কুর্দিদের দুর্ভোগ শেষ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবার্ট ফিস্ক
রবার্ট ফিস্ক

রাস্তার দুই ধারে গাছের সারি, বছরের এ সময়টা আলেপ্পোয় সাদা আর্কেসিয়া ফুটে থাকে। সেখানে যে অ্যাপার্টমেন্ট ব্লক রয়েছে, আমাদের সাংবাদিকতার ভাষায় তাকে অপ্রগলভ বলা যায়। একটি ভবনের উঁচু তলায় শীতাতপনিয়ন্ত্রিত একটি কক্ষে বেশ কজন সিরীয় নাগরিক বসে অত্যন্ত গুরুতর বিষয়ে আলোচনা করছিলেন। এর মধ্যে দরজার ওপর থেকে এক ব্যক্তির রেকর্ডকৃত কথা শোনানো হলো। তখন তাঁরা বেশ জোরে হেসে উঠলেন।

রেকর্ডকৃত কণ্ঠে বিলাপ, রাগ ও ভয়, সেই ব্যক্তি বললেন, ‘আল-নুসরা আমার সন্তান ও ছেলেদের জীবনে অসম্মান বয়ে এনেছে। নুসরাকে যুদ্ধ থামাতে বলেন, তাদের আল্লাহর অনুশাসন মেনে চলতে হবে, মানুষের ক্ষতি তারা করতে পারে না। তারা আমার পরিবারকে আক্রমণ করেছে। তাদের বুলেটে আমার বাড়ি ও গাড়ি ধ্বংস হয়েছে।’ রেকর্ডের এই কণ্ঠ সালাফিপন্থী জঙ্গি সংগঠন আহরার আল-শামের এই নেতার, যাঁরা একসময় আল-নুসরা ও আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত ছিল। এই সংগঠনটি বাশার আল-আসাদের ঘোরতর বিরোধী। কিন্তু গত কয়েক দিন এই দুই সংগঠনের মধ্যে যুদ্ধ চলেছে। সে কারণেই আলেপ্পোর ওই ভবনের কক্ষের মানুষেরা হাসাহাসি করছেন।

ব্যাপারটা হলো, কী হচ্ছে তা বোঝার জন্য আপনার বুদ্ধিবৃত্তিতে পিএইচডির প্রয়োজন নেই। আহরার আল-শামের সমর্থন আসে মূলত কাতার ও তুরস্ক থেকে, যেখানে আল-নুসরার সমর্থন আসে সৌদি আরব থেকে (আগে কাতারও দিত)। সিরীয়রা মনে করে, কাতার-সৌদি আরব এখন সিরীয় যুদ্ধের মধ্যে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে। এদের মধ্যকার প্রথম যুদ্ধ শুরু হয় আলেপ্পো প্রদেশের তেল তোরগানে। এরপর তা ইদলিব প্রদেশের প্রত্যন্ত অঞ্চল সারাজিবেও ছড়িয়ে পড়ে। সারাজিবে তো মনে হলো নুসরা আহরারের যাকেই পেয়েছে, তাকেই হত্যা করেছে। এখন তো আহরার আল-শামের সঙ্গে তুর্কমানি গোষ্ঠীগুলো ও ‘নুরেদ্দিন জিঙ্কি’ (নামটা দারুণ) ঐক্য হয়েছে, এই স্থানীয় গোষ্ঠীগুলো পূর্ব আলেপ্পোর দখলাভিযানে ভূমিকা পালন করেছিল। বাস্তব নুরেদ্দিন আল-জিঙ্কি দ্বাদশ শতকের দামেস্কের সেলজুক আমির ছিলেন, যিনি ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিন্তু পরিহাসের ব্যাপার হলো তিনি স্থানীয় আরব প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে একাধিক অভ্যন্তরীণ লড়াইয়ে জড়িয়ে পড়েছিলেন।

এসব কারণে সিরীয় সরকার বেশ সন্তুষ্ট। কারণ, তার সব শত্রু পরস্পরের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। এরপর ফেসবুকে প্রাপ্ত আরেক অডিও রেকর্ডে জানতে পারলাম, নুসরার সঙ্গে যুদ্ধ করার জন্য ২ হাজার ৫০০ যোদ্ধাকে তুর্কি সীমান্তে মোতায়েন করা হয়েছে। জঙ্গিরা প্রযুক্তিতে বুঁদ হয়ে গোপন সব খবর ফাঁস করে দিচ্ছে। স্থানীয় যেসব গণ্যমান্য বেসামরিক ও আদিবাসী নেতা যুদ্ধ শেষ করার আবেদন করেছিলেন, তাঁদের অগ্রাহ্য করা হচ্ছে। আলেপ্পোর পূর্বাঞ্চল শান্তিপূর্ণ, কিন্তু সেটা সরকারের নিয়ন্ত্রণে নেই। আইএস ও নুসরা একধরনের ঐক্য বজায় রেখে চলেছে।

