছে। সে কারণে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি (কেডিপি) ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করতে পেরেছে, যেখানে তাদের নিজস্ব রাজনৈতিক ব্যবস্থা চলে। সেখানকার প্রতিষ্ঠান ও পররাষ্ট্রনীতিও তাদের নিজস্ব।
১৯৯০-এর দশকে প্রতিকূল ভূরাজনৈতিক পরিবেশ সত্ত্বেও কুর্দিস্তান শক্তিশালী ও সম্পদ-সমৃদ্ধ প্রতিবেশী ও তাদের সেনাবাহিনী
দ্বারা অবরুদ্ধ ছিল—এরা তখন অভিযান চালিয়ে কুর্দি রাষ্ট্র (কার্যত) শেষ করে দিতে পারত। ১৯৯২ সালের কুর্দি নির্বাচন ইরাকের ইতিহাসে প্রথম সে রকম নির্বাচন, যার বদৌলতে কুর্দিরা আজকের সার্বভৌমত্বের আন্দোলন করতে পারছে।
ঐতিহাসিক নির্বাচন ও পশ্চিম কর্তৃক নো-ফ্লাই জোন অঞ্চল আরোপ করা সত্ত্বেও শাসনব্যবস্থা চ্যালেঞ্জের বাইরে ছিল না। কুর্দিস্তানের রাজনৈতিক প্রক্রিয়া তখনো শিশু পর্যায়ে ছিল। তখন কুর্দিরা চারপাশ থেকে বৈরী প্রতিবেশীদের দ্বারা অবরুদ্ধ ছিল। অভ্যন্তরীণ ও ভূরাজনৈতিক—উভয় কারণেই তারা চাইত না এই উদীয়মান গণতন্ত্রের
উন্নতি হোক। অনিবার্যভাবে তুরস্ক, ইরান, সিরিয়া ও বাথ পার্টিগুলো এই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে। মূলত তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করেছে। তারা যেমন নানা কারসাজি করেছে, তেমনি প্রতিপক্ষ দলগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়েছে।
এ ছাড়া একই সময়ে সেই ১৯৯০-এর দশক থেকে তুরস্কসহ ইরাকি কুর্দিস্তানকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নিজেদের কুর্দি সংগঠনগুলোকে সামাল দেওয়ার চেষ্টা করেছে। বলা দরকার, তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ৪০ বছর ধরে তুর্কি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে। আবার কেডিপি ও পিউকে তুরস্কের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পিকেকের বিরুদ্ধে লড়াই করেছে। কারণ, পিকেকের কুর্দি জাতীয়তাবাদ মার্ক্সবাদী ঘরানার, যেখানে এরা সামাজিক ও উদার-গণতন্ত্রী ধারার। বারজানি ও তালাবানিরা তুর্কি পাসপোর্ট পেয়েছে। ফলে তারা ইরাক ও সিরিয়ার বাইরে অবাধে চলাচল করতে পেরেছে। এমনকি তারা আঙ্কারায় আনুষ্ঠানিক প্রতিনিধিত্বও করতে পেরেছে।
আজ আঙ্কারা ও কেরআজির মধ্যকার এই রাজনৈতিক সহযোগিতা মূলত এই সম্পর্কের সম্প্রসারণ। ২০০৩ সাল থেকে তুরস্ক একভাবে মেনে নিতে শুরু করেছে যে কুর্দি রাষ্ট্র অবশ্যম্ভাবী, যদিও সেই রাষ্ট্র আঙ্কারার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে বাঁধা থাকবে এবং প্রাকৃতিক গ্যাসের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠবে। যারা তুরস্ক ও ইরান-প্রভাবিত বাগদাদ সরকারের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ রাষ্ট্র হয়ে উঠবে। তুরস্ক ছাড়াও উপসাগরীয় দেশগুলো এমন অবস্থান নিয়েছে, যার কারণে তার পক্ষে ইরাকি কুর্দিস্তানের হাইড্রোকার্বন ব্যবহার করা সম্ভব হবে। অর্থাৎ ইরাকি কুর্দিস্তান স্বাধীন হয়ে গেলে বাগদাদের শাস্তিমূলক ব্যবস্থা ছাড়াই এরা সেটা রপ্তানি করতে পারবে।
