কৃষকের দুর্দশা কী করে দূর হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্ষুধার জ্বালা কত বড় জ্বালা, সেটা তো মানুষ জানে। আমাদের সে জ্বালা দূর করে কে? আমাদের কৃষক। কাজেই কৃষকদের আমাদের মাথায় তুলে রাখা উচিত বলে আমি মনে করি।’
এই কথাগুলো বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গত মঙ্গলবার বিকেলে, ঢাকায় বাংলাদেশ কৃষক লীগের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায়। তিনি ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। কৃষক লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বলেই স্বয়ং প্রধানমন্ত্রীকে ওই আলোচনা সভায় পেয়েছিল। এদিক থেকে কৃষক লীগের সঙ্গে সম্পৃক্ত কৃষক ভাইয়েরা অত্যন্ত সৌভাগ্যবান। খোদ প্রধানমন্ত্রীর কণ্ঠে কৃষকদের অতি উচ্চ মর্যাদার দাবি উচ্চারিত হতে শুনে নিশ্চয়ই তাঁরা যারপরনাই খুশি হয়েছেন।
কিন্তু আমরা জানি, বাংলাদেশে কৃষকদের অবস্থা এখন এমনই দুঃখজনক যে প্রধানমন্ত্রীর সুবচন তাঁদের মনে যে প্রীতির জন্ম দিয়েছে, তা বেশিক্ষণ স্থায়ী হওয়ার নয়। বাংলাদেশের সমাজে কৃষকদের যথাযথ সম্মান নেই, এই কথা প্রধানমন্ত্রী বলেছেন। এমনকি, কৃষকের সন্তান শিক্ষিত হওয়ার পর বাবার কাদামাখা পায়ে হাত দিয়ে সালাম করতে লজ্জা পায়—এই দুর্ভাগ্যজনক বাস্তব চিত্রও প্রধানমন্ত্রী আমাদের স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, কৃষক বাবার কাদামাখা পায়ে হাত দিয়ে সালাম করতে কারও লজ্জা বোধ করা উচিত নয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর শুভকামনায় আমাদের কৃষকদের মানমর্যাদা বাড়ার সম্ভাবনা খুব ক্ষীণ, কারণ কৃষক নিজেই নিজেকে সম্মান করার মতো অবস্থায় নেই। তিনি নিজেকে সমাজের সবচেয়ে অবহেলিত শ্রেণির মানুষ বলে মনে করেন।
কৃষকের এ রকম মনে করায় কোনো ভুল নেই। যে কৃষক বাংলাদেশকে ‘খাদ্যে’ স্বনির্ভর করেছেন, তাঁর দারিদ্র্যদশা কখনোই দূর হয় না। অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ে, মাথাপিছু আয় বাড়ে, বৈদেশিক মুদ্রার মজুত বাড়ে, কিন্তু কৃষকের কোনো উন্নতি হয় না। কৃষিতে বিপ্লব ঘটে গেছে, ফলন বেড়ে বহুগুণে। কিন্তু কৃষকের অবস্থার উন্নতি ঘটেনি।
কারণ, কৃষক তাঁর উৎপন্ন ফসলের এমন দাম পান না, যা দিয়ে তাঁর সারা বছরের সাংসারিক ব্যয় নির্বাহের পর কিছু টাকা তিনি জমাতে পারেন। যখন ফসলের ফলন খুব ভালো হয়, যাকে বলে বাম্পার ফলন, তখন সেই ফসলের দাম পড়ে যায়। কখনো কখনো এমন অবস্থাও হয় যে ফসল বিক্রি করে উৎপাদন খরচও ওঠে না। তাই বাম্পার ফলন সরকারের জন্য সুসংবাদ বয়ে আনলেও কৃষকদের দুশ্চিন্তার কারণ হয়।
যখন ঢাকার বাইরে বিভিন্ন গ্রামাঞ্চলে যাই, কৃষকদের মুখে শুধু তাঁদের হতাশা ও ক্ষোভের কথা শুনি। কৃষিকাজ লাভজনক নয়—এ কথা বললে যথেষ্ট বলা হয় না। কৃষিকাজ অর্থনৈতিকভাবে এমনই অসুবিধাজনক হয়ে উঠেছে যে আয়ের অন্য উপায় পেলে কৃষিকাজ ছেড়ে দিচ্ছেন অনেক কৃষক। যাঁরা ছাড়তে পারছেন না, তাঁরা নিরুপায়। যাঁদের জমির পরিমাণ বেশি, তাঁরা নিজেরা তাতে ফসল ফলান না, আধি-বর্গা দেন, কিংবা পত্তনি দিয়ে টাকা তোলেন। যাঁরা পাঁচ-ছয় বিঘা বা তার চেয়ে কম জমির মালিক, তাঁরা নিজেরা খেটে ও খেতমজুর খাটিয়ে জমি চাষ করে পরিবারের সারা বছরের খরচ জোগাড় করতে পারেন না। কেউ রিকশা-ভ্যান চালান, কেউ ছোটখাটো দোকানদারি করেন। শুধু কৃষিকাজের ওপর নির্ভর করে সারা বছর সংসার চালান—এমন মানুষের সংখ্যা গ্রামাঞ্চলে এখন খুবই কম।
অর্থনৈতিক ব্যবস্থা ও সরকারের নীতিকৌশলগুলো যথেষ্ট মাত্রায় কৃষিবান্ধব না হলে কৃষকদের এই দুরবস্থা কখনোই ঘুচবে না। কৃষকেরা নিজেরা এমন দাবি করেন না যে তাঁদের মাথায় তুলে রাখতে হবে। সম্মান বা মর্যাদার দাবি কখনোই তাঁরা করেন না। তাঁরা চান ফসল ফলিয়ে তার ন্যায্য দাম পেতে। আবার খাদ্যশস্যের দাম বেড়ে গেলে বৃহত্তর জনগোষ্ঠীর কষ্ট হয়। বীজ, সার, কীটনাশক, সেচের জ্বালানি, কৃষিশ্রমিকদের মজুরি ইত্যাদির পেছনে ব্যয় বেশি বলে ফসল উৎপাদনের মোট খরচ বেশি হয়, কিন্তু সেই তুলনায় কৃষিপণ্যের দাম বেশি পান না। এ কারণেই ফসল বিক্রি করে কৃষকদের লাভবান হওয়ার সুযোগ অতি সামান্য; কখনো কখনো কোনো কোনো ফসলের ক্ষেত্রে তা-ও থাকে না, বরং লোকসান হয়।
কৃষিপণ্যের দাম আপামর জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রেখে কৃষিকাজকে কিছুমাত্রায় লাভজনক করতে হলে ফসলের উৎপাদন খরচ কমানোর উদ্যোগ নিতে হবে। এই কাজটা একান্তই সরকারের।