কথা হচ্ছে, সার্ক বহুপক্ষীয় সংগঠন হিসেবে নিজেকে যতই দাবি করুক না কেন, এটা বস্তুত ভারতের সঙ্গে প্রতিবেশীদের সম্পর্কের সমাহারভিন্ন অন্য কিছু নয়। সে কারণেই দুনিয়ার নজর মোদির ওপর, তিনি সার্ক সম্মেলনে কী করেন, সেটাই সবাই দেখার অপেক্ষায় ছিলেন। এ বছরের মে মাসে মোদি তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাইকে তাক লাগিয়ে দিয়ে সার্কের সব দেশের নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ফলে সবাই আশা করেছিল, তিনি সার্কের নেতৃত্ব গ্রহণ করবেন। তাঁর ভুটান ও নেপাল সফর সে আশার পালে হাওয়া লাগিয়েছিল। মোদির অবশ্য একটি সমস্যা আছে। তিনি একটি অকার্যকর সার্কের উত্তরাধিকারী হয়েছেন, যার ব্যর্থতার বীজ নিহিত রয়েছে এ অঞ্চলের ভৌগোলিক অবস্থান ও ইতিহাসে।
উপমহাদেশের একদম কেন্দ্রে ভারতের অবস্থান। আবার সব প্রতিবেশীর সঙ্গেই ভারতের সীমান্ত রয়েছে। অন্যদের মধ্যে আর মাত্র দুটি সদস্যরাষ্ট্র, অর্থাৎ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত আছে। সে পরিপ্রেক্ষিতে এখানকার আঞ্চলিক বাণিজ্য মানে ভারতের সঙ্গে অন্য কোনো রাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য। আর অভিন্ন সীমান্ত থাকার কারণে নানা সমস্যারও সৃষ্টি হচ্ছে।
এসব সমস্যার পরিপ্রেক্ষিতে আমাদের এসব সীমান্তের ইতিহাসে নজর দিতে হয়। উপমহাদেশের ভাগাভাগি হওয়ার কারণে নতুন নতুন সীমান্ত সৃষ্টি হয়েছে, আর তার মধ্যে ভূমিসংক্রান্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। আজ সাত দশক পরেও ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্ত বিরোধের মীমাংসা হয়নি। আবার উত্তর-পশ্চিমে কাবুল ইসলামাবাদের দাবি মানতে নারাজ। ইসলামাবাদের ভাষ্য হচ্ছে, ১৯ শতকের শেষের দিকে ব্রিটিশ রাজ অবিভক্ত ভারত ও উপমহাদেশের মধ্যে সীমানারেখা হিসেবে যে ডুরান্ড লাইন এঁকেছিল, সেটাই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার বৈধ সীমানা।
ভারত ও তার প্রতিবেশীরা মুক্ত অর্থনীতি গ্রহণ করলে ভূমিবিরোধ হতো না। কিন্তু সেটা না করে তারা সবাই রাষ্ট্রীয় সমাজতন্ত্রের দিকে ঝুঁকে পড়ে, এ ব্যবস্থায় বাণিজ্য ও সংযোগের ওপর তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। ফলে যেটা আসলে ব্রিটিশ রাজের আমলে একটি সমন্বিত অর্থনৈতিক ক্ষেত্র ছিল, তা খণ্ডবিখণ্ড হয়ে কয়েকটি ভেতরমুখী অর্থনীতিতে বিভক্ত হয়ে পড়ে।
১৯৯০ সালে যে অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা সৃষ্টি হয়, সেটা আঞ্চলিক সংযোগের এক ভিত স্থাপন করেছিল। নয়াদিল্লি যেমন নিজের সংস্কারের ক্ষেত্রে গাঁইগুঁই করেছে, তেমনি সে এ অঞ্চলের অর্থনৈতিক মানচিত্র পুনরাঙ্কনের ক্ষেত্রেও অনীহা ছিল। ভারত সার্কের ক্ষেত্রে যে কটি পদক্ষেপ নিয়েছে, তা শেষ পর্যন্ত রাজনৈতিক সমস্যায় পর্যবসিত হয়েছে।
দুঃখের কথা হচ্ছে, কাঠমান্ডুর সার্ক সম্মেলনে এই দুর্ভাগ্যজনক পরিস্থিতির উত্তরণ ঘটেনি। দক্ষিণ এশীয় মুক্তবাণিজ্যের অভিজ্ঞতা পাকিস্তান ভারতের সঙ্গে বিনিময় করতে চায় না, এটা সত্যিই একটা বিষয় বটে। পাকিস্তানের যুক্তি খুব সোজাসাপ্টা, ভারতের সঙ্গে তার রাজনৈতিক সমস্যা যত দিন জিইয়ে থাকছে, তত দিন সে আঞ্চলিক অর্থনৈতিক সমন্বয়ের প্রক্রিয়া ব্যাহত করবে, সামনে এগোতে দেবে না। এই যুক্তির আদৌ কোনো সারবত্তা আছে কি না, পাকিস্তানকেই তা নির্ধারণ করতে হবে। এখন দিল্লি পাকিস্তানের সঙ্গে একমত হোক বা না হোক, তাকে দেশটির সঙ্গে আপসে আসতে হবে। আর যে প্রধানমন্ত্রী এ অঞ্চলের বাণিজ্য ও সংযোগ নিয়ে এত উচ্চাশার কথা বললেন, তার কী হাল হবে?
