কুর্দিদের স্বাধীনতা ও পূর্ব-পশ্চিমের দ্বন্দ্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণভোটে উৎসবের আমেজ থাকলেও কুর্দদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত
গণভোটে উৎসবের আমেজ থাকলেও কুর্দদের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত

বনের এক দোকানের ক্যাশ কাউন্টারে বসেই মোবাইল ফোনে কুর্দি গণভোটের খবর দেখছিলেন আবদুস সালাম। তাঁকে আমি অনেক দিন ধরেই জানি। বাসার কাছে হওয়ায় নিয়মিতই তাঁর গ্রোসারি শপে এটা-সেটা কিনতে যাই। কিন্তু কখনোই জিজ্ঞাসা করা হয়নি তিনি আরব না কুর্দি। ক্রেতা-বিক্রেতার সম্পর্কে এটা আসলে জানতে চাওয়ার মতো কোনো বিষয়ও না। কাল গণভোট নিয়ে তাঁর আগ্রহ দেখে জানতে চাইলাম, আপনি কি কুর্দি? তিনি হইহই করেই জবাব দিলেন, আমি একজন ইরাকি কুর্দি। আবার কিছু জানতে চাওয়ার আগেই তিনি জানান, আজকে আমাদের দেশ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। সম্ভাব্য স্বাধীনতার আভায় রোমাঞ্চিত সালাম জানালেন, ৯২ শতাংশের বেশি ভোটার স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন। কুর্দিস্তান স্বাধীন হলে তিনি দেশে ফিরে যাবেন। কৈশোরে উদ্বাস্তু হয়ে জার্মানি চলে এসেছিলেন পরিবারের সঙ্গে। সালাম মনে করেন, তাঁদের দেখে সিরিয়া, ইরান ও তুরস্কের কুর্দিরাও স্বাধীন কুর্দিস্তানের সঙ্গে যোগ দেবে। সালামের সঙ্গে কুর্দিস্তান-বিষয়ক আলাপ এগিয়ে যায়। আরও দুজন কুর্দি ভদ্রলোক (ক্রেতা) আমাদের সঙ্গে কথায় যোগ দেন।

তবে একই সঙ্গে সালাম জানান, তিনি সন্দিহান, বাস্তবিকই কি তাঁর মাতৃভূমি স্বাধীন দেশ হিসেবে দাঁড়াতে পারবে? সালামের শঙ্কা, বর্তমান আরবের রাজনীতিতে এটা কখনোই সহজ হবে না। স্বভাবতই ইরাক এই গণভোটকে অবৈধ বলে অভিহিত করে মেনে নেয়নি। বুধবার ইরাকি সংসদ তেলসমৃদ্ধ অঞ্চল কিরকুকে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ইরাক কুর্দিস্তানের বিমানবন্দরগুলোতে সরাসরি ফ্লাইট পরিচালনা না করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেছে। সেই অনুরোধে সাড়া দিয়ে ইরান কুর্দিস্তানের এবরিল ও সুলাইমানিয়া বিমানবন্দরে সরাসরি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ এরদোয়ান কুর্দিস্তানের ওপর অবরোধ আরোপের হুমকি দিয়েছেন। সিরিয়া, তুরস্ক ও ইরান কোনোভাবেই ওই অঞ্চলে একটি স্বাধীন কুর্দিস্তান মেনে নেবে না। প্রথমেই আঞ্চলিক শক্তিগুলোর প্রতিরোধের মুখে পড়তে পারে ইরাকি কুর্দিদের স্বাধীনতার স্বপ্ন। কারণ, ইরান ও তুরস্ক মনে করছে, এই গণভোট টার্কি ও ইরানি কুর্দিদের স্বাধীনতার চেতনাকে উসকে দেবে।

কুর্দিদের সংগ্রামের ইতিহাস বেশ দীর্ঘ। গণহত্যার শিকার হয়েছে ইরাকে। জেল, জুলুম, গুম কুর্দিদের জন্য ছিল নিত্যঘটনা। সেটা ইরান, ইরাক, তুরস্ক ও সিরিয়া—সব দেশেই। ৭০-৮০ বছর ধরেই কুর্দিরা ওসব দেশে লড়াই করে আসছে। তবে ইরাকি কুর্দিস্তানের পৃথক হওয়ার প্রক্রিয়া ১৯৯১ সাল থেকেই শুরু হয়েছিল। ওই সময় পশ্চিমা শক্তি ইরাকের উত্তরাঞ্চলে নো ফ্লাই জোন ঘোষণা করলে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি (কেডিপি) ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) মিলে কুর্দিস্তানে একধরনের আঞ্চলিক স্বায়ত্তশাসিত রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলে।

গণভোটের পর ইরাকি কুর্দিস্তান কীভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইরাক থেকে পৃথক হবে, সেটিই এখন বড় প্রশ্ন। ইরাক ইতিমধ্যেই এই নির্বাচনকে নাকচ করে দিয়েছে। যদিও রাজনৈতিকভাবে ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি) অনেকটা স্বাধীন জাতি রাষ্ট্র হিসেবেই কাজ করছে। তাদের নিজস্ব সংসদ ও সেনাবাহিনী রয়েছে। রয়েছে নিজস্ব পররাষ্ট্রনীতি। তবে অর্থনৈতিক কারণে কেআরজি ইরাকের কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল। বিশেষ করে তেল উত্তোলন ও মুনাফা ভাগভাগি করতে হয় বাগদাদের সঙ্গে। এ ছাড়া তুরস্ক ও ইরানের সঙ্গে রয়েছে আমদানি-রপ্তানিনির্ভর বাণিজ্যিক সম্পর্ক।

