কূটনৈতিক সফলতা দেখাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিশ্চয়তায় কাটছে এদের জীবন
অনিশ্চয়তায় কাটছে এদের জীবন

গণতন্ত্র, গুম, সংলাপ, নির্বাচন, পদ্মা সেতু—সব ছাপিয়ে জন–আলোচনায় ও গণমাধ্যমে এখন প্রধান ইস্যু ‘রোহিঙ্গা’। তারা এখন মিয়ানমার থেকে দলে দলে নদী-সাগর পেরিয়ে বাংলাদেশে ঢুকছে। বাংলাদেশ না চাইলেও আষ্টেপৃষ্ঠে এ সমস্যার সঙ্গে জড়িয়ে গেছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের দুষ্কৃতকারী, জঙ্গি ও বাঙালি বলে দাবি করছে। আমাদের কাছে তারা বিচ্ছিন্ন, নির্যাতিত সংখ্যালঘু ক্ষুদ্র জাতিসত্তা, যারা প্রাণ বাঁচাতে দলে দলে ছুটে আসছে বাংলাদেশে আশ্রয় নিতে। তারা শরণার্থী।
‘শরণার্থী’ শব্দটা মনে হলে চোখের সামনে ভেসে ওঠে ১৯৭১। তখন এ দেশ থেকে ভারতে যেতে বাধ্য হয়েছিল এক কোটি মানুষ। তখনো এই প্রপঞ্চগুলো ছিল। তবে কয়েকটা ব্যাপারে ফারাক ছিল অনেক। আমরা তখন সংখ্যাগুরু। ‘পাকিস্তান’ বলতে আজকে যে দেশকে বোঝায়, তার সঙ্গে আমাদের সীমান্ত ছিল না। মাঝখানে ছিল বিশাল ভারত, যা পাকিস্তানের কাছে বৈরী রাষ্ট্র। আমরা সেখানে আশ্রয় পেয়েছিলাম।
একই সঙ্গে আমরা নিয়োজিত ছিলাম মুক্তিযুদ্ধে। আমাদের কপালে শরণার্থী তকমা জোটার আগেই যুদ্ধটা শুরু হয়েছিল, অনেক বছর আগে থেকেই। এক কোটি শরণার্থীর মধ্যে হয়তো দশ-বিশ হাজার তরুণ যুদ্ধে অংশ নিতে এ দেশের ভেতরে ঢুকেছিলেন। বাকিরা যুদ্ধ করেছেন ভারতের মাটিতেই। অবরুদ্ধ দেশের কোটি কোটি মানুষ মুক্তিযুদ্ধে যার যার মতো করে অংশ না নিলে বা সমর্থন না দিলে সমস্যাটি আরও প্রলম্বিত হতো। যাঁরা বলেন মুক্তিযুদ্ধ আরও দশ বছর চললে আমরা একটা সোনার দেশ পেয়ে যেতাম, আমরা তাঁদের ওই সময় যুদ্ধের ময়দানে দেখিনি। সবচেয়ে বড় কথা, যুদ্ধ বেশি দিন ধরে চললে এ দেশে শুধু পোড়ামাটি পড়ে থাকত, মানুষ থাকত না।
রোহিঙ্গাদের ব্যাপারটা আলাদা। একটা সময় ছিল, যখন এক দেশ থেকে আরেক দেশে যেতে পাসপোর্ট-ভিসার দরকার হতো না। জাতিরাষ্ট্রের ধারণাই ছিল না এই অঞ্চলে। সুলতানি-মোগল আমলে আরাকান ভারত সাম্রাজ্যের অংশ ছিল। তখন বঙ্গ আর আরাকানের মধ্যে কোনো বিভাজন ছিল না। স্বাভাবিক নিয়মে, নৃতত্ত্ব আর ভূগোল মেনে যদি দেশের সীমানা ঠিক করার বিধান থাকত, তাহলে আরাকান হতো বাংলাদেশেরই একটি জেলা; করিমগঞ্জ সিলেটের মধ্যেই থাকত, কেটে আসামের সঙ্গে জুড়ে দেওয়া হতো না। আর মুর্শিদাবাদেরও পশ্চিমবঙ্গের অংশ হওয়ার সুযোগ ছিল না। কিন্তু ইতিহাসের মারপ্যাঁচ এমনই যে তা জনগোষ্ঠীকে অহেতুক জুড়ে দেয় কিংবা ভাগ করে। এ নিয়ে ইউরোপে শত শত বছর ধরে যুদ্ধ হয়েছে। সবকিছুর মীমাংসা এখনো হয়নি। যুক্তরাজ্যে এখনো স্কটিশরা নিজেদের আলাদা মনে করে, স্পেনে বাস্করা আলাদা রাষ্ট্রের জন্য আন্দোলন করে।