এখন মোদির হাতে তিনটি অস্ত্র আছে। প্রথমত, তাঁকে টু-স্পিড সার্কে মনোনিবেশ করতে হবে। দিল্লি পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে, এর মধ্যে দিল্লি চাইলে উপাঞ্চলিক সহযোগিতার নতুন দুয়ার খোলার চেষ্টা করতে পারে। আর পূর্বদিকে ভারত তার প্রতিবেশী রাষ্ট্র যেমন বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করতে পারে। দক্ষিণে সে শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে পারে। দ্বিতীয়ত, বিমসটেকের মতো আন্ত-আঞ্চলিক সংস্থা গঠন করা যেতে পারে। যার মাধ্যমে উপমহাদেশের পূর্বাঞ্চলের সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনা সিল্ক রোডের সঙ্গে উপমহাদেশের সংযোগ স্থাপিত হতে পারে। এই সিল্ক রোডের মাধ্যমে চীনের বিভিন্ন অঞ্চলের সঙ্গে উপমহাদেশের সংযোগ স্থাপিত হবে।
মোদি প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে অনেক কিছু করতে পারলেও তৃতীয় ক্ষেত্রেই তিনি সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করতে পারেন—একপক্ষীয় কর্মোদ্যোগ। যেমন মোদি এককভাবেই একটি সার্ক স্যাটেলাইট নির্মাণের ঘোষণা দিয়েছেন, ভারতের প্রতিবেশীরা এর ব্যবহার করতে পারবে। সাবেক পররাষ্ট্রসচিব শ্যাম শরণ পরামর্শ দিয়েছেন, মোদি তাঁর প্রতিবেশী দেশগুলোর পণ্য ভারতে প্রবেশের জন্য শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে পারেন। বাণিজ্য-প্রক্রিয়া সহজতর করতে পারেন।
দিল্লি তার প্রতিবেশীদের ট্রানজিট দেওয়ার কথাও ভেবে দেখতে পারে, যেমন তার ভূখণ্ডের ওপর দিয়ে সে বাংলাদেশের সঙ্গে নেপাল ও ভুটানের বাণিজ্য হতে দিতে পারে। মোদি একপক্ষীয়ভাবে ভিসা উদারীকরণের ঘোষণাও দিতে পারেন। সার্ক ব্যাংক প্রতিষ্ঠার দেনদরবার থেকে বেরিয়ে এসে মোদি ভারতের তরফ থেকে বিভিন্ন আঞ্চলিক সংযোগ স্থাপনকারী প্রকল্পে বিনিয়োগে অর্থায়নের সম্ভাবনা খতিয়ে দেখতে পারেন। মোদি দিল্লির পুরোনো মানসিকতা থেকে বেরিয়ে এসে ইতিবাচক একপক্ষীয় উদ্যোগের নীতি নিলে তিনি উপমহাদেশের বহুপ্রতীক্ষিত আঞ্চলিক সমন্বয়ের প্রক্রিয়া ত্বরান্বিত করতে পারেন।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন; দি ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নেওয়া
সি রাজা মোহন: দি ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রদায়ক সম্পাদক।