
বন্যার খোঁজ নিতে গিয়ে সরকার দেখা হলো। পুরুষ সরকার আর নারী সরকার। দুজনেরই বয়স বিশের কোঠায়। রাজধানীতে সরকার বলতে মন্ত্রী-এমপি-পুলিশ-প্রশাসন বোঝায়। কিন্তু ফরিদপুর শহর থেকে সাত-আট কিলোমিটার নদী পেরোনো দুর্গম চরে সরকারের মুখ খুবই সাধারণ। একজন প্রাথমিক বিদ্যালয়ের যুবক শিক্ষক, অন্যজন কমিউনিটি ক্লিনিকের তরুণী স্বাস্থ্যকর্মী। অন্য যাত্রীদের সঙ্গে তাঁরা ইঞ্জিন নৌকায় করে কাজে যাচ্ছেন। কর্মস্থল নর্থ চ্যানেল চর। রোদ হোক, ঝড়-বৃষ্টি হোক পদ্মার উত্তাল ঢেউয়ে আছাড়ের ভয় তাঁদের করলে চলে না। সরকার যৎসামান্য বেতন দিয়ে খালাস।
মূলভূমি হলে সরকার রাস্তা বানিয়ে দেয়। সেই রাস্তায় হেঁটে বা সাইকেলে বা বাসগাড়ি করে আপনি কাজে যেতে পারেন। কিন্তু নদীতে হাঁটা যায় না। তাই ভাড়ায় চলা নৌকাই সম্বল। অনেক সময় চর থেকে শহরে ফেরার সময় দেখা গেল কোনো কারণে ঘাটে নৌকা নেই। ঝড়-বাদলেও মাঝিরা নৌকা ছাড়ে না। অতএব, বাড়ি ফেরা বন্ধ। তখন তাঁদের থেকে যেতে হয় গ্রামীণ সভ্যতার অন্ধকার পরিবেশে। শিক্ষক সে রাতে ঘুমান স্কুলের বেঞ্চে। আর স্বাস্থ্যকর্মীকে থাকতে হয় একমাত্র কমিউনিটি ক্লিনিকে।
চরের অষ্টম শ্রেণি পাস করা ছেলেমেয়েরাও এভাবে শহরে ক্লাস করতে আসে। বর্ষায় প্রমত্তা যে নদী, গ্রীষ্মে তার অনেকটাই বালুচর। দুটো পেরোনোই কষ্টকর। তাদের এই সংগ্রাম প্রতিদিনের। প্রতিদিন কষ্ট করা তাদেরও যেমন অভ্যাস, সেই কষ্ট দেখা সরকারেরও অভ্যাস। এদের কেউ বীর বলবে না, কিন্তু এই নীরব সংগ্রামেই হয়তো দেশটা একটু একটু এগোয়।
রাষ্ট্রবিজ্ঞানীরা ‘মিনিমাম’ বা নূ্যনতম সরকারের কথা বলেন। আমলাতন্ত্র থাকবে না, প্রশাসনযন্ত্র থাকবে মাটির কাছাকাছি। ফরিদপুরের নর্থ চ্যানেল আর ডিক্রিরচর ঘুরে দেখলাম, সেখানে সরকারের ভূমিকা মিনিমামের চেয়েও কম, প্রায় মাইক্রো পরিমাণ। এখানকার পাঁচটি চরে কোনো থানা-পুলিশ নেই। বিদ্যুৎ নেই, হাসপাতাল নেই, যদিও নয়টি চর মিলিয়ে লোকসংখ্যা দুই লাখেরও বেশি। স্থানীয় সরকারের চেয়ারম্যান, ইউপি সদস্য অবশ্য আছেন তাঁদের কমজোরি ক্ষমতা নিয়ে। বন্যায় ফসলের খেত সব ডুবে গেছে, খাদ্যাভাব দেখা দিচ্ছে। কিন্তু নর্থ চ্যানেল ইউনিয়নে গত বৃহস্পতিবার পর্যন্ত ত্রাণের স্লিপ দেওয়া হয়েছে মাত্র ৪০টি। এর থেকে মিনিমাম সরকার আর কী হতে পারে?