কিন্তু সেই ঘরের মানুষের কাছে এসব দুঃখজনক নয়, বরং বিনোদনমূলক। তারাও এই সশস্ত্র গোষ্ঠীগুলোর পিচ্ছিল আনুগত্যের ধারা অনুসরণ করে আসছে। তারা জানে, শত্রু খুব দ্রুত বদলে যায়, ঠিক যেমন এসব সম্ভাব্য সহযোগীদের ওপর গোষ্ঠীগুলোর আস্থাও বদলে যায়। খানাসির মরুভূমির উত্তরাঞ্চলে এখনো আইএসের ঘাঁটি আছে। আমি সেখানে গেছি বলে ব্যাপারটা জানি। কিন্তু অন্য সব জায়গায় আইএসকে মরুভূমি মহাসড়কের অন্তত ৭০ মাইল ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পূর্ব সিরিয়ার দিকে। সেই কক্ষে চিত্তাকর্ষক ঐতিহাসিক পর্যবেক্ষণ করা হয়েছে। ঘরের মানুষেরা একমত হলো, ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধে গোলান মরুভূমির স্থানীয় মানুষেরা সিরীয় সেনাবাহিনীকে সমর্থন দিয়েছিল। তখন অনেক ইসরায়েলি সেনা মারা পড়েছিল। কিন্তু এবার সেখানকার মানুষেরা সিরীয় সেনাবাহিনীকে সমর্থন দেয়নি। বরং তারা সিরীয় সেনাদের হত্যা করেছে। একজন বললেন, ‘১৯৭৩ সালে শত্রুরা আমাদের সীমান্তে ছিল, এখন তারা আমাদের ঘরে এসে পড়েছে।’

কিন্তু কুর্দি সেনারাই এই ঘরের লোকদের সবচেয়ে বেশি রাগের কারণ, আইএস ও আল-নুসরার মতো। একজন বললেন, ‘কুর্দিরা মনে করে, উত্তর সিরিয়ায় তারা ঘাঁটি গাড়তে পারে। তারা ইসরায়েলিদের মতো, পৃথিবীকে তারা বলছে তারা নিঃসঙ্গ। শত্রুরা তাদের ঘিরে রেখেছে, তাদের অবশ্যই রক্ষা করতে হবে।’ কিন্তু ৮০ শতাংশ কুর্দি জনগণ সিরিয়া ছাড়তে চায় না। কুর্দিরা এটা ভাবতে পছন্দ করে যে তারা যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, তুরস্ক প্রভৃতি বড় রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হতে পারবে। ঘরের মানুষেরা আরও বলে, ‘কিন্তু তারা রাশিয়ার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই কুর্দি গোষ্ঠীগুলো মিথ্যুক। সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা তাদের অস্ত্র দিয়েছিলাম, এখন তাদের আত্মরক্ষায় আমরা আর অস্ত্র দিই না। অস্ত্র দিয়ে নিজের রাষ্ট্র বানানোর জন্য আমরা তাদের অস্ত্র দিইনি। এখন তাদের পুরো সরবরাহ আসে মার্কিনদের কাছ থেকে।’

ঘরের সবাই মাথা নাড়ল। সিরিয়া নিজ লক্ষ্যে সফল হলে কুর্দিরা সিরিয়ার উত্তরাঞ্চলে নিজস্ব রাষ্ট্র গড়তে পারবে না। আরেকজন বলে উঠল, ‘কুর্দিরা তুরস্ককে খুব ভয় পায়। আপনারা তো জানেন, প্রথম বিশ্বযুদ্ধের পর কুর্দিরা কীভাবে সবকিছু হারিয়ে ফেলে। তারা তো রাষ্ট্র পায়নি। তারাই প্রথম ভুক্তভোগী, ক্ষমতার খেলায় তারা ছিল পুতুলের মতো। তারা সিসিলিয়ার আর্মেনীয় ও সিসিলীয় নাগরিকদের হত্যা করেছে। এখন তারা আবারও আঞ্চলিক রাজনীতিতে খেলতে চাইছে। কিন্তু তারা হারবে।’ বিদ্রোহীদের আত্মসমর্পণ করতে হবে, নাহয় তাদের মরতে হবে। আলেপ্পোর সেই শীতাতপনিয়ন্ত্রত ঘরের পরিবেশটা এ রকমই ছিল।কিন্তু যুদ্ধের পর কুর্দিদের জীবনে দুঃখ নেমে আসবে।

ব্রিটিশ দৈনিক দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।

রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্ট–এর  মধ্যপ্রাচ্য প্রতিনিধি।