সম্ভাব্য স্বাধীন কুর্দিস্তানকে ঘিরে রাজনৈতিক খেলাটা মূলত তুরস্ক, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হচ্ছে। পর্দার পেছনে আছে ইসরায়েল। প্রকাশ্যে গণভোটের বিরোধিতা করলেও ১৯৯০ সাল থেকেই ইরাকি কুর্দিদের সঙ্গে তুরস্কের যোগাযোগ রয়েছে। বিশেষ করে তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে (পিকেকে) মোকাবিলার জন্যই আঙ্কারার সরকার কেআরজির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট বারজানি ও অপর নেতা তালাবানিকে পাসপোর্টও দিয়েছিল তুরস্কের সরকার। বরাবরই ইরাকি কুর্দিরা আঙ্কারার সঙ্গে হাত মিলিয়ে টার্কি কুর্দিদের বিরুদ্ধে লড়াই করেছে। তুরস্ক চায় ইরান নিয়ন্ত্রিত ইরাকি সরকার ও নিজেদের সীমান্তের মাঝখানে একটি বাফার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যা তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং শক্তির সাম্য প্রতিষ্ঠা করবে।

স্বাধীন কুর্দিস্তানের বিরুদ্ধে সব থেকে কঠিন প্রতিরোধটা সম্ভবত আসবে ইরানের পক্ষ থেকে। ইরান কোনোভাবেই চাইবে না স্বাধীন কুর্দিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের আরও কাছে চলে আসুক। স্বাধীন কুর্দিস্তান ইরানের জন্য বড় ধরনের নিরাপত্তাঝুঁকি হিসেবে দেখা দেবে। এতে ইরাকের ওপর তাদের নিয়ন্ত্রণ খর্ব হতে পারে। বিভিন্ন খবরে জানা যাচ্ছে, ইরান ইতিমধ্যেই তার কুর্দি অধ্যুষিত অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধি করছে। এ ছাড়া শিয়া মিলিশিয়াদের মাধ্যমে ইরান কুর্দি অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

আর কুর্দিস্তানকে ঘিরে পশ্চিমা শক্তির আগ্রহের জায়গাটি হচ্ছে ওই অঞ্চলের বিশাল হাইড্রোকার্বনের ভান্ডার ও আধিপত্য বিস্তারকেন্দ্রিক ভাবনা। প্রস্তাবিত কুর্দিস্তানের কিরকুকে ইরাকের ৪০ শতাংশ তেল সম্পদের অবস্থান। এ ছাড়া রয়েছে প্রাকৃতিক গ্যাসের খনি। যদি ওই অঞ্চলে একটি ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়, তবে একই সঙ্গে সিরিয়া, তুরস্ক ও ইরানকে নিয়ন্ত্রণ করা সহজ হবে যুক্তরাষ্ট্রের জন্য। জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত হবে। আরবের ওই অঞ্চলে জঙ্গি ও সন্ত্রাসবাদ যখন ক্রমেই ফিকে হয়ে আসছে, তখন কুর্দিস্তানকে ঘিরে ইরান, ইরাক, তুরস্ক ও সিরিয়া বড় ধরনের কোনো সংঘাতে জড়িয়ে পড়ুক—এমনটিও চাওয়া হতে পারে যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত পশ্চিমা শক্তির। একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার বিষয়টিও মনে রাখতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই কুর্দিদের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে স্বাগত জানিয়েছেন। ইসরায়েলের নিরাপত্তা জন্য বড় হুমকি ইরান, তুরস্ক ও সিরিয়া একসঙ্গে যদি বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তা ইসরায়েলের নিরাপত্তার জন্য ইতিবাচক হবে।

যদিও কেআরজির প্রেসিডেন্ট মাসুদ বারজানি বলেছেন, গণভোটের ফল সহসাই স্বাধীনতার ঘোষণার দিকে নিয়ে যাবে না কুর্দিস্তানকে। বরং এটি আলোচনার দ্বার উন্মুক্ত করবে। সেই আলোচনা এখন কোন দিকে যায় সেটিই দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে দুটি বলয় সক্রিয়। ইরান-তুরস্ক-সিরিয়া-লেবাননের পশ্চিমবিরোধী বলয়। সম্প্রতি কাতার এদের সঙ্গে যোগ দিয়েছে। অপরটি হচ্ছে পশ্চিমা-সমর্থিত সৌদি-মিসর বলয়। এ বলয়ের সঙ্গে আবার ইসরায়েলের একধরনের অঘোষিত মিত্রতা আছে। কুর্দিরা পশ্চিমের সমর্থন পাচ্ছে সে বিষয়ে সন্দেহ নেই। তবে বারাজানিকে পশ্চিমবিরোধী বলয়কে আস্থায় নিয়েই এগোতে হবে। নতুবা স্বাধীন কুর্দিস্তানের ঘোষণা নতুন করে জাতিগত সংঘাতের সূচনা করতে পারে।

আন্তর্জাতিক রাজনীতির কখনোই সহজ ব্যাখ্যা হয় না। এখানে নানা হিসাবনিকাশ কাজ করে। প্রতিটি ঘটনা থেকেই রাষ্ট্রগুলো তার স্বার্থ সর্বোতভাবে নিশ্চিত করতে যায়। কুর্দিস্তানের স্বাধীনতার ক্ষেত্রেও তা-ই হচ্ছে। কুর্দিস্তান আদৌ স্বাধীন হবে কি না বা স্বাধীন হলে সালাম আদৌ তাঁর দেশে ফেরত যেতে পারবেন কি না তার দিনক্ষণ নির্ভর করছে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিগুলোর স্বার্থ নিশ্চিত হওয়ার ওপর।

ড. মারুফ মল্লিক, রিসার্চ ফেলো, সেন্টার ফর কনটেম্পোরারি কনসার্নস, জার্মানি।