
কুর্দি স্বাধীনতা ভোটে ইরাকের কুর্দি–অধ্যুষিত অঞ্চলে বিপুলসংখ্যক কুর্দি নাগরিক ভোট দিয়েছেন। যে পরিমাণ মানুষ ভোট দিয়েছেন, তাঁদের মধ্যে ৯০ শতাংশ হ্যাঁ ভোট দিয়েছেন। পৃথিবীর বাকি অংশ কুর্দিদের প্রতি সহানুভূতিশীল নয়। আর আজকের পৃথিবীতে রাষ্ট্র হতে গেলে অন্যদের স্বীকৃতি লাগবে। তাহলে এখন কী হবে?
বর্তমান দুনিয়ায় আত্মনিয়ন্ত্রণের স্বতঃসিদ্ধ অধিকার বলে কিছু নেই। বহু দূরের ঔপনিবেশিক শাসকের দ্বারা শাসিত হওয়া এক ব্যাপার, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীন হওয়ার অধিকার না পাওয়া আরেক ব্যাপার। আবার একটি স্বাধীন দেশের মধ্য থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা আরও ভিন্ন। আজকের পৃথিবীতে এভাবে ঘন ঘন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা বিশৃঙ্খলারও জন্ম দিতে পারে।
তাহলে স্বাভাবিকভাবেই এক প্রশ্নের উদয় হয়, সেটা হলো, একটি দেশের জনগণ ও নেতৃত্ব যদি আরেকটি দেশ থেকে আলাদা হতে চায়, তাহলে কোন পরিস্থিতিতে তাদের সমর্থন করা উচিত। এর সর্বজনীন নীতিমালা নেই, তবে আমি কিছু পরামর্শ দিতে চাই: প্রথমত, ইতিহাসে যদি ওই জনগোষ্ঠীর পরিষ্কার সামষ্টিক পরিচয় থাকে, দ্বিতীয়ত, তাদের এই মর্মে জোরালো যুক্তি থাকতে হবে যে বিদ্যমান অবস্থা বজায় থাকলে এর জন্য তাদের রাজনৈতিক, শারীরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে; তৃতীয়ত, জনগণকে পরিষ্কার করে বলতে হবে, তাদের নতুন ও পৃথক রাজনৈতিক মর্যাদা দরকার; চতুর্থত, নতুন রাষ্ট্র বাইরের সমর্থন ছাড়া টিকে থাকতে সমর্থ, পঞ্চমত, বিচ্ছিন্ন হওয়ার পর খণ্ডিত রাষ্ট্র টিকে থাকতে পারবে এবং প্রতিবেশী রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হবে না।
এসব বিবেচনায় কুর্দিদের স্বাধীনতার জোরালো দাবি আছে। কুর্দিদের সামষ্টিক ইতিহাস ও জাতীয় পরিচয়ের শক্তিশালী বোধ আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা যে নিজেদের রাষ্ট্র লাভ করতে পারেনি, সেই দোষ তাদের নয়। ইরাকের কুর্দিরা সাদ্দাম হোসেনের দ্বারা ব্যাপকভাবে নিপীড়িত হয়েছে, এমনকি তাদের ওপর রাসায়নিক অস্ত্রও প্রয়োগ করা হয়েছে। তাদের যেহেতু জ্বালানির মজুত রয়েছে, সেহেতু তাদের অর্থনৈতিকভাবে টেকসই হওয়ার সুযোগ আছে। আর কুর্দিস্তান ছাড়া ইরাক যেমন টিকে থাকতে পারবে, তেমনি প্রতিবেশী দেশগুলোরও সমস্যা হবে না।
তা সত্ত্বেও কুর্দিদের স্বাধীন রাষ্ট্রের দাবি সব সময় প্রতিহত করা হয়েছে। ইরাকের কেন্দ্রীয় সরকার ভূমি ও তেলের মজুত হারানোর ভয়ে কুর্দি রাষ্ট্রের ব্যাপক বিরোধিতা করেছে। তুরস্ক, ইরান ও সিরিয়া সব সময় এই ভয়ে কুর্দিদের স্বাধীনতার বিরোধিতা করেছে যে এতে তাদের দেশের কুর্দিরাও স্বাধীনতার ভাইরাসে আক্রান্ত হবে। তারা আলাদা হওয়ার চেষ্টা যেমন করতে পারে, তেমনি নতুন কুর্দি রাষ্ট্রেও যোগ দিতে পারে।
ইরাকের কেন্দ্রীয় সরকার হুমকি দিয়েছে, তার আকাশসীমা ব্যবহার করে কোনো বিমান কুর্দিস্তানে যেতে বা সেখান থেকে আসতে পারবে না। যে তেলের পাইপলাইন ব্যবহার করে কুর্দিস্তান তেল রপ্তানি করে, তুরস্ক সেটি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। এতে নতুন রাষ্ট্র হুমকির মুখে পড়তে পারে, যারা এমনিতেই ভূমিবেষ্টিত। এর সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কা তো আছেই।
মার্কিন যুক্তরাষ্ট্রও কুর্দিদের স্বাধীনতার বিপক্ষে। তারা মনে করে, এতে প্রতিবেশী দেশগুলোর বিরোধীরা ঝঞ্ঝাবিক্ষুব্ধ মধ্যপ্রাচ্যে আরও ঝামেলা তৈরি করতে পারে। কিন্তু আবার এটাও সত্য যে কুর্দিরা রাষ্ট্র হওয়ার অনেক শর্তই পূরণ করেছে। তারা যেমন গণতান্ত্রিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে, তেমনি তারা ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মিত্র। অনুদার তুরস্কের বিরোধিতা, সাম্রাজ্যিক ইরান, ইরান প্রভাবিত ইরাক এবং ইরানি ও রুশ সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সিরিয়া সরকারের টিকে থাকা—এসব কারণে কুর্দি রাষ্ট্রের ভূরাজনৈতিক যুক্তি আরও জোরালো হয়।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন যেটা করতে পারে সেটা হলো, বাগদাদে কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্ট ও ইরাকি সরকারের মধ্যে আলোচনায় মধ্যস্থতা করা। সম্পদ ও ভূমি কীভাবে ভাগাভাগি করা হবে, তা নিয়ে এই আলোচনা হতে পারে। সমান্তরালভাবে তুরস্ক ও কুর্দিস্তান রিজিওনাল গভর্নমেন্টের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়ে আলোচনা হতে পারে।
প্রতিটি পরিস্থিতিকে তার নিজের আলোকে বিচার করতে হবে। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে প্রতিটি গোষ্ঠীর অধিকার রয়েছে। ইরাকের কুর্দিরা অগ্রাধিকারের কথা জানিয়েছে। তাদের লক্ষ্য আমলে না নেওয়াটা যেমন ন্যায্য নয়, তেমনি সেটা টেকসইও নয়।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: প্রতীক বর্ধন
রিচার্ড এন হাস: জাতিসংঘের কাউন্সিল অন ফরেন রিলেশন্সের প্রেসিডেন্ট।