১৯৭১ সালে আমরা একটা ভূরাজনৈতিক যুদ্ধেরও শিকার হয়েছিলাম। এ নিয়ে দুনিয়ার ছোট-বড় পরাশক্তিগুলোর আলাদা জোট হয়েছিল। ২০১৭ সালে এসে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে সেই খেলা আবারও দেখছি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কী বললেন বা চীনের অবস্থানটাই–বা কী, এ নিয়ে আমাদের মধ্যে নানা প্রশ্ন। আন্তর্জাতিক ভূরাজনীতিতে মান-অভিমানের কোনো জায়গা নেই। সবাই দেখে জাতীয় স্বার্থ। ১৯৭১ সালের যুদ্ধে ভারত আমাদের সমর্থন দিয়ে ভালো ‘ডিভিডেন্ড’ পেয়েছিল। কেননা তার শত্রু পাকিস্তানের সামরিক সক্ষমতা হ্রাস পেয়েছিল। চীন পাকিস্তানকে সমর্থন করেছিল তার জাতীয় স্বার্থে। এ নিয়ে আমাদের দেশে চীনপন্থী কমিউনিস্টদের অনেকের মনোবেদনার অন্ত নেই। আবার অনেকেই চীনের পররাষ্ট্রনীতি অনুকরণ করতে গিয়ে নিজ দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। রোহিঙ্গা ইস্যুতেও প্রতিবেশী দেশগুলো নিজ নিজ জাতীয় স্বার্থেই কদম ফেলছে।
প্রশ্ন হলো, ভারত, চীন, জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র বা সৌদি আরব—এদের জাতীয় স্বার্থের সঙ্গে আমাদের স্বার্থের সমন্বয় হচ্ছে কি হচ্ছে না। বঙ্গোপসাগরে সরাসরি যাওয়ার জন্য মিয়ানমারকে চীনের বড়ই প্রয়োজন। আসিয়ান জোটে যাতায়াতের জন্য ভারতের কাছে মিয়ানমার হলো করিডর। সেখান থেকে পাইপলাইনে তেল আসবে। এত দিন আমরা শুনে আসছিলাম, ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু, চীন নাকি তার তহবিল খুলে বসে আছে আমাদের দেশে বিনিয়োগ করার জন্য। এগুলো যদি সত্যি হয়, তাহলে তো আমাদের চিন্তার বিশেষ কারণ নেই। কেননা চীন-ভারত একসঙ্গে চাপ দিলে মিয়ানমার তার নীতি বদলাতে বাধ্য।
এই অঞ্চলটির দিকে যুক্তরাষ্ট্র বাজপাখির মতো তাকিয়ে আছে ষাটের দশক থেকে। বার্মার একটা অংশ, উত্তর-পূর্ব ভারত এবং পূর্ববঙ্গ নিয়ে একটা কিছু করার পরিকল্পনা পেন্টাগনের টেবিলের ড্রয়ারে আছে—এমন একটা কথা পাকিস্তানের প্রয়াত শাসক আইয়ুব খানের ডায়েরি পড়ে জানা যায়। তখন এই অঞ্চলকে দেখা হতো চীন ও ভারতের মধ্যে একটা ‘বাফার’ হিসেবে। আন্তর্জাতিক অঙ্গনে ‘বাফার’ শব্দটি বেশ পুরোনো। একসময় আফগানিস্তানকে জারের রাশিয়া এবং ব্রিটিশ-ভারতের মধ্যে ‘বাফার জোন’ বা মধ্যবর্তী অঞ্চল হিসেবে বিবেচনা করা হতো। এর ফলে আফগানিস্তানের দফারফা হয়ে গেছে। আমার আশঙ্কা, আন্তর্জাতিক রাজনীতি আর কূটনীতির চক্করে পড়ে মিয়ানমারের না এ রকম দশা হয়। হলে তার ঢেউ এসে আছড়ে পড়তে পারে আমাদের গায়ে। সে জন্য আমাদের হিসাব করে কথা বলতে হবে, কদম ফেলতে হবে খুব সাবধানে। আমাদের দেশে রোহিঙ্গা শরণার্থীরা আসছে সত্তরের দশক থেকে। সমস্যাটা নতুন নয়। আমরা কেন এতগুলো বছর এ নিয়ে এর সুরাহা করার চেষ্টা করলাম না? কোনো আন্তর্জাতিক মুরব্বি ধরেও তো এটা করা যেত।
মিয়ানমারের সংখ্যালঘু ক্ষুদ্র জাতিসত্তার মানুষ আছে অনেক। বেশ কয়েকটির মধ্যেই স্বাধীনতাকামী আছে। স্বাধীনতাকামী আর জঙ্গি সমার্থক নয়। আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, জঙ্গি শব্দে আমাদের ভয়ানক আপত্তি। যারা রাজাকার ছিল, তাদের এটা নিয়ে না ভাবলেও চলবে। তবে এটাও ঠিক, কোনো রকমের সক্ষমতা না থাকলে, দেশের ভেতরে ও বাইরে সমর্থন না থাকলে স্বাধীনতার ইচ্ছা হঠকারিতায় গিয়ে শেষ হয়। এখন সৌদি আরবের মদদপুষ্ট, পাকিস্তানে জন্ম নেওয়া জনৈক আতাউল্লাহর নাম উঠে এসেছে। তাদের জন্য লাখ লাখ মানুষকে বিপদে পড়তে হয়েছে। খুন, ধর্ষণ, লুটপাটের শিকার হতে হচ্ছে। বাংলাদেশের মতো ছোট একটা জনবহুল ও দারিদ্র্যপীড়িত দেশকে লাখ লাখ উদ্বাস্তুর বোঝা বইতে হচ্ছে। গুটিকয়েক লোকের ভুল, ষড়যন্ত্র বা অ্যাভেঞ্চারের মূল্য আমরা কেন দেব?