তুরস্ক কুর্দি রাষ্ট্রের সম্ভাবনায় সক্রিয়ভাবে সমর্থন জোগাচ্ছে না, বরং ১৯৯০ সালে কুর্দিস্তান রিজিয়নাল গভর্নমেন্টের সঙ্গে তার যে অর্থনৈতিক সম্পর্ক গড়ে ওঠে, সেটাকে তারা আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থায় রূপান্তরিত করার চেষ্টা করছে, যেখানে ইরাকি কুর্দিস্তান গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। ১৯৯১ সালে কুর্দিরা স্বায়ত্তশাসন লাভ করার পর আঙ্কারা প্রথমে কিছুটা ইতস্তত করলেও তারা কুর্দিস্তানের অর্থনীতিতে ব্যাপক সম্পদ বিনিয়োগ করেছে। তারা একটি পাইপলাইন নির্মাণে সহায়তা করেছে, যার মধ্য দিয়ে এরা স্বাধীনভাবে হাইড্রোকার্বন রপ্তানি করতে পারবে। এতে কুর্দিস্তান আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পেরেছে, যদিও তারা জানে, এতে একদিন স্বাধীন কুর্দিস্তানের জন্ম হতে পারে।
আঙ্কারা সতর্কবার্তা দেবে, সম্ভবত হুমকিও। কিন্তু সেটা তার নিজস্ব কুর্দিস্তান ও পিকেকের সঙ্গে তার চলমান দ্বন্দ্বের সঙ্গে সম্পর্কিত। কুর্দি রাষ্ট্রের জন্মের মধ্য দিয়ে পিকেকে ও সিরিয়ায় তার সমমনা দলগুলো আরও শক্তিশালী হলেও তুরস্ক নিজ দেশ থেকে কুর্দিদের বেরিয়ে যাওয়া রোধ করার মতো শক্তিশালী জায়গায় আছে। এমনকি ইরান ও সিরিয়া থেকে কুর্দিদের বেরিয়ে যাওয়া রোধ করার মতো অবস্থায় তারা আছে। অনেকে সহজ-সরল যুক্তি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইরাকসহ অন্যান্য রাষ্ট্রের পতন ত্বরান্বিত হবে। কিন্তু ব্যাপারটা হলো মধ্যপ্রাচ্যের বিদ্যমান ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হলে ব্যাপক প্রতিরোধ হবে।
ওদিকে গতিশীল অর্থনীতির বিপুল হাইড্রোকর্বন-সমৃদ্ধ ও যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি রাষ্ট্র যার সঙ্গে আবার উপসাগরীয় দেশগুলোর ভালো সম্পর্ক আছে—এমন একটি সম্ভাবনা ইরানের জন্য দুঃস্বপ্নের মতো। ইরানের মাথাব্যথার কারণ হচ্ছে, এতে ইরাকে অর্থাৎ এই অঞ্চলে তার অবস্থান দুর্বল হয়ে যাবে। এরপর কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ইরানের কুর্দিরা চাঙা হয়ে উঠবে, যারা বিগত কয়েক বছরে ইরানি সরকারের ওপর বেশ কটি হামলা চালিয়েছে। বস্তুত, সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে কুর্দিদের পুনর্জাগরণের সুযোগ বেড়েছে। এ ছাড়া ইরানের কুর্দিদের জীবনমানের তেমন উন্নয়ন হয়নি। সেখানে তারা ব্যাপক নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থাকে। অন্য কথায়, ইরাকে কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা যে অন্য কোথাও অনুসৃত হবে তার সম্ভাবনা কম। এর মানে হলো কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার ঢেউ যদি ইরানেও লাগে, তাহলে সেটা সামাল দেওয়ার ক্ষমতা ইরানের আছে।
এখন ভাষ্যের ও বুদ্ধিবৃত্তিক যুদ্ধে জয়ের ব্যাপারটা কেআরজির ওপরই নির্ভর করছে। এই যুদ্ধে জয়ী হয়ে তাদের শত্রু ও বন্ধুদের বোঝাতে হবে, কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নতুন সুযোগ সৃষ্টি হবে, সমস্যা নয়। আর ট্রাম্প প্রশাসন যেহেতু ইরানের ব্যাপারে যুদ্ধংদেহী হয়ে উঠছে, তাই কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠায় বাধা দেওয়ার আগে ইরানকে ভাবতে হবে।
আল-জাজিরা থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
রাঞ্জ আলালদিন: দোহারা ব্রুকিংস ইনস্টিটিউশনের অতিথি ফেলো।