কৃষক শুধু ত্রাণ চান না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে হাওর অঞ্চলসহ উত্তরাঞ্চলের বিরাট এলাকা বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। অনেক এলাকার বাঁধ ভেঙে গেছে। ধান ও পাটের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রোপা আমন তলিয়ে যাওয়ায়। অনেকেই ঋণ নিয়ে ধান লাগিয়েছিলেন। কিন্তু বন্যার পানির কারণে ধান ডুবে যাওয়ায় অনেক কৃষক দিশেহারা। যাঁদের পুকুরে মাছ ছিল, সেগুলোও ভেসে গেছে। এ অবস্থায় সবার আগে কৃষকের পাশে দাঁড়ানো উচিত। কৃষকেরা যাতে টিকে থাকতে পারেন, বেঁচে থাকতে পারেন, সে লক্ষ্য পরিকল্পনা করে এগোতে হবে।

অনেক এলাকা ঘুরে দেখেছি, সব ধান তলিয়ে গেছে। কৃষকেরা মুষড়ে পড়েছেন। যে ধান ঘরে তোলার স্বপ্ন দেখেছিলেন, এখন তা শুধু স্বপ্নই রয়ে গেছে। বারে বারে ফসল নষ্ট হলে কিংবা উপযুক্ত দাম না পেলে কৃষকের মধ্যে বৈরাগ্য আসে, তাঁরা উৎসাহ হারিয়ে ফেলতে পারেন। তাই এখনই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁদের পাশে দাঁড়াতে হবে। সবরকম খোঁজখবর নিতে হবে। এ মৌসুমে ধান চাষের বিকল্প কোনো উপায়ে তাঁরা যাতে টিকে যেতে পারেন, সে লক্ষ্যে সরকার, বেসরকারি সংস্থাসহ সবার কিছু করণীয় আছে।

আমাদের সবার আগে ভাবতে হবে হঠাৎ কেন বন্যা হলো। কেন বাঁধ ভাঙল? পানি ব্যবস্থাপনা এবং উন্নয়নকাজের মধ্যে নিশ্চয়ই গলদ ছিল। হাওরে বাঁধ নির্মাণে ত্রুটির বিষয় যতটা আলোচিত হয়েছে, দেশব্যাপী বন্যায় একের পর এক বাঁধ ভাঙ্গার বিষয়ে সেরকম আলোচনা হচ্ছে না। বন্যা প্রাকৃতিক দুর্যোগ সন্দেহ নেই। কিন্তু এ ধরনের দুর্যোগ মোকাবিলায় আমাদের করণীয় ঠিক করতে হবে। বন্যার ক্ষয়ক্ষতি কমাতে আমাদের কোনো সীমাবদ্ধতা আছে কি না, সেগুলোর প্রতিটি বিষয় খতিয়ে দেখতে হবে। আমাদের আরও বেশি সক্রিয়তা দেখাতে হবে বন্যা-পরবর্তী সময়ে। সর্বস্বান্ত হওয়া কৃষকের জন্য শুধু ত্রাণ যথেষ্ট নয়; বন্যার পরে কৃষককে তাঁর কৃষিকাজের সঙ্গেই যতটা সম্ভব সম্পৃক্ত রাখাটাই আসল। পাশাপাশি আয়ের বিকল্প উৎস তৈরির ব্যবস্থা করতে হবে। এ জন্য প্রয়োজনে ভর্তুকি দিতে হবে।

অস্ট্রেলিয়ায় যদি কৃষক কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়েন, তাহলে নানা রকম সুবিধার ব্যবস্থা করা হয়। এর মধ্যে একটি হচ্ছে ক্রপ ইনস্যুরেন্স বা শস্যবিমা। আমাদের দেশের কৃষকদের সুরক্ষায় এ ধরনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিওর অনেক কিছু করার আগে। সরকারের পক্ষ থেকে বড় ধরনের সাহায্য করার এখন আদর্শ সময়।

বন্যার যেহেতু রোপা আমন তলিয়ে গেছে, এখন নতুন করে আমন রোপণ করার সময় চলে গেছে। অনেক জায়গায় বন্যার পানি নামতে শুরু করেছে। কিন্তু এখন আমন লাগালে তাতে ফলন ঠিকমতো নাও হতে পারে। তাই এ সময়ে কৃষককে কৃষিবিমুখ করে ফেললে বিপদ।

কৃষকের টিকে থাকার লড়াইয়ে শুধু আমন ধানের ওপর নির্ভর করা ঠিক নয়। বন্যার সময় যাতে ধান টিকে থাকে, এ ধরনের বন্যানিরোধক ধান নিয়ে আমাদের ব্যাপক গবেষণা করতে হবে। এ ছাড়া এ ধরনের পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি ফসল হয়, সে রকম ধানের চাষ করতে হবে। দ্রুত ফলনশীল (আর্লি ক্রপ) ধান চাষের জন্য গবেষণা প্রয়োজন।

হাওরের দিকে দৃষ্টি ফেরালে দেখা যাবে, সেখানকার মানুষের দুর্গতি আরও বেড়েছে। তারা একেবারে প্রান্তিক অবস্থায় রয়েছে। হাওরের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা নেই। সেখানে কিছু ত্রাণ দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেখানকার পরিস্থিতি নিয়ে কোনো বিশ্লেষণ নেই। এ পরিস্থিতি উন্নত করতে সরকারের আর্থিক সাহায্য বাড়াতে হবে।

সমাজের সবাইকে তার জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আর এ সবকিছু করতে হবে সবাইকে নিয়ে পরিকল্পিত উপায়ে। কৃষকদের পুনর্বাসনের জন্য কাউন্সেলিং করাতে হবে। পাশে দাঁড়িয়ে সাহস দিতে হবে। এ পর্যায়ে কৃষকের সবচেয়ে বেশি দরকার হয় আর্থিক ও মানসিক সাহায্য। তাঁদের টিকে থাকার জন্য গবাদিপশু পালন ও কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে যুক্ত রাখতে হবে। যেসব প্রতিষ্ঠান কৃষকদের সাহায্য করবে, তাদেরও আয়কর কমানোসহ প্রণোদনা দিতে পারে সরকার। বিশেষ করে বেসরকারি ব্যাংকগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিতে হবে।

আবেদ চৌধুরী: জিনবিজ্ঞানী, বিজ্ঞানলেখক এবং কৃষি উদ্ভাবক।