রোহিঙ্গাদের বিষয়টিকে জাতিসংঘ শরণার্থী সমস্যা হিসেবে বিবেচনায় এনেছে এবং তাদের আপৎকালীন সাহায্য দেবে বলেছে। আমাদের সরকার তাদের জন্য বিশেষ এলাকা বা ‘এনক্লেভ’ তৈরি করে সেখানে তাদের রাখার পরিকল্পনা করেছে। মালয়েশিয়া আর তুরস্ক থেকে ত্রাণ আসছে। কিন্তু এ সমস্যা কত দিন থাকবে? আমরা না চাইলেও এ ধরনের সমস্যা জিইয়ে রাখতে আন্তর্জাতিক বা আঞ্চলিক অনেক মুরব্বি তৎপর হবে, এতে কোনো সন্দেহ নেই।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা প্রথম কূটনৈতিক চ্যালেঞ্জটি জয় করেছিলাম ১৯৭৪ সালের সেপ্টেম্বরে, জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্য হতে পেরে। এরপরও আমরা অনেকবার সমস্যায় পড়েছি, বিশেষ করে প্রতিবেশী ভারতের সঙ্গে। সেগুলোর সমাধানের চেষ্টা হয়েছে দ্বিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে। আমাদের সীমানা নির্ধারণ, ছিটমহল বিনিময়, গঙ্গাজলের ভাগাভাগি ইত্যাদি আমরা নিষ্পত্তি করেছি কথাবার্তা বলে। আরও অনেক সমস্যার এখনো সমাধান হয়নি। কথাবার্তা চলছে।
মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যা এবার নতুন মাত্রা পেল, তা আর দ্বিপক্ষীয় পর্যায়ে আলোচনার সুযোগ আছে বলে মনে হয় না। ইতিমধ্যে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে উঠেছে। অং সান সু চিকে গালি দিয়ে বা মানবতার দোহাই দিয়ে সমস্যার বরফ গলবে বলে মনে হয় না। কেউ কেউ উসকানি দিচ্ছেন, আমাদের এত যুদ্ধবিমান, সাবমেরিন, সৈন্য—আমরা চুপচাপ বসে আছি কেন? ওদের হেলিকপ্টার আমাদের আকাশে ওড়ে, আমাদেরগুলো ওদের আকাশে যায় না কেন? এগুলো হলো রাগের কথা, আবেগের কথা। যুদ্ধ কোনো সমাধান নয়। আমাদের চোখের সামনেই তো দেখছি, যুদ্ধ করতে করতে পাকিস্তান তলানিতে ঠেকেছে। আর আরব-ইসরায়েল যুদ্ধ যুদ্ধ খেলায় কে জিতছে কে হারছে, তা কি আমরা জানি না? যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় কোম্পানিগুলো হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে। লাভ যাচ্ছে ওদের ঘরে।
সুতরাং আমাদের এগোতে হবে অনেক সাবধানে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বন্ধু তৈরি করতে হবে। যারা ঘোষিত বন্ধু, তাদেরও বন্ধুত্বের প্রমাণ দিতে হবে। মানবাধিকার শব্দটি জাতিসংঘের সনদে ও প্রায় সব দেশের সংবিধানেই আছে। আমাদের যুদ্ধটা হবে কূটনৈতিক। এমনকি মিয়ানমারের সঙ্গে একটা শীর্ষ বৈঠক হলেই-বা ক্ষতি কী? যেভাবে আনোয়ার সাদাত একবার তেলআবিবে উড়ে গিয়েছিলেন, অথবা বিল ক্লিনটন শিমন পেরেস আর ইয়াসির আরাফাতকে ক্যাম্পডেভিডে উড়িয়ে এনেছিলেন? একাত্তরের কথা কি আমরা ভুলে গেছি যে ইন্দিরা গান্ধী বাংলাদেশের পক্ষে দূতিয়ালি করতে সারা দুনিয়া চষে বেড়িয়েছেন? তারপর ছিল নিরাপত্তা পরিষদে সোভিয়েত ইউনিয়নের ভেটো? দেশটা তো এমনি এমনি স্বাধীন হয়নি।
আন্তর্জাতিক কূটনীতির এই চ্যালেঞ্জ এখন আমাদের দরজায়। আমাদের এটা মোকাবিলা করার সক্ষমতা দেখাতে হবে।

মহিউদ্দিন আহমদ: লেখক ও গবেষক।
[email protected]