বোরো ধানে পানি বেশি লাগে বলে কৃষককে আমন ও আউশ চাষে উৎসাহিত করেছিলেন কৃষিমন্ত্রী। সেই উৎসাহে সাড়া দিয়ে ফরিদপুরের চরের কৃষকেরা আউশ লাগিয়েছিলেন। আউশে সেচের খরচ কম। নিচু জমিতে লাগানো হয়েছিল পাট। পানি নেমে যাওয়ার সময় দেখা গেল, ধানের শিষের অর্ধেকটাই পচা, তার ওপর জমে আছে কালো পলির স্তর। এ ধানের সামান্যই খাওয়া যাবে। অনেকের জাগ দেওয়া পাট ভেসে গেছে। আকাটা পাটও হতাশাজনক। বন্যার ঘোলা পানিতে পাটের আঁশের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায়। এ পাটের তেমন দাম মেলে না। ফাখের হাট এলাকার হোসেন মৃধা, কবীরপুরের বৃদ্ধ কৃষক হোসেন মৃধা বাজারের দোকানে তাই চুপচাপ বসে থাকেন। ‘পানিডা আর ১৫ দিন পরে আইলেই আমরা বাঁইচ্যা যাইতাম’—হোসেন মৃধার আক্ষেপ।
বলা যায়, এলাকার ৯০ ভাগ ফসলই শেষ। আউশের আগে লাগানো হয়েছিল বোরো ধান। কিন্তু লাভ হয়নি। এবার মার গেল আউশ। বর্গাচাষি হায়দার পত্তনদার, ঋণের টাকা ধান দিয়ে শোধ করবেন ভেবেছিলেন। কিন্তু এখন কী করবেন জানেন না। আবদুর রাজ্জাক মুন্সীর গেছে পাঁচ বিঘা জমির ধান আর তিন বিঘা জমির পাট। তাঁর হিসাবে ক্ষতি ৫০ হাজার টাকা। তিনি বললেন, ‘এই বছর দুইবার মার খাইলাম।’ হাইব্রিডে বেশি ফলন হবে বলে ইরি লাগিয়েছিলেন গত মৌসুমে। কিন্তু ৫০ মণের জায়গায় পেয়েছেন মাত্র ২৪ মণ।
এ সময় পুরুষদের থাকার কথা ছিল ধান-পাট কাটার কাজে—মাঠে। এখন ফাঁকা হাটবাজারে উদাস বসে থাকেন। পাশে বসলে হতাশার গল্প শোনা যায়। হোসেন মৃধা সেই মোনায়েম খানের আমলে (পাকিস্তান আমলে) একবার বাড়ি থেকে রাগ করে ঢাকায় এসে রিকশা চালিয়েছিলেন। জীবনে সে-ই তাঁর প্রথম ও শেষ ঢাকা দর্শন। কিন্তু তিনি তাঁর ছেলেদের পাঠাতে চান না সেই কাজে। ফসলও নেই, হাতে টাকাও নেই। তাহলে খাবার জুটবে কী করে? কবীরপুরের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াহাবের জবাব: ঘরে জমানো চাল থাকলে খাইব। পারলে নদীতে মাছ ধরব। না পারলে লুকায়া ধার করব। ডাঙর ছেলে থাকলে কাউরে না জানাইয়া আশপাশের ঘাটে দিনমজুরি করতে পাঠাইব।
ধান চাষে এত ঝুঁকির পরও কৃষক কেন ফসল ফলান? ফসল ভালো হলেও দাম মেলে না সব বছর। বন্যা হলে মানবেতর জীবন কাটাতে হয়। চরের কৃষক এখনো প্রকৃতিনির্ভর। বন্যা-খরা কিংবা ঘূর্ণিঝড়ের হাতে তঁাদের ভাগ্য। অন্যদিকে অদৃশ্য বাজার-শক্তির সঙ্গেও তাঁরা পেরে ওঠেন না। তাহলে কেন কৃষক ফসল ফলান? প্রশ্নটা মোহন মিয়ার হাটে জড়ো হওয়া কৃষকদের অবাক করে। সালাম খাঁ ডাঙ্গির শেখ লুৎফরের জবাব, ‘আমরা কিন্যা খাইতে জানি না। তা ছাড়া কৃষিকাজ ছাড়া তো আর কিছু জানিও না, ভালোও লাগে না।’ কৃষি কেবল অর্থনীতি না, কৃষি একটা জীবনদর্শন। কৃষক সারা বছর মাটির পোকার মতো উবু হয়ে ফসলের সেবা করেন। তাতে দেশবাসীর খাদ্যনিরাপত্তা আসে। কিন্তু দুর্দিনে যখন ওপরে মুখ তুলে তাকান, দেখেন সাহায্যের হাত খুবই খাটো। তারপরও আশ্চর্য সাহস তাঁদের; আবার জমি খুঁড়ে ফসল তুলবেন। আরও আশ্চর্য তাঁদের প্রাগৈতিহাসিক নিয়তিবাদ। যা-ই হোক, গ্রাম ছাড়তে চান না চরের মানুষ।
মোগল আমলে ফসল কম হলে খাজনা কম হতো। ব্রিটিশ আমল থেকে সে নিয়ম বদলে গেল। এবার যঁাদের ফসল মার গেল, তঁাদের খাজনা কি কমাবে সরকার? তঁারা কি পাবেন বিদ্যুতে ভর্তুকি, বিনা মূল্যে বীজ ও সার? নাকি কর বাড়ানো সরকার কৃষকের কাছে যেতে যেতে মিনিমাম ও মাইক্রো হয়ে যাবে? আর তঁাদের ঠেলে দেবে চড়া সুদের মাইক্রো ক্রেডিটের দিকে